পৌল রোমীয়দের কাছে লেখেন

আখায়া থেকে ম্যাসিডোনিয়া যাওয়ার পথে পৌল করিন্থ থেকে রোমের ইহুদি ও অইহুদি জাতির লোকদের উদ্দেশে তাঁর চিঠি লেখেন। অইহুদি জাতির লোকদের কাছে তিনি প্রমাণ করেন যে তাদের বহুল প্রশংসিত দর্শন, তাদের নৈতিক গুণ কিংবা মানবীয় যুক্তির আলো—কোনোটিই ঈশ্বরের সামনে তাদের ধার্মিক বলে গণ্য করতে পারে না। ইহুদিদের কাছে তিনি প্রমাণ করেন যে মোশির বিধান সম্বন্ধে তাদের জ্ঞান কিংবা সেই বিধানের প্রতি তাদের আনুগত্য—কোনোটিই তাদের ধার্মিক বলে গণ্য করতে পারে না। কেবল খ্রীষ্টের প্রতি বিশ্বাসই সমগ্র মানবজাতির পরিত্রাণের একমাত্র পথ, আর চিরকাল তা-ই ছিল।

58 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

পৌল রোমীয়দের অভিবাদন জানান

পৌল প্রেরিত হিসেবে তাঁর ক্ষমতার কথা দৃঢ়ভাবে জানান। খ্রীষ্ট যে দাউদের বংশধর, তা দিয়ে তিনি তাঁর মানবীয় স্বভাব দেখান, আর পুনরুত্থান দিয়ে তাঁর ঐশ্বরিক স্বভাব দেখান। তিনি ঘোষণা করেন যে অইহুদি জাতির লোকদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব তিনি খ্রীষ্টের কাছ থেকে পেয়েছেন। রোমের মণ্ডলীর অধিকাংশই ছিল সেই অইহুদি জাতির লোক, তাই তাদের উদ্দেশে কথা বলার অধিকার তাঁর আছে।

রোমীয় 1:1–7

1 পৌল, খ্রীষ্ট যীশুর একজন ক্রীতদাস, প্রেরিতশিষ্যরূপে আহূত ও ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য নিযুক্ত— 2 পবিত্র শাস্ত্রগ্রন্থে তাঁর ভাববাদীদের দ্বারা পূর্ব থেকেই তিনি যে সুসমাচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, 3 তা তাঁর পুত্র-বিষয়ক, যিনি তাঁর মানব প্রকৃতির দিক থেকে ছিলেন দাউদের একজন বংশধর। 4 কিন্তু যিনি পবিত্রতার আত্মার মাধ্যমে মৃতলোক থেকে পুনরুত্থানের দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্ররূপে ঘোষিত হয়েছেন: তিনি যীশু খ্রীষ্ট, আমাদের প্রভু। 5 তাঁর মাধ্যমে ও তাঁর নামের গুণে, আমরা অনুগ্রহ পেয়েছি ও প্রেরিতশিষ্য হওয়ার আহ্বান পেয়েছি, যেন বিশ্বাস থেকে যে বাধ্যতা আসে তার প্রতি সব অইহুদি জাতির মধ্য থেকে লোকদের আহ্বান করি। 6 আবার তোমরাও তাদের অন্তর্ভুক্ত, যারা যীশু খ্রীষ্টের আপনজন হওয়ার জন্য আহূত হয়েছ।

7 রোমে, ঈশ্বর যাদের ভালোবেসেছেন ও যারা পবিত্রগণ হওয়ার জন্য আহূত, তাদের সবার প্রতি:

আমাদের পিতা ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।

পৌল রোমীয়দের কাছে যাওয়ার জন্য আকুল হন

পৌল তাদের বিশ্বাসে আনন্দিত হন। তিনি তাদের কাছে যাওয়ার প্রবল ইচ্ছার কথা জানান, যেন কোনো আত্মিক দান দিয়ে তাদের শক্তিশালী করতে পারেন; এই প্রমাণের মাধ্যমে তিনি ও তারা খ্রীষ্টের প্রতি বিশ্বাসে পরস্পরকে শক্তি ও সান্ত্বনা দিতে পারবেন। সব জাতির কাছে সুসমাচার প্রচারের জন্য নিযুক্ত হয়েও তিনি রোমীয়দের কাছে তা প্রচার করতে চান, আর এর তিনটি কারণ আছে। প্রথমত, তিনি দৃঢ়ভাবে জানান যে সুসমাচার ইহুদির এবং অইহুদিরও পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি। দ্বিতীয়ত, কেবল সুসমাচারেই ঈশ্বরের ধার্মিকতা প্রকাশিত হয়, সেই সঙ্গে তাঁর দ্বারা ধার্মিক বলে গণ্য ও গৃহীত হওয়ার একমাত্র শর্তও প্রকাশিত হয়—তা বিশ্বাসের দ্বারা, কাজের দ্বারা নয়। তৃতীয়ত, সুসমাচার মোশির বিধানের চেয়ে কিংবা বিবেকের আলো বা বিধানের চেয়ে মহান; কারণ এই উভয়ই পাপ করেছে এমন সকলকে নিঃশর্তভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

