শলোমনের পরমগীত (continued)

1001 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

পরমগীত 3–5

1 সারারাত আমার শয্যায় আমি একজনের প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলাম,

যাঁকে আমার হৃদয় ভালোবাসে;

তাঁর জন্য পথ চেয়ে বসে থাকলাম কিন্তু তাঁর দেখা পেলাম না।

2 আমি এখন উঠব এবং নগরে যাব,

সেখানকার পথে-ঘাটে ও উন্মুক্ত চত্বরে তাঁকে অন্বেষণ করব,

যাঁকে আমার হৃদয় ভালোবাসে।

এইভাবে আমি তাঁকে অন্বেষণ করলাম কিন্তু তাঁর দেখা পেলাম না।

3 নগররক্ষীরা রাতপাহারা দেবার সময় আমাকে দেখতে পেল।

“তোমরা কি তাঁকে দেখেছ,

যাঁকে আমার হৃদয় ভালোবাসে?”

4 তাদের ছেড়ে আমি যখন এগিয়ে গেলাম

ঠিক তখনই তাঁর দেখা পেলাম, যাঁকে আমার হৃদয় ভালোবাসে।

আমি তাঁকে আঁকড়ে ধরলাম, তাঁকে কিছুতেই ছাড়লাম না,

যতক্ষণ না তাঁকে আমার মায়ের বাড়িতে,

আমার জন্মদাত্রীর বাড়িতে নিয়ে গেলাম।

5 জেরুশালেমের কন্যারা, মাঠের গজলা হরিণীদের

এবং হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি,

যতক্ষণ না বাসনা জেগে উঠছে,

ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

6 বণিকদের বিভিন্ন মশলাপাতি সহযোগে

তৈরি গন্ধরস ও কুন্দুরুর সুবাস ছড়িয়ে,

মরুপ্রান্তর পেরিয়ে

ধোঁয়ার স্তম্ভের মতো কে আসে ওই?

7 ও মা! দেখো, দেখো! এ যে শলোমনের ঘোড়ার গাড়ী,

যাকে ষাটজন যোদ্ধা পাহারা দিচ্ছে,

যারা ইস্রায়েলের সর্বোত্তম বীর,

8 এরা প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকেই রণাঙ্গনের অভিজ্ঞতালব্ধ,

এদের প্রত্যেকের কটিদেশে

নিজ নিজ তরবারি সংলগ্ন,

রাত্রিকালীন সন্ত্রাসের মোকাবিলায় সর্বদা প্রস্তুত।

9 রাজা শলোমন তাঁর নিজের জন্য এই ঘোড়ার গাড়ীটি তৈরি করেছেন,

লেবাননের কাঠ দিয়ে তিনি এটি নির্মাণ করেছেন।

10 তিনি এর স্তম্ভগুলি রুপো দিয়ে,

আর তলার অংশ সোনা দিয়ে তৈরি করেছেন,

এর বসার গদিটি বেগুনিয়া বস্ত্রে সুসজ্জিত,

এর অন্দরসজ্জায় জেরুশালেমের কন্যাদের

প্রীতিপূর্ণ কারুকাজ। 11 ওগো সিয়োন-কন্যারা,

তোমরা বাইরে বেরিয়ে এসো,

দেখো, রাজা শলোমনকে,

তিনি মাথায় মুকুট পরছেন,

সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তাঁর মা মাথায় পরিয়ে দিয়েছিলেন,

যেদিন তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল।

প্রেমিক

4:1 প্রিয়তমা আমার, অপূর্ব সুন্দরী তুমি!

আহা, কী অপরূপ তুমি!

তোমার ঘোমটার আড়ালে তোমার দুটি চোখ কপোতের মতো।

তোমার কেশরাশি একপাল ছাগলের মতো,

যারা গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসে।

2 তোমার দন্তপঙক্তি যেন সদ্য পশম ছাঁটা মেষপালের মতো,

যাদের সদ্য ধৌত করা হয়েছে,

ওরা কেউ একা নয়,

প্রত্যেকের সঙ্গে তার যমজ শাবক রয়েছে।

3 তোমার ওষ্ঠাধর রক্তিম ফিতের মতো;

তোমার মুখশ্রী চমৎকার।

ঘোমটা আবৃত তোমার কপোল

অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।

4 তোমার গলা দাউদের দুর্গের মতো,

অসামান্য সুষমামণ্ডিত যার পাথরের নির্মাণসৌকর্য,

যার উপরে টাঙানো থাকে এক হাজার ঢাল,

যেগুলির প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল।

5 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,

যেন গজলা হরিণীর যমজ শাবক,

যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায়।

6 বেলা শেষ হওয়ার আগে

এবং ছায়া মুছে যাওয়ার আগে

আমি গন্ধরসের পর্বতে

এবং কুন্দুরুর পাহাড়ে যাব।

7 আমার প্রিয়া, সর্বাঙ্গ সুন্দরী তুমি;

