শলোমনের পরমগীত (continued)
1001 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
বান্ধবীদের দল
1 হে পরমাসুন্দরী, তোমার প্রেমিক
কোথায় চলে গেছেন?
তোমার প্রেমিক কোনও দিকে গেছেন, তোমার সঙ্গে আমরাও
তো তাঁকে সেখানে খুঁজতে যেতে পারি?
প্রেমিকা
2 আমার প্রেমিক তাঁর বাগানে,
সুগন্ধি মশলার কেয়ারিতে নেমে গেছেন,
বাগানগুলিতে পদচারণা করতে
আর লিলি ফুল চয়ন করতে।
3 আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই;
তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।
প্রেমিক
4 ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী,
জেরুশালেমের মতো লাবণ্যময়,
পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো।
5 আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও;
ওরা আমাকে বিহ্বল করে দেয়;
তোমার কেশরাশি এমন ছাগপালের মতো,
যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে
6 তোমার দন্তপঙক্তি যেন একপাল মেষ,
যাদের সদ্য ধৌত করা হয়েছে,
ওরা কেউ একা নয়,
প্রত্যেকের সঙ্গে রয়েছে তার যমজ শাবক।
7 ঘোমটায় আবৃত তোমার কপোল
অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।
8 রানি সম্ভবত ষাটজন,
আর উপপত্নী আশি জন,
আর কুমারীর সংখ্যা অগণ্য;
9 কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা,
তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে;
রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।
বান্ধবীদের দল
10 উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন,
যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল,
নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?
প্রেমিক
11 আমি আখরোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে,
উপত্যকায় নবীন কোনও তরু অঙ্কুরিত হল কি না,
দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হল
কিংবা ডালিম গাছে ফুল এল কি না।
12 বিষয়টি ভালো করে বোঝার আগেই
আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে।
বান্ধবীদের দল
13 ফিরে এসো, ফিরে এসো, হে শূলম্মীয়ে; ফিরে এসো,
ফিরে এসো, যাতে আমরা অপলকে তোমাকে দেখতে পাই।
প্রেমিক
মহনয়িমের নৃত্যের মতো করে তোমরা কেন
শূলম্মীয়েকে অপলকে দেখতে চাইছ?
7:1 হে রাজদুহিতা! পাদুকা পরিহিত
তোমার দুটি চরণ কী মনোহর!
তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ,
যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।
2 তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো,
যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না।
তোমার কটিদেশ
যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ।
3 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,
যেন গজলা হরিণীর যমজ শাবক।
4 তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার।
তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের
পাশে অবস্থিত হিষ্বোনের সরোবরগুলির মতো।
তোমার নাক
যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।
5 তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট।
তোমার কেশরাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা,
যে অসামান্য অলকগুচ্ছে রাজাও বন্দি হয়ে যান।
6 হে মোর প্রেম, তুমি কত সুন্দর এবং
তোমার মাধুর্যের কারণে কী মনোহর তোমার ব্যক্তিত্ব!
7 তোমার দীর্ঘাঙ্গী চেহারা খেজুর গাছের মতো
আর তোমার দুটি স্তন একগুচ্ছ ফলের মতো।
8 আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব;
এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।”
তোমার স্তনদ্বয় হয়ে
উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ,
তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে,
9 আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম।
প্রেমিকা
এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক,
যা তাঁর দন্তশ্রেণী ও ওষ্ঠাধর
বেয়ে ধীরে প্রবাহিত হবে।
10 আমি কেবলমাত্র আমার প্রেমিকের
এবং আমার প্রতি তিনি আসক্ত।
11 ওগো মোর প্রেমিক, এসো, আমরা পল্লীগ্রামের দিকে যাই,
চলো আমরা গ্রামদেশে গিয়ে নিশিযাপন করি।
12 ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে যাই,
দেখি দ্রাক্ষালতায় কুঁড়ি এল কি না,
তা মঞ্জরিত হল কি না,
আর ডালিম গাছে ফুল ফুটল কি না—ওখানেই
আমি তোমায় আমার প্রেম নিবেদন করব।
13 চারপাশে এখন দূদাফলের সৌরভ,
আর আমাদের দোরগোড়াতেই আছে
নতুন ও পুরোনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য,
হে প্রিয়, যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।
8:1 তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে
আমার সহোদর ভাইয়ের মতো!
তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে,
আমি তোমাকে চুম্বন করতাম,
তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না।
2 আমি তোমাকে পথ দেখাতাম
আর নিয়ে যেতাম
আমার মায়ের ঘরে—
যে মা আমার শিক্ষাদাত্রী।
আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম,
দিতাম আমার ডালিম ফলের নির্যাস।
3 তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে,
আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে।
4 জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,
যতক্ষণ না বাসনা জেগে উঠছে,
ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।
বান্ধবীদের দল
5 মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে?
প্রেমিকা
যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন
সেই আপেল গাছের তলায় আমি
তোমাকে জাগালাম; ওখানে
তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।
6 তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো,
তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো;
কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী,
এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য।
এ যেন এক জ্বলন্ত আগুন,
এক লেলিহান আগুনের শিখা।
7 অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না;
নদীরাও তাকে মুছে দিতে পারে না।
কেউ যদি প্রেমের বিনিময়ে
তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়,
তবে তা ধিক্কারজনক হবে।
8 আমাদের একটি অল্পবয়সি বোন আছে,
তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি।
আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি,
কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?
9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,
তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব,
সে যদি দুয়ারস্বরূপা হয়,
তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।
10 আমি প্রাচীরস্বরূপা
এবং আমার দুটি স্তন গম্বুজের মতো।
এভাবেই আমি তাঁর চোখে
পরম তৃপ্তিদায়ক হয়ে উঠলাম।
11 বায়াল-হামনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল;
যা তিনি তার ভাগচাষিদের চাষ করতে দিয়েছেন।
এর ফলের জন্য তাদের মাথাপিছু
দিতে হবে এক সহস্র রৌপ্যমুদ্রা।
12 কিন্তু আমার নিজের দ্রাক্ষাকুঞ্জ দিতে পারি শুধু আমিই;
হে শলোমন, এই 1,000 শেকল রৌপ্যমুদ্রা তোমার জন্য,
আর আমার দ্রাক্ষাকুঞ্জের উৎপাদিত ফলের পরিচর্যাকারী কৃষকেরা পাবে মাথাপিছু
200 শেকল রৌপ্যমুদ্রা।
প্রেমিক
13 প্রতীক্ষারত বন্ধুদের নিয়ে
ওগো কাননচারিনী,
তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও!
প্রেমিকা
14 ওগো মোর প্রেমিক, চলে এসো,
এবং সুগন্ধি মশলায় ছেয়ে
যাওয়া পর্বতমালায় বিচরণরত হরিণী
কিংবা হরিণশাবক সদৃশ হও।