ইহুদিরা বন্দিত্ব থেকে ফিরে আসে (continued)
536 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
কোরহ বংশের সন্তানদের গীত। একটি সংগীত।
1 পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।
2 যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে
সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।
3 হে ঈশ্বরের নগরী,
তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:
4 “যারা আমাকে স্বীকার করে
তাদের মধ্যে আমি রহব এবং ব্যাবিলনের উল্লেখ করব,
এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ—
এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”
5 সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে,
“এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে,
এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”
6 সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন:
“এর জন্ম সিয়োনে হয়েছে।”
7 সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে,
“সিয়োন আমার জীবনের উৎস।”
1 সদাপ্রভুর প্রশংসা করো।
ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে
সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।
2 সদাপ্রভুর কাজগুলি মহান;
যারা সেসবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।
3 তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়,
আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।
4 তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন;
সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।
5 যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন;
তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।
6 অন্যান্য জাতিদের দেশ তাদের দান করে
তিনি তাঁর কর্মের পরাক্রম তাঁর প্রজাদের কাছে প্রকাশ করেছেন।
7 তাঁর হাতের কাজগুলি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ;
তাঁর সব অনুশাসন নির্ভরযোগ্য।
8 সেগুলি চিরকালের জন্য প্রতিষ্ঠিত,
যা বিশ্বস্ততায় ও ন্যায়পরায়ণতায় রচিত হয়েছে।
9 তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন;
তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন,
তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;
যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে।
তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।
112:1 সদাপ্রভুর প্রশংসা করো।
ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে,
যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।
2 তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে,
ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।
3 ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে,
এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়।
4 ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়,
সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।
5 যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে,
সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।
6 নিশ্চয় সে কখনও বিচলিত হবে না;
কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে।
7 অশুভ সংবাদে সে ভয় করবে না;
তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।
8 তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না;
অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।
9 সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,
তার ধার্মিকতা চিরস্থায়ী;
তার শিং গৌরবে উন্নত হবে।
10 দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে,
সে ক্রোধে দন্তঘর্ষণ করবে আর নিঃশেষ হবে;
দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।
113:1 সদাপ্রভুর প্রশংসা করো।
তোমরা যারা তাঁর ভক্তদাস,
সদাপ্রভুর প্রশংসা করো;
2 এখন ও অনন্তকাল,
সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত
সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
4 সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে,
এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
5 আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত,
তাঁর সঙ্গে কার তুলনা হয়!
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে
অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
7 তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন,
আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
8 তিনি তাদের অধিপতিদের সঙ্গে,
এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
9 তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন,
তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন।
সদাপ্রভুর প্রশংসা হোক।
114:1 ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এল,
যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,
2 যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল,
আর ইস্রায়েল হল তাঁর আধিপত্য।
3 সমুদ্র দেখল আর পালিয়ে গেল,
জর্ডন পিছু ফিরল;
4 পর্বতমালা মেষের মতো,
পাহাড়গুলি মেষশাবকের মতো লাফিয়ে উঠল।
5 হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে?
হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?
6 হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো,
তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো লাফিয়ে উঠলে?
7 হে পৃথিবী, প্রভুর সামনে,
আর যাকোবের ঈশ্বরের সামনে কম্পিত হও।
8 তিনি শৈলকে জলাশয়ে,
কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন।