বাহ্যিক চেহারা দেখে বিচার করার জন্য পৌলের তিরস্কার

বাহ্যিক চেহারা দেখে বিচার করার জন্য পৌল সেই ভ্রান্ত শিক্ষককে তিরস্কার করেন। তিনি নিজেকেও খ্রীষ্টের সেবক বলে স্বীকার করতে বলেন এবং তাঁদের গড়ে তোলার জন্য তাঁকে দেওয়া ক্ষমতা নিয়ে গর্ব করেন। আবার তিনি বিদ্রূপের সঙ্গে তাঁর প্রতিপক্ষের অপবাদপূর্ণ কথাগুলি উল্লেখ করেন। তিনি তাকে এই সিদ্ধান্তে আসতে বলেন যে পৌলের অনুপস্থিতিতে সেই অজাচারী ব্যক্তির শাস্তিতে তাঁর ক্ষমতার যে ফল ইতিমধ্যেই দেখা গেছে, উপস্থিত থাকলেও তাঁর ক্ষমতা ততটাই প্রবল হবে।

58 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 করিন্থীয় 10:7–11

7 তোমরা সব বিষয়ের কেবলমাত্র উপরিভাগটা দেখছ। যদি কেউ দৃঢ়বিশ্বাসী হয়ে বলে যে সে খ্রীষ্টের, তাহলে তার একথাও বিবেচনা করা উচিত যে, সে যেমন খ্রীষ্টের, আমরাও তেমনই খ্রীষ্টের। 8 তোমাদের উপর কর্তৃত্ব করার যে অধিকার প্রভু আমাকে দিয়েছেন, তা নিয়ে যদি আমি একটু বেশি গর্ব করেই থাকি, সেই কর্তৃত্ব তোমাদের ভেঙে ফেলার জন্য নয়, কিন্তু গঠন করার জন্য—সেজন্য আমি একটুও লজ্জিত হব না। 9 আমি চাই না যে তোমরা মনে করো, আমার পত্রগুলির দ্বারা আমি তোমাদের ভয় দেখাতে চাইছি। 10 কারণ কেউ কেউ বলে, “তাঁর পত্রগুলি তো গুরুভার ও শক্তিশালী, কিন্তু উপস্থিত ব্যক্তি হিসেবে তিনি প্রভাবহীন ও তাঁর কথাবার্তাও গুরুত্বহীন।” 11 এই ধরনের লোকদের বোঝা উচিত যে, আমাদের অনুপস্থিতিতে আমাদের পত্রগুলিতে আমরা যেমন, আমরা উপস্থিত হলে, আমাদের কাজেও একই প্রকার হবে।

ঈশ্বরের নির্ধারিত সীমার মধ্যে গর্ব করা

ব্যঙ্গ বজায় রেখে পৌল বলেন যে তিনি নিজেকে সেই ভ্রান্ত শিক্ষকের সঙ্গে তুলনা করতে সাহস পান না, যে কেবল নিজের মাপকাঠিতে নিজেকে মাপে এবং করিন্থে নিজের কাজের জন্য নিজেই নিজের প্রশংসা করে। বিপরীতে, পৌল কেবল ঈশ্বরের নির্ধারিত সীমার মধ্যে আনন্দ করতে চান; সেই সীমা মেনেই তিনি এখন করিন্থের মানুষদের কাছে পৌঁছেছেন। ভ্রান্ত শিক্ষকের মতো অন্যদের পরিশ্রম নিয়ে গর্ব করতে তিনি অস্বীকার করেন এবং এমন সব দেশে সুসমাচার প্রচার করার আশা করেন, যেখানে তা আগে কখনও প্রচারিত হয়নি। কারণ যে অন্যদের কাজ নিয়ে গৌরব করে, সে অনুমোদন পায় না; বরং যে ঈশ্বরের মহিমার জন্য প্রচার করে এবং ঈশ্বরের প্রশংসা পায়, সেই অনুমোদন পায়। আত্মার দানগুলির মাধ্যমে এই প্রশংসা প্রকাশ পায়।

2 করিন্থীয় 10:12–18

12 যারা নিজেরাই নিজেদের প্রশংসা করে, তাদের কারও সঙ্গে আমরা নিজেদের সমপর্যায়ভুক্ত বা তুলনা করার সাহস করি না। তারা যখন নিজেরাই নিজেদের পরিমাণ করে ও নিজেদেরই সঙ্গে নিজেদের তুলনা করে, তখন তারা বিজ্ঞ নয়। 13 আমরা অবশ্য যথাযথ সীমা অতিক্রম করে গর্ব করব না, কিন্তু ঈশ্বর আমাদের জন্য যে কর্মক্ষেত্র নির্ধারণ করেছেন, যা তোমাদের কাছ পর্যন্ত প্রসারিত হয়েছে, সেই কর্মক্ষেত্র অবধি আমাদের গর্বকে সীমিত রাখব। 14 আমাদের গর্বে আমরা বহুদূর ছাড়িয়ে যাচ্ছি না। তোমাদের কাছে না এলে বরং তেমনই হত, কিন্তু খ্রীষ্টের সুসমাচার নিয়ে আমরা সমস্ত পথ অতিক্রম করে তোমাদের কাছ পর্যন্ত গিয়েছিলাম। 15 এছাড়াও, অপর ব্যক্তিদের দ্বারা সাধিত কর্মের জন্য আমরা গর্ব করি না এবং এভাবে আমাদের নির্ধারিত সীমা অতিক্রমও করি না। আমাদের আশা এই যে তোমাদের বিশ্বাস যেমন যেমন বৃদ্ধি পাবে, তোমাদের সাহায্যে আমাদের সুসমাচার প্রচারের কাজও বিস্তৃত হবে। 16 এর পরিণামে তোমাদের এলাকা ছাড়িয়েও আমরা সুসমাচার প্রচার করতে পারি। কারণ অপরের এলাকায় যে কাজ ইতিমধ্যে করা হয়েছে, সে সম্পর্কে আমরা গর্ব করতে চাই না। 17 তাই, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।” 18 কারণ নিজের প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যার প্রশংসা করেন, সেই অনুমোদিত হয়।

পৌলের আশঙ্কা, করিন্থের মানুষদের বিপথে নিয়ে যাওয়া হচ্ছে

নিজের প্রশংসা করার অভিযোগ ওঠায় পৌল করিন্থের মানুষদের অনুরোধ করেন, তাঁরা যেন এবার তা সহ্য করেন। কারণ তিনি আশঙ্কা করেন যে যাঁদের তিনি খ্রীষ্টের কাছে এনেছিলেন এবং বিচারকালে যাঁদের তাঁদের বাগদত্ত স্বামীর কাছে সতী কুমারীরূপে উপস্থিত করতে চেয়েছিলেন, সেই ভ্রান্ত শিক্ষক তাঁদের তাঁর কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে। তাঁর যুক্তি হল, তাঁদের তথাকথিত প্রেরিত যদি তাঁদের কাছে অন্য কোনো ত্রাণকর্তা বা সুসমাচার প্রচার করত, কিংবা তাঁদের অন্য কোনো আত্মা দিত, তবে তাঁরা তার দাবিগুলি সহ্য করতে পারতেন। তিনি দৃঢ়ভাবে বলেন যে তিনি খ্রীষ্টের প্রধান প্রেরিতদের সমকক্ষ এবং কথা বলায় অদক্ষ হলেও তিনি তাঁদের দেখিয়েছেন যে সুসমাচারের একজন সেবকের যে জ্ঞান প্রয়োজন, তাঁর তার অভাব নেই।

2 করিন্থীয় 11:1–6

1 আমি আশা করি, তোমরা আমার সামান্য নির্বুদ্ধিতা সহ্য করবে; অবশ্য তা তোমরা আগে থেকেই করে আসছ। 2 আমি তোমাদের জন্য ঈর্ষান্বিত, তবে সেই ঈর্ষা ঐশ্বরিক। আমি তোমাদেরকে এক বর, খ্রীষ্টের কাছে সমর্পণ করার জন্য বাগদান করেছি, যেন শুচিশুদ্ধ কুমারীর মতো আমি তাঁর কাছে তোমাদের উপস্থাপিত করি। 3 কিন্তু আমার ভয় হয়, হবা যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিলেন, খ্রীষ্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমলিন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়। 4 কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যীশুকে আমরা প্রচার করেছি, তাঁকে ছাড়া এমন এক যীশুকে তোমাদের কাছে প্রচার করে বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছ, তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছ।

5 প্রকৃতপক্ষে, আমি মনে করি না, ওইসব “প্রেরিতশিষ্য-শিরোমণির” তুলনায় আমি কোনও অংশে নিকৃষ্ট। 6 হতে পারে, আমি কোনও প্রশিক্ষিত বক্তা নই, কিন্তু আমার জ্ঞানবুদ্ধি আছে। আমরা সর্বতোভাবে এ বিষয় তোমাদের কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছি।

