বিধানের জ্ঞান ইহুদিকে ধার্মিক বলে গণ্য করতে পারে না

পৌল দেখান যে কেবল ধর্মের জ্ঞান ইহুদিকে ধার্মিক বলে গণ্য করতে পারে না। মোশির বিধানের যে পরিত্রাণ দেওয়ার ক্ষমতা নেই, তা প্রমাণিত হয় জনগণের নিযুক্ত শিক্ষক ইহুদি শাস্ত্রবিদ ও শাসকদের আচরণে সেই বিধানের প্রকাশ্য লঙ্ঘনের দ্বারা। তিনি তাদের নিজেদের শাস্ত্রগ্রন্থ থেকে এই অভিযোগ প্রমাণ করেন।

58 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

রোমীয় 2:17–24

17 এখন তুমি, যদি নিজেকে ইহুদি বলে অভিহিত করে থাকো; তুমি যদি বিধানের উপরে আস্থা রেখে থাকো এবং ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্কের কারণে দম্ভপ্রকাশ করো; 18 যদি তুমি তাঁর ইচ্ছা জেনে থাকো এবং যেহেতু বিধানের দ্বারা নির্দেশিত হয়েছ, তাই যা কিছু উৎকৃষ্ট, সেগুলির অনুমোদন করে থাকো; 19 যদি তুমি নিশ্চিতরূপে উপলব্ধি করেছ যে, তুমিই অন্ধের একজন পথপ্রদর্শক, যারা অন্ধকারে আছে, তাদের পক্ষে এক জ্যোতিস্বরূপ, 20 মূর্খদের জ্ঞানদাতা, শিশুদের শিক্ষাদাতা, কারণ বিধানের মাধ্যমে জ্ঞান ও সত্যের পূর্ণরূপ তুমি দেখেছ— 21 তুমি অপরকে শিক্ষা দিয়ে থাকো তবে কেন নিজেকে শিক্ষা দিচ্ছ না? তুমি চুরি না করার শিক্ষা দাও, কিন্তু তুমি কি চুরি করো? 22 তুমি বলে থাকো, লোকেরা যেন ব্যভিচার না করে, অথচ তুমি নিজে কি ব্যভিচার করছ? তুমি যে প্রতিমাদের ঘৃণা করো, তুমি কি মন্দির লুট করছ? 23 তুমি বিধানের জন্য গর্ব করে থাকো, অথচ নিজে কি বিধান ভেঙে ঈশ্বরের অবমাননা করছ? 24 যেমন লেখা আছে, “তোমাদেরই কারণে অইহুদিদের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে।”

আনুগত্য ছাড়া সুন্নত মূল্যহীন

পৌল এরপর দেখান যে ইহুদিরা সুন্নত নিয়ে গর্ব করত, কারণ তা ছিল অব্রাহামের বংশধর হওয়ার এবং ঈশ্বরের মনোনীত প্রজা হিসেবে তাদের বিশেষ অধিকারগুলির চিহ্ন; কিন্তু তারা বিধান পালন না করলে তা তাদের কোনো উপকার করবে না। বিধান লঙ্ঘন করে ইহুদি তার বিশেষ অধিকারগুলি হারিয়েছে এবং সুন্নত না হওয়া অইহুদির চেয়ে তার অবস্থা ভালো নয়। অইহুদি জাতির যে লোকেরা বিধানের কর্তব্যগুলি পালন করে, ঈশ্বর তাদের গ্রহণ করবেন এবং তাঁর মনোনীত প্রজাদের মধ্যে স্থান দেবেন। যে কেবল বাহ্যিকভাবে ধর্ম স্বীকার করে, সে অব্রাহামের সন্তান নয়; যে আত্মিকভাবে শুচি, কেবল সেই প্রকৃত সন্তান।

রোমীয় 2:25–29

25 তুমি যদি বিধান পালন করো, তাহলে সুন্নত হয়ে লাভ আছে। কিন্তু তুমি যদি বিধান মান্য না করো, তাহলে তুমি এমন মানুষ হয়েছ, যেন তোমার সুন্নতই হয়নি। 26 যাদের সুন্নত হয়নি, তারা যদি বিধানের নির্দেশ পালন করে, তাহলে তারা কি সুন্নতপ্রাপ্ত বলে গণ্য হবে না? 27 যে ব্যক্তি শারীরিকরূপে সুন্নতপ্রাপ্ত নয় অথচ বিধান পালন করে, সে তোমাকে অপরাধী সাব্যস্ত করবে, কারণ তোমার কাছে লিখিত বিধি থাকা ও সুন্নত হওয়া সত্ত্বেও তুমি বিধান অমান্য করেছ।

28 কোনো ব্যক্তি বাহ্যিকরূপে ইহুদি হলে সে ইহুদি নয়, আবার সুন্নতও নিছক বাহ্যিক ও শরীরে কৃত কোনও কাজ নয়। 29 না, অন্তরে যে ইহুদি হয় সেই প্রকৃত ইহুদি; আবার প্রকৃত সুন্নত হল হদয়ের সুন্নত, তা আত্মার দ্বারা হয়, লিখিত বিধির দ্বারা নয়। এ ধরনের মানুষের প্রশংসা মানুষের কাছ থেকে নয়, কিন্তু ঈশ্বর থেকে হয়।

ইহুদির সুবিধা ও ঈশ্বরের বিশ্বস্ততা

পৌল এখন ইহুদি ও অইহুদি জাতির লোকদের একইভাবে তাদের পাপ সম্বন্ধে নিশ্চিত করার পর ইহুদিদের বদ্ধমূল ধারণাগুলি খণ্ডন করতে এগিয়ে যান। তিনি এমন একজনকে উপস্থাপন করেন, যে প্রশ্ন করে, তাহলে অব্রাহামের সন্তানেরা কোন দিক দিয়ে অইহুদি জাতির লোকদের চেয়ে বেশি অনুগ্রহ পেয়েছে। পৌল উত্তর দেন, “ঈশ্বরের বাণীই তাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে।” তখন সেই ইহুদি প্রশ্ন করে, তাদের জাতির কেউ কেউ এই বাণী বিশ্বাস করেনি বলে তাদের অবিশ্বাস কি ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি বাতিল করে দেবে? উত্তরে পৌল দৃঢ়ভাবে বলেন যে তাদের অবিশ্বাসের দ্বারাই ঈশ্বরের সত্য ও প্রতিশ্রুতিগুলি নিশ্চিত হয়েছে, যেহেতু মানবীয় দুর্বলতা সেই শর্তগুলি ভঙ্গ করেছিল, যেগুলির ওপর প্রতিশ্রুতিগুলি নির্ভর করত। তখন সেই ইহুদি প্রশ্ন করে, “তাদের অবিশ্বাস যদি ঈশ্বরের ধার্মিকতা আরও বেশি করে দেখায়, তবে তাদের শাস্তি দিলে ঈশ্বর কি অন্যায় করবেন না?” পৌল দেখান যে ঈশ্বর অন্যায় করতে পারেন না, কারণ তা হলে তিনি কীভাবে জগতের বিচার করবেন? সেই ইহুদি যুক্তিটি আবার তুলে ধরে। পৌল তা প্রত্যাখ্যান করে বলেন যে এমন আচরণ হবে ভালো ফল পাওয়ার জন্য মানুষকে মন্দ কাজ করতে শেখানো। যারা এমন মত পোষণ করে, তারা ন্যায্যভাবেই দণ্ডিত হয়।

রোমীয় 3:1–8

1 তাহলে, একজন ইহুদি হওয়ার সুবিধা কী বা সুন্নত হলেই বা কী লাভ? 2 সবদিক দিয়েই তা প্রচুর! ঈশ্বরের সমস্ত বাক্য সর্বপ্রথম, তাদের কাছেই অর্পণ করা হয়েছিল।

3 কেউ কেউ যদি অবিশ্বাসী হয়, তো কী হয়েছে? তাদের অবিশ্বাস কি ঈশ্বরের বিশ্বস্ততাকে নাকচ করে দেবে? 4 আদৌ তা নয়! ঈশ্বরই সত্যময় থাকুন, প্রত্যেক মানুষ হোক মিথ্যাবাদী। যেমন লেখা আছে:

“যেন, তুমি যখন কথা বলো, তুমি যেন সত্যময় প্রতিপন্ন হও

ও বিচারকালে তুমি বিজয়ী হও।”

5 কিন্তু যদি আমাদের অধার্মিকতা ঈশ্বরের ধার্মিকতাকে আরও স্পষ্ট করে প্রকাশ করে, তাহলে আমরা কী বলব? ঈশ্বর আমাদের উপরে তাঁর ক্রোধ নিয়ে এসে অন্যায় করেছেন? (আমি মানবিক যুক্তি প্রয়োগ করছি।) 6 নিশ্চিতরূপে তা নয়! যদি তাই হত, ঈশ্বর কীভাবে জগতের বিচার করতেন? 7 কেউ হয়তো তর্ক করতে পারে, “আমার মিথ্যাচার যদি ঈশ্বরের সত্যতা বৃদ্ধি করে ও এভাবে তাঁর মহিমা বৃদ্ধি পায়, তাহলে আমি এখনও কেন পাপী বলে অভিযুক্ত হচ্ছি?” 8 কেউ কেউ এভাবে আমাদের বাক্য বিকৃত করে বলে যে আমরা নাকি বলি, “এসো, আমরা অপকর্ম করি, যেন পরিণামে মঙ্গল হয়?” তাদের শাস্তি যথাযোগ্য।

ইহুদি ও অইহুদি জাতির লোকেরা একইভাবে পাপের অধীন

এখন সেই ইহুদি প্রশ্ন করে, অইহুদি জাতির লোকদের চেয়ে ইহুদিদের দাবি কি বেশি জোরালো নয়? পৌল আগে যা বলেছেন, আবারও তা দৃঢ়ভাবে জানান—ইহুদি ও অইহুদি জাতির লোকেরা একইভাবে পাপের অধীন ছিল। ইহুদিদের পাপ তাদের নিজেদের শাস্ত্রগ্রন্থ থেকেই প্রমাণিত হয়, যা তারা ঈশ্বরের প্রেরণায় রচিত বলে মেনে নিত। মোশির বিধান হোক বা প্রকৃতির বিধান হোক, তার দ্বারা কেউ ধার্মিক বলে গণ্য হতে পারে না; তা কেবল পাপ ও তার দণ্ডের জ্ঞানই দিতে পারত।

রোমীয় 3:9–20

9 তাহলে আমাদের শেষ কথা কী হবে? আমরা কি কোনোভাবে অন্যদের চেয়ে ভালো? অবশ্যই নয়! আমরা ইতিপূর্বে অভিযোগ করেছি যে, ইহুদি, অইহুদি নির্বিশেষে সকলেই পাপের অধীন। 10 যেমন লেখা আছে:

“ধার্মিক কেউই নেই, একজনও নেই;

11 বোঝে, এমন কেউই নেই,

কেউই ঈশ্বরের অন্বেষণ করে না।

12 সকলেই বিপথগামী হয়েছে,

তারা একসঙ্গে অকর্মণ্য হয়ে পড়েছে,

সৎকর্ম করে এমন কেউই নেই,

একজনও নেই।”

13 “তাদের কণ্ঠ উন্মুক্ত কবরস্বরূপ;

তাদের জিভ প্রতারণার অনুশীলন করে।”

“কালসাপের বিষ তাদের মুখে।”

14 “তাদের মুখ অভিশাপে ও তিক্ততায় পূর্ণ।”

15 “তাদের চরণ রক্তপাতের জন্য দ্রুত দৌড়ায়;

16 বিনাশ ও দুর্গতি তাদের সব পথ চিহ্নিত করে,

17 আর তারা শান্তির পথ জানে না,”

18 “তাদের চোখে ঈশ্বরভয় নেই।”

19 এখন আমরা জানি যে, বিধান যা কিছু বলে, যারা বিধানের অধীনে আছে আসলে তাদেরই বলে, যেন প্রত্যেকের মুখ বদ্ধ হয় ও সমস্ত জগৎ ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। 20 সুতরাং, বিধান পালন করে কোনো ব্যক্তিই তাঁর দৃষ্টিতে ধার্মিক ঘোষিত হবে না, বরং, বিধানের মাধ্যমে আমরা পাপ সম্পর্কে সচেতন হয়ে উঠি।

যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে বিনামূল্যে ধার্মিক বলে গণ্য

যেহেতু বিধান ধার্মিক বলে গণ্য করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাই পৌল ঘোষণা করেন যে ধার্মিক বলে গণ্য হওয়ার একমাত্র পথ হল যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস। বিধান ও ভাববাদীদের গ্রন্থে এই শিক্ষাই দেওয়া হয়েছে, আর ইহুদি ও অইহুদিকে একইভাবে এই সুযোগ দেওয়া হয়েছে; উভয়কেই সমানভাবে তাদের পাপ সম্বন্ধে নিশ্চিত করা হয়েছিল, কারণ ঈশ্বরের কাছে কোনো পক্ষপাত ছিল না। খ্রীষ্ট যীশুর প্রায়শ্চিত্তকারী বলিদান ও মুক্তির দ্বারা, বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণ্য হওয়া সকলের জন্য ঈশ্বরের বিনামূল্যের দান, তাই সব গর্বই বাদ পড়ে।

রোমীয় 3:21–27

21 কিন্তু এখন, বিধান ছাড়াই ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে, যে বিষয়ে সেই বিধান ও ভাববাদীরা সাক্ষ্য দিয়েছেন। 22 এই ধার্মিকতা, যারা বিশ্বাস করে, তাদের প্রতি যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে কোনও পার্থক্য-বিভেদ নেই, 23 কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে। 24 তারা বিনামূল্যে, তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা নির্দোষ গণ্য হয়। 25 তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বর তাঁকেই প্রায়শ্চিত্ত-বলিরূপে উপস্থাপিত করেছেন। তিনি তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য এরকম করেছেন, কারণ তাঁর সহনশীলতার গুণে তিনি অতীতে করা সকল পাপের শাস্তি দেননি। 26 বর্তমান যুগে তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য তিনি এরকম করেছিলেন, যেন তিনি ন্যায়পরায়ণ থাকেন এবং যারা যীশুতে বিশ্বাস করে, তাদের নির্দোষ গণ্য করেন।

27 তাহলে গর্বের স্থান কোথায়? তা বর্জন করা হয়েছে। কোন নীতির দ্বারা? তা কি বিধান পালনের জন্য? না, কিন্তু বিশ্বাসের কারণে।

কেবল বিশ্বাসই ধার্মিক বলে গণ্য করে ও বিধান প্রতিষ্ঠিত রাখে

পৌল এই ঘোষণা দিয়ে যুক্তির উপসংহার টানেন যে সুসমাচারের অধীনে ইহুদি বা অইহুদি কেউই কেবল বিশ্বাস ছাড়া ধার্মিক বলে গণ্য হতে পারে না; এতে বিধানের কাজগুলির কোনো সাহায্য নেই। যেহেতু ঈশ্বর অইহুদি জাতির লোকদের ও ইহুদিদের সমান চোখে দেখেন, তাই উভয়ের জন্য ধার্মিক বলে গণ্য হওয়ার একই উপায় নির্ধারিত হয়েছে। বিশ্বাসের দ্বারা বিধান প্রতিষ্ঠিত হয় বা পরিপূর্ণ করা হয়।

রোমীয় 3:28–31

28 কারণ আমাদের সিদ্ধান্ত এই যে, একজন ব্যক্তি বিধান পালন না করে বিশ্বাসের মাধ্যমে নির্দোষ গণ্য হয়। 29 ঈশ্বর কি কেবলমাত্র ইহুদিদেরই ঈশ্বর? তিনি কি অইহুদিদেরও ঈশ্বর নন? হ্যাঁ, তিনি অইহুদিদেরও ঈশ্বর 30 যেহেতু ঈশ্বর একজনই, যিনি সুন্নত হওয়া লোকদের বিশ্বাসের মাধ্যমে ও সুন্নতবিহীন লোকদের সেই একই বিশ্বাসের মাধ্যমে নির্দোষ গণ্য করবেন। 31 তাহলে আমরা কি এই বিশ্বাসের দ্বারা বিধানকে বাতিল করি? না, আদৌ তা নয়! বরং, আমরা বিধানকে প্রতিষ্ঠা করছি।