পৌল উপাসনায় পুরুষ ও নারীদের নির্দেশ দেন

প্রার্থনার কর্তব্য আবার জোর দিয়ে বলা হয়েছে। পুরুষদের প্রকাশ্যে প্রার্থনা করার আদেশ দেওয়া হয়েছে; এই প্রার্থনা সমাজগৃহ বা জেরুশালেমের মন্দিরেই সীমাবদ্ধ থাকবে না; ভক্তিসহকারে নিবেদন করলে তা সব স্থানেই গ্রহণযোগ্য। খ্রীষ্টিয়ান নারীদের সৎকাজ করতে ও নীরব থাকতে অনুরোধ করা হয়েছে। তাদের পোশাক যেন তাদের পবিত্র বিশ্বাসের স্বীকারোক্তির উপযুক্ত হয়। নারীর নিজের অবাধ্যতার কারণে তাকে পুরুষের অধীন থাকতে হবে। বিশ্বাস ও পবিত্রতার শর্তে তার ওপর উচ্চারিত অভিশাপ লঘু হবে।

57 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 তিমথি 2:8–15

8 আমি চাই, সর্বত্র পুরুষেরা ক্রোধ এবং মতবিরোধ ত্যাগ করে তাদের পবিত্র দু-হাত তুলে প্রার্থনা করুক। 9 আমি এও চাই, নারীরা পরিশীলিত সাজসজ্জা করুক, শিষ্টাচার ও শালীনতা বজায় রাখুক। চুলের বাহার, সোনা ও মণিমুক্তা বা বহুমূল্য পোশাক দ্বারা নয়, 10 কিন্তু যে নারীরা নিজেদের ঈশ্বরের উপাসক বলে দাবি করে, তারা যোগ্য সৎকর্মের দ্বারা ভূষিত হোক।

11 নীরবে এবং সম্পূর্ণ বশ্যতার সঙ্গে নারীর শিক্ষাগ্রহণ করা উচিত। 12 শিক্ষা দেওয়ার বা পুরুষের উপর কর্তৃত্ব করার অনুমতি আমি নারীকে দিই না, সে নীরব হয়ে থাকবে। 13 কারণ, প্রথমে সৃষ্টি হয়েছিল আদমের, পরে হবার। 14 আর আদম প্রতারিত হননি, নারীই প্রতারিত হয়ে পাপী প্রতিপন্ন হলেন। 15 কিন্তু নারী যদি আত্মসংযমের সঙ্গে বিশ্বাস, প্রেম ও পবিত্রতা বজায় রাখে, তাহলে সন্তান-ধারণের মধ্য দিয়ে সে মুক্তি পাবে।

বিশপ ও পরিচারকদের যোগ্যতা

যিনি কয়েকটি মণ্ডলীর তত্ত্বাবধান করেন সেই বিশপের এবং যিনি একটি মণ্ডলীর দায়িত্বে থাকেন সেই পরিচারকের যোগ্যতা বর্ণনা করা হয়েছে।

1 তিমথি 3:1–7

1 এক বিশ্বাসযোগ্য উক্তি আছে: যদি কেউ অধ্যক্ষ হওয়ার জন্য মনস্থির করেন, তাহলে তিনি মহৎ কাজ করারই আকাঙ্ক্ষী হন। 2 অধ্যক্ষকে অবশ্যই নিন্দার ঊর্ধ্বে থাকতে হবে; তিনি একজন স্ত্রীর স্বামী হবেন। তিনি হবেন মিতাচারী, আত্মসংযমী, শ্রদ্ধার পাত্র, অতিথিপরায়ণ এবং শিক্ষাদানে দক্ষ। 3 তিনি মদ্যপ বা উগ্র স্বভাবের হবেন না কিন্তু অমায়িক হবেন; তিনি ঝগড়াটে বা অর্থলোভী হবেন না। 4 নিজের পরিবারের উপরে তাঁর নিয়ন্ত্রণ থাকবে এবং তিনি দেখবেন, তাঁর সন্তানেরা যেন যথোচিত শ্রদ্ধায় তাঁর বাধ্য হয়। 5 (কারণ কেউ যদি নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে কীভাবে তিনি ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করবেন?) 6 তিনি যেন নতুন বিশ্বাসী না হন, অন্যথায়, তিনি দাম্ভিক হয়ে দিয়াবলের মতো একই বিচারের দায়ে পড়তে পারেন। 7 বাইরের সব মানুষের কাছেও তাঁর সুনাম থাকা চাই, যেন তিনি অসম্মানের ভাগী না হন এবং দিয়াবলের ফাঁদে না পড়েন।

ডিকন ও তাঁদের স্ত্রীদের যেমন হতে হবে

ডিকনদের যোগ্যতার তালিকা দেওয়া হয়েছে। তাঁদের স্ত্রীদের লোকদের কাছে আদর্শ হতে হবে।

1 তিমথি 3:8–13

8 তেমনই, ডিকনেরাও হবেন শ্রদ্ধার যোগ্য ও আন্তরিকতাপূর্ণ। তাঁরা যেন অত্যধিক মদ্যপানে আসক্ত ও অসৎ ভাবে ধনলাভের জন্য সচেষ্ট না হন। 9 নির্মল বিবেকে তাঁরা যেন বিশ্বাসের গভীর সত্যকে ধারণ করে থাকেন। 10 প্রথমে তাঁদের যাচাই করে দেখতে হবে, যদি তাঁরা অনিন্দনীয় হন, তবেই ডিকনরূপে তাদের পরিচর্যা করতে দেওয়া হবে।

11 একইভাবে, তাদের স্ত্রীদেরও শ্রদ্ধার পাত্রী হতে হবে। পরনিন্দা না করে তাঁরা যেন মিতাচারী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন।

12 ডিকনেরা কেবলমাত্র একজন স্ত্রীর স্বামী হবেন। তাঁর সন্তান এবং পরিজনদের তিনি যেন উপযুক্তভাবে বশ্যতাধীনে রাখেন। 13 কারণ যাঁরা উপযুক্তভাবে পরিচর্যা করেছেন, তাঁরা সুপ্রতিষ্ঠা এবং খ্রীষ্ট যীশুতে তাদের বিশ্বাসে মহা-নিশ্চয়তা লাভ করবেন।

পৌল তিমথিকে তাঁর কর্তব্যে উৎসাহ দেন

খ্রীষ্টিয়ান ধর্মের উচ্চতর মতবাদগুলি স্মরণ করিয়ে দিয়ে পৌল তিমথিকে বিশপ ও পরিচারক হিসেবে তাঁর কর্তব্যে উৎসাহ দেন।

1 তিমথি 3:14–16

14 যদিও শীঘ্রই আমি তোমাদের কাছে যাওয়ার প্রত্যাশা করছি, এই সমস্ত নির্দেশ আমি তোমাদের লিখে জানাচ্ছি, যেন 15 আমার দেরি হলেও, তোমরা জানতে পারবে যে, ঈশ্বরের গৃহের মধ্যে লোকদের আচরণ কেমন হওয়া উচিত। এই গৃহ হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী এবং সত্যের স্তম্ভ ও বুনিয়াদ। 16 ধার্মিকতার গুপ্তরহস্য মহৎ! তা প্রশ্নাতীত:

তিনি দেহ ধারণ করে প্রকাশিত হলেন,

আত্মার দ্বারা নির্দোষ প্রতিপন্ন হলেন,

তিনি দূতদের কাছে দেখা দিলেন,

সর্বজাতির মাঝে প্রচারিত হলেন,

তিনি বিশ্বাসে জগতের মাঝে গৃহীত হলেন,

মহিমান্বিত হয়ে ঊর্ধ্বে উন্নীত হলেন।

পৌল মণ্ডলীর বিশ্বাসত্যাগের পূর্বাভাস দেন

ঈশ্বরের আত্মার দ্বারা পৌল খ্রীষ্টিয়ান মণ্ডলীর বিশ্বাস থেকে সরে যাওয়ার পূর্বাভাস দেন এবং তার কলুষতার প্রকৃতি বর্ণনা করেন; তিনি ইঙ্গিত দেন যে, যারা এর পথ প্রস্তুত করছিল, তাদের মধ্যে ইহুদি রীতিনীতি চাপিয়ে দেওয়া শিক্ষকেরাও ছিল। এই কলুষতার দিকে নিয়ে যায় এমন প্রত্যেক প্রবণতার বিরুদ্ধে তিমথিকে সতর্ক করা হয়েছে এবং একজন খ্রীষ্টিয়ানের একমাত্র উপকারী ও গ্রহণযোগ্য সেবা হিসেবে নৈতিক গুণাবলি ও ঈশ্বরভক্তির অনুশীলন শেখাতে তাঁকে অনুরোধ করা হয়েছে। এর জন্য তিনি নিন্দিত ও নির্যাতিত হবেন, তা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ সত্যের ওপর জোর দিতে তাঁকে বলা হয়েছে।

1 তিমথি 4:1–11

1 ঈশ্বরের আত্মা সুস্পষ্টভাবে বলছেন যে, পরবর্তীকালে বেশ কিছু লোক বিশ্বাস ত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্টাত্মা দ্বারা প্রভাবিত হবে ও সেসব আত্মা ও তাদের বিভিন্ন বিষয় অনুসরণ করবে। 2 এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক উত্তপ্ত লোহার দ্বারা যেন পুড়ে গেছে। 3 তারা লোকদের বিবাহ করতে নিষেধ করে ও কোনো কোনো খাবার থেকে দূরে থাকার জন্য আদেশ দেয়, যা ঈশ্বর এই উদ্দেশে সৃষ্টি করেছেন যেন যারা বিশ্বাসী এবং সত্য জানে তারা ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সেইসব খাবার গ্রহণ করে। 4 ঈশ্বরের সৃষ্ট সবকিছুই ভালো এবং ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে, কোনো কিছুই অখাদ্য নয়, 5 কারণ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনায় এসব পবিত্র হয়ে যায়।

6 এসব বিষয় যদি ভাইবোনেদের বুঝিয়ে দিতে পারো, তাহলে তুমি যীশু খ্রীষ্টের উত্তম পরিচর্যাকারী হয়ে উঠবে, কারণ বিশ্বাসের বিভিন্ন সত্যে এবং উত্তম শিক্ষায় তুমি বড়ো হয়েছ, যা তুমি অনুসরণ করে এসেছ। 7 ঈশ্বরবিহীন রূপকথা এবং মহিলাদের গালগল্পে মগ্ন না হয়ে নিজেকে ভক্তিপরায়ণ হতে প্রশিক্ষিত করে তোলো। 8 শরীরচর্চার কিছু মূল্য আছে, কিন্তু ভক্তির মূল্য আছে সব বিষয়ে। তা এই জীবন এবং পরের জীবন, উভয় জীবনেরই জন্য মঙ্গলময়। 9 একথা বিশ্বাসযোগ্য এবং সর্বতোভাবে গ্রহণযোগ্য; 10 কারণ এজন্যই আমরা পরিশ্রম ও কষ্ট স্বীকার করছি। কারণ সেই জীবন্ত ঈশ্বরেরই উপরে আমরা প্রত্যাশা করেছি, যিনি সব মানুষের বিশেষত বিশ্বাসীদের পরিত্রাতা।

11 তুমি এই সমস্ত বিষয়ে নির্দেশ ও শিক্ষা দাও।

পৌল তিমথির নিজের আচরণ সম্পর্কে নির্দেশ দেন

পৌল তিমথিকে তাঁর নিজের আচরণ সম্পর্কে নির্দেশ দেন এবং চান যেন তিনি তাঁর শিক্ষায় সমস্ত অনুমাননির্ভর বিষয় বাদ দেন। তাঁকে মণ্ডলীর কাছে আদর্শ হতে হবে এবং পরিচর্যা, পাঠ, অধ্যয়ন, ধ্যান ও আত্মসংযমে নিজেকে নিয়োজিত করতে হবে। এভাবে তিনি নিজেকে রক্ষা করবেন এবং অন্যদের পরিত্রাণের মাধ্যম হবেন।

1 তিমথি 4:12–16

12 তুমি যুবক বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে, কিন্তু কথায়, আচার-আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায়, বিশ্বাসীদের মধ্যে আদর্শ হয়ে ওঠো। 13 আমি না আসা পর্যন্ত প্রকাশ্যে শাস্ত্র পাঠ, প্রচার ও শিক্ষাদানে নিজেকে নিযুক্ত রাখো। 14 তুমি যে বরদান লাভ করেছ, তা অবহেলা কোরো না, যা ভাববাণীমূলক বার্তার মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছিল, যখন প্রাচীনেরা তোমার উপরে হাত রেখেছিলেন।

15 এসব বিষয়ে মনঃসংযোগ করো, সম্পূর্ণভাবে সেগুলিতে আত্মনিয়োগ করো, সকলে যেন তোমার উন্নতি দেখতে পায়। 16 তোমার জীবন ও শাস্ত্রশিক্ষা সম্বন্ধে একান্তভাবে সচেতন থেকো। এসব পালন করে চলো তাহলে তুমি নিজেকে এবং তোমার কথা যারা শোনে, তাদেরও রক্ষা করতে পারবে।