নিজের দেশের ধ্বংসদশা নিয়ে যিরমিয়ের বিলাপ
588 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 হায়! যে নগরী একদিন ছিল মানুষজনে পরিপূর্ণ,
সে আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে!
যে ছিল একদিন জাতিসমূহের মধ্যে মহান,
তার দশা আজ বিধবার মতো!
একদিন যে ছিল প্রদেশগুলির রানি,
সে আজ পরিণত হয়েছে ক্রীতদাসীতে।
2 রাত্রিবেলা সে তীব্র রোদন করে,
তার দুই গাল বেয়ে অশ্রু বয়ে যায়।
তার সব প্রেমিকের মধ্যে,
তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই।
তার সব বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে;
তারা আজ সবাই তার শত্রু হয়েছে।
3 যন্ত্রণাভোগ ও কঠোর পরিশ্রমের পর,
যিহূদা নির্বাসিত হয়েছে।
সে জাতিসমূহের মধ্যে বাস করে;
সে কোনো বিশ্রামের স্থান খুঁজে পায় না।
যারা তাকে তাড়া করছিল,
তার বিপর্যয়ের মাঝে তারা তাকে ধরে ফেলেছে।
4 সিয়োনগামী পথগুলি শোকে ম্রিয়মাণ,
কারণ নির্ধারিত উৎসবগুলিতে আর কেউ আসে না।
তার সবকটি তোরণদ্বারের প্রবেশপথ নির্জন,
তার যাজকেরা আর্তনাদ করে।
তার কুমারী-কন্যারা শোকার্ত,
এবং সে নিজে তিক্ত মনোবেদনায় আচ্ছন্ন।
5 তার প্রতিপক্ষরা তার মনিব হয়েছে;
তার শত্রুরা আজ নিশ্চিন্ত।
তার অনেক অনেক পাপের জন্য
সদাপ্রভু তাকে ক্লিষ্ট করেছেন।
তার ছেলেমেয়েরা নির্বাসনে গেছে,
শত্রুদের চোখের সামনে তারা বন্দি হয়েছে।
6 সিয়োন-কন্যার মধ্য থেকে
সমস্ত জৌলুস অন্তর্হিত হয়েছে।
তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন,
যারা কোনো চারণভূমির সন্ধান পায় না।
তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে।
7 তার ক্লেশ ও অস্থির বিচরণের দিনগুলিতে,
জেরুশালেম তার সব ঐশ্বর্যের কথা স্মরণ করে যা পুরোনো দিনে তার ছিল।
যখন তার লোকেরা শত্রুদের হাতে ধরা পড়ল,
তখন তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না।
তার শত্রুরা তার দিকে তাকিয়েছিল
এবং তার বিনাশের জন্য ব্যঙ্গবিদ্রুপ করেছিল।
8 জেরুশালেম প্রচুর পাপ করেছে,
এবং তাই সে অশুচি হয়েছে।
যারা তাকে সম্মান করত, তারা তাকে অবজ্ঞা করছে,
কারণ তারা সবাই তাকে উলঙ্গ দেখেছে;
সে নিজেও আর্তনাদ করে
ও উল্টোদিকে মুখ ফিরায়।
9 তার জঘন্যতা তার বসনপ্রান্তে লেগে আছে;
সে তার ভবিষ্যতের কথা ভাবেনি।
তার পতন ছিল হতবুদ্ধিকর,
তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউই ছিল না।
“হে সদাপ্রভু, আমার দুঃখ দেখো,
কারণ শত্রু বিজয়ী হয়েছে।”
10 তার সমস্ত ধনসম্পদের উপরে
শত্রু হাত দিয়েছে;
সে দেখেছে, পৌত্তলিক জাতিগুলি
তার ধর্মধামে প্রবেশ করেছে—
তোমার সমাজে প্রবেশ করতে যাদের তুমি নিষেধ করেছিলে।
11 তার সব লোকজন খাদ্যের খোঁজে
আর্তনাদ করে;
নিজেদের বাঁচিয়ে রাখার জন্য
তারা তাদের সম্পদ বিনিময় করেছে।
“হে সদাপ্রভু, দেখো ও বিবেচনা করো,
কেননা আমি অবজ্ঞাত হয়েছি।”
12 “ওহে পথিকেরা, এতে কি তোমাদের কিছু এসে যায় না?
চারপাশে তাকিয়ে দেখো,
আমাকে যে ধরনের যন্ত্রণা দেওয়া হয়েছে,
তার মতো যন্ত্রণা আর কি কোথাও আছে,
যা সদাপ্রভু তাঁর প্রচণ্ড ক্রোধের দিনে
আমার উপরে নিয়ে এসেছেন?
13 “ঊর্ধ্ব থেকে তিনি অগ্নিপ্রদাহ প্রেরণ করেছেন,
তিনি তা প্রেরণ করেছেন আমার হাড়গুলির মধ্যে।
আমার পা দুটির জন্য তিনি জাল পেতেছেন
এবং আমাকে পিছন-পানে ঘুরিয়ে দিয়েছেন,
তিনি আমাকে জনশূন্য করেছেন,
যে সমস্ত দিন মূর্ছিত হয়ে পড়ে থাকে।
14 “আমার পাপগুলিকে একটি জোয়ালে বাঁধা হয়েছে;
তাঁর দুটি হাত সেগুলি একত্র বুনেছে।
সেগুলি আমার ঘাড় থেকে ঝুলছে,
এবং প্রভু আমার জীবনীশক্তি নিঃশেষ করেছেন।
যাদের আমি সহ্য করতে পারি না,
তাদের হাতেই তিনি আমাকে সমর্পণ করেছেন।
15 “আমার মধ্যে যেসব যোদ্ধা ছিল,
প্রভু তাদের অগ্রাহ্য করেছেন;
তিনি আমার বিরুদ্ধে এক সৈন্যদল তলব করেছেন,
যেন আমার যুবকদের চূর্ণ করেন।
প্রভু তাঁর আঙুর মাড়াই-কল,
কুমারী-কন্যা যিহূদাকে মর্দন করেছেন।
16 “এই কারণে আমি ক্রন্দন করি,
এবং আমার চোখদুটি অশ্রুপ্লাবিত হয়।
আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে কেউই নেই,
কেউ আমার প্রাণ সঞ্জীবিত করে না।
আমার ছেলেমেয়েরা আজ সহায়সম্বলহীন,
কারণ শত্রুরা বিজয়ী হয়েছে।”
17 সিয়োন তার দু-হাত প্রসারিত করেছে,
কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।
সদাপ্রভু যাকোব কুলের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন যে,
তার প্রতিবেশীরাই তার শত্রু হবে;
তাদের মধ্যে জেরুশালেম
এক অশুচি বস্তুতে পরিণত হয়েছে।
18 “সদাপ্রভু ধর্মময়,
তা সত্ত্বেও আমি তাঁর আজ্ঞার বিদ্রোহী হয়েছি।
সমস্ত জাতিগণ, তোমরা শোনো;
আমার কষ্টভোগের প্রতি দৃষ্টি দাও।
আমার যুবকেরা ও কুমারী-কন্যারা
নির্বাসনে চলে গেছে।
19 “আমি আমার মিত্রবাহিনীকে ডেকেছিলাম,
কিন্তু তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
আমার যাজকেরা ও প্রাচীনবর্গ
নিজেদের বাঁচিয়ে রাখার জন্য,
যখন খাদ্যদ্রব্যের অন্বেষণ করেছে,
তখন তারা নগরের মধ্যে বিনষ্ট হয়েছে।
20 “হে সদাপ্রভু, দেখো, আমি কতটা যাতনাগ্রস্ত!
আমার অন্তরে মর্মবেদনা প্রবল,
এবং অন্তরে আমি দুশ্চিন্তাগ্রস্ত,
কারণ আমি প্রচণ্ড বিদ্রোহী ছিলাম।
বাইরে, তরোয়াল শোকাহত করছে,
ভিতরে, কেবলই মৃত্যু।
21 “লোকেরা আমার আর্তনাদ শুনেছে,
কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার কেউই নেই।
আমার প্রতিটি শত্রু আমার দুর্দশার কথা শুনেছে;
তুমি যা করেছ, তার জন্য তারা উল্লসিত।
তোমার ঘোষিত সেদিনকে তুমি নিয়ে এসো,
যাতে তাদের অবস্থাও যেন আমারই মতো হয়।
22 “তাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হোক;
তুমি তাদের সঙ্গে তেমনই আচরণ করো
যেমনটি আমার কৃত সব পাপের জন্য
তুমি আমার সঙ্গে করেছ।
আমার দীর্ঘশ্বাস অসংখ্য
এবং আমার হৃদয় মূর্ছিত।”
2:1 প্রভু সিয়োন-কন্যাকে তাঁর আপন ক্রোধের
মেঘে কেমন আবৃত করেছেন!
তিনি ইস্রায়েলের জৌলুসকে
আকাশ থেকে ভূতলে নিক্ষেপ করেছেন;
তাঁর ক্রোধের দিনে,
তাঁর পাদপীঠের কথা তিনি মনে রাখেননি।
2 কোনো মমতা ছাড়াই প্রভু
যাকোবের সমগ্র আবাস গ্রাস করেছেন;
তিনি সক্রোধে যিহূদা-কন্যার দুর্গগুলি
উৎপাটন করেছেন।
তার রাজ্য ও তার রাজপুরুষদের
অসম্মানের সঙ্গে তিনি ভূলুণ্ঠিত করেছেন।
3 তিনি প্রচণ্ড ক্রোধে
ইস্রায়েলের প্রতিটি শৃঙ্গকে ছিন্ন করেছেন।
শত্রু অগ্রসর হওয়ার সময়
তিনি তাঁর দক্ষিণ হস্ত প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি যাকোবকে এক লেলিহান আগুনের শিখার মতো ভস্মীভূত করেছেন
যা তার চারপাশের সবকিছুকে গ্রাস করে নেয়।
4 শত্রুর মতো তিনি তাঁর ধনুকে চাড়া দিয়েছেন;
তাঁর ডান হাত প্রস্তুত।
যারা নয়নরঞ্জন ছিল,
তিনি তাদের শত্রুর মতোই বধ করেছেন।
তিনি তাঁর রোষ আগুনের মতো
সিয়োন-কন্যার শিবিরের উপরে ঢেলে দিয়েছেন।
5 প্রভু যেন এক শত্রু;
তিনি ইস্রায়েলকে গ্রাস করেছেন।
তিনি তার সব প্রাসাদ গ্রাস করেছেন
এবং তার দুর্গসকল ধ্বংস করেছেন।
যিহূদা-কন্যার শোকগাথা ও বিলাপ
তিনি বহুগুণে বৃদ্ধি করেছেন।
6 বাগানের মতো তাঁর আবাসকে তিনি বিধ্বস্ত করেছেন;
তাঁর আপন সমাগম-স্থান তিনি ধ্বংস করেছেন।
সদাপ্রভু সিয়োনকে বিস্মৃত করিয়ে দিয়েছেন
তার নির্ধারিত সব পার্বণ-উৎসব ও সাব্বাথের দিনগুলি;
তিনি তাঁর ভয়ংকর ক্রোধে
রাজা ও যাজক উভয়কেই অবজ্ঞা করেছেন।
7 প্রভু তাঁর বেদিকে প্রত্যাখ্যান করেছেন
এবং তাঁর ধর্মধামকে পরিত্যাগ করেছেন।
তিনি জেরুশালেমের প্রাসাদগুলির প্রাচীর
তার শত্রুদের হাতে তুলে দিয়েছেন;
কোনও নির্ধারিত উৎসব-দিনের মতো
তারা সদাপ্রভুর গৃহে চিৎকার করেছে।
8 সদাপ্রভু দৃঢ়সংকল্প করেছেন, তিনি সিয়োন-কন্যার
চারপাশের প্রাচীর ভেঙে ফেলবেন।
তিনি একটি মাপকাঠি বিস্তৃত করেছেন,
এবং তাঁর হাতকে ধ্বংসকার্য থেকে নিবৃত্ত করেননি।
তিনি পরিখা ও প্রাচীরগুলিকে বিলাপ করিয়েছেন;
সেগুলি একসঙ্গে পড়ে বিধ্বস্ত হয়েছে।
9 তার তোরণদ্বারগুলি মাটিতে ঢাকা পড়েছে;
সেগুলির অর্গলগুলি তিনি ভেঙেছেন ও ধ্বংস করেছেন।
তার রাজা ও রাজপুরুষেরা জাতিগণের মধ্যে নির্বাসিত হয়েছে,
বিধান আর নেই,
এবং তার ভাববাদীরা সদাপ্রভুর কাছ থেকে
কোনো দর্শন পান না।
10 সিয়োন-কন্যার সমস্ত প্রাচীন
নীরবে মাটিতে বসে রয়েছেন;
তাদের মাথায় তারা ধুলো নিক্ষেপ করেছেন
এবং শোকবস্ত্র পরিধান করেছেন।
জেরুশালেমের যুবতী নারীরা
মাটিতে অধোমুখ হয়েছে।
11 কাঁদতে কাঁদতে আমার চোখ ঝাপসা হয়েছে,
আমার অন্তরে প্রচণ্ড মর্মবেদনা,
আমার হৃদয় যেন গলে গিয়ে মাটিতে বয়ে যাচ্ছে
কেননা আমার লোকেরা ধ্বংস হচ্ছে,
কেননা ছেলেমেয়ে ও দুগ্ধপোষ্য শিশুরা
নগরের পথে পথে মূর্ছিত হচ্ছে।
12 তারা তাদের মায়েদের বলে,
“আমাদের জন্য খাবার ও দ্রাক্ষারস কোথায়?” কেননা তারা নগরের পথে পথে আহত
মানুষের মতো মূর্ছিত হয়,
তাদের মায়েদের কোলে
তাদের প্রাণ ঢলে পড়ে।
13 আমি তোমাকে কী বলব? হে, জেরুশালেম-কন্যা,
তোমাকে কার সঙ্গে আমি তুলনা করব?
হে সিয়োনের কুমারী-কন্যা,
কার সঙ্গে আমি তোমার তুলনা করব,
যাতে আমি তোমাকে সান্ত্বনা দিতে পারি?
তোমার ক্ষত সমুদ্রের মতোই গভীর।
কে তোমায় আরোগ্য করতে পারে?
14 তোমার ভাববাদীদের দর্শনগুলি
মিথ্যা ও অসার ছিল;
নির্বাসন থেকে তোমাকে মুক্ত করার জন্য
তারা তোমার পাপকে প্রকাশ করেনি।
যে প্রত্যাদেশ তারা তোমাকে দিয়েছিল,
সেগুলি ছিল মিথ্যা ও ভ্রান্ত পথ-নির্দশক।
15 যারাই তোমার পাশ দিয়ে যায়,
তারাই তোমাকে দেখে হাততালি দেয়;
তারা জেরুশালেম-কন্যাকে
টিটকিরি দেয় ও মাথা নেড়ে বলে:
“এই কি সেই নগর, যাকে বলা হত
‘পরম সৌন্দর্যের স্থান,’ ও
‘সমস্ত পৃথিবীর আনন্দস্থল’?”
16 তোমার সব শত্রু তোমার বিপক্ষে
মুখ খুলে বড়ো হাঁ করে;
তারা টিটকিরি দেয় ও দাঁতে দাঁত ঘষে,
আর বলে, “আমরা ওকে গিলে ফেলেছি।
এই দিনটির জন্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম;
এটি দেখার জন্যই আমরা বেঁচেছিলাম।”
17 সদাপ্রভু তাঁর পরিকল্পনা অনুযায়ী কাজ করেছেন;
তিনি তাঁর কথা রেখেছেন,
যে কথা তিনি বহুপূর্বে ঘোষণা করেছিলেন।
তিনি মমতা না করে তোমাকে নিপাত করেছেন,
তিনি শত্রুকে তোমার বিরুদ্ধে আনন্দ করতে দিয়েছেন,
তিনি তোমার বিপক্ষের শৃঙ্গকে উন্নত করেছেন।
18 লোকদের হৃদয়
প্রভুর কাছে কেঁদে ওঠে।
হে সিয়োন-কন্যার প্রাচীর,
দিনরাত তোমার চোখ দিয়ে
নদীস্রোতের মতো অশ্রু বয়ে যাক;
তোমার কোনও ছাড় নেই,
তোমার চোখের কোনও বিশ্রাম নেই।
19 রাতের প্রহর শুরু হলে পর ওঠো,
রাত্রিকালে কাঁদতে থাকো;
প্রভুর সামনে
জলের মতো তোমার হৃদয় ঢেলে দাও
তাঁর উদ্দেশ্যে তোমার দু-হাত তুলে ধরো,
তোমার ছেলেমেয়েদের প্রাণরক্ষার জন্য,
যারা প্রত্যেকটি পথের মোড়ে
ক্ষুধায় মূর্ছিত হয়।
20 “হে সদাপ্রভু, তুমি দেখো ও বিবেচনা করো:
তুমি এমন আচরণ আগে কার সঙ্গে করেছ?
যে নারীরা তাদের ছেলেমেয়েদের জন্ম দিয়েছে, তাদের সন্তানদের প্রতিপালন করেছে,
তারা কি তাদের মাংস খাবে?
প্রভুর ধর্মধামের ভিতরে কি যাজক ও ভাববাদীদের
হত্যা করা হবে?
21 “পথে পথে ধুলোর মধ্যে
যুবক ও বৃদ্ধ সকলেই লুটিয়ে পড়ে আছে;
আমার যুবকেরা ও কুমারী-কন্যারা
তরোয়ালের আঘাতে ভূপাতিত হয়েছে।
তোমার ক্রোধের দিনে তুমি তাদের বধ করেছ;
কোনো মমতা ছাড়াই তুমি তাদের কেটে ফেলেছ।
22 “উৎসবের দিনে তুমি যেভাবে লোকদের আহ্বান করো,
ঠিক তেমনই তুমি আমার জন্য চারদিক থেকে ত্রাসকে আহ্বান করেছ।
সদাপ্রভুর ক্রোধের দিনে
কেউই পালাতে বা বেঁচে থাকতে পারেনি;
যাদের আমি প্রতিপালন ও যত্ন করেছি,
আমার শত্রু তাদের সংহার করেছে।”