ভাগ 5: শিবার রানি শলোমনের সঙ্গে দেখা করতে আসেন

শলোমনের মহত্ত্ব এবং শিবার রানির আগমন।

992 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 রাজাবলি 9:15–16

15 রাজা শলোমন যেসব বেগার শ্রমিককে বাধ্যতামূলকভাবে সদাপ্রভুর মন্দির, তাঁর নিজের প্রাসাদ, উঁচু চাতাল, জেরুশালেমের প্রাচীর, এবং হাৎসোর, মগিদ্দো ও গেষর গাঁথার কাজে লাগলেন, এই হল তাদের বিবরণ। 16 (মিশরের রাজা ফরৌণ গেষর আক্রমণ করে তা অধিকার করে নিয়েছিলেন। সেখানে তিনি আগুন ধরিয়ে দিলেন। তিনি সেখানকার কনানীয় অধিবাসীদের হত্যা করে সেটি তাঁর মেয়ে, শলোমনের স্ত্রীকে বিয়ের যৌতুকরূপে উপহার দিলেন।

2 বংশাবলি 8:12–16

12 দ্বারমণ্ডপের সামনের দিকে শলোমন সদাপ্রভুর যে বেদিটি তৈরি করলেন, সেটির উপরে তিনি সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করলেন। 13 সাব্বাথবারের, অমাবস্যার ও তিনটি বাৎসরিক উৎসবের—খামