জেরুশালেমের মন্দির পুড়িয়ে দেওয়া হয় (continued)
588 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
আসফের মস্কীল।
1 হে ঈশ্বর কেন তুমি আমাদের চিরকালের জন্য পরিত্যাগ করেছ?
তোমার চারণভূমির মেষদের প্রতি কেন তোমার ক্রোধ জ্বলে ওঠে?
2 তুমি সেই জাতিকে মনে রেখো, যাদের তুমি প্রাচীনকালে কিনেছ,
তোমার অধিকারের লোকেদের, যাদের তুমি মুক্ত করেছ—
সিয়োন পর্বত, যেখানে তুমি বসবাস করেছিলে।
3 চিরস্থায়ী এই ধ্বংসের দিকে তুমি এবার পা বাড়াও,
দেখো, শত্রুরা পবিত্রস্থানে কেমন ধ্বংস নিয়ে এসেছে।
4 তোমার বিপক্ষেরা সেই স্থানে গর্জন করল যেখানে তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলে;
তারা তাদের যুদ্ধের মানদণ্ড নিদর্শনরূপে স্থাপন করল।
5 তারা এমন মানুষের মতো আচরণ করল
যারা ঘন বনজঙ্গল কুড়ুল দিয়ে শাসন করে।
6 কুড়ুল ও হাতুড়ি দিয়ে
তারা সেইসব খাঁজকাটা কাজ ধ্বংস করল।
7 তারা তোমার পবিত্রস্থান পুড়িয়ে ধুলোতে মিলিয়ে দিল;
তোমার নামের আবাসস্থল অশুচি করল।
8 তারা নিজেদের হৃদয়ে বলল, “আমরা তাদের সম্পূর্ণরূপে চূর্ণ করব!”
দেশের যে স্থানে ঈশ্বরের আরাধনা হত সেইসব স্থান তারা পুড়িয়ে দিল।
9 ঈশ্বরের কাছ থেকে আমাদের কোনো নিদর্শন দেওয়া হয়নি;
কোনো ভাববাদী আর বেঁচে নেই,
আর আমাদের কেউ জানে না এসব কতকালের জন্য।
10 হে ঈশ্বর, আর কত কাল শত্রুরা তোমাকে উপহাস করবে?
তারা কি চিরকাল তোমার নামের অসম্মান করবে?
11 কেন তুমি তোমার শক্তিশালী ডান হাত আটকে রেখেছ?
তা তোমার পোশাকের ভিতর থেকে বের করে শত্রুদের ধ্বংস করো!
12 কিন্তু ঈশ্বর বহুকাল থেকেই আমার রাজা
তিনি জগতে পরিত্রাণ নিয়ে আসেন।
13 তুমি তোমার শক্তি দিয়ে সমুদ্র দুভাগে ভাগ করেছ;
আর সামুদ্রিক দৈত্যের মাথাগুলি পিষে দিয়েছ।
14 তুমিই লিবিয়াথনের মাথাগুলি চূর্ণ করেছ
আর মরুভূমির জন্তুদের তা খাবার জন্য দিয়েছ।
15 তুমি ঝরনা আর জলপ্রবাহ খুলে দিয়েছ;
চিরকাল বয়ে যাওয়া নদীকে তুমি শুকনো করেছ।
16 দিন তোমার এবং রাতও তোমার
তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ।
17 তুমি জগতের সমস্ত প্রান্তসীমা নির্ণয় করেছ;
তুমি গ্রীষ্মকাল আর শীতকাল উভয় তৈরি করেছ।
18 হে সদাপ্রভু, মনে রেখো, শত্রুরা কেমন তোমাকে উপহাস করেছে,
মূর্খ লোকেরা কীভাবে তোমার নামের অসম্মান করেছে।
19 তোমার ঘুঘুর প্রাণ বন্যপশুর হাতে তুলে দিয়ো না;
চিরকালের জন্য তোমার পীড়িত লোকেদের জীবন ভুলে যেয়ো না।
20 তোমার নিয়মের প্রতিশ্রুতি মনে রেখো,
কেননা পৃথিবী অন্ধকার আর অত্যাচারে পরিপূর্ণ।
21 পীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়;
দরিদ্র আর অভাবী তোমার নামের প্রশংসা করুক।
22 হে ঈশ্বর, ওঠো, তোমার উদ্দেশ্য রক্ষা করো;
মনে রেখো, সারাদিন মূর্খরা কীভাবে তোমাকে উপহাস করে।
23 তোমার প্রতিপক্ষদের চিৎকার উপেক্ষা কোরো না;
তোমার শত্রুদের শোরগোল, যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়।
একটি গান। আসফের গীত।
1 হে ঈশ্বর, তুমি নীরব থেকো না;
আমার প্রতি বধির হোয়ো না,
হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থেকো না।
2 দেখো, আমার শত্রুরা কেমন গর্জন করে,
দেখো, আমার বিপক্ষরা কেমন তাদের মাথা তোলে।
3 তারা ধূর্ততায় তোমার প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে;
তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।
4 “এসো,” তারা বলে, “আমরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করি,
আর যেন ইস্রায়েলের নাম মনে না রাখা হয়।”
5 তারা এক মনে চক্রান্ত করে;
তোমার বিরুদ্ধে তারা একজোট গঠন করে—
6 ইদোমের তাঁবুগুলি আর ইশ্মায়েলীয়রা,
মোয়াব আর হাগরীয়রা,
7 গিব্লীয়, অম্মোন আর অমালেকীয়রা,
সোরের বাসিন্দাদের সঙ্গে, ফিলিস্তিয়া।
8 এমনকি আসিরিয়া তাদের সঙ্গে একজোট হয়েছে
আর লোটের উত্তরপুরুষদের সঙ্গে একজোট হয়েছে।
9 তাদের বিরুদ্ধে সেইরূপ করো যেমন মিদিয়নদের প্রতি করেছিলে,
কীশোন নদীতে যেমন সীষরা আর যাবীনের প্রতি করেছিলে,
10 ঐনদোরে যারা বিনষ্ট হয়েছিল
আর মাটিতে পরে থাকা আবর্জনার মতো হয়েছিল।
11 বিশিষ্ট ব্যক্তিরা ওরেব ও সেবের মতো
আর তাদের অধিপতিরা সেবহ ও সল্মুন্নার মতো মরে যাক,
12 কেননা তারা বলেছিল, “এসো, আমরা ঈশ্বরের চারণভূমি
অধিকার করি।”
13 হে ঈশ্বর, তাদের ঘূর্ণীয়মান ধুলোর মতো,
বাতাসের সামনে তুষের মতো করো।
14 আগুন যেমন জঙ্গল গ্রাস করে
অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়,
15 সেইরকম তোমার প্রচণ্ড ঝড়ে তাদের তাড়া করো
আর তোমার ঝড়ে তাদের আতঙ্কিত করো।
16 হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও,
যেন তারা তোমার নাম অন্বেষণ করে।
17 তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়;
তারা যেন অপমানে বিনষ্ট হয়।
18 তারা জানুক যে একমাত্র তোমারই নাম সদাপ্রভু,
আর একমাত্র তুমিই সমগ্র জগতের উপর পরাৎপর।