ইহুদিরা বন্দিত্ব থেকে ফিরে আসে (continued)
536 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমি সদাপ্রভুকে ভালোবাসি, কারণ তিনি আমার কণ্ঠস্বর শুনেছেন;
তিনি আমার বিনতি প্রার্থনা শুনেছেন।
2 তিনি আমার প্রতি কর্ণপাত করেছেন,
সেই কারণে আমি সারা জীবন তাঁর কাছে প্রার্থনা করব।
3 মৃত্যুর দড়ি আমাকে বেঁধে ফেলল,
পাতালের যন্ত্রণা আমার উপর নেমে এল,
দুর্দশায় ও দুঃখে আমি জর্জরিত হলাম।
4 তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম:
“হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো!”
5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,
আমাদের ঈশ্বর করুণায় পরিপূর্ণ।
6 যারা সরলচিত্ত, সদাপ্রভু তাদের রক্ষা করেন;
গভীর সংকটকালে তিনি আমাকে রক্ষা করেছিলেন।
7 হে আমার প্রাণ, তুমি বিশ্রামে ফিরে যাও,
কারণ সদাপ্রভু তোমার মঙ্গল করেছেন।
8 কারণ তুমি, হে সদাপ্রভু, মৃত্যু থেকে আমাকে উদ্ধার করেছ,
চোখের জল থেকে আমার চোখ,
পতন থেকে আমার পা, উদ্ধার করেছ,
9 যেন আমি জীবিতদের দেশে
সদাপ্রভুর সামনে গমনাগমন করি।
10 আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যখন আমি বলেছিলাম,
“হে সদাপ্রভু, আমি অত্যন্ত পীড়িত”
11 উদ্বেগে আমি বলেছিলাম,
“সবাই মিথ্যাবাদী।”
12 আমি সদাপ্রভুর কাছ থেকে যেসব মঙ্গল পেয়েছি
তার প্রতিদানে তাঁকে কী ফিরিয়ে দেবো?
13 আমি পরিত্রাণের পাত্রখানি তুলে নেবো
আর সদাপ্রভুর নামে ডাকব।
14 সদাপ্রভুর সব প্রজার সমাবেশে
তাঁর প্রতি আমার শপথ আমি পূর্ণ করব।
15 সদাপ্রভুর বিশ্বস্ত সেবাকারীদের মৃত্যু
তাঁর চোখে বহুমূল্য।
16 সত্যিই আমি তোমার দাস, হে সদাপ্রভু;
যেমন আমার মা করেছিলেন, আমিও তোমার সেবা করব;
আমার শিকল থেকে তুমি আমাকে মুক্ত করেছ।
17 আমি তোমার উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব,
আর সদাপ্রভুর নামে ডাকব।
18 সদাপ্রভুর সব প্রজার সমাবেশে
তাঁর প্রতি আমার শপথ আমি পূর্ণ করব,
19 সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে—
হে জেরুশালেম, তোমারই মাঝে করব।
সদাপ্রভুর প্রশংসা করো।
117:1 হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো;
সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।
2 কারণ আমাদের প্রতি তাঁর প্রেম মহান,
এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী।
সদাপ্রভুর প্রশংসা করো।
একটি আরোহণ সংগীত।
1 যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়,
তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।
2 পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে,
সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন
এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
3 দুষ্টরা ধার্মিকদের দেশে
রাজত্ব করবে না,
কারণ তাহলে ধার্মিকেরা হয়তো
মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।
4 হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ,
তুমি তাদের মঙ্গল করো।
5 কিন্তু যারা ভুল পথে পা বাড়ায়
সদাপ্রভু তাদের অনিষ্টকারীদের সাথে দূর করে দেবেন।
ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।
1 যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,
তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।
যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,
তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।
2 বৃথাই তোমরা খুব সকালে ওঠো
আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো,
অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো—
কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।
3 সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার,
তাঁর দেওয়া পুরস্কার।
4 যেমন বীরযোদ্ধার হাতে তির
তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।
5 ধন্য সেই ব্যক্তি
যার তূণ সেইরকম তিরে পূর্ণ,
তারা লজ্জিত হবে না
যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।
একটি আরোহণ সংগীত।
128:1 ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,
যারা তাঁর নির্দেশিত পথে চলে।
2 তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে;
আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।
3 তোমার স্ত্রী
তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে;
তোমার মেজের চারিদিকে
তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।
4 হ্যাঁ, যে ব্যক্তি সদাপ্রভুকে সম্ভ্রম করে
সে এই আশীর্বাদ পাবে।
5 সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন;
তোমার জীবনের প্রতিটি দিন,
তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও।
6 তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো—
ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
একটি আরোহণ সংগীত।
1 হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো,
তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।
2 প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরো
এবং সদাপ্রভুর ধন্যবাদ করো।
3 সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন,
জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।