পৌল গ্রীসের দিকে এগিয়ে যান

পৌল ম্যাসিডোনিয়া থেকে গ্রীস অর্থাৎ আখায়ায় যান এবং সেখানে তিন মাস থাকেন।

57 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রেরিত 20:2–3

2 সেই অঞ্চল অতিক্রম করার সময় তিনি লোকদের উৎসাহ দেওয়ার অনেক কথাবার্তা বলে শেষে গ্রীসে উপস্থিত হলেন। 3 সেখানে তিনি তিন মাস থাকলেন। তিনি জলপথে সিরিয়া যাওয়ার আগে ইহুদিরা তাঁর বিরুদ্ধে এক ষড়যন্ত্র রচনা করায়, তিনি ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

পৌল করিন্থের মানুষদের আবার চিঠি লেখেন 58 খ্রিস্টাব্দ

করিন্থের মানুষেরা তাঁর প্রথম চিঠি কীভাবে গ্রহণ করেছে তা শুনে পৌল ফিলিপী থেকে তাঁর দ্বিতীয় চিঠি লেখেন, প্রেরিত হিসেবে নিজের আচরণের যথার্থতা প্রতিষ্ঠা করতে এবং নিজের কর্তৃত্বের পক্ষে সমর্থন জানাতে; এক ভ্রান্ত শিক্ষক এই দুটিকেই প্রশ্নবিদ্ধ করেছিল।

পৌল করিন্থের মানুষদের আবার শুভেচ্ছা জানান

পৌলের ভূমিকা ও আশীর্বাদ।

2 করিন্থীয় 1:1–2

1 পৌল, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রীষ্ট যীশুর একজন প্রেরিতশিষ্য এবং আমাদের ভাই তিমথি,

করিন্থে অবস্থিত ঈশ্বরের মণ্ডলী এবং সমস্ত আখায়া প্রদেশের যত পবিত্রগণ আছেন, তাদের সবার প্রতি:

2 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।

ঈশ্বরের সান্ত্বনার জন্য পৌল তাঁর স্তুতি করেন

তাঁর সমস্ত দুঃখকষ্ট ও বিপদে তাঁকে ধরে রাখার এবং উদ্ধার করার জন্য পৌল ঈশ্বরের স্তুতি করেন, কারণ তাঁর দৃষ্টান্তের মাধ্যমে অন্যেরাও একই ধরনের দুঃখভোগে সেই একই সান্ত্বনা পেতে পারে।

2 করিন্থীয় 1:3–7

3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে। 7 আর তোমাদের জন্য আমাদের প্রত্যাশা অবিচল, কারণ আমরা জানি যে, যেমন তোমরা আমাদের কষ্টভোগের অংশীদার হও, তেমনই তোমরা আমাদের সান্ত্বনারও সহভাগী হয়ে থাকো।

ঈশ্বর ইফিষে পৌলকে উদ্ধার করেন

পৌল জানান, ইফিষে তিনি যে আসন্ন বিপদের মুখোমুখি হয়েছিলেন, তা থেকে ঈশ্বরের শক্তি কীভাবে তাঁকে উদ্ধার করেছিল। তাঁর জন্য তাদের প্রার্থনার কথা তিনি স্বীকার করেন।

2 করিন্থীয় 1:8–11

8 ভাইবোনেরা, আমি চাই না, এশিয়া প্রদেশে যে দুর্দশা আমরা ভোগ করেছিলাম, তা তোমাদের অজানা থাকে। আমাদের সহ্যশক্তির থেকেও বহুগুণে বেশি আমরা নিদারুণ চাপের মধ্যে ছিলাম, যার ফলে আমরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম। 9 প্রকৃতপক্ষে, আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম। কিন্তু এরকম ঘটল, যেন আমরা নিজের উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন। 10 তিনিই আমাদের এরকম মৃত্যুজনক সংকট থেকে উদ্ধার করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করবেন। তাঁরই উপর আমরা আশা রেখেছি যে, তিনি আমাদের পুনরায় উদ্ধার করবেন, 11 যেমন তোমরা তোমাদের প্রার্থনা দ্বারা আমাদের সাহায্য করে থাকো। এরপর অনেকের প্রার্থনার উত্তরে আমরা যে মহা-অনুগ্রহ লাভ করেছি, সেই কারণে, অনেকেই আমাদের পক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবে।

