জেরুশালেমের মন্দির পুড়িয়ে দেওয়া হয় (continued)

588 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 94

1 সদাপ্রভু, এমন ঈশ্বর, যিনি প্রতিফল দেন।

হে প্রতিফলদাতা ঈশ্বর, তোমার ন্যায়বিচার দেদীপ্যমান হোক।

2 ওঠো, হে জগতের বিচারকর্তা;

দাম্ভিকদের কাজের প্রতিফল তাদের দাও।

3 দুষ্টরা কত কাল, হে সদাপ্রভু,

দুষ্টরা কত কাল উল্লাস করবে?

4 তারা অহংকারের বাক্য ঢেলে দেয়;

অনিষ্টকারীরা সবাই গর্বে পরিপূর্ণ।

5 তারা তোমার লোকেদের চূর্ণ করে, হে সদাপ্রভু;

তারা তোমার অধিকারের উপর অত্যাচার করে।

6 তারা বিধবা আর বিদেশিদের নাশ করে;

তারা অনাথদের হত্যা করে।

7 তারা বলে, “সদাপ্রভু দেখেন না;

যাকোবের ঈশ্বর বিবেচনা করেন না।”

8 হে লোকেদের মধ্যে বসবাসকারী শুভ বুদ্ধিহীনেরা, বিবেচনা করো;

হে মূর্খেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9 যিনি কান তৈরি করেছেন তিনি কি শুনবেন না?

যিনি চোখ নির্মাণ করেছেন তিনি কি দেখবেন না?

10 যিনি সমস্ত জাতিকে শাসন করেন তিনি কি শাস্তি দেবেন না?

যিনি মানবজাতিকে শিক্ষা দেন তাঁর কি জ্ঞানের অভাব?

11 সদাপ্রভু মানুষের সব সংকল্প জানেন;

তিনি জানেন যে তারা তুচ্ছ।

12 হে সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যাকে তুমি শাসন করেছ,

যাকে তুমি তোমার বিধান থেকে শিক্ষা দিয়েছ;

13 তুমি তাদের বিপদের দিন থেকে মুক্তি দিয়েছ,

যতদিন না পর্যন্ত দুষ্টদের বন্দি করার জন্য এক গর্ত খোঁড়া হচ্ছে।

14 কারণ সদাপ্রভু তাঁর ভক্তজনদের পরিত্যাগ করবেন না;

তিনি কখনও তাঁর অধিকার পরিত্যাগ করবেন না।

15 ন্যায়ের উপর ভিত্তি করে বিচার আবার স্থাপিত হবে,

যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা সকলে তা অনুসরণ করবে।

16 কে আমার পক্ষ নিয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে?

কে অনিষ্টকারীদের বিরুদ্ধে আমার পক্ষ নেবে?

17 সদাপ্রভু যদি আমাকে সাহায্য না করতেন,

তবে হয়তো আমি অচিরেই মৃত্যুর নীরবতায় বাস করতাম।

18 যখন আমি বলেছিলাম, “আমার পা পিছলে যাচ্ছে,”

তোমার অবিচল প্রেম, হে সদাপ্রভু, আমার সহায়তা করেছিল,

19 যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল,

তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল।

20 অসৎ সিংহাসন কি তোমার সঙ্গী হতে পারে—

এমন সিংহাসন যা নিজের আদেশে দুর্দশা নিয়ে আসে?

21 দুষ্টরা ধার্মিকদের বিরুদ্ধে দল বাঁধে

আর নির্দোষদের মৃত্যুদণ্ড দেয়।

22 কিন্তু সদাপ্রভু আমার উচ্চদুর্গ হয়েছেন,

এবং আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল হয়েছেন।

23 তাদের পাপের প্রতিফল তিনি তাদের দেবেন

আর তাদের দুষ্টতার জন্য তাদের ধ্বংস করবেন;

সদাপ্রভু আমাদের ঈশ্বর তাদের ধ্বংস করবেন।

2 রাজাবলি 24:17–20

17 ব্যাবিলনের রাজা যিহোয়াখীনের কাকা মত্তনিয়কে তাঁর স্থানে রাজা করলেন এবং তাঁর নাম পরিবর্তন করে তাঁকে সিদিকিয় নামে আখ্যাত করলেন।

18 সিদিকিয় একুশ বছর বয়সে রাজা হন। তিনি এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর মা ছিলেন লিব্‌না নিবাসী যিরমিয়ের কন্যা হমূটল। 19 তিনি সদাপ্রভুর দৃষ্টিতে কেবলই মন্দ কাজ করতেন, যেমন যিহোয়াকীমও করেছিলেন। 20 সদাপ্রভুর ক্রোধের কারণেই জেরুশালেম ও যিহূদার প্রতি এসব কিছু ঘটেছিল, এবং শেষ পর্যন্ত তিনি তাদের তাঁর উপস্থিতি থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলেন।

ইত্যবসরে সিদিকিয় ব্যাবিলনের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিলেন।

যিরমিয় 52:4

4 তাই, সিদিকিয়ের রাজত্বের নবম বছরে, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, তাঁর সমস্ত সৈন্য নিয়ে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তারা নগরের বাইরে শিবির স্থাপন করে তার চারপাশে অবরোধ গড়ে তুললেন।

যিরমিয় 39:2

2 সিদিকিয়ের রাজত্বের এগারোতম বছরের চতুর্থ মাসের নবম দিনে, নগরের প্রাচীর ভেঙে ফেলা হল।

যিরমিয় 39:4–9

4 যখন যিহূদার রাজা সিদিকিয় ও সমস্ত সৈন্য তাদের দেখলেন, তারা পলায়ন করলেন। রাজার উদ্যানের পথ দিয়ে তারা রাত্রিবেলা নগর ত্যাগ করলেন। সেই ফটকটি ছিল দুটি প্রাচীরের মাঝখানে এবং পথ ছিল অরাবা অভিমুখী।

5 কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাদের পশ্চাদ্ধাবন করল এবং যিরীহোর সমভূমিতে সিদিকিয়ের নাগাল পেল। তারা তাঁকে বন্দি করল এবং হমাৎ দেশের রিব্‌লাতে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে তাঁকে নিয়ে গেল। সেখানে তিনি তাঁর দণ্ডাদেশ ঘোষণা করলেন। 6 সেখানে ব্যাবিলনের রাজা রিব্‌লায়, সিদিকিয়ের চোখের সামনেই তাঁর পুত্রদের হত্যা করলেন এবং যিহূদার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিকেও হত্যা করলেন। 7 তারপর তিনি সিদিকিয়ের দুই চোখ উপড়ে নিলেন এবং তাঁকে ব্যাবিলনে নিয়ে যাওয়ার জন্য পিতলের শিকল দিয়ে বাঁধলেন।

8 ব্যাবিলনীয়েরা রাজপ্রাসাদে ও লোকদের সমস্ত গৃহে আগুন লাগিয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীরগুলি ভেঙে ফেলল। 9 রাজরক্ষীবাহিনীর সেনাপতি নবূষরদন নগরের অবশিষ্ট লোকেদের এবং যারা তাদের পক্ষ অবলম্বন করেছিল তাদের ও অবশিষ্ট অন্য সব লোককে ব্যাবিলনে নির্বাসিত করলেন।

2 রাজাবলি 25:3–21

3 চতুর্থ মাসের নবম দিনে নগরের দুর্ভিক্ষ এত চরম আকার নিয়েছিল, যে সেখানকার লোকজনের কাছে কোনও খাবারদাবার ছিল না। 4 পরে নগরের প্রাচীর ভেঙে ফেলা হল, এবং রাতের বেলায় গোটা সৈন্যদল রাজার বাগানের কাছে থাকা দুটি প্রাচীরের মাঝখানে অবস্থিত দরজা দিয়ে পালিয়ে গেল, যদিও ব্যাবিলনের সৈন্যসামন্ত কিন্তু নগরটি ঘিরে রেখেছিল। তারা অরাবার দিকে পালিয়ে গেল, 5 কিন্তু ব্যাবিলনের সৈন্যদল রাজার পিছনে তাড়া করে গেল এবং যিরীহোর সমভূমিতে তাঁর নাগাল পেল। তাঁর সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে পৃথক হয়ে ছড়িয়ে পড়ল, 6 আর তিনি ধৃত হলেন।

তাঁকে ধরে রিব্‌লাতে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে যাওয়া হল, এবং সেখানে তাঁর শাস্তি ঘোষণা করা হল। 7 সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের তারা হত্যা করল। পরে তারা তাঁর চোখ উপড়ে নিয়েছিল, ও ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে তারা তাঁকে ব্যাবিলনে নিয়ে গেল।

8 ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের রাজত্বকালের উনিশতম বছরের পঞ্চম মাসের সপ্তম দিনে ব্যাবিলনের রাজার এক কর্মকর্তা, রাজকীয় রক্ষীদলের সেনাপতি নবূষরদন জেরুশালেমে এলেন। 9 তিনি সদাপ্রভুর মন্দিরে, রাজপ্রাসাদে এবং জেরুশালেমের সব বাড়িতে আগুন লাগিয়ে দিলেন। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘরবাড়ি তিনি পুড়িয়ে ছাই করে দিলেন। 10 রাজরক্ষীদলের সেনাপতির অধীনস্থ সমস্ত ব্যাবিলনীয় সৈন্য জেরুশালেমের চারপাশের প্রাচীর ভেঙে দিয়েছিল। 11 রক্ষীদলের সেনাপতি নবূষরদন নগরে থেকে যাওয়া লোকজনকে, এবং তাদের পাশাপাশি বাদবাকি জনসাধারণকে ও যারা ব্যাবিলনের রাজার কাছে পালিয়ে গেল, তাদেরও নির্বাসনে পাঠিয়ে দিলেন। 12 কিন্তু সেনাপতি দেশের অত্যন্ত গরিব কয়েকজন লোককে দ্রাক্ষাক্ষেতে ও ক্ষেতখামারে কাজ করার জন্য ছেড়ে গেলেন।

13 ব্যাবিলনীয়েরা সদাপ্রভুর মন্দিরের পিতলের দুটি স্তম্ভ, স্থানান্তরযোগ্য গামলা বসাবার পাত্রগুলি ও পিতলের সমুদ্রপাত্রটি ভেঙে খণ্ড খণ্ড করল, আর তারা সেগুলির পিতল ব্যাবিলনে নিয়ে গেল। 14 এছাড়াও তারা হাঁড়ি, বেলচা, সলতে ছাঁটার যন্ত্র, থালা ও মন্দিরের সেবাকাজে যেগুলি ব্যবহৃত হত, ব্রোঞ্জের সেইসব জিনিসপত্রও তুলে নিয়ে গেল। 15 রাজরক্ষীদলের সেনাপতি পাকা সোনা বা রুপো দিয়ে তৈরি সব ধুনুচি ও জল ছিটোনোর গামলাগুলিও নিয়ে গেলেন।

16 সদাপ্রভুর মন্দিরের জন্য শলোমন যে দুটি থাম, সমুদ্রপাত্র ও সরণযোগ্য তাকগুলি তৈরি করলেন, সেগুলিতে এত ব্রোঞ্জ ছিল যে তা মেপে রাখা সম্ভব হয়নি। 17 প্রত্যেকটি স্তম্ভ উচ্চতায় ছিল আঠারো হাত করে। এক-একটি স্তম্ভের মাথায় রাখা ব্রোঞ্জের স্তম্ভশীর্ষের উচ্চতা ছিল তিন হাত এবং সেটি পরস্পরছেদী এক জালের মতো করে সাজিয়ে দেওয়া হল ও সেটির চারপাশে ছিল ব্রোঞ্জের বেশ কয়েকটি ডালিম। অন্য থামেও একইরকম ভাবে পরস্পরছেদী জালের মতো সাজসজ্জা ছিল।

18 রক্ষীদলের সেনাপতি মহাযাজক সরায়কে, পদাধিকারবলে তাঁর পরে যিনি ছিলেন, সেই যাজক সফনিয়কে ও তিনজন দারোয়ানকে বন্দি করে নিয়ে গেলেন। 19 নগরে তখনও যারা থেকে গেলেন, তাদের মধ্যে যাঁর উপর যোদ্ধাদের দেখাশোনার দায়িত্ব ছিল, তাঁকে, ও পাঁচজন রাজকীয় পরামর্শদাতাকেও তিনি ধরেছিলেন। এছাড়াও যাঁর উপর দেশের প্রজাদের সামরিক বাহিনীতে কাজ করার জন্য বাধ্যতামূলকভাবে যোগ দেওয়ানোর দায়িত্ব দেওয়া ছিল, সেই সচিবকে এবং নগরে যে ষাটজন বাধ্যতামূলকভাবে সৈন্যতালিকাভুক্ত ব্যক্তি পাওয়া গেল, তাদেরও তিনি ধরেছিলেন। 20 সেনাপতি নবূষরদন তাদের সবাইকে ধরে রিব্‌লাতে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে এলেন। 21 হমাৎ দেশের রিব্‌লাতে ব্যাবিলনের রাজা প্রাণদণ্ডে দণ্ডিত এই লোকদের বধ করলেন।

অতএব যিহূদা তার দেশ থেকে নির্বাসিত হল।