করিন্থের মানুষেরাই পৌলের চিঠি
পৌল ব্যঙ্গ করে প্রশ্ন করেন, ভ্রান্ত শিক্ষকের মতো তাঁকেও কি সুপারিশপত্র নিয়ে তাদের কাছে আসতে হবে? তিনি ঘোষণা করেন, তারাই তাঁর সুপারিশপত্র, যা কালি দিয়ে নয়, জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা; আর তাই নতুন নিয়মের পরিচর্যায় ঈশ্বর তাঁর হাতে যে কর্তৃত্ব অর্পণ করেছিলেন, তার প্রমাণ ছিল তারাই।
58 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমরা কি আবার নিজেদের প্রশংসা করা শুরু করেছি? কিংবা, কিছু মানুষের মতো, তোমাদের কাছে আমাদেরও সুপারিশ-পত্রের প্রয়োজন বা তোমাদের কাছ থেকে তা নিতে হবে? 2 তোমরাই তো আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যা প্রত্যেকেই জানে ও পড়ে। 3 তোমরা দেখাও যে, আমাদের পরিচর্যার ফলস্বরূপ তোমরা খ্রীষ্টের কাছ থেকে লিখিত পত্র, যা কালি দিয়ে নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে, পাথরের ফলকে নয়, কিন্তু মানুষের হৃদয়-ফলকে লেখা হয়েছ।
4 ঈশ্বরের প্রতি এ ধরনের বিশ্বাসই খ্রীষ্টের মাধ্যমে আমাদের আছে। 5 এরকম নয় যে, নিজেদের যোগ্যতায় আমরা কিছু করতে পারি বলে দাবি করি। আমাদের যোগ্যতা ঈশ্বর থেকেই আসে। 6 তিনিই আমাদের এক নতুন নিয়মের পরিচারকরূপে যোগ্য করে তুলেছেন—যা অক্ষরে নয়, কিন্তু আত্মায় লিখিত হয়েছে, কারণ অক্ষর মৃত্যুতে শেষ হয়, কিন্তু পবিত্র আত্মা জীবন প্রদান করেন।
সুসমাচারের আরও মহান মহিমা
ভ্রান্ত শিক্ষকের বিরুদ্ধে পৌল সুসমাচারের মহিমান্বিত শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। মোশির ক্ষণস্থায়ী বাহ্যিক মহিমা ঢেকে রাখা আবরণটি ছিল মৃত্যুর নিয়মের অস্পষ্টতা ও রূপক প্রকৃতির প্রতীক। পবিত্র আত্মার স্থায়ী দান ও প্রেরণায় নিহিত চিরস্থায়ী ও বৃহত্তর মহিমার দ্বারা আত্মার নিয়মের পরিচারকেরা ধার্মিকতার আরও মহিমান্বিত নিয়ম উন্মোচন, ব্যাখ্যা ও সর্বত্র প্রচার করতে সক্ষম হয়েছিলেন।
7 যে পরিচর্যা মৃত্যু নিয়ে এসেছিল, যা পাথরের উপরে লিপিতে উৎকীর্ণ ছিল, তা যদি এমন মহিমার সঙ্গে উপস্থিত হয়েছিল যে, ইস্রায়েলীরা স্থিরদৃষ্টিতে মোশির মুখমণ্ডলের দিকে তাঁর মহিমার জন্য তাকাতে পারছিল না, যদিও সেই মহিমা ক্রমেই নিষ্প্রভ হচ্ছিল, 8 তাহলে আত্মার পরিচর্যা কি আরও বেশি মহিমাদীপ্ত হবে না? 9 যে পরিচর্যা মানুষকে অভিযুক্ত করে, তা যদি এমন মহিমাদীপ্ত হয়, তাহলে যে পরিচর্যা ধার্মিকতা নিয়ে আসে, তা আরও কত না বেশি মহিমাদীপ্ত হবে! 10 প্রকৃতপক্ষে, যা ছিল মহিমাময়, তা বর্তমানের বহুগুণে শ্রেষ্ঠতর মহিমার তুলনায় কোনো মহিমাই নয়। 11 আবার যা ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছিল, তা যদি মহিমার সঙ্গে উপস্থিত হয়েছিল, তাহলে যা স্থায়ী, তার মহিমা আরও কত না মহত্তর হবে!
12 সেই কারণে, আমাদের এরকম প্রত্যাশা আছে বলেই আমরা এরকম অতি সাহসী হয়েছি। 13 আমরা মোশির মতো নই; তিনি তাঁর মুখের উপরে আবরণ দিতেন যেন, যে মহিমার কিরণ ম্লান হয়ে আসছিল, ইস্রায়েল-সন্তানদের দৃষ্টি শেষ পর্যন্ত তা থেকে সরিয়ে রাখতে পারেন। 14 কিন্তু তাদের মনকে কঠিন করা হয়েছিল, কারণ পুরোনো নিয়মের পাঠে আজও পর্যন্ত সেই আবরণ থেকেই গেছে। তা অপসারিত করা হয়নি, কারণ কেবলমাত্র খ্রীষ্টেই তা অপসারিত করা যায়। 15 এমনকি, আজও অবধি যখন মোশির বিধান পাঠ করা হয়, একটি আবরণ তাদের অন্তরকে আবৃত করে রাখে। 16 কিন্তু যখনই কেউ প্রভুর প্রতি ফিরে আসে, সেই আবরণ অপসারিত করা হয়। 17 এখন প্রভুই সেই আত্মা, আর যেখানে প্রভুর আত্মা থাকেন সেখানেই স্বাধীনতা থাকে। 18 আর আমরা সকলে, যারা অনাবৃত মুখমণ্ডলে প্রভুর মহিমা দর্পণের মতো প্রতিফলিত করছি, আমরা তাঁরই প্রতিমূর্তিতে ক্রমশ বৃদ্ধি পাওয়া মহিমায় রূপান্তরিত হচ্ছি, যে মহিমা প্রভু, যিনি আত্মা, তাঁর কাছ থেকে আসে।
পৌল নিজেকে নয়, খ্রীষ্টকে প্রচার করেন
পৌল দেখান যে তাঁর উপর অর্পিত গৌরবময় পরিচর্যা তাঁকে আশা ও নিষ্ঠাপূর্ণ কর্মতৎপরতায় পূর্ণ করে। সুসমাচারের সত্যগুলি সম্পূর্ণভাবে তুলে ধরে তিনি নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চান। এই সত্যগুলি কেবল সেইসব সংসারমনা মানুষের কাছেই ঢাকা থাকতে পারে, যারা নিজেদের কামনা ও আবেগে অন্ধ হয়ে আছে। পৌল ঘোষণা করেন যে তিনি নিজের গৌরব চান না, কারণ ঈশ্বর তাঁর হৃদয় আলোকিত করেছেন, যেন তিনি যীশু খ্রীষ্টে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান ও গৌরব অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন।
1 এই কারণে, ঈশ্বরের করুণার মাধ্যমে আমাদের যেহেতু এই পরিচর্যা আছে, আমরা নিরুৎসাহ হই না। 2 বরং, আমরা গোপনীয় ও লজ্জাজনক পথগুলি ত্যাগ করেছি; আমরা ধূর্ততার আশ্রয় নিই না, কিংবা ঈশ্বরের বাক্যকে বিকৃতও করি না। এর বিপরীতে, সহজসরলভাবে সত্যকে প্রকাশ করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষের বিবেকের কাছে নিজেদের যোগ্য করে তুলি। 3 আবার, আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তাহলে যারা ধ্বংস হচ্ছে, তা তাদের কাছেই আবৃত থাকে। 4 এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যেন তারা খ্রীষ্টের মহিমার যে সুসমাচার তার আলো দেখতে না পায়। সেই খ্রীষ্টই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। 5 কারণ আমরা নিজেদের বিষয়ে প্রচার করি না, কিন্তু যীশু খ্রীষ্টকে প্রভুরূপে করি এবং যীশুর কারণে নিজেদের পরিচয় দিই তোমাদের দাসরূপে। 6 কারণ যে ঈশ্বর বলেছিলেন, “অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক,” তিনি তাঁর জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন, যেন খ্রীষ্টের মুখমণ্ডলে বিরাজিত ঈশ্বরের যে মহিমা, তার জ্ঞানের আলো আমাদের প্রদান করেন।
প্রেরিতেরা যেন মাটির পাত্র
সুসমাচারের পরিচারকদের মাটির পাত্রের সঙ্গে তুলনা করে পৌল ঘোষণা করেন যে ঈশ্বর অশিক্ষিত ও নগণ্য মানুষদের তাঁর প্রেরিতরূপে বেছে নিয়েছেন, যেন বোঝা যায় যে যে অসাধারণ শক্তিতে তাঁর ধর্ম বিস্তার লাভ করেছে, তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, মানুষের কাছ থেকে নয়। তাঁরা যেসব কষ্টের সম্মুখীন হয়েছেন, তিনি সেগুলির তালিকা দেন, এই প্রমাণ হিসেবে যে সেগুলি থেকে তাঁদের উদ্ধার নিজেদের শক্তিতে নয়, বরং ঈশ্বরের কাছ থেকে এসেছে।
7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে ধারণ করছি, যেন এরকম প্রত্যক্ষ হয় যে সর্বগুণে উৎকৃষ্টতর এই পরাক্রম আমাদের থেকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে। 8 আমরা চতুর্দিক থেকেই প্রবলরূপে নিষ্পেষিত হচ্ছি, কিন্তু চূর্ণ হচ্ছি না; হতবুদ্ধি হচ্ছি, কিন্তু নিরাশ হচ্ছি না; 9 নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হচ্ছি না; আঘাতে ধরাশায়ী হচ্ছি, কিন্তু বিধ্বস্ত হচ্ছি না। 10 আমরা সবসময়ই, আমাদের শরীরে যীশুর মৃত্যুকে বহন করে চলেছি, যেন আমাদের শরীরে যীশুর জীবনও প্রকাশ পায়। 11 কারণ আমরা যারা জীবিত আছি, তাদের সবসময়ই যীশুর কারণে মৃত্যুর কাছে সমর্পণ করা হচ্ছে, যেন আমাদের এই মানবিক দেহে তাঁর জীবনও প্রকাশিত হতে পারে। 12 তাহলে এখন, মৃত্যু আমাদের শরীরে সক্রিয় ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে জীবন সক্রিয় আছে।
বিশ্বাস ও আশা পৌলকে সব বাধা পার করে
পৌল দেখান যে খ্রীষ্টে বিশ্বাস এবং গৌরবময় অমরত্বের আশার মাধ্যমে তিনি তাঁর খ্রীষ্টিয়ান পরিচর্যার সমস্ত কষ্ট ও বিপদ জয় করতে পারেন। তিনি তাঁদের বলেন যে তাঁদের জন্যই তিনি এসব কষ্ট সহ্য করেছেন, যেন তাঁরা তাঁর আন্তরিকতায় নিশ্চিত হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন। তিনি তাঁর এই দৃঢ় বিশ্বাস ঘোষণা করেন যে সুসমাচারের জন্য তাঁর কষ্টভোগ তাঁকে স্বর্গে তার উপযুক্ত পুরস্কার এনে দেবে। এই কারণে তিনি এই জগতের ক্ষণস্থায়ী সুযোগসুবিধা নয়, বরং অদৃশ্য জগতের চিরস্থায়ী গৌরবের প্রত্যাশা করেন।
13 বিশ্বাসের সেই একই আত্মা আমাদের আছে বলে, যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি, তাই কথা বলেছি,” সেই অনুযায়ী আমরাও বিশ্বাস করি ও সেই কারণে কথা বলি। 14 কারণ আমরা জানি যে, যিনি প্রভু যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তিনি যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং তোমাদের সঙ্গে আমাদেরও তাঁর সান্নিধ্যে উপস্থিত করবেন। 15 এসবই তোমাদের কল্যাণের জন্য, যেন যে অনুগ্রহ আরও বেশি সংখ্যক মানুষের কাছে উপস্থিত হচ্ছে, তা ঈশ্বরের মহিমার উদ্দেশে উপচে পড়া ধন্যবাদ জ্ঞাপনের কারণ হয়।
16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।
আগামী স্বর্গীয় আবাস
আমাদের স্বর্গীয় আবাস বর্তমানে আমরা যে আবাসে বাস করছি তার চেয়ে কত উৎকৃষ্ট হবে, তা দেখিয়ে পৌল তাঁর যুক্তি এগিয়ে নিয়ে যান। তিনি দৃঢ়ভাবে বলেন যে ঈশ্বর এই অমর অবস্থার জন্য আমাদের প্রস্তুত করেন এবং তার নিশ্চয়তা হিসেবে আমাদের তাঁর আত্মা দেন। এটি তাঁকে প্রচারে সাহস দেয় এবং এই দেহ ছেড়ে প্রভুর কাছে উপস্থিত হতে ইচ্ছুক করে। কিন্তু জীবিত থাকুন বা মৃত্যুবরণ করুন, তাঁর লক্ষ্য ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়া, যাঁর কাছে সকলকেই হিসাব দিতে হবে।
1 এখন আমরা জানি যে, যদি এই পার্থিব তাঁবু, যার মধ্যে আমরা বসবাস করি, তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আছে এক ঈশ্বরের দেওয়া গৃহ, স্বর্গে এক চিরন্তন আবাস, যা মানুষের হাতে তৈরি নয়। 2 এই সময়কালে আমরা আর্তনাদ করছি, আমাদের স্বর্গীয় আবাস পরিহিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছি, 3 কারণ যখন আমরা পোশাক পরিহিত হব, আমাদের বস্ত্রহীন দেখা যাবে না। 4 কারণ আমরা যতক্ষণ এই তাঁবুর মধ্যে আছি, আমরা আর্তনাদ করি ও ভারগ্রস্ত হই, কারণ আমরা পোশাকহীন হতে চাই না, কিন্তু আমাদের স্বর্গীয় আবাসের দ্বারা আবৃত হতে চাই, যেন যা কিছু নশ্বর, তা জীবনের দ্বারা কবলিত হয়। 5 এখন ঈশ্বর আমাদের এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন এবং আগামী সময়ে যা সন্নিকট, তার নিশ্চয়তাস্বরূপ পবিত্র আত্মাকে আমাদের অগ্রিম দান করেছেন।
6 অতএব, আমরা সবসময়ই সুনিশ্চিত এবং জানি যে, যতক্ষণ আমরা এই শরীরে অবস্থান করছি, আমরা প্রভু থেকে দূরে আছি। 7 আমরা বিশ্বাস দ্বারা জীবনযাপন করি, দৃশ্য বস্তুর দ্বারা নয়। 8 আমরা সুনিশ্চিত, তাই আমি বলি, আমরা বেশি করে চাইব, শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি। 9 তাই আমরা এই শরীরে বাস করি বা এর থেকে দূরে থাকি, আমাদের লক্ষ্য হল তাঁকে সন্তুষ্ট করা। 10 কারণ আমরা সকলে খ্রীষ্টের বিচারাসনের সামনে অবশ্যই উপস্থিত হব, যেন প্রত্যেকেই শরীরে বসবাস করার কালে, সৎ বা অসৎ, যে কাজই করেছে, তার প্রাপ্য ফল পায়।