কেন পৌল করিন্থ থেকে কোনো পারিশ্রমিক নেননি

পৌল ব্যাখ্যা করেন কেন তিনি করিন্থের মানুষদের কাছ থেকে ভরণপোষণ গ্রহণ করতে চাননি। তিনি জানান, তাঁর শত্রুরা যেমন ইঙ্গিত করেছিল, তা নির্দয়তার কারণে নয়, বরং তাঁদের প্রতি তাঁর ভালোবাসার কারণে এবং সেই ভ্রান্ত শিক্ষক যাতে দাবি করতে না পারে যে পৌল পার্থিব লাভের জন্য পরিশ্রম করেন। এর উদ্দেশ্য এ-ও ছিল যে ভ্রান্ত শিক্ষক গোপনে উপহার গ্রহণ করত, তাকে সেই অভ্যাস ছেড়ে পৌলের দৃষ্টান্ত অনুসরণ করতে বাধ্য করা। শয়তান নিজেই যখন আলোর দূতের বেশ ধারণ করে, তখন শয়তানের সেবকেরা খ্রীষ্টের সেবক বা প্রেরিতের পদ গ্রহণ করলে অবাক হওয়ার কিছু নেই।

2 করিন্থীয় 11:7–15

7 তোমাদের উন্নত করার জন্য আমি নিজেকে অবনত করে বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি। এতে আমার কি পাপ হয়েছে? 8 তোমাদের সেবা করার জন্য অন্যান্য মণ্ডলী থেকে সাহায্য গ্রহণ করে আমি তাদের লুট করেছি। 9 আর তোমাদের সঙ্গে থাকার সময় আমার যখন কিছু প্রয়োজন হত, আমি কারও বোঝা হইনি, কারণ ম্যাসিডোনিয়া থেকে আগত ভাইয়েরা আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছিলেন। কোনো দিক দিয়েই আমি যেন তোমাদের বোঝা না হই, তাই আমি নিজেকে রক্ষা করেছি এবং এভাবেই আমি করে যাব। 10 খ্রীষ্টের সত্য যেমন নিশ্চিতরূপে আমার মধ্যে বিদ্যমান, সমস্ত আখায়া প্রদেশে কোনো মানুষই আমার এই গর্ব করা থেকে নিবৃত্ত করতে পারবে না। 11 কেন? আমি তোমাদের ভালোবাসি না বলে? ঈশ্বর জানেন, আমি ভালোবাসি!

12 আর তাই আমি যা করছি, তা করেই যাব, যেন যারা আমাদের সমকক্ষ হওয়ার সুযোগ পেতে চায়, যে বিষয়গুলি নিয়ে তারা গর্ব করে, সেগুলির সুযোগ আমি তাদের পেতেই দেব না। 13 কারণ এসব মানুষ হল ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী, তারা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশ ধারণ করে। 14 বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। 15 তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।

নিজের পরিশ্রম ও দুঃখভোগ নিয়ে পৌলের গর্ব

পৌল আবার করিন্থের মানুষদের অনুরোধ করেন, তাঁরা যেন তাঁর গর্ব সহ্য করেন। যারা প্রেরিত নয়, তারা যখন দৈহিক বিষয় নিয়ে গর্ব করে, তখন প্রেরিত হিসেবে নিজের মর্যাদা রক্ষা করতে তাঁকেও তাঁর ত্বকচ্ছেদ ও ইহুদি বংশপরিচয় নিয়ে গর্ব করতে হয়। তিনি দেখান যে করিন্থের মানুষেরা অন্যদের কর্তৃত্বপরায়ণ আচরণ অতিরিক্ত ধৈর্যের সঙ্গে মেনে নিয়েছেন এবং তাঁদের প্রতি সেই ভ্রান্ত শিক্ষকের আচরণ বর্ণনা করেন। তিনি নীচ বংশে জন্মেছেন, দুর্বল এবং প্রেরিত হওয়ার অযোগ্য—এই অভিযোগের উত্তরে তিনি দৃঢ়ভাবে বলেন যে কারও যদি গর্ব করার কারণ থাকে, তবে তাঁরও আছে। এসব বিষয়ে তিনি নিজেকে সেই ভ্রান্ত শিক্ষকের সঙ্গে তুলনা করেন এবং নিজের পরিশ্রম ও দুঃখভোগ, মণ্ডলীগুলি ও ব্যক্তিবিশেষের জন্য তাঁর গভীর উদ্বেগ, দুর্বলদের প্রতি সহানুভূতি এবং বিপথগামীদের ফিরিয়ে আনতে তাঁর উদ্যমী প্রচেষ্টার কথা তুলে ধরে নিজের শ্রেষ্ঠত্ব দেখান। তিনি নিজের দুর্বলতা নিয়ে, বিশেষত দামাস্কাস থেকে পালিয়ে আসা নিয়ে গর্ব করেন, যাতে ঈশ্বরের ক্ষমতা প্রকাশ পায়।

