পৌলের দর্শন ও প্রত্যাদেশ
পৌল ঘোষণা করেন যে তাঁদের জন্য যদি তাঁকে গর্ব করতে বাধ্য হতে হয়, তবে তিনি তাঁর পাওয়া প্রত্যাদেশ ও দর্শনগুলি নিয়ে গর্ব করবেন। নিজের বিষয়ে তিনি কেবল তাঁর দুর্বলতা ও দুঃখভোগ নিয়ে গর্ব করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সম্পূর্ণ সত্য বলে গর্ব করতে পারলেও নিজেকে সংযত রাখেন, যাতে কেউ তাঁর সম্বন্ধে অতিরিক্ত উচ্চ ধারণা না পোষণ করে।
58 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমি অবশ্যই গর্ব করতে থাকব। যদিও লাভজনক কিছু না হলেও আমি প্রভুর কাছ থেকে উপলব্ধ বিভিন্ন দর্শন ও প্রত্যাদেশের কথা বলে যাব। 2 আমি খ্রীষ্টে আশ্রিত একজন মানুষকে জানি, চোদ্দো বছর আগে যিনি তৃতীয় স্বর্গে নীত হয়েছিলেন। তা সশরীরে, না অশরীরে, তা আমি জানি না—ঈশ্বরই জানেন। 3 আর আমি জানি যে এই ব্যক্তি—সশরীরে, না অশরীরে, তা আমি জানি না, ঈশ্বরই জানেন— 4 তাঁকে পরমদেশে তুলে নেওয়া হয়েছিল। তিনি অবর্ণনীয় সব বিষয় শুনতে পেয়েছিলেন, যে বিষয়গুলি বলার অধিকার মানুষকে দেওয়া হয়নি। 5 এরকম ব্যক্তির জন্যই আমি গর্ব করব; কিন্তু আমার দুর্বলতাগুলি ছাড়া আমি নিজের সম্পর্কে কোনো গর্ব করব না। 6 যদিও আমি গর্ব করাকে বেছে নিই, আমি একজন নির্বোধ হব না, কারণ আমি সত্যি কথাই বলব। তবুও আমি সংযত থাকি, যেন আমার মধ্যে কেউ যা দেখে বা আমার কাছে যা শোনে, তার চেয়ে বেশি সে আমাকে কিছু মনে না করে।
দুর্বলতায় ঈশ্বরের শক্তির পূর্ণতা
পৌল দৃঢ়ভাবে বলেন যে তাঁর শারীরিক অসুস্থতা, যার জন্য সেই দলটি তাঁকে তিরস্কার করেছিল, ঈশ্বরের পাঠানো, যাতে তাঁকে দেওয়া গৌরবময় প্রত্যাদেশগুলির কারণে তিনি অতিরিক্ত অহংকারী না হয়ে পড়েন। তা দূর করা হবে না, কারণ তাঁর দুর্বলতার মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি পূর্ণতা পায়। এই কারণে তিনি নির্যাতন, দুর্বলতা এবং এই ধরনের বিষয়ে আনন্দ পান, কারণ তাঁর দুর্বলতার অনুপাতে তাঁর মধ্যে বাস করা ঈশ্বরের অনুগ্রহ তাঁকে শক্তি দেয়। করিন্থের মানুষদের আচরণ তাঁকে অনিচ্ছা সত্ত্বেও গর্ব করতে বাধ্য করেছে। তাঁদের তাঁর প্রেরিতপদের পক্ষে দাঁড়ানো উচিত ছিল, কারণ তাঁরা জানতেন যে তিনি সর্বশ্রেষ্ঠ প্রেরিতদের চেয়ে কোনো অংশে নিকৃষ্ট নন।
7 এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়। 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
11 আমি নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছি, কিন্তু তোমরাই তা করতে আমাকে বাধ্য করেছ। তোমাদের দ্বারা আমার প্রশংসা হওয়া উচিত ছিল, কারণ যদিও আমি কিছু নই, সেই “প্রেরিতশিষ্য-শিরোমণিদের” তুলনায় কিন্তু কোনো অংশে নিকৃষ্ট নই।
পৌলের আসন্ন সফর ও তাঁর আশঙ্কা
পৌল তাঁর অলৌকিক কাজ ও তাঁদের দেওয়া আত্মিক দানগুলির মাধ্যমে তাঁর প্রেরিতপদের যথার্থতা প্রমাণ করে চলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করেন, নিজে তাঁদের বোঝা না হওয়া ছাড়া আর কোন দিক থেকে তিনি তাঁদের অন্য মণ্ডলীগুলির চেয়ে নিকৃষ্ট করেছেন। তিনি তাঁদের কাছে যাওয়ার এবং তখনও তাঁদের বোঝা না হওয়ার ইচ্ছা জানান, কারণ তাঁদের আত্মিক পিতা হিসেবে তিনি তাঁর আত্মিক সন্তানদের সম্পদ নয়, তাঁদের পরিত্রাণ চান। তীত ও তাঁর সহকারীর নিঃস্বার্থ আচরণের দৃষ্টান্ত দিয়ে তিনি বিরোধীদের এই ইঙ্গিত খণ্ডন করেন যে তিনি ধূর্ততার কারণে তাঁদের কাছ থেকে অর্থ নিতে অস্বীকার করেছিলেন। তিনি দৃঢ়ভাবে বলেন যে নিজে না আসার অজুহাত হিসেবে নয় (2 করিন্থীয় 1:23), বরং অবাধ্যদের জীবন সংশোধনের সময় দেওয়ার জন্যই তিনি তীতকে তাঁদের কাছে পাঠিয়েছিলেন। তাঁর আশঙ্কা, তিনি তাঁদের কাছে গেলে যারা নিজেদের করা পাপ ও অশুচিতা থেকে অনুতপ্ত হয়নি, তাদের জন্য তাঁকে শোক করতে এবং তাদের শাস্তি দিতে হবে।
12 যেসব বিষয় কোনো প্রেরিতশিষ্যকে চিহ্নিত করে—চিহ্নকাজ, বিস্ময়কর ও অলৌকিক কর্মসকল—অত্যন্ত প্রযত্নের সঙ্গে আমি সেগুলি তোমাদের মধ্যে করেছি। 13 অন্যান্য সব মণ্ডলীর তুলনায় তোমরা কি নিকৃষ্ট হয়েছ? আমি কখনও তোমাদের কাছে বোঝা হইনি, কেবলমাত্র এই বিষয়টি ছাড়া? এই অন্যায়টির জন্য তোমরা আমাকে ক্ষমা করো।
14 এখন, এই তৃতীয়বার, আমি তোমাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি তোমাদের পক্ষে বোঝা হব না, কারণ আমি যা চাই, তা তোমাদের ধনসম্পত্তি নয়, কিন্তু তোমাদেরই চাই। যাই হোক, বাবা-মার জন্য সঞ্চয় করা সন্তানদের উচিত নয়, কিন্তু বাবা-মা সন্তানদের জন্য তা করবে। 15 তাই, আমার যা কিছু আছে, সবই এবং নিজেকেও তোমাদের জন্য সানন্দে ব্যয় করব। আমি যদি তোমাদের বেশি ভালোবাসি, তোমরা কি আমাকে কম ভালোবাসবে? 16 যাই হোক, একথা ঠিক, আমি তোমাদের কাছে বোঝা হইনি। তবুও, চতুর ব্যক্তি আমি নাকি তোমাদের কৌশলে বশ করেছি! 17 যাদের আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তাদের কারও মাধ্যমে আমি কি তোমাদের শোষণ করেছি? 18 তোমাদের কাছে যাওয়ার জন্য আমি তীতকে বিনীত অনুরোধ করেছিলাম এবং তাঁর সঙ্গে আমাদের সেই ভাইকে পাঠিয়েছিলাম। তীত তোমাদের শোষণ করেননি, তাই নয় কি? আমরা উভয়ই কি একই মানসিকতা নিয়ে কাজ করিনি ও একই পথ অনুসরণ করিনি?
19 তোমরা কি এ পর্যন্ত মনে ভাবছ যে, আমরা তোমাদের কাছে আত্মপক্ষ সমর্থন করছি? ঈশ্বরের দৃষ্টিতে আমরা খ্রীষ্টে আশ্রিত মানুষদের মতোই কথা বলছি। প্রিয় বন্ধুরা, আমরা যা কিছু করি, তোমাদের শক্তি জোগানোর জন্যই তা করি। 20 কারণ আমার ভয় হয়, আমি যখন আসব, আমি তোমাদের যেমন দেখতে চাই, তেমন হয়তো দেখতে পাব না এবং তোমরা আমাকে যেমনভাবে দেখতে চাও, তেমন হয়তো দেখতে পাবে না। আমার ভয় হয়, হয়তো কলহবিবাদ, ঈর্ষা, ক্রোধের বহিঃপ্রকাশ, দলাদলি, অপবাদ, কুৎসা-রটনা, ঔদ্ধত্য ও বিশৃঙ্খলা দেখা যাবে। 21 আমার আশঙ্কা, আমি যখন আবার আসব, আমার ঈশ্বর তোমাদের সামনে আমাকে নত করবেন। আগে যারা পাপ করেছে অথচ ঘৃণ্য কাজকর্ম, যৌন-পাপ ও লাম্পট্যে জড়িয়ে থাকার জন্য অনুতাপ করেনি, এমন অনেক মানুষের জন্য আমাকে দুঃখ পেতে হবে।
পাপকারীদের পৌল রেহাই দেবেন না
পৌল আরও করিন্থের মানুষদের নিশ্চিত করেন যে পরের বার তিনি তাঁদের কাছে গেলে বিধান ও সুসমাচার অনুসারে দুই বা তিনজন সাক্ষীর সাক্ষ্যে তাঁদের বিচার করা হবে। তিনি তাঁদের তাঁর আগের সতর্কবাণী এবং সেই অজাচারী ব্যক্তির শাস্তির কথা মনে করিয়ে দেন। যারা ইতিমধ্যেই পাপ করেছে এবং যারা পাপ করেই চলেছে, তাদের সবাইকে তিনি নিশ্চিত করেন যে তাদেরও তিনি রেহাই দেবেন না, বিশেষত যেহেতু তারা প্রমাণ চায় যে খ্রীষ্ট তাঁর মাধ্যমে কথা বলেন। খ্রীষ্ট ইতিমধ্যেই পৌলের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন, দুর্বলতায় নয়, বরং শক্তিতে, তাঁকে যে মহৎ কাজগুলি করার ক্ষমতা দিয়েছেন সেগুলির মাধ্যমে। খ্রীষ্ট তাঁর মানবীয় প্রকৃতির দুর্বলতায় ক্রুশবিদ্ধ হলেও ঈশ্বরের শক্তিতে এখনও জীবিত আছেন। আমরাও তাঁর সঙ্গে দেহে দুর্বল, কিন্তু পৌল দেখাবেন যে তাঁরা ঈশ্বরের শক্তিতে তাঁর সঙ্গে জীবিত আছেন, আর তাদের শাস্তির মধ্যেই তা প্রকাশ পাবে।
1 তোমাদের কাছে এ হবে আমার তৃতীয় পরিদর্শন। “দুই বা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে কোনো বিষয় সত্যি বলে প্রমাণিত হবে।” 2 দ্বিতীয়বার তোমাদের সঙ্গে থাকার সময় ইতিমধ্যে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি। এখন আমি অনুপস্থিত থাকাকালীন তার পুনরাবৃত্তি করছি। আমি যখন ফিরে আসব তখন, ইতিপূর্বে যারা পাপ করেছে, অথবা অন্য কাউকেই আমি অব্যাহতি দেব না, 3 কারণ খ্রীষ্ট যে আমার মাধ্যমে কথা বলেন, তোমরা তার প্রমাণ দাবি করছ। তোমাদের সঙ্গে আচরণে তিনি দুর্বল নন, বরং তোমাদের মধ্যে তিনি পরাক্রমী। 4 কারণ নিশ্চিতরূপে বলতে গেলে, তিনি দুর্বলতায় ক্রুশার্পিত হয়েছিলেন, তবুও ঈশ্বরের পরাক্রমের দ্বারা তিনি জীবিত আছেন। একইভাবে, আমরা তাঁতে দুর্বল, তবুও তোমাদের প্রতি আচরণে, আমরা তাঁর সঙ্গে ঐশ্বরিক পরাক্রমে জীবিত থাকব।
করিন্থের মানুষদের নিজেদের পরীক্ষা করতে বলা হল
সেই দলটি যেহেতু প্রমাণ চেয়েছিল যে খ্রীষ্ট পৌলের সঙ্গে আছেন, তাই তিনি এখন তাদের নিজেদের পরীক্ষা করে দেখতে বলেন যে খ্রীষ্টের উপস্থিতি প্রমাণ করে এমন আত্মিক দানগুলি তাদের আছে কি না। তিনি আশা করেন, তাদের এই প্রমাণের অভাব থাকলেও, তিনি এসে তাদের শাস্তি দিতে অলৌকিক ক্ষমতা ব্যবহার করার প্রয়োজন হলে তাঁর সেই ক্ষমতার অভাব দেখা যাবে না। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তারা সঠিক আচরণ করে, কারণ তাঁর প্রমাণগুলি ব্যবহার করে নিজের শক্তি দেখানোর সুযোগের চেয়ে তিনি তাদের অনুতাপের জন্য অনেক বেশি আগ্রহী। তিনি দৃঢ়ভাবে বলেন যে অলৌকিক ক্ষমতা কেবল সত্যের সমর্থনেই ব্যবহার করা যায়। পৌল তাদের পরিপূর্ণতার জন্য এসব কথা লেখেন, যাতে তিনি তাদের সঙ্গে থাকাকালে মণ্ডলীকে গড়ে তোলার জন্য তাঁকে দেওয়া অলৌকিক ক্ষমতা কঠোরভাবে ব্যবহার করতে না হয়।
5 নিজেদের পরীক্ষা করে দেখো, তোমরা বিশ্বাসে আছ, কি না; নিজেরাই পরীক্ষা করো। তোমরা কি উপলব্ধি করতে পারো না যে, যীশু খ্রীষ্ট তোমাদের মধ্যে আছেন—যদি না তোমরা পরীক্ষায় অনুত্তীর্ণ হও? 6 যাই হোক, আমি আশা করি, তোমরা জানতে পারবে যে, আমরা পরীক্ষায় ব্যর্থ হইনি। 7 এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন তোমরা আর কোনো অন্যায় না করো। এরকম নয় যে, লোকেরা দেখবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু যা ন্যায়সংগত, তোমরা তা করবে, যদিও আমরা ব্যর্থ হয়েছি বলে মনে হয়। 8 কারণ সত্যের বিপক্ষে আমরা কিছুই করতে পারি না, কিন্তু কেবলমাত্র সত্যের পক্ষেই পারি। 9 তোমরা যদি সবল হও, আমরা দুর্বল হতেও আনন্দ বোধ করি। তোমাদের পরিপক্বতার জন্য আমরা প্রার্থনা করি। 10 এজন্যই আমি অনুপস্থিত থাকার সময় এই সমস্ত বিষয় লিখছি, যেন আমি যখন আসি, কর্তৃত্বাধিকার প্রয়োগের জন্য আমাকে কঠোর হতে না হয়। এই কর্তৃত্বাধিকার প্রভু আমাকে দিয়েছেন তোমাদের গঠন করে তোলার জন্য, তোমাদের ভেঙে ফেলার জন্য নয়।
পৌলের বিদায় ও আশীর্বাদ
সেই দলটিকে তিরস্কার করা শেষ করে পৌল সমগ্র মণ্ডলীর উদ্দেশে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন নির্দেশ দেন। তিনি শুভেচ্ছা জানিয়ে এবং প্রেরিত হিসেবে তাঁর আশীর্বাদ দিয়ে শেষ করেন।
11 সবশেষে ভাইবোনরা, তোমরা আনন্দ করো। পরস্পরের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সচেষ্ট হও। পরস্পরকে সাহায্য করো ও তোমরা সমমনা হও। শান্তিতে বসবাস করো। আর প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন।
12 তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে শুভেচ্ছা জানাও।
13 ঈশ্বরের সব লোকজন তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছেন।
14 প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা, তোমাদের সকলের সঙ্গে থাকুক।
পৌল করিন্থ থেকে ম্যাসিডোনিয়ায় ফিরে যান
পৌল তাঁর সঙ্গীদের আগে ত্রোয়ায় পাঠিয়ে আখায়া ও করিন্থ থেকে ম্যাসিডোনিয়ায় ফিরে আসেন।
4 তাঁর সহযাত্রী হলেন বিরয়া থেকে পুর্হের ছেলে সোপাত্র, থিষলনিকা নিবাসী আরিষ্টার্খ ও সিকুন্দ, ডার্বি নগর থেকে গায়ো, সেই সঙ্গে তিমথি, এশিয়া প্রদেশের তুখিক ও ত্রফিম। 5 এরা আমাদের আগেই যাত্রা করে ত্রোয়াতে আমাদের জন্য অপেক্ষা করলেন।