প্রথম আদম ও দ্বিতীয় আদম

প্রথম ও দ্বিতীয় আদমের সাদৃশ্যের মাধ্যমে ইহুদিদের কাছে পুনরুত্থানের সত্যতা প্রমাণ করা হয়েছে।

57 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 করিন্থীয় 15:45–49

45 তাই এরকম লেখা আছে: “প্রথম মানুষ আদম হলেন এক জীবিত প্রাণী”; শেষ আদম হলেন এক জীবনদায়ী আত্মা। 46 আত্মিক প্রথমে আসেনি, কিন্তু এসেছে স্বাভাবিক, তারপর আত্মিক। 47 প্রথম মানুষ ছিলেন পৃথিবীর ধুলি থেকে, দ্বিতীয় মানুষ স্বর্গ থেকে। 48 পার্থিব সব ব্যক্তি সেই পার্থিব ব্যক্তির মতো এবং স্বর্গীয় সকলে সেই স্বর্গ থেকে আগত ব্যক্তির মতোই। 49 আর যেমন আমরা পার্থিব ব্যক্তির স্বরূপ ধারণ করেছি, তেমনই আমরা স্বর্গ থেকে আগত ব্যক্তির রূপও ধারণ করব।

পাপ ও মৃত্যুর ওপর বিজয়

পৌল দৃঢ়ভাবে বলেন যে আমাদের বর্তমান দেহ আত্মিক অবস্থায় প্রবেশ করতে পারে না। তিনি বর্ণনা করেন কীভাবে পুনরুত্থান ঘটবে এবং অমর অবস্থায় কী গৌরবময় পরিবর্তন হবে, যখন পাপ ও মৃত্যুর ওপর পূর্ণ বিজয় অর্জিত হবে। এই ভিত্তিতে করিন্থের মানুষদের সক্রিয় ও অবিচল বিশ্বাস বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।

1 করিন্থীয় 15:50–58

50 ভাইবোনেরা, আমি তোমাদের কাছে ঘোষণা করছি যে, রক্তমাংসের দেহ ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না, কিংবা ক্ষয়প্রাপ্ত দেহ অক্ষয়তার অধিকারী হয় না। 51 শোনো, আমি তোমাদের এক গুপ্তরহস্য বলি: আমরা সকলে নিদ্রাগত হব না, কিন্তু আমরা সকলেই রূপান্তরিত হব— 52 এক নিমেষে, চোখের পলকে, শেষ তূরীধ্বনির সঙ্গে তা ঘটবে। কারণ তূরীধ্বনি হবে, মৃতেরা অক্ষয়তায় উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরিত হব, 53 কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে। 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”

55 “মৃত্যু, তোমার জয় কোথায়?

মৃত্যু, তোমার হুল কোথায়?”

56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।

58 তাই, আমার প্রিয় ভাইবোনেরা, সুস্থির থাকো। কোনো কিছুই তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সর্বদা নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে, প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না।

দরিদ্রদের জন্য অর্থসংগ্রহের নির্দেশ দেন পৌল

করিন্থের মানুষদের শেষ প্রশ্নের উত্তরে পৌল নির্দেশ দেন, খ্রীষ্টিয়ানদের কীভাবে দরিদ্রদের প্রয়োজন মেটাতে হবে, এবং তাদের সংগৃহীত অর্থ জেরুশালেমে পাঠানোর প্রতিশ্রুতি দেন।

1 করিন্থীয় 16:1–4

1 এখন ঈশ্বরের লোকদের জন্য দান সংগ্রহ প্রসঙ্গে লিখছি: আমি গালাতিয়ায় অবস্থিত মণ্ডলীগুলিকে যা করতে বলেছি, তোমরাও তাই করো। 2 প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে, তোমাদের প্রত্যেকে নিজ নিজ উপার্জনের সঙ্গে সংগতি রেখে কিছু অর্থ আলাদা করে সরিয়ে রাখো, যেন আমি যখনই আসি, তখন কোনো অর্থ সংগ্রহ করতে না হয়। 3 তারপর, আমি উপস্থিত হলে, তোমরা যাদের উপযুক্ত মনে করবে, আমি তাদের পরিচয়-পত্র দিয়ে তোমাদের সেই দান তাদের মাধ্যমে জেরুশালেমে পাঠিয়ে দেব। 4 আর যদি আমার যাওয়া প্রয়োজন বলে মনে হয়, তবে তারা আমার সঙ্গে যাবে।