রোমীয় 1:8–18

8 সর্বপ্রথম, আমি যীশু খ্রীষ্টের মাধ্যমে, তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমাদের বিশ্বাসের কথা জগতের সর্বত্র শোনা যাচ্ছে। 9 যে ঈশ্বরকে তাঁর পুত্রের সুসমাচারের জন্য আমি সমস্ত অন্তর দিয়ে সেবা করি, তিনিই আমার সাক্ষী যে আমি কীভাবে আমার প্রার্থনায় প্রতিনিয়ত তোমাদের স্মরণ করি; 10 আবার, আমি প্রার্থনা করি যে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের কাছে আমার আসার পথ যেন উন্মুক্ত হয়।

11 আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি, যেন আমি তোমাদের কাছে কোনো আত্মিক বরদান প্রদান করে তোমাদের শক্তিশালী করে তুলতে পারি— 12 অর্থাৎ, তোমাদের ও আমার বিশ্বাসের দ্বারা যেন আমরা পারস্পরিক অনুপ্রাণিত হতে পারি। 13 ভাইবোনেরা, আমি চাই না তোমাদের কাছে একথা অজানা থাকুক যে, তোমাদের কাছে আসার জন্য আমি বহুবার পরিকল্পনা করেছি, কিন্তু এখনও পর্যন্ত কিছু না কিছু আমার যাওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য অইহুদি জাতির মধ্যে আমি যেমন ফল লাভ করেছি, তেমন তোমাদের মধ্যেও যেন ফল লাভ করতে পারি।

14 গ্রিক ও যারা গ্রিক নয়, জ্ঞানী অথবা মূর্খ, উভয়েরই কাছে আমি ঋণী। 15 এই কারণেই তোমরা যারা রোম নগরে বাস করছ, তোমাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য আমি এত উৎসুক।

16 আমি সুসমাচারের জন্য লজ্জাবোধ করি না, কারণ যারা বিশ্বাস করে, তাদের সকলের পরিত্রাণ লাভের জন্য এ হল ঈশ্বরের পরাক্রম: প্রথমত, ইহুদিদের জন্য, পরে অইহুদিদের জন্যও। 17 কারণ সুসমাচারে ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে—প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের দ্বারা এক ধার্মিকতা, যেমন লেখা আছে, “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে।”

18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে।

অইহুদি জাতির লোকেরা ঈশ্বরকে জানত, কিন্তু তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল

পৌল দেখান যে সৃষ্টির কাজে অইহুদি জাতির লোকদের কাছে ঈশ্বরের এবং তাঁর মহিমাময় পূর্ণ গুণাবলির যথেষ্ট প্রমাণ ছিল। প্রকৃতির বিধানের দ্বারা কেউ পরিত্রাণ পেতে পারে না, তা দেখাতে তিনি গ্রিকদের দোষগুলির তালিকা দেন, যারা মানবীয় জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তিনি দৃঢ়ভাবে বলেন যে তারা ঈশ্বরকে জানত, কিন্তু তাঁর সম্বন্ধে তাদের জ্ঞান গোপন করেছিল; অবশেষে তাদের নিজেদের হৃদয় সত্যকে দেখতে পেল না এবং তারা স্রষ্টার পরিবর্তে সৃষ্ট বস্তুর উপাসনা প্রবর্তন করল। ঈশ্বর সম্বন্ধে তাদের জ্ঞান তাদের নিশ্চিত করেছিল যে তাদের অপরাধের জন্য শাস্তি অপেক্ষা করছে, তবুও তারা সেই অপরাধ করেই চলল এবং অন্যদেরও তা করতে উৎসাহ দিল।