করিন্থের মানুষদের প্রতি পৌলের আন্তরিকতা

ভ্রান্ত শিক্ষকের অপবাদের প্রতি ইঙ্গিত করে পৌল করিন্থের মানুষদের প্রতি নিজের আন্তরিকতা ও আচরণের শুদ্ধতায় আনন্দ প্রকাশ করেন; তিনি ঘোষণা করেন যে, তাঁর আচরণ সমস্ত স্বার্থপর বা আত্মস্বার্থসাধক উদ্দেশ্য থেকে মুক্ত ছিল। তিনি বিশ্বাস করেন, কেউ কেউ ইতিমধ্যেই যেমন করেছে, তেমনি সকলে তাঁকে স্বীকার করবে এবং তাঁকে নিয়ে গর্ব করবে, কারণ প্রভুর দিনে তারাই হবে তাঁর আনন্দের কারণ।

2 করিন্থীয় 1:12–14

12 এখন আমাদের গর্ব এই: আমাদের বিবেক সাক্ষ্য দেয় যে, আমরা ঈশ্বরের দেওয়া পবিত্রতায় এবং সরলতায় জগতের মধ্যে আচরণ করেছি, বিশেষত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। এইসব গুণ ঈশ্বর থেকে লব্ধ। আমরা জাগতিক প্রজ্ঞা অনুসারে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারা এরকম করেছি। 13 আমরা শুধু তাই লিখছি, যা তোমরা পড়তে ও বুঝতে পারবে। আমি এই আশাতেই আছি। 14 এখন পর্যন্ত তোমরা আমাদের আংশিকরূপে বুঝতে পেরেছ, যেন প্রভু যীশুর দিনে তোমরা আমাদের জন্য গর্ব করতে পারো, যেমন আমরা তোমাদের জন্য গর্ব করব।

পৌল কেন তাঁর সফর পিছিয়ে দিয়েছিলেন

করিন্থের মানুষদের কাছে যাওয়ার প্রতিশ্রুতি পূরণ না করায় ভ্রান্ত শিক্ষক পৌলকে সিদ্ধান্তহীনতা ও জাগতিকতার দোষে অভিযুক্ত করেছিল। পৌল তাঁর শেখানো অপরিবর্তনীয় মতবাদের মধ্যে নিজের অবিচলতা দেখান এবং পবিত্র আত্মার অভিষেকের দোহাই দেন, যার মাধ্যমে ঈশ্বর তাদের মধ্যে তাঁর কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি গম্ভীরভাবে ঘোষণা করেন যে, তাদের রেহাই দেওয়ার ইচ্ছাই ছিল তাঁর সফর বিলম্বিত করার প্রকৃত কারণ। তিনি তাদের আশ্বস্ত করেন যে, তাদের শাস্তি দিতে আসার পরিবর্তে তিনি গভীরতম মনোবেদনায় চিঠি লিখেছিলেন, যাতে তাদের অনুতাপে আনন্দ পেতে পারেন এবং তাঁর ভালোবাসা কত মহান তা তাদের উপলব্ধি করাতে পারেন।

2 করিন্থীয় 1:15–2:4

15 আমি যেহেতু এ বিষয়ে নিশ্চিত ছিলাম, যাত্রার শুরুতে আমি প্রথমে তোমাদের কাছে যাব, যেন তোমরা দু-বার উপকৃত হতে পারো। 16 আমি ম্যাসিডোনিয়া যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম এবং চেয়েছিলাম সেখান থেকে তোমাদের কাছে ফিরে আসতে, তারপর তোমরা যেন আমাকে যিহূদিয়ার পথে পাঠিয়ে দাও। 17 এই পরিকল্পনা করার সময় আমি কি তা লঘুভাবে করেছিলাম? নাকি আমি আমার পরিকল্পনাগুলি জাগতিক উপায়ে করি যে, একইসঙ্গে আমি “হ্যাঁ, হ্যাঁ” ও “না, না” বলি?

18 কিন্তু ঈশ্বর যেমন নিশ্চিতরূপে বিশ্বস্ত, তোমাদের কাছে আমাদের বার্তা তেমনই “হ্যাঁ” বা “না” নয়। 19 কারণ ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্ট, যাঁকে আমি, সীল ও তিমথি তোমাদের কাছে প্রচার করেছিলাম, তিনি “হ্যাঁ” ও “না” মেশানো ছিলেন না, কিন্তু তাঁর মধ্যে সবসময়ই “ইতিবাচক” ব্যাপার ছিল। 20 কারণ ঈশ্বর যত প্রতিশ্রুতিই দিয়েছেন, সেগুলি খ্রীষ্টের মধ্যে “ইতিবাচক” হয়েছে। আর তাই, তাঁরই মাধ্যমে ঈশ্বরের মহিমার উদ্দেশে আমরা “আমেন” বলি। 21 এখন ঈশ্বর তোমাদের সঙ্গে আমাদের, উভয়কেই খ্রীষ্টে দৃঢ়প্রতিষ্ঠ করেছেন। তিনি আমাদের অভিষিক্ত করেছেন, 22 আমাদের উপরে তাঁর অধিকারের সিলমোহর দিয়েছেন এবং সন্নিকট সব বিষয়ের নিশ্চয়তাস্বরূপ তাঁর আত্মাকে আমাদের হৃদয়ে অগ্রিম দানস্বরূপ স্থাপন করেছেন।

23 আমি আমার প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি যে, তোমাদেরকে কঠোর তিরস্কার থেকে বাঁচানোর জন্যই আমি করিন্থে ফিরে যাইনি। 24 তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করতে চেয়েছি বলে নয়, কিন্তু তোমাদের আনন্দের জন্য আমরা তোমাদের সহকর্মী হয়েছি, কারণ বিশ্বাস সম্পর্কে বলতে গেলে, তোমরা তার উপরে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত আছ।

2:1 তাই আমি আমার মনে স্থির করেছিলাম যে, পুনরায় তোমাদের দুঃখ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে যাব না। 2 কারণ, আমি যদি তোমাদের দুঃখ দিই, তাহলে যাদের দুঃখ দিয়েছি, সেই তোমরা ছাড়া আমাকে আনন্দিত জন্য আর কে থাকবে? 3 পত্র লেখার সময় আমি এরকমই লিখেছিলাম যে, আমি যখন আসব, তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা, তাদের কাছ থেকে যেন দুঃখ না পাই। তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে, তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে। 4 আমি নিদারুণ কষ্ট ও মর্মযন্ত্রণায় ও অনেক চোখের জলের সঙ্গে তোমাদের লিখেছিলাম, তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাবার জন্য।

অপরাধীকে ক্ষমা করে ফিরিয়ে নাও

যে মণ্ডলীচ্যুত ব্যক্তির জন্য তারা দুঃখ করেছে, সে এখন আন্তরিকভাবে অনুতপ্ত হওয়ায় পৌল তাদের আদেশ দেন যেন তারা তাকে ফিরিয়ে নেয় এবং দয়ালু ও বন্ধুত্বপূর্ণ আচরণের দ্বারা তার প্রতি ভালোবাসা দেখায়, যাতে শয়তান তাকে হতাশার দিকে ঠেলে না দেয়। শাস্তি আরোপের সময় তারা যেমন তাঁর কথা মেনেছিল, তেমনি শাস্তি তুলে নেওয়ার ক্ষেত্রেও তারা তাঁর কথা মানবে বলে পৌল প্রত্যাশা করেন। তিনি ঘোষণা করেন যে, উভয় ক্ষেত্রেই তিনি খ্রীষ্টের নামে ও কর্তৃত্বে কাজ করেছেন।

2 করিন্থীয় 2:5–11

5 কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে, সে আমাকে তেমন দুঃখ দেয়নি, যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছে—কোনও অতিশয়োক্তি না করেই আমি একথা বলছি। 6 অধিকাংশ লোকই তাকে যে শাস্তি দিয়েছে, তাই তার পক্ষে যথেষ্ট। 7 বরং, এখন তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া, যেন সে দুঃখের আতিশয্যে ভেঙে না পড়ে। 8 তাই, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা পুনরায় তার প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শন করো। 9 তোমাদের কাছে আমার লেখার কারণ এই যে, আমি দেখতে চেয়েছিলাম, তোমরা সেই পরীক্ষা সহ্য করতে ও সর্ববিষয়ে অনুগত থাকতে পারো কি না। 10 তোমরা যদি কাউকে ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর আমি যা ক্ষমা করেছি—যদি ক্ষমা করার মতো কিছু ছিল—আমি তোমাদেরই কারণে খ্রীষ্টের সাক্ষাতে তাকে ক্ষমা করেছি, 11 যেন শয়তান ধূর্ততায় আমাদের পরাস্ত করতে না পারে, কারণ তার কৌশল আমাদের অজানা নয়।

তীতকে নিয়ে পৌলের উদ্বেগ

নির্ধারিত সময়ে করিন্থে না আসার আরেকটি কারণ হিসেবে পৌল তীতকে নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান। তিনি ম্যাসিডোনিয়ায় তাঁর সাফল্যের কথা বলেন এবং তাঁর প্রচারের মহান ফল ঘোষণা করেন—যারা সুসমাচার গ্রহণ করে ও যারা তা প্রত্যাখ্যান করে, উভয়ের ক্ষেত্রেই। ভ্রান্ত শিক্ষক সম্পর্কে একটি তীক্ষ্ণ মন্তব্য এবং নিজের আন্তরিকতা ও নিঃস্বার্থতার ঘোষণা দিয়ে তিনি শেষ করেন।

2 করিন্থীয় 2:12–17

12 এখন খ্রীষ্টের সুসমাচার প্রচারের জন্য যখন আমি ত্রোয়াতে গেলাম, দেখলাম প্রভু আমার জন্য এক দুয়ার খুলে দিয়েছেন। 13 তবুও আমার মনে শান্তি ছিল না, কারণ সেখানে আমি আমার ভাই তীতের সন্ধান পাইনি। তাই তাদের বিদায় জানিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।

14 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি সর্বদা আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয়যাত্রা করেন এবং আমাদের মাধ্যমে সর্বত্র তাঁর সম্পর্কীয় জ্ঞানের সৌরভ ছড়িয়ে দেন। 15 কারণ যারা পরিত্রাণ পাচ্ছে এবং যারা ধ্বংস হচ্ছে, উভয়েরই কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রীষ্টের সৌরভস্বরূপ। 16 এক পক্ষের কাছে আমরা মৃত্যুর ভীতিপ্রদ গন্ধস্বরূপ, অপর পক্ষের কাছে জীবনের সুগন্ধস্বরূপ। আর এ ধরনের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে? 17 অনেকের মতো, আমরা লাভের জন্য ঈশ্বরের বাক্য ফেরি করে বেড়াই না। এর পরিবর্তে, ঈশ্বরের দ্বারা প্রেরিত মানুষদের মতো আমরা সরলতার সঙ্গে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টেই কথা বলি।