2 করিন্থীয় 11:16–33

16 আমি আবার বলছি, কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে। কিন্তু তোমরা যদি করো, তাহলে এক নির্বোধের মতোই আমাকে গ্রহণ করো, যেন আমিও কিছুটা গর্ব করতে পারি। 17 আত্মপ্রত্যয়ের সঙ্গে এই যে গর্বপ্রকাশ, প্রভু যে রকম বলতেন, আমি সেরকম বলছি না, কিন্তু বলছি এক নির্বোধের মতো। 18 যেহেতু অনেকে যখন জাগতিক উপায়ে গর্ব করছে, আমিও সেভাবে গর্ব করব। 19 তোমরা সানন্দে মূর্খদের সহ্য করো, যেহেতু তোমরা কত জ্ঞানবান! 20 প্রকৃতপক্ষে, কেউ যদি তোমাদের দাসত্ব করায়, কিংবা শোষণ করে বা তোমাদের কাছ থেকে সুযোগ আদায় করে বা নিজে গর্ব করে বা তোমাদের গালে চড় মারে—তোমরা এদের যে কাউকে সহ্য করে থাকো। 21 আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে, এ বিষয়ে আমরা খুবই দুর্বলচিত্ত ছিলাম!

অপর কেউ যে বিষয়ে গর্ব করতে সাহস করে—আমি নির্বোধের মতোই বলছি—আমিও গর্ব করতে সাহস করি। 22 ওরা কি হিব্রু? আমিও তাই। ওরা কি ইস্রায়েলী? আমিও তাই। ওরা কি অব্রাহামের বংশধর? আমিও তাই। 23 ওরা কি খ্রীষ্টের সেবক? (আমি উন্মাদের মতো একথা বলছি।) আমি বেশিমাত্রায়। আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, ঘনঘন কারাগারে বন্দি হয়েছি, অনেক বেশি চাবুকের মার খেয়েছি, বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি। 24 ইহুদিদের কাছ থেকে আমি পাঁচ দফায় ঊনচল্লিশ ঘা করে চাবুক খেয়েছি। 25 তিনবার আমাকে বেত দিয়ে মারা হয়েছে, একবার পাথর দিয়ে, তিনবার আমি জাহাজডুবিতে পড়েছি, অগাধ সমুদ্রের জলে আমি এক রাত ও একদিন কাটিয়েছি, 26 আমি অবিরত এক স্থান থেকে অন্যত্র গিয়েছি। আমি কতবার নদীতে বিপদে পড়েছি, দস্যুদের কাছে বিপদে, স্বদেশবাসীদের কাছে, অইহুদি জাতির কাছে বিপদে পড়েছি, নগরের মধ্যে, মরুপ্রান্তরে, সমুদ্রের মধ্যে ও ভণ্ড ভাইদের মধ্যে আমি বিপদে পড়েছি। 27 আমি পরিশ্রম ও কষ্ট করেছি এবং প্রায়ই অনিদ্রায় কাটিয়েছি, আমি ক্ষুধাতৃষ্ণার সঙ্গে পরিচিত হয়েছি ও কতবারই অনাহারে কাটিয়েছি, শীতে ও নগ্নতায় দিনযাপন করেছি। 28 এর সবকিছু ছাড়া, প্রতিদিন একটি বিষয় আমার উপর চাপ সৃষ্টি করে, তা হল, সব মণ্ডলীর চিন্তা। 29 কেউ দুর্বল হলে আমি দুর্বলতা অনুভব করি না? কেউ পাপপথে চালিত হলে আমার অন্তর রাগে জ্বলে ওঠে না?

30 আমাকে যদি গর্ব করতেই হয়, যেসব বিষয় আমার দুর্বলতাকে প্রকাশ করে, আমি সেসব বিষয় নিয়েই গর্ব করব। 31 প্রভু যীশুর ঈশ্বর ও পিতা, যিনি চিরতরে প্রশংসনীয়, তিনি জানেন যে, আমি মিথ্যা কথা বলছি না! 32 দামাস্কাসে রাজা আরিতা-র অধীনস্থ প্রশাসক আমাকে গ্রেপ্তার করার জন্য দামাস্কাসবাসীদের সেই নগরে পাহারা বসিয়েছিলেন। 33 কিন্তু প্রাচীরের একটি জানালা দিয়ে ঝুড়িতে করে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এভাবে আমি তাঁর হাত এড়িয়েছিলাম।