রোমীয় 1:19–32

19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।

21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।

24 সেই কারণে ঈশ্বর, অশুদ্ধ যৌনাচারের প্রতি তাদের হৃদয়কে পাপপূর্ণ অভিলাষে সমর্পণ করলেন, যেন পরস্পরের দ্বারা তাদের শরীরের মর্যাদাহানি হয়। 25 তারা ঈশ্বরের সত্যের পরিবর্তে এক মিথ্যাকে বেছে নিল। তারা স্রষ্টার উপাসনা না করে সৃষ্ট বস্তুর উপাসনা ও সেবা করেছে—সেই স্রষ্টাই চিরতরে প্রশংসিত হোন। আমেন।

26 এই কারণে, ঈশ্বর তাদের ঘৃণ্য কামনাবাসনার সমর্পণ করেছেন। এমনকি, তাদের নারীরাও স্বাভাবিক শারীরিক সম্পর্ক ত্যাগ করে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছে। 27 একইভাবে, পুরুষেরাও নারীদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ত্যাগ করে পরস্পরের প্রতি সমকামী হওয়ার আগুনে জ্বলে উঠেছে। পুরুষেরা অন্য পুরুষদের সঙ্গে অশালীন আচরণ করেছে এবং তাদের বিকৃত আচরণের জন্য তারা যোগ্য শাস্তি লাভ করেছে।

28 শুধু তাই নয়, তারা যেহেতু ঐশ্বরিক জ্ঞানকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তিনি তাদের ভ্রষ্ট মানসিকতার কবলে সমর্পণ করেছেন, যেন তারা অনৈতিক কাজ করে। 29 তারা সব ধরনের দুষ্টতা, মন্দতা, লোভ ও বিকৃতরুচিতে পূর্ণ হয়েছে। তারা ঈর্ষা, নরহত্যা, বিবাদ, প্রতারণা ও বিদ্বেষের মানসিকতায় পরিপূর্ণ। 30 তারা গুজব রটনাকারী, পরনিন্দুক, ঈশ্বরঘৃণাকারী, অশিষ্ট, উদ্ধত ও দাম্ভিক; তারা দুষ্কর্মের নতুন পন্থা খুঁজে বের করে, তারা তাদের বাবা-মার অবাধ্য হয়; 31 তারা নির্বোধ, বিশ্বাসইীন, হৃদয়হীন ও নির্মম। 32 যদিও তারা ঈশ্বরের ন্যায়বিচার জানে যে, যারা এসব কাজ করে তারা মৃত্যুর যোগ্য, তবুও তারা কেবলমাত্র যে সেরকম আচরণ করে শুধু তাই নয়, কিন্তু যারা সেই ধরনের আচরণ অভ্যাস করে, তাদেরও অনুমোদন করে।

ইহুদিরাও একই পাপে দোষী

পৌল ভালো করেই জানেন যে অইহুদি জাতির লোকদের পাপের জন্য তাদের নিন্দায় যোগ দিতে ইহুদিরা কতটা প্রস্তুত। এখন তিনি ইহুদিদের নিজেদের পাপ সম্বন্ধে নিশ্চিত করতে চেষ্টা করেন, ঘোষণা করেন যে তারাও একই অপরাধে দোষী। এইসব অপরাধের বিরুদ্ধে ঈশ্বরের বিচার, যা তাদের নিজেদের বিধানে দেওয়া আছে, তা সত্য বলে জানা আছে; আর যারা এইসব অপরাধ করে, তারা ইহুদি হোক বা অইহুদি জাতির লোক হোক, ঈশ্বরের চূড়ান্ত বিচার থেকে রেহাই পাবে না।

রোমীয় 2:1–3

1 তোমাদের মনে হতে পারে যে তোমরা তাদের বিচার করতে পারো কিন্তু তোমাদের অজুহাত দেওয়ার মতো কিছু নেই, কারণ যে বিষয়ে তুমি অন্যদের বিচার করো সেই বিষয়ে তুমি নিজেকেই অপরাধী করে তুলছ, কারণ তোমরা যারা বিচার করো, তোমরাও একই কাজ করে থাকো। 2 এখন, আমরা জানি যে, যারা এই ধরনের আচরণে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের উপরে ভিত্তি করে হয়। 3 তাহলে, তোমরা যখন নিছক মানুষ হয়ে তাদের উপরে শাস্তি ঘোষণা করো অথচ নিজেরাও একই কাজ করো, তখন কি মনে হয় যে তোমরা ঈশ্বরের ন্যায়বিচার এড়াতে পারবে?

ঈশ্বর ইহুদি ও অইহুদিদের সমানভাবে বিচার করেন

পৌল ইহুদিদের সতর্ক করেন যে তারা অনুতপ্ত না হলে তাদের বিশেষ অধিকারগুলি তাদের দণ্ড আরও বাড়িয়ে দেবে। ঈশ্বরের বিচারে ইহুদি ও অইহুদি জাতির লোকদের মধ্যে কোনো ভেদ করা হয়—এ কথা তিনি অস্বীকার করেন এবং দৃঢ়ভাবে জানান যে ইহুদি ও অইহুদি উভয়কেই সমানভাবে একই শাস্তি ও একই পুরস্কার দেওয়া হবে, কারণ ঈশ্বর পক্ষপাত করেন না।

রোমীয় 2:4–11

4 অথবা তোমরা কি তাঁর দয়া, সহিষ্ণুতা ও ধৈর্যের ঐশ্বর্যের প্রতি অবজ্ঞা করছ, একথা না বুঝে যে ঈশ্বরের করুণা তোমাদের অনুতাপের পথে নিয়ে যায়?

5 কিন্তু তোমাদের একগুঁয়ে ও অনুতাপহীন হৃদয়ের কারণে, তোমরা নিজেদেরই উপরে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ করার দিনের জন্য ঈশ্বরের ক্রোধ জমা করছ, যেদিন তাঁর ধর্মময় ন্যায়বিচার প্রকাশিত হবে। 6 ঈশ্বর “প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন।” 7 যারা নিরবচ্ছিন্ন সৎকর্মের দ্বারা মহিমা, সমাদর ও অক্ষয়তা অনুসরণ করে তিনি তাদের অনন্ত জীবন দেবেন। 8 কিন্তু যারা স্বার্থচেষ্টা করে সত্যকে প্রত্যাখ্যান করে এবং মন্দের অনুসারী হয়, তাদের উপরে ক্রোধ ও রোষ নেমে আসবে। 9 যারা দুষ্কর্ম করে তাদের প্রত্যেকের উপরে কষ্ট-সংকট ও দুঃখযন্ত্রণা হবে: প্রথমে ইহুদিদের, পরে অইহুদিদের; 10 কিন্তু যারাই সৎকর্ম করে, তাদের প্রত্যেকজন লাভ করবে গৌরব, সম্মান ও শান্তি: প্রথমে ইহুদিরা, পরে অইহুদিরাও। 11 কারণ ঈশ্বরের কাছে কোনও পক্ষপাতিত্ব নেই।

প্রত্যেকে যে আলো পেয়েছে, সেই অনুযায়ী বিচার

পৌল আরও ঘোষণা করেন যে সকল মানুষ যে পরিমাণ আলো ও জ্ঞান পেয়েছে, সেই অনুযায়ী তাদের বিচার করা হবে। যে ইহুদিরা বিধান মানার কথা স্বীকার করে কিন্তু তা পালন করে না, তারা নয়; বরং অইহুদি জাতির লোকেরা এবং বিধানের পরবর্তী জ্ঞান না পেয়েও যারা সেই অনুযায়ী জীবনযাপন করে, তারা সেই মহাদিনে ঈশ্বরের অনুগ্রহ পাবে, যখন ঈশ্বরের সুসমাচার অনুযায়ী বিবেক ও বিশ্বাসের বিধানে সকল মানুষের বিচার করা হবে।

রোমীয় 2:12–16

12 বিধান ছাড়া যতজন পাপ করে, বিধান ছাড়াই তারা ধ্বংস হবে। আবার বিধানের অধীনে থেকে যারা পাপ করে, তাদের বিচার বিধান অনুসারেই হবে। 13 কারণ, যারা বিধান শুধু শোনে, তারা যে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণ্য হয়, তা নয়, কিন্তু যারা বিধান পালন করে, তারাই ধার্মিক বলে ঘোষিত হবে। 14 বাস্তবিক ক্ষেত্রে অইহুদিদের কাছে বিধান না থাকলেও, তারা যখন স্বাভাবিকভাবে বিধানসম্মত আচরণ করে, তখন তাদের কাছে বিধান না থাকলেও তারা নিজেরাই নিজেদের বিধান হয়ে ওঠে, 15 তারা দেখায় যে, ঈশ্বরের বিধান তাদের হৃদয়ে লেখা আছে, কারণ তাদের বিবেকও সেই সাক্ষ্য বহন করে এবং তাদের চিন্তাভাবনা কখনও কখনও তাদের অভিযুক্ত করে আবার কখনও কখনও তাদের পক্ষসমর্থন করে। 16 আর আমি সুসমাচারের এই বার্তা প্রচার করি—সেইদিন আসছে যেদিন ঈশ্বর, যীশু খ্রীষ্টের মাধ্যমে, মানুষের সব গুপ্ত বিষয় বিচার করবেন।