দিমিত্রীয় ইফিষে জনতাকে উত্তেজিত করেন
পৌল ইফিষে থেকে যান। দিমিত্রীয় সেখানে জনতাকে উত্তেজিত করেন।
57 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
23 প্রায় সেই সময়ে, সেই পথের বিষয়ে এক মহা গোলযোগ দেখা দিল। 24 দিমিত্রীয় নামে একজন রুপোর কারিগর, যে আর্তেমিসের মন্দিরের মতো রুপোর ছোটো ছোটো মন্দির নির্মাণ করত ও শিল্পীদের প্রচুর কাজের জোগান দিত, 25 সে তার সহকর্মীদের ও একই ব্যবসার সঙ্গে যুক্ত অন্যান্য শ্রমিকদের ডেকে একত্র করল ও বলল, “জনগণ, আপনারা জানেন, এই ব্যবসা থেকে আমরা ভালোরকম অর্থ উপার্জন করি। 26 আর আপনারা দেখছেন ও শুনতে পাচ্ছেন, এই পৌল কেমনভাবে লোকদের প্রভাবিত করছে এবং এখানে ইফিষের, বস্তুত সমগ্র এশিয়া প্রদেশের বিপুল সংখ্যক মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। সে বলে যে, মানুষের হাতে তৈরি দেবতারা আদৌ কোনো দেবতা নয়। 27 এর ফলে এই বিপদের আশঙ্কা হচ্ছে যে, এতে কেবলমাত্র আমাদের ব্যবসার সুনাম নষ্ট হবে তা নয়, মহাদেবী আর্তেমিসের মন্দিরেরও অখ্যাতি হবে এবং যিনি সমগ্র এশিয়া প্রদেশে, এমনকি সারা পৃথিবীতে পূজিত হন, তারও অখ্যাতি হবে এবং তিনি তার মহিমা হারাবেন।”
28 একথা শুনে তারা ক্রোধে উন্মত্ত হয়ে উঠল ও চিৎকার করতে লাগল, “ইফিষীয়দের আর্তেমিস-ই মহাদেবী!” 29 এর পরেই সমস্ত নগরে হট্টগোল ছড়িয়ে পড়ল। জনসাধারণ ম্যাসিডোনিয়া থেকে আগত পৌলের দুই ভ্রমণের সঙ্গী গায়ো ও আরিষ্টার্খকে ধরে একযোগে রঙ্গমঞ্চে নিয়ে গেল। 30 পৌল জনসাধারণের সম্মুখীন হতে চেয়েছিলেন, কিন্তু শিষ্যেরা তাঁকে যেতে দিলেন না। 31 এমনকি, পৌলের বন্ধুস্থানীয় কয়েকজন প্রাদেশিক কর্মকর্তা তাঁর কাছে বার্তা পাঠিয়ে অনুনয় করলেন, রঙ্গমঞ্চে গিয়ে তিনি যেন বিপদের ঝুঁকি না নেন।
32 তখন সভার মধ্যে বিভ্রান্তি দেখা দিল। কিছু লোক এক বিষয়ে, আবার কিছু লোক অন্য বিষয়ে চিৎকার করছিল। এমনকি, অধিকাংশ লোকই জানত না, কেন তারা সেখানে সমবেত হয়েছে। 33 ইহুদিরা আলেকজান্ডারকে সামনে এগিয়ে দিল। জনসাধারণের একাংশ চিৎকার করে তাকে নির্দেশ দিতে লাগল। এতে সে সকলের সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য হাত নেড়ে নীরব হওয়ার জন্য ইঙ্গিত করল। 34 কিন্তু যখন তারা তাকে ইহুদি বলে জানতে পারল, তারা প্রায় দুঘণ্টা ধরে একস্বরে চিৎকার করে গেল, “ইফিষীয়দের আর্তেমিস-ই মহাদেবী!”
35 নগরের ভারপ্রাপ্ত কর্মচারী সবাইকে শান্ত করে বললেন, “ইফিষের জনগণ, সমস্ত পৃথিবীর মানুষ কি জানে না যে, এই ইফিষ নগরই মহাদেবী আর্তেমিসের মন্দিরের ও তাঁর প্রতিমার রক্ষক, যা আকাশ থেকে পতিত হয়েছিল? 36 সেই কারণে, যেহেতু এই বিষয়টি কেউ অস্বীকার করতে পারে না, তোমাদের শান্ত থাকাই উচিত, হঠকারিতার বশে কিছু করা উচিত নয়। 37 তোমরা এই লোকগুলিকে এখানে নিয়ে এসেছ, এরা তো মন্দির লুট করেনি, আমাদের দেবীরও অবমাননা করেনি। 38 তাহলে, যদি দিমিত্রীয় ও তার সহযোগী শিল্পীদের কোনো অভিযোগ থাকে, আদালতের দরজা খোলা আছে, সেখানে প্রদেশপালেরাও আছেন। তারা সেখানে অভিযোগ দাখিল করতে পারে। 39 এছাড়া, আরও যদি অন্য কোনো বিষয় তোমাদের উত্থাপন করার থাকে, তাহলে বৈধ সভায় অবশ্যই তা নিষ্পত্তি করা হবে। 40 আজকের ঘটনার জন্য দাঙ্গা বাধানোর অভিযোগে আমরা অভিযুক্ত হওয়ার বিপদে পড়তে পারি। সেক্ষেত্রে, এই বিক্ষোভের পক্ষে আমরা কোনও যুক্তি দেখাতে পারব না।” 41 এই কথা বলে তিনি সভা ভেঙে দিলেন।
পৌল ম্যাসিডোনিয়ার উদ্দেশে ইফিষ ছাড়েন
1 হট্টগোল সমাপ্ত হলে পৌল শিষ্যদের ডেকে পাঠালেন। তাদের উৎসাহিত করে তিনি বিদায়সম্ভাষণ জানালেন ও ম্যাসিডোনিয়ার পথে যাত্রা শুরু করলেন।
পৌল তিমথিকে চিঠি লেখেন
পৌল তিমথিকে তাঁর প্রথম চিঠি লেখেন। ইফিষের যে মণ্ডলীর পরিচালনার দায়িত্ব তিমথিকে দেওয়া হয়েছিল, সেখানে ইহুদি গোঁড়ারা যে ভ্রান্ত মতবাদ ও বিকৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, সেগুলি কীভাবে দমন করতে হবে, সে বিষয়ে তাঁকে নির্দেশ দেওয়ার জন্যই এই চিঠি।
পৌল তিমথিকে শুভেচ্ছা জানান
শুভেচ্ছা।
1 আমাদের পরিত্রাতা ঈশ্বর এবং আমাদের প্রত্যাশা খ্রীষ্ট যীশুর আদেশে, তাঁরই প্রেরিতশিষ্য, আমি পৌল,
2 বিশ্বাসে আমার প্রকৃত সন্তান তিমথির প্রতি এই পত্র লিখছি।
পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুর অনুগ্রহ, করুণা এবং শান্তি বর্ষিত হোক।
পৌল কেন তিমথিকে ইফিষে রেখে গিয়েছিলেন
পৌল তিমথিকে মনে করিয়ে দেন কেন তিনি তাঁকে ইফিষে রেখে গিয়েছিলেন: ইহুদি গোঁড়াদের বিরোধিতা করার জন্য, যারা খ্রীষ্টিয়ান শিক্ষার সঙ্গে বংশতালিকা ও পরম্পরাগত রীতিনীতি মেশানোর চেষ্টা করছিল।
3 ম্যাসিডোনিয়া যাওয়ার পথে, আমি তোমাকে অনুরোধ করেছিলাম, যেন তুমি ইফিষে থেকে কতগুলি লোককে আদেশ দাও, তারা যেন আর ভুল শিক্ষা না দেয় এবং 4 তারা যেন পুরাকাহিনী ও অন্তহীন বংশাবলির আলোচনাতেই নিজেদের মনপ্রাণ ঢেলে না দেয়। ঈশ্বরের কাজের পরিবর্তে এগুলি বিতর্কের সৃষ্টি করে। কারণ ঈশ্বরের কাজ হয় বিশ্বাসের উপর নির্ভর করে।
বিধানের উদ্দেশ্য ও ব্যবহার
পৌল বিধানের উদ্দেশ্য ও ব্যবহার ব্যাখ্যা করেন। তিনি দেখান যে তা খ্রীষ্টধর্মের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, কারণ তা নৈতিক সৎগুণের দাবি করে এবং সব ধরনের দুষ্টতার নিন্দা করে।
5 এই আদেশের লক্ষ্য হল ভালোবাসা, যা শুচিশুদ্ধ হৃদয়, সৎ বিবেক ও অকপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়। 6 কিছু লোক এসব থেকে বিচ্যুত হয়ে অর্থহীন আলোচনাতে মন দিয়েছে। 7 তারা শাস্ত্রবিদ হতে চায়, কিন্তু তারা কোন বিষয়ে বলছে বা যেসব বিষয়ে এত জোরের সঙ্গে বলেছে, তা সম্বন্ধে তারা নিজেরাই জানে না।
8 আমরা জানি, যথার্থভাবে ব্যবহার করলেই বিধান মঙ্গলজনক হয়ে ওঠে। 9 আমরা আরও জানি যে, ধার্মিকদের জন্য বিধানের সৃষ্টি হয়নি, বরং যারা বিধানভঙ্গকারী, ভক্তিহীন ও উচ্ছৃঙ্খল এবং পাপী, অপবিত্র, ধর্মবিরোধী, যারা তাদের বাবা-মাকে বা অন্যদের হত্যা করে, 10 ব্যভিচারী, সমকামী ব্যক্তি ও ক্রীতদাস-ব্যবসায়ী এবং মিথ্যাবাদী ও মিথ্যাশপথকারী, তাদের জন্য এবং যা কিছু সঠিক শিক্ষার বিরোধী, তারই জন্য বিধানের সৃষ্টি। 11 পরমধন্য ঈশ্বরের গৌরবময় সুসমাচারের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়টি প্রচার করার দায়িত্ব তিনি আমার উপরে দিয়েছেন।
পৌলকে প্রেরিত করায় খ্রীষ্টের দয়া
পৌল মূল প্রসঙ্গ থেকে সরে এসে এই গৌরবময় সুসমাচারের প্রেরিতরূপে তাঁকে নিযুক্ত করায় খ্রীষ্টের মঙ্গলময়তা নিয়ে আলোচনা করেন। নিজের প্রতি ঈশ্বরের দয়ার দৃষ্টান্ত দিয়ে তিনি সব পাপীকে মন পরিবর্তনের আহ্বান জানান।
12 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশু, যিনি আমাকে শক্তি দান করেছেন এবং আমাকে বিশ্বস্ত বিচার করে যিনি তাঁর পরিচর্যাকাজে আমাকে নিযুক্ত করেছেন, তাঁকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। 13 যদিও আমি এক সময় ঈশ্বরনিন্দুক, নির্যাতনকারী এবং নৃশংস ছিলাম, কিন্তু তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, কারণ অজ্ঞতা ও অবিশ্বাসের বশেই আমি সেসব করেছিলাম। 14 আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।
15 এই উক্তি বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং তাদের মধ্যে আমিই নিকৃষ্টতম। 16 কিন্তু শুধু এই কারণেই ঈশ্বর আমার প্রতি করুণা প্রদর্শন করলেন যে, আমার মতো জঘন্যতম পাপীর মধ্য দিয়ে খ্রীষ্ট যীশু যেন তাঁর অসীম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, যেন তাঁর উপর বিশ্বাস করে যারা অনন্ত জীবনের অধিকারী হবে, তাদের কাছে তিনি আমাদের উদাহরণস্বরূপ উপস্থাপন করতে পারেন। 17 এখন অনন্ত রাজাধিরাজ, অবিনশ্বর, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, তাঁরই প্রতি যুগে যুগে সম্মান ও মহিমা অর্পিত হোক। আমেন।
তিমথিকে বিশ্বাস ধরে রাখার নির্দেশ
পৌল তিমথিকে মনে করিয়ে দেন যে ভাববাণীর মাধ্যমে তাঁকে খ্রীষ্টিয়ান পরিচর্যার কাজে নিযুক্ত করা হয়েছিল, এবং তাঁকে বিশুদ্ধ বিশ্বাস ও সৎ বিবেক ধরে রাখতে অনুরোধ করেন। আলেকজান্ডার ও হুমিনায়, যারা কোনোটিই ধরে রাখেনি, তাদের অধার্মিকতার জন্য শাস্তি পায়।
18 বৎস তিমথি, এক সময় তোমার বিষয়ে যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, তার সঙ্গে সংগতি রেখে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি, সেসব পালনের মধ্য দিয়ে তুমি যেন যথোচিত সংগ্রাম করতে পারো, 19 বিশ্বাস ও সৎ বিবেক আঁকড়ে ধরে রাখতে পারো। কেউ কেউ এসব প্রত্যাখান করায়, তাদের বিশ্বাসের নৌকার ভরাডুবি হয়েছে। 20 তাদের মধ্যে রয়েছে হুমিনায় ও আলেকজান্ডার। আমি তাদের শয়তানের হাতে তুলে দিয়েছি, যেন তারা ঈশ্বরনিন্দা ত্যাগ করার শিক্ষা পায়।
পৌল সব মানুষের জন্য প্রার্থনা করতে আদেশ দেন
ইহুদি রীতিনীতি চাপিয়ে দিতে চাওয়া খ্রীষ্টিয়ানদের বিরোধিতা করে পৌল নবদীক্ষিত খ্রীষ্টিয়ানদের আদেশ দেন, সুসমাচারের দয়াপূর্ণ মনোভাব নিয়ে সব মানুষের জন্য প্রার্থনা করতে—তারা ইহুদি হোক বা অইহুদি—এবং বিশেষ করে প্রত্যেক জাতি ও দেশের রাজাদের ও কর্তৃপক্ষের জন্য। তিনি ঘোষণা করেন যে এতে ঈশ্বর সন্তুষ্ট হন, যিনি চান সব মানুষ পরিত্রাণ পাক, এবং যাঁর সঙ্গে সব জাতির মানুষের সংযোগের জন্য ঈশ্বর ও মানুষের মধ্যে কেবল একজনই মধ্যস্থ আছেন। এই সত্যগুলি ইহুদিদের পাশাপাশি অইহুদিদের কাছেও জানানোর জন্য পৌল নিযুক্ত হয়েছেন।
1 সর্বপ্রথমেই আমি অনুনয় করছি, সকলের জন্য যেন অনুরোধ, প্রার্থনা, মিনতি এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়, 2 বিশেষত রাজা এবং উচ্চপদস্থ সকল ব্যক্তির জন্য, যেন আমরা পরিপূর্ণ ভক্তিতে ও পবিত্রতায়, শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি। 3 আমাদের পরিত্রাতা ঈশ্বরের সামনে এটাই উত্তম ও সন্তোষজনক। 4 তিনি চান, সব মানুষ যেন পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারে। 5 কারণ ঈশ্বর যেমন এক তেমন ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী আছেন, তিনি মানুষ খ্রীষ্ট যীশু। 6 তিনি সব মানুষের জন্য নিজেকে মুক্তিপণরূপে প্রদান করেছেন—এই সাক্ষ্য যথাসময়ে দেওয়া হয়েছে। 7 এই উদ্দেশ্যেই আমি বার্তাবাহক ও প্রেরিতশিষ্য এবং অইহুদিদের কাছে প্রকৃত বিশ্বাসের শিক্ষক নিযুক্ত হয়েছি—আমি সত্যিই বলছি, মিথ্যা নয়।