পৌলের সমাপনী বার্তা ও শুভেচ্ছা

পৌল বিভিন্ন বার্তা ও শুভেচ্ছা জানিয়ে তাঁর চিঠি শেষ করেন। তিনি তাদের তাঁর পুত্র তিমথির কথা জানান এবং বলেন যে আপল্লো তাদের সঙ্গে দেখা করতে আসার ইচ্ছা রাখেন। তিনি তিমথিকে তাদের কাছে সুপারিশ করেন। তিনি তাদের বিশ্বাস ও প্রেমে চলতে অনুরোধ করেন। তিনি স্তেফানা, ফর্তুনাত ও আখাইকাকে তাদের কাছে সুপারিশ করেন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি শেষ করেন।

1 করিন্থীয় 16:5–24

5 ম্যাসিডোনিয়া দিয়ে আমার যাত্রা শেষ হলেই আমি তোমাদের ওখানে যাব—কারণ আমাকে ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে যেতে হবে। 6 আমি হয়তো কিছুকাল তোমাদের সঙ্গে থাকব, কিংবা শীতকালও কাটাব, যেন আমি যেখানেই যাই, তোমরা আমার যাত্রায় সাহায্য করতে পারো। 7 আমি এখন তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। প্রভুর অনুমতি পেলে, আমি তোমাদের সঙ্গে কিছু সময় কাটানোর আশা করছি। 8 কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষেই থাকব, 9 কারণ মহৎ কাজের এক উন্মুক্ত দুয়ার আমার সামনে খুলে গিয়েছে, যদিও এখানে অনেকেই আমার বিরোধিতা করে।

10 যদি তিমথি আসেন, তবে দেখো, তোমাদের সঙ্গে থাকার সময় তাঁর ভয় পাওয়ার যেন কিছু না থাকে, কারণ তিনি আমারই মতো প্রভুর কাজ করে চলেছেন। 11 তাই, কেউই তাঁকে যেন গ্রহণ করতে অস্বীকার না করে। তাঁকে শান্তিতে তাঁর যাত্রাপথে পাঠিয়ে দিয়ো, যেন তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আমি ভাইদের সঙ্গে তাঁরও আগমনের প্রতীক্ষায় আছি।

12 এখন আমাদের ভাই আপল্লো সম্পর্কে বলছি, অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে তোমাদের কাছে যাওয়ার জন্য আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি এখন একেবারেই যেতে ইচ্ছুক নন। পরে সুযোগ পেলেই তিনি যাবেন।

13 তোমরা সতর্ক থেকো; বিশ্বাসে অবিচলিত থেকো; সাহসী ও শক্তিমান হও। 14 তোমরা যা কিছু করো সেসব ভালোবাসায় করো।

15 তোমরা জানো যে স্তেফানার পরিজনেরা হলেন আখায়া প্রদেশের প্রথম ফসল, তাঁরা পবিত্রগণের সেবাকাজে নিজেদের নিযুক্ত করেছেন। ভাইবোনেরা, আমি তোমাদের অনুরোধ করছি, 16 তোমরা এইসব লোকদের এবং যতজন কাজে যুক্ত হয় ও পরিশ্রম করে, তাঁদের প্রত্যেকের বাধ্য হও। 17 স্তেফানা, ফর্তুনাত ও আখাইকার আগমনে আমি আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের থেকে যা অপূর্ণ ছিল, তাঁরা তা সরবরাহ করেছেন। 18 এর কারণ হল, তাঁরা আমার ও সেই সঙ্গে তোমাদেরও আত্মাকে অনুপ্রাণিত করেছেন। এই ধরনের লোকেরা স্বীকৃতি পাওয়ার যোগ্য।

19 এশিয়া প্রদেশের সব মণ্ডলী তোমাদের অভিবাদন জানাচ্ছেন।

আক্বিলা ও প্রিষ্কিল্লা এবং তাঁদের বাড়িতে সমবেত হওয়া মণ্ডলী, প্রভুতে তোমাদের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছেন।

20 এখানকার সমস্ত ভাইবোনেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে প্রীতি-সম্ভাষণ জানাও।

21 আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি।

22 কেউ যদি প্রভুকে না ভালোবাসে, তবে তার উপরে অভিশাপ নেমে আসুক। হে প্রভু, তুমি এসো!

23 প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।

24 খ্রীষ্ট যীশুতে তোমাদের সকলকে আমার ভালোবাসা জানাই। আমেন।