মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়
536 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
8 দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাদের ভাইদের অবশিষ্টাংশ (নির্বাসন থেকে জেরুশালেমে যে যাজকবৃন্দ ও লেবীয়েরা প্রত্যাবর্তন করেছিল) তাদের কাজ আরম্ভ করল। লেবীয়দের মধ্যে কুড়ি বছর বা তাঁর ঊর্ধ্বে যাদের বয়স তাদের সকলকে সদাপ্রভুর মন্দির নির্মাণ কাজের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করা হল। 9 যেশূয়, তাঁর পুত্র ও ভাইদের এবং (হোদাবিয়ের বংশজাত) কদ্মীয়েল ও তাঁর পুত্রগণ হেনাদদের সন্তান ও ভৃত্যগণ সকল লেবীয় একসঙ্গে ঈশ্বরের মন্দির যারা নির্মাণ করছিল তাদের তত্ত্বাবধান করতে লাগল।
10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল
“তিনি মঙ্গলময়;
ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে। 12 কিন্তু অনেক প্রবীণ যাজক, লেবীয় গোষ্ঠীপতি, যারা পূর্বেকার মন্দিরটি দেখেছিলেন, তারা যখন দেখলেন যে মন্দিরের ভিত্তি স্থাপিত হচ্ছে, তখন তারা উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এই সময়ে অনেকে আবার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে জয়ধ্বনি তুললেন। 13 কেউই ক্রন্দনধ্বনি থেকে জয়ধ্বনি পৃথক করতে পারল না, কারণ লোকেরা প্রচণ্ড শব্দ সৃষ্টি করেছিল, যা বহুদূর থেকে শোনা গিয়েছিল।
সংগীত পরিচালকের জন্য। স্বর, গিত্তীৎ। কোরহ বংশের সন্তানদের একটি গীত।
1 হে সর্বশক্তিমান সদাপ্রভু,
তোমার আবাস কত মনোরম!
2 আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়,
এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়;
জীবন্ত ঈশ্বরের জন্য
আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।
3 এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে,
দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে,
যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে—
এমন স্থান, যা তোমার বেদির নিকটে,
হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর।
4 ধন্য সেই ব্যক্তি, যে তোমার গৃহে বসবাস করে,
সে সর্বক্ষণ তোমার গুণকীর্তন করে।
5 ধন্য সেই ব্যক্তি, যার শক্তি সদাপ্রভু থেকে আসে,
যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে।
6 যখন তারা অশ্রুর উপত্যকার মধ্য দিয়ে যায়,
তারা সেই স্থান জলধারায় পরিণত করে;
প্রথম বৃষ্টি সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে।
7 তারা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠবে,
এবং সিয়োনে ঈশ্বরের সামনে প্রত্যেকে হাজির হবে।
8 হে সর্বশক্তিমান সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো;
হে যাকোবের ঈশ্বর, আমার কথা শোনো।
9 দেখো, হে ঈশ্বর, আমাদের ঢাল;
তোমার অভিষিক্ত-জনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখো।
10 তোমার প্রাঙ্গণে একদিন
অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়;
দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে
আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।
11 কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো;
তিনি দয়া ও সম্মান দান করেন;
যাদের চলার পথ সিদ্ধ
তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।
12 হে সর্বশক্তিমান সদাপ্রভু,
ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর আস্থা রাখে।
সংগীত পরিচালকের জন্য। একটি সংগীত। একটি গীত।
1 সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি করো!
2 তাঁর নামের গৌরব কীর্তন করো;
তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।
3 ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল!
এমন তোমার পরাক্রম
যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।
4 সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়;
তারা তোমার প্রশংসাগান গায়,
তারা তোমার নামের প্রশংসাগান গায়।”
5 এসো আর দেখো ঈশ্বর কী করেছেন,
মানুষের জন্য তাঁর অসাধারণ কীর্তি!
6 তিনি সমুদ্র শুষ্ক জমিতে পরিণত করেন,
তারা পায়ে হেঁটে জলের মধ্যে দিয়ে গিয়েছিল—
এসো, আমরা ঈশ্বরে আনন্দ করি।
7 তিনি তাঁর পরাক্রমে চিরকাল শাসন করেন,
তাঁর চোখ জাতিদের লক্ষ্য করে;
বিদ্রোহীরা যেন তাঁর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়ায়।
8 সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো,
তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক;
9 তিনি আমাদের জীবন সুরক্ষিত করেছেন
আর আমাদের পা পিছলে যাওয়া থেকে আমাদের আগলে রেখেছেন।
10 কারণ তুমি ঈশ্বর, আমাদের পরীক্ষা করেছ;
তুমি আমাদের রুপোর মতো পরীক্ষাসিদ্ধ করেছ।
11 তুমি আমাদের কারাগারে বন্দি করেছ
আর আমাদের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছ।
12 লোকজন দ্বারা আমাদের মাথা তুমি পিষে ফেলতে দিয়েছ;
আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছি,
কিন্তু তুমি আমাদের প্রাচুর্যের স্থানে নিয়ে এসেছ।
13 হোমবলি নিয়ে আমি তোমার মন্দিরে প্রবেশ করব
আর আমার শপথ পূর্ণ করব—
14 আমার বিপদের সময়
যে শপথ আমার ঠোঁট অঙ্গীকার করেছিল আর আমার মুখ উচ্চারণ করেছিল।
15 আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশুবলি দেব,
আর মদ্দা মেষ উপহার দেব;
আমি বলদ ও ছাগল উৎসর্গ করব।
16 তোমরা যারা ঈশ্বরকে ভয় করো, এসো আর শোনো;
তিনি আমার জন্য কী করেছেন তা আমি তোমাদের বলছি।
17 আমি তাঁর প্রতি কেঁদেছিলাম আর মুখ দিয়ে প্রার্থনা করেছিলাম;
তাঁর প্রশংসা আমার জিভে ছিল।
18 যদি আমি আমার হৃদয়ে পাপ পুষে রাখতাম,
সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করতেন না;
19 কিন্তু ঈশ্বর নিশ্চয় শুনেছেন
আর আমার প্রার্থনায় কর্ণপাত করেছেন।
20 ঈশ্বরের প্রশংসা হোক,
যিনি আমার প্রার্থনা অস্বীকার করেননি
এবং তাঁর অবিচল প্রেম থেকে আমাকে বঞ্চিত করেননি।