সুন্নত হওয়ার আগেই অব্রাহাম ধার্মিক বলে গণ্য হন
পৌল প্রমাণ করেন যে অব্রাহাম বিধানের কাজগুলির দ্বারা ধার্মিক বলে গণ্য হননি। তাঁর গর্ব করার কিছু নেই। তিনি বিশ্বাসের দ্বারা, অনুগ্রহ ও দয়ায় ধার্মিক বলে গণ্য হয়েছিলেন; কোনো ঋণ হিসেবে নয়, তাঁর কাজের জন্য প্রাপ্য পুরস্কার হিসেবেও নয়। দাউদও ধার্মিক বলে গণ্য হওয়ার একই পথের সাক্ষ্য দেন। বাস্তব ঘটনাও দেখায় যে সুন্নত হওয়ার আগেই অব্রাহাম ধার্মিক বলে গণ্য হয়েছিলেন, আর পরে বিশ্বাসের দ্বারা তাঁর ধার্মিক বলে গণ্য হওয়ার সিলমোহর হিসেবে সুন্নতের চিহ্ন পেয়েছিলেন, যেন তিনি ইহুদি ও অইহুদি উভয়ের আত্মিক পিতা হতে পারেন; কেবল বিশ্বাসের একটিমাত্র শর্তে উভয়েরই সমানভাবে ধার্মিক বলে গণ্য হওয়ার অধিকার পাওয়ার কথা ছিল।
58 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমরা তাহলে কী বলব যে, আমাদের পূর্বপুরুষ অব্রাহাম এই বিষয়ে কী লাভ করেছিলেন? 2 যদি, অব্রাহাম কাজের দ্বারা নির্দোষ গণিত হয়ে থাকতেন তবে তাঁর পক্ষে গর্ব করার কিছু থাকত, কিন্তু ঈশ্বরের কাছে নয়। 3 শাস্ত্র কী কথা বলে? “অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন, এবং তা তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হল।”
4 এখন, কোনো ব্যক্তি যখন কাজ করে, তার পারিশ্রমিক কিন্তু উপহার বলে গণ্য করা হয় না, কিন্তু তার প্রাপ্য বলেই গণ্য হয়। 5 কিন্তু, যে ব্যক্তি কাজ করে না—অথচ ঈশ্বরের উপরে আস্থা রাখে যিনি ভক্তিহীনকে নির্দোষ ঘোষণা করে থাকেন—তার বিশ্বাসই তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়। 6 দাউদও এই একই কথা বলেন, যখন তিনি সেই ব্যক্তির ধন্য হওয়া সম্পর্কে বলেছেন, যাকে ঈশ্বর কোনো কাজ ছাড়াই ধার্মিক গণ্য করেন:
7 “ধন্য তারা,
যাদের অপরাধ ক্ষমা করা হয়েছে,
যাদের পাপ আচ্ছাদিত হয়েছে।
8 ধন্য সেই ব্যক্তি,
যার পাপ প্রভু কখনও তার বিরুদ্ধে গণ্য করবেন না।”
9 এই আশীর্বাদ কি কেবলমাত্র সুন্নত হওয়া লোকদের জন্য, না যারা সুন্নতবিহীন, তাদেরও জন্য? আমরা বলে আসছি যে, অব্রাহামের বিশ্বাস তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল। 10 কোন অবস্থায় তা গণ্য হয়েছিল? তা কি তাঁর সুন্নতের পরে, না আগেই? তা পরে নয়, কিন্তু আগে। 11 আর তিনি সুন্নতের চিহ্ন লাভ করলেন যা ধার্মিকতার এক সিলমোহর, যা তিনি সুন্নতহীন অবস্থায় থাকার সময়ই বিশ্বাসের দ্বারা পেয়েছিলেন। সেই কারণে, যারা বিশ্বাস করে, অথচ সুন্নতপ্রাপ্ত হয়নি, তিনি তাদের সকলের পিতা, যেন তাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করা হয়। 12 একইসঙ্গে, তিনি সুন্নতপ্রাপ্তদেরও পিতা, যারা কেবলমাত্র সুন্নতপ্রাপ্ত হয়েছে বলে নয় কিন্তু আমাদের পিতা অব্রাহামের সুন্নত হওয়ার আগে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের পদাঙ্ক অনুসরণ করে চলে বলে।
অব্রাহামকে দেওয়া প্রতিশ্রুতিতে অইহুদি জাতিও অন্তর্ভুক্ত
পৌল তাঁর যুক্তি এগিয়ে নিয়ে ইহুদিদের বলেন যে অব্রাহামকে দেওয়া প্রতিশ্রুতি নিজেই দেখিয়েছিল, তাঁর বিশ্বাসের মাধ্যমে সমগ্র জগৎ তাঁর উত্তরাধিকারী হবে। কিন্তু কেবল ইহুদিরাই যদি তাঁর প্রতিশ্রুতির উত্তরাধিকারী হয়, তবে বিশ্বাস অর্থহীন হয়ে পড়ে এবং বিশ্বাসের শর্তে দেওয়া প্রতিশ্রুতি বাতিল হয়। কারণ বিধান দয়া ছাড়াই পাপীকে শাস্তির অধীন করে, আর বিধান না থাকলে কর্তব্যের কোনো নিয়ম থাকতে পারে না, তাই পাপও থাকতে পারে না। এই কারণে প্রতিশ্রুতি বিশ্বাসের ভিত্তিতে দেওয়া হয়েছে; ঈশ্বরের বিনামূল্যের অনুগ্রহ অব্রাহামের দৈহিক ও আত্মিক উভয় ধরনের সন্তানকেই অন্তর্ভুক্ত করে। সুন্নত হওয়ার আগেই অব্রাহাম ধার্মিক বলে গণ্য হওয়া প্রমাণ করে যে অইহুদি জাতির লোকেরা গৃহীত হয়। বহু জাতির পিতা হিসেবে অব্রাহামের কাছে নিশ্চিত করা প্রতিশ্রুতি নিজেই মুক্তির সমস্ত আশীর্বাদে অইহুদি জাতির লোকদের দাবি প্রতিষ্ঠা করে।
13 অব্রাহাম ও তাঁর বংশ প্রতিশ্রুতি লাভ করেছিলেন, যে তিনি জগতের উত্তরাধিকারী হবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বিধানের মাধ্যমে নয় বরং ধার্মিকতার মাধ্যমে আসে যা বিশ্বাস থেকে উৎপন্ন হয়। 14 কারণ যারা বিধান অনুযায়ী জীবনযাপন করে, তারা যদি উত্তরাধিকারী হয় তাহলে বিশ্বাসের কোনো মূল্যই থাকে না এবং সেই প্রতিশ্রুতিও অর্থহীন হয়, 15 কারণ বিধান নিয়ে আসে ক্রোধ। আর যেখানে বিধান নেই, সেখানে বিধান অমান্য করার অপরাধও নেই।
16 অতএব, সেই প্রতিশ্রুতি আসে বিশ্বাসের দ্বারা, যেন তা অনুগ্রহ অনুসারে সম্ভব হয় এবং অব্রাহামের সকল বংশধরের জন্য নিশ্চয়তা প্রদান করা হয়—কেবলমাত্র যারা বিধান মান্য করে তাদের প্রতি নয়, কিন্তু তাদেরও প্রতি যারা অব্রাহামের বিশ্বাস অবলম্বন করে। তিনি আমাদের সকলের পিতা। 17 যেমন লেখা আছে, “আমি তোমাকে বহু জাতির পিতা করেছি।” যে ঈশ্বরে তিনি বিশ্বাস করেছিলেন, তাঁর দৃষ্টিতে তিনি আমাদের পিতা—সেই ঈশ্বর, যিনি মৃতদের জীবন দান করেন ও যা নেই, তা আছে বলেন।
18 সব আশার প্রতিকূলে, অব্রাহাম প্রত্যাশাতেই বিশ্বাস করলেন এবং এভাবে বহু জাতির পিতা হয়ে উঠলেন, যেমন তাঁকে বলা হয়েছিল, “তোমার বংশ এরকমই হবে।” 19 তাঁর বিশ্বাসে দুর্বল না হয়েও, তিনি এই সত্যের সম্মুখীন হয়েছিলেন যে, তাঁর শরীর মৃত মানুষেরই সদৃশ ছিল—কারণ তাঁর বয়স হয়েছিল প্রায় একশো বছর—আবার সারার গর্ভও অসাড় হয়েছিল। 20 তবুও তিনি অবিশ্বাস করে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পর্কে দ্বিধাগ্রস্ত হলেন না, কিন্তু তাঁর বিশ্বাসে বলীয়ান হয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করলেন। 21 তিনি পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সফল করার ক্ষমতা তাঁর আছে। 22 এই কারণেই “এটি তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল।”
অব্রাহামের বিশ্বাসের কথা আমাদের জন্য লিপিবদ্ধ
বিশ্বাসের মাধ্যমে অব্রাহাম যে ঈশ্বরের কাছে গৃহীত হয়েছিলেন, তা আমাদের জন্যই লিপিবদ্ধ করা হয়েছিল। এটি আমাদের দেখায় যে ঈশ্বরের কাছে পরিত্রাণ লাভের একমাত্র উপায় হল তাঁর পুত্রের প্রতি বিশ্বাস, যিনি আমাদের পাপের জন্য দুঃখভোগ করেছেন এবং ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন, অর্থাৎ ধার্মিক গণিত হওয়ার নিশ্চয়তাস্বরূপ পুনরুত্থিত হয়েছেন।
23 “তাঁর পক্ষে গণ্য হয়েছিল,” এই কথাগুলি কেবলমাত্র তাঁরই জন্য লেখা হয়নি, 24 কিন্তু আমাদের জন্য, যারা তাঁকে বিশ্বাস করি, যিনি আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন। 25 আমাদের পাপের জন্য তাঁকে মৃত্যুর কাছে সমর্পণ করা হয়েছিল এবং আমাদের নির্দোষ গণ্য করার জন্য তাঁকে জীবনে উত্থাপিত করা হয়েছে।
ধার্মিক গণিত হওয়ার ফলে প্রাপ্ত আশীর্বাদসমূহ
এরপর পৌল বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিত হওয়ার ফলে প্রাপ্ত মহান আশীর্বাদ ও বিশেষ অধিকারগুলি একে একে উল্লেখ করেন। অইহুদি জাতিদের দেওয়া পবিত্র আত্মা তাদের প্রতি ঈশ্বরের প্রেম প্রকাশ করেন; তারা তখনও পৌত্তলিক থাকা অবস্থায় খ্রীষ্ট তাদের জন্য মৃত্যুবরণ করে সেই প্রেমের প্রমাণ দিয়েছেন। তাই অব্রাহামের রক্তসম্পর্কীয় বংশধরদের মতো অইহুদি জাতিদেরও খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের একই আশা এবং ঈশ্বরে আনন্দ করার একই ভিত্তি রয়েছে, কারণ একই প্রায়শ্চিত্তের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে তাদের মিলন হয়েছে।
1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।
6 তাহলে বলা যায়, আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। 7 কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে; 8 কিন্তু ঈশ্বর এভাবে তাঁর প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন: আমরা যখন পাপী ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন।
9 এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব! 10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব! 11 কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।
আদমের মাধ্যমে আদিপাপ, খ্রীষ্টের মাধ্যমে জীবন
পৌল এখন আদিপাপের মতবাদ উপস্থাপন করেন। তিনি দেখান যে একজন মানুষের অপরাধের মাধ্যমে জগতে পাপ প্রবেশ করেছিল এবং সব মানুষের উপর মৃত্যুদণ্ড বর্তেছিল, কারণ পরবর্তীকালে সকলেই পাপপূর্ণ স্বভাব নিয়ে জন্মেছিল। মোশির বিধান পরিচিত হওয়ার আগেই আমাদের স্বভাবের কলুষতার মাধ্যমে মৃত্যু রাজত্ব করেছিল। মানবজাতির পূর্বপ্রতিমূর্তি ও পার্থিব প্রধান আদম পাপ সঞ্চার করেছিলেন। সেই পূর্বপ্রতিমূর্তির পূর্ণতা ও আত্মিক প্রধান খ্রীষ্ট সকলকে জীবন দান করেছেন ও ধার্মিক গণিত করেছেন। আদমের অবাধ্যতার প্রভাবের চেয়ে খ্রীষ্টের