তোমাতে কোনও খুঁত নেই।

8 ও আমার বধূ লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো,

লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো।

অমানার শৃঙ্গ থেকে, শনীর চূড়া থেকে, হর্মোণের শীর্ষদেশ থেকে,

সিংহদের গুহা থেকে

এবং পর্বতে বাসা বাঁধা চিতাবাঘদের আস্তানা থেকে অবতরণ করো।

9 তুমি আমার হৃদয় হরণ করেছ, মম ভগিনী, মম বধূ;

তোমার এক মুহূর্তের চাহনি,

তোমার জড়োয়ার একটিমাত্র

রত্ন আমার হৃদয় হরণ করেছে।

10 কী মধুর তোমার প্রেম, মম ভগিনী, মম বধূ!

তোমার প্রেম সুরার চেয়েও এবং তোমার সুগন্ধির সৌরভ

যে কোনও সুগন্ধি মশলার চেয়েও

কত বেশি আনন্দদায়ক!

11 ওগো মোর বধূ, তোমার ওষ্ঠাধর থেকে মৌচাকের মতো মধু ঝরে পড়ে,

তোমার জিহ্বার নিচে দুধ ও মধু আছে।

তোমার পোশাকের

সুবাস লেবাননের মতো।

12 মম ভগিনী, মম বধূ, তুমি অর্গলবদ্ধ এক বাগিচা;

এক মুদ্রাঙ্কিত, অবরুদ্ধ ঝরনা।

13 তোমার চারাগাছগুলি ডালিমের উপবন,

যেখানে আছে উৎকৃষ্ট ফল,

আছে মেহেদি ও জটামাংসী

14 জটামাংসী আর জাফরান, বচ,

দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ,

আছে গন্ধরস,

অগুরু ও উৎকৃষ্ট মশলার গাছ।

15 তুমি বাগিচায় ঘেরা এক ঝরনা,

প্রবাহিত জলের এক উৎস,

যার স্রোত সেই লেবানন থেকে বইছে।

প্রেমিকা

16 জাগো, হে উত্তুরে বায়ু,

এসো হে দখিনা বাতাস!

বয়ে যাও আমার এই বাগিচায়,

যাতে এর সৌরভ চারদিকে ছড়িয়ে যায়।

আমার প্রেমিককে আসতে দাও তাঁর আপন বাগিচায়

এবং তাঁর পছন্দসই ফলের স্বাদ গ্রহণ করতে দাও।

প্রেমিক

5:1 মম ভগিনী, মম বধূ, আমি এসেছি আমার কাননে;

আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি।

আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি,

আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি।

বান্ধবীদের দল

হে বন্ধুরা, আহার করো এবং পান করো;

আকণ্ঠ তোমাদের প্রেমসুধা পান করো।

প্রেমিকা

2 আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল।

ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন:

“দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া,

আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য।

আমার মস্তক শিশিরে ভিজে গেছে,

রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”

3 আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি—

তা কি আবার আমায় পরিধান করতে হবে?

আমার দুই পা ধুয়েছি—

তা কি আবার ধূলিমলিন করব?

4 আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন;

তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।

5 আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম,

আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দু-হাত ভিজে গেল,

তরল গন্ধরসে আমার আঙুলগুলি সিক্ত হল।

6 আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন,

চলে গেছেন তিনি।

তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল।

তাঁকে কত খুঁজলাম,

কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না,

তাঁকে কত ডাকলাম,

কিন্তু তিনি সাড়া দিলেন না।

7 নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল।

ওরা আমাকে প্রহার করল,

ক্ষতবিক্ষত করল;

পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!

8 হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,

তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে,

কী বলবে তাঁকে? বলবে যে,

তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।

বান্ধবীদের দল

9 হে পরমাসুন্দরী,

অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য?

আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ,

অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?

প্রেমিকা

10 আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম,

দশ হাজার জনের মধ্যেও সেরা।

11 তাঁর মস্তক খাঁটি সোনার মতো;

তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।

12 তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত,

যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।

13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত।

তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।

14 তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো;

তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।

15 তাঁর ঊরুদ্বয় খাঁটি সোনা দিয়ে তৈরি

তলদেশের উপরে বসানো মার্বেল পাথরের স্তম্ভ।

তাঁর আকৃতি লেবাননের মতো,

উৎকৃষ্ট সিডার গাছের মতো।

16 তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে;

সব মিলিয়ে তিনি ভারী সুন্দর।

হে জেরুশালেমের কন্যারা,

ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।