প্রবীণ ও বিধবাদের প্রতি তিমথির আচরণ
তিমথির শিক্ষা যেন আরও সফল হয়, সেজন্য তাঁকে আরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রবীণদের প্রতি, যুবক ও যুবতীদের প্রতি এবং মণ্ডলীর দানে প্রতিপালিত বিধবাদের প্রতি কেমন আচরণ করতে হবে, তা তাঁকে শেখানো হয়েছে। ষাট বছরের কম বয়সী কাউকে গ্রহণ করা চলবে না, পাছে কমবয়সী নারীদের গ্রহণ করে বিয়ে করতে নিষেধ করলে তারা খ্রীষ্টিয়ান ধর্ম ত্যাগ করে বা খ্রীষ্টিয়ান নামের অপমান ঘটায়।
57 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 কোনো প্রবীণ ব্যক্তিকে কঠোরভাবে তিরস্কার কোরো না, বরং তাঁকে তোমার বাবার মতো মনে করে বিনীতভাবে অনুরোধ করো। যুবকদের ছোটো ভাইয়ের মতো মনে করো। 2 প্রবীণাদের মায়ের মতো এবং তরুণীদের সঙ্গে সম্পূর্ণ শুদ্ধভাবে বোনের মতো আচরণ করো।
3 প্রকৃত দুস্থ বিধবাদের যথাযথ স্বীকৃতি দিয়ো। 4 কিন্তু কোনো বিধবার যদি সন্তানসন্ততি বা নাতি-নাতনি থাকে, তবে তাদের প্রথম দায়িত্ব হল নিজেদের বাড়িতে তাদের পরিবারের তত্ত্বাবধান করা এবং তাদের বাবা-মা ও দাদু-দিদার প্রতি ঋণ পরিশোধ করা। এভাবেই তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করবে এবং তা ঈশ্বরের চোখে সন্তোষজনক। 5 যে বিধবা প্রকৃতই নিঃস্ব ও একেবারেই নিঃসঙ্গ, সে ঈশ্বরের উপরেই প্রত্যাশা রাখে এবং দিনরাত প্রার্থনায় রত থেকে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে। 6 কিন্তু যে বিধবা শারীরিক কামনার বশে জীবনযাপন করে, সে জীবিত থেকেও মৃত। 7 তুমি তাদের এই শিক্ষা দাও, যেন কেউ তাদের নিন্দা করার সুযোগ না পায়। 8 কেউ যদি তার আত্মীয়স্বজনের, বিশেষত পরিবারের আপনজনদের ভরণ-পোষণ না করে, সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট প্রতিপন্ন হয়েছে।
9 তাঁরই নাম বিধবাদের তালিকাভুক্ত হবে, যাঁর বয়স ষাট বছরের বেশি এবং যিনি তাঁর স্বামীর প্রতি বিশ্বস্ত ছিলেন; 10 যিনি বিভিন্ন সৎকর্মের জন্য সুপরিচিত, যেমন সন্তানের লালনপালন, আতিথেয়তা, পবিত্রগণের পা ধুয়ে দেওয়া, বিপন্নদের সাহায্য করা এবং সর্বপ্রকার সৎকর্মে আত্মনিয়োগ করেছেন।
11 অল্পবয়স্ক বিধবাদের নাম এই ধরনের তালিকায় অন্তর্ভুক্ত কোরো না। কারণ খ্রীষ্টের প্রতি আত্মনিবেদনের চেয়ে, তাদের শারীরিক কামনাবাসনা যখন প্রবল হয়ে ওঠে, তখন তারা বিবাহ করতে চায়। 12 এভাবে তারা প্রথম প্রতিশ্রুতি ভেঙে নিজেদের অপরাধী করে তোলে আর নিজের উপরে শাস্তি ডেকে আনে। 13 এছাড়া তারা অলসতায় জীবনযাপন করতে এবং বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা যে শুধু অলসই হয়, তা নয়, তারা অনধিকারচর্চা এবং কুৎসা-রটনা করে যা বলা উচিত নয়, এমন কথা বলে বেড়ায়। 14 তাই অল্পবয়স্ক বিধবাদের প্রতি আমার উপদেশ: তারা বিবাহ করুক, সন্তানের জন্ম দিক, তাদের গৃহের দেখাশোনা করুক এবং মিথ্যা কলঙ্ক দেওয়ার কোনো সুযোগ যেন শত্রুকে না দেয়। 15 বাস্তবিক, কেউ কেউ ইতিমধ্যেই ভুল পথে গিয়ে শয়তানের অনুগামী হয়েছে।
16 বিশ্বাসী কোনো মহিলার পরিবারে যদি বিধবারা থাকে, তাহলে সে তাদের সাহায্য করুক, তাদের জন্য মণ্ডলীকে যেন দায়িত্বভার নিতে না হয়; সেক্ষেত্রে যে বিধবারা সত্যিসত্যিই দুস্থ, মণ্ডলী তাদের সাহায্য করতে পারবে।
প্রবীণদের সম্মান, তাঁদের অভিষেকে সতর্কতা
মণ্ডলীর প্রবীণ বা পালকদের প্রতি আচরণ সম্পর্কে তিমথিকে নির্দেশ দেওয়া হয়েছে। সৎ পরিচারকেরা দ্বিগুণ সম্মান ও পারিশ্রমিকের যোগ্য, আর মণ্ডলীকে তাঁদের জন্য উপযুক্ত সংস্থান করতে হবে। সম্পূর্ণ প্রমাণের ভিত্তিতেই কেবল প্রবীণদের তিরস্কার করতে হবে, আর তা প্রকাশ্যে করতে হবে, যেন অন্যেরা সতর্ক হয়। তিমথিকে গম্ভীরভাবে আদেশ দেওয়া হয়েছে যেন তিনি পরিচালনার কাজে কঠোরভাবে নিরপেক্ষ থাকেন এবং বিশ্বস্তভাবে চরিত্র পরীক্ষা করে অত্যন্ত যত্ন ও সতর্কতার সঙ্গে প্রবীণদের অভিষেক করেন, যাতে পরবর্তীকালের কোনো অপরাধ বা অসদাচরণের দায় থেকে তিনি মুক্ত থাকেন। প্রসঙ্গান্তরে পৌল তাঁকে তাঁর স্বাস্থ্য সম্বন্ধে পরামর্শ দেন।
17 যেসব প্রাচীন মণ্ডলীর কাজকর্ম ভালোভাবে পরিচালনা করেন, তাঁরা দ্বিগুণ সম্মানের যোগ্য, বিশেষ করে যাঁরা প্রচারক ও শিক্ষক। 18 কারণ শাস্ত্র বলে, “শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বেঁধো না” এবং “কর্মচারী তার বেতন পাওয়ার যোগ্য” 19 দুজন কি তিনজন সাক্ষীর সমর্থন ছাড়া কোনো প্রাচীনের বিরুদ্ধে নিয়ে আসা অভিযোগকে গ্রাহ্য কোরো না। 20 যারা পাপ করে, প্রকাশ্যে তাদের তিরস্কার করো, যেন অন্যেরা সতর্ক হতে পারে। 21 ঈশ্বর, খ্রীষ্ট যীশু এবং মনোনীত দূতদের সাক্ষাতে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এসব নির্দেশ নিরপেক্ষভাবে পালন করো, পক্ষপাতিত্বের বশে কোনো কিছুই কোরো না।
22 সত্বর কারও উপরে হাত রেখো না; অপরের পাপের ভাগী হোয়ো না; নিজেকে শুচিশুদ্ধ রেখো।
23 এখন থেকে শুধু জলপান কোরো না, তোমার পাকস্থলীর রোগ এবং বারবার অসুস্থতার জন্য একটু দ্রাক্ষারস পান কোরো।
24 কিছু লোকের পাপ স্পষ্ট ধরা পড়ে এবং তা বিচারের অপেক্ষা রাখে না, কিন্তু অন্যদের পাপ পরবর্তীকালে ধরা পড়ে। 25 একইভাবে, সৎ কর্মগুলি সুস্পষ্ট দেখা যায়, এমনকি, যদি নাও দেখা যায়, সেগুলি ঢেকে রাখা যায় না।
দাসদের কর্তব্য তাদের প্রভুদের সম্মান করা
খ্রীষ্টিয়ান ধর্ম যেহেতু সমাজের সম্পর্কগুলি পরিবর্তন করে না, তাই ভৃত্য ও দাসদের বলতে হবে যেন তারা তাদের পৌত্তলিক প্রভুদেরও যথাযথ সম্মান দেখায়। তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে যেন তারা তাদের খ্রীষ্টিয়ান প্রভুদের প্রতিও একই আনুগত্য দেখায় এবং খ্রীষ্টিয়ান হিসেবে তাদের ভ্রাতৃবন্ধনকে তাদের জ্ঞাত কর্তব্য পালনে বাধা হতে না দেয়।
1 যারা ক্রীতদাসত্বের জোয়ালে আবদ্ধ, তারা তাদের প্রভুকে সম্পূর্ণ শ্রদ্ধার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নাম এবং আমাদের শিক্ষার নিন্দা না হয়। 2 যাদের মনিবরা বিশ্বাসী, প্রভুতে ভাই হওয়ার কারণে সেই মনিবদের প্রতি তাদের যেন শ্রদ্ধার অভাব না দেখা যায়। বরং, আরও ভালোভাবে তারা তাঁদের সেবা করবে, কারণ যাঁরা তাদের সেবার দ্বারা উপকৃত হচ্ছে, তাঁরাও বিশ্বাসী এবং তাদের প্রিয়জন।
এই সমস্ত বিষয় তুমি তাদের শিক্ষা দাও এবং অনুনয় করো।
পৌল ইহুদি রীতিনীতি চাপিয়ে দেওয়া শিক্ষকদের নিন্দা করেন
ইহুদি রীতিনীতি চাপিয়ে দেওয়া শিক্ষকদের নিন্দা করা হয়েছে, যারা ভিন্ন মতবাদ পোষণ করে এবং মানুষকে তাদের নাগরিক কর্তব্য থেকে অব্যাহতি দেয়। কথার অর্থ নিয়ে বিতর্ক ও কলহ করার জন্য এবং ঈশ্বরের সম্মান ও তাঁর সত্যের প্রসারের চেয়ে নিজেদের পার্থিব লাভকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের তিরস্কার করা হয়েছে। জীবনের প্রত্যেক অবস্থায় সন্তুষ্ট থাকতে অনুরোধ করা হয়েছে, কারণ সমস্ত পার্থিব সম্পদই অসার। ধনসম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা এক বড় বিপদ।
3 কেউ যদি ভ্রান্ত ধর্মশিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অভ্রান্ত নির্দেশ ও ঐশ্বরিক শিক্ষার সঙ্গে একমত না হয়, 4 তাহলে সে গর্বে অন্ধ ও নির্বোধ। ঝগড়া ও তর্কবিতর্কের প্রতিই তার অকারণ আগ্রহ, ফলে সৃষ্টি হয় ঈর্ষা, বিবাদ, বিদ্বেষপূর্ণ কথাবার্তা, হীন সন্দেহ; 5 এবং কলুষিতমনা লোকদের মধ্যে সৃষ্টি হয় অবিরত দ্বন্দ্ব। তারা সত্যভ্রষ্ট হয়েছে এবং ভক্তিকে তারা অর্থলাভের উপায় বলে মনে করে।
6 প্রকৃতপক্ষে ভক্তি মহালাভজনক, যদি তার সঙ্গে থাকে পরিতৃপ্তি; 7 কারণ এ জগতে আমরা কিছুই আনিনি এবং এখান থেকে কিছু নিয়েও যেতে পারি না। 8 কিন্তু যদি আমাদের অন্নবস্ত্রের সংস্থান থাকে, তাহলে তাতেই আমরা সন্তুষ্ট থাকব। 9 যারা ধনী হতে চায়, তারা প্রলোভনে পড়ে। তারা বহু অবোধ ও ক্ষতিকর বাসনার ফাঁদে পড়ে, যা মানুষকে বিনাশ ও ধ্বংসের গর্তে ছুঁড়ে দেয়। 10 কারণ অর্থের প্রতি আসক্তি সকল প্রকার অনর্থের মূল। অর্থলোভী কিছু মানুষ বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে ও গভীর দুঃখে নিজেদের বিদ্ধ করেছে।
ঈশ্বরের সামনে তিমথিকে দৃঢ় থাকার আদেশ
ঈশ্বরের প্রেরণাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তিমথিকে এই মন্দ আচরণগুলি থেকে দূরে থাকতে এবং ঈশ্বরভক্তির অনুসরণ করতে বলা হয়েছে। ঈশ্বরের উপস্থিতিতে এবং বিচারের মহাদিনের কথা মনে রেখে পৌল তাঁকে আদেশ দেন যেন তিনি বিশ্বাসে অবিচল থাকেন, বিবেকনিষ্ঠভাবে নিজের দায়িত্ব পালন করেন এবং সমস্ত পার্থিব ও লোভপ্রসূত উদ্দেশ্য এড়িয়ে চলেন। পরবর্তীকালে প্রকাশিত হবে এমন খ্রীষ্টের মহামহিমা বর্ণনা করে পৌল শেষ করেন।
11 তুমি কিন্তু ঈশ্বরের লোক, এসব বিষয় থেকে পালিয়ে যাও এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য এবং মৃদুতার অনুসরণ করো। 12 তুমি বিশ্বাসের উত্তম যুদ্ধে সংগ্রাম করো। অনন্ত জীবনে প্রতিষ্ঠিত থাকো, কারণ এরই জন্য তোমাকে আহ্বান করা হয়েছে এবং বহু সাক্ষীর সামনে তোমার উত্তম প্রতিজ্ঞা স্বীকার করেছ। 13 যিনি সকলকে জীবন দান করেন, সেই ঈশ্বরের দৃষ্টিতে ও খ্রীষ্ট যীশুর দৃষ্টিতে, যিনি পন্তীয় পীলাতের দরবারে সাক্ষ্য দেওয়ার সময় উত্তম স্বীকারোক্তি করেছিলেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, 14 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের পূর্ব পর্যন্ত এই আজ্ঞা নিষ্কলঙ্ক ও অনিন্দনীয়রূপে পালন করো, 15 যা ঈশ্বর তাঁর উপযুক্ত সময়ে প্রদর্শন করবেন—যিনি পরমধন্য, একমাত্র সম্রাট, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, 16 একমাত্র অমর, অগম্য জ্যোতির মাঝে যাঁর অবস্থান, যাঁকে কেউ কখনও দেখেনি এবং দেখতেও পারে না—তাঁরই প্রতি হোক সমাদর এবং চিরস্থায়ী পরাক্রম। আমেন।
ধনীদের কর্তব্য সম্পদে নয়, ঈশ্বরে ভরসা রাখা
তিমথিকে আদেশ দেওয়া হয়েছে যেন তিনি ধনীদের সতর্ক করেন, যাতে তারা তাদের অনিশ্চিত সম্পদে নয়, বরং যিনি তা দেন সেই ঈশ্বরে ভরসা রাখে। তাদের সৎকাজে ধনী হতে অনুরোধ করা হয়েছে, যাতে তারা নিজেদের জন্য আরও স্থায়ী ও অনন্ত আশীর্বাদ সঞ্চয় করতে পারে।
17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন। 18 তাদের সৎকর্ম করতে আদেশ দাও, তারা যেন ভালো কাজে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, দানশীল হয় এবং নিজেদের সম্পদ অপরের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক হয়। 19 এভাবে তারা নিজেদের জন্য ধন সঞ্চয় করে তাদের ভবিষ্যতে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করবে এবং যা প্রকৃতই জীবন, সেই জীবন ধরে রাখতে পারবে।
বিশ্বাস ধরে রাখার জন্য পৌলের শেষ আদেশ
পৌল যেভাবে চিঠি শুরু করেছিলেন সেভাবেই শেষ করেন; তিনি আবার তিমথিকে খ্রীষ্টিয়ান মতবাদে দৃঢ় থাকতে এবং ভ্রান্ত শিক্ষকেরা এত জোর দিয়ে প্রচার করত এমন সমস্ত দার্শনিক ও নিরর্থক জল্পনাকল্পনা এড়িয়ে চলতে অনুরোধ করেন।
20 তিমথি, তোমার তত্ত্বাবধানে যা দেওয়া হয়েছে, তা সযত্নে রক্ষা করো। অসার বাক্যালাপ এবং বিরুদ্ধ মতবাদ থেকে দূরে থেকো, যা ভ্রান্তিরূপে “জ্ঞান” বলে অভিহিত। 21 কিছু মানুষ তা স্বীকার করেছে, এর ফলে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে।
অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।