বাধ্যতার প্রভাব আরও মহান। একটি অপরাধের মাধ্যমে আদম জগতে অধর্ম ও মৃত্যু নিয়ে এসেছিলেন। খ্রীষ্ট তাঁর বাধ্যতার মাধ্যমে পাপের অমঙ্গল দূর করেছেন এবং বিশ্বাসের ধার্মিকতার মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য জীবন ও মানুষের অপরাধের ক্ষমার বিনামূল্যের দান পুনরুদ্ধার করেছেন—আদিপাপ ও নিজে করা পাপ, উভয়ের জন্যই। পাপের দোষ সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য বিধান এসেছিল। বিধানের দণ্ডাজ্ঞা থেকে আমাদের উদ্ধার করতে ঈশ্বরের অনুগ্রহ ও দান উপচে পড়ে। পাপ যেমন সমগ্র মানবজাতিকে আত্মিক ও পার্থিব মৃত্যুর অধীন করে সকলের উপর রাজত্ব করেছে, তেমনি ঈশ্বরের অনুগ্রহও রাজত্ব করবে এবং এমন পবিত্রতা উৎপন্ন করবে যা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়।
12 সুতরাং, যেমন একজন মানুষের মাধ্যমে পাপ ও পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছিল এবং এভাবে সব মানুষের কাছে মৃত্যু উপস্থিত হল কারণ সকলেই পাপ করেছিল।
13 বিধান প্রবর্তিত হবার আগেও জগতে পাপ ছিল। কিন্তু বিধান না থাকায় পাপ গণ্য করা হয়নি। 14 তবুও, আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যু কর্তৃত্ব করেছিল, এমনকি তাদের উপরেও করেছিল যারা বিধান অমান্য করে কোনো পাপ করেনি, যেমন সেই আদম করেছিলেন, যিনি ছিলেন ভবিষ্যতে আগত ব্যক্তির প্রতিরূপ।
15 কিন্তু অনুগ্রহ-দান অপরাধের মতো নয়। কারণ একজন ব্যক্তির অপরাধে যখন অনেকের মৃত্যু হল, তখন ঈশ্বরের অনুগ্রহ ও সেই অপর ব্যক্তি অর্থাৎ যীশু খ্রীষ্টের দ্বারা আগত অনুগ্রহ-দান, অনেকের উপরে কত বেশি না উপচে পড়ল! 16 আবার, ঈশ্বরের অনুগ্রহ-দান একজন ব্যক্তির পাপের পরিণামের মতো নয়: একটিমাত্র পাপের পরিণামে হয়েছিল বিচার ও তা এনেছিল শাস্তি; কিন্তু অনেক অপরাধের পরে এসেছিল অনুগ্রহ-দান, যা নিয়ে এসেছিল নির্দোষিকরণ। 17 কারণ যদি একজন ব্যক্তির অপরাধের কারণে মৃত্যু সেই ব্যক্তির মাধ্যমে কর্তৃত্ব করল, তাহলে যারা যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্য ও ধার্মিকতার অনুগ্রহ-দান লাভ করে, তারা আরও কত না নিশ্চিতরূপে জীবনের উপরে কর্তৃত্ব করবে!
18 সুতরাং, একটি পাপের পরিণামে যেমন সব মানুষের উপর শাস্তি নেমে এসেছিল, তেমনই ধার্মিকতার একটিমাত্র কাজের পরিণামে এল নির্দোষিকরণ, যা সব মানুষের কাছে জীবন নিয়ে আসে। 19 কারণ একজন মানুষের অবাধ্যতার মাধ্যমে যেমন অনেকে পাপী বলে গণ্য হয়েছে, তেমনই সেই একজন ব্যক্তির বাধ্যতার ফলে বহু মানুষকে ধার্মিক বলে গণ্য করা হবে।
20 বিধান দেওয়া হল যেন অপরাধ বৃদ্ধি পায়। কিন্তু যেখানে পাপের বৃদ্ধি হল, অনুগ্রহ আরও বেশি বৃদ্ধি পেল, 21 যেন পাপ যেমন মৃত্যু দ্বারা কর্তৃত্ব করছে, তেমনই অনুগ্রহ যেন ধার্মিকতার দ্বারা কর্তৃত্ব করে ও আমাদের প্রভু, যীশু খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবন নিয়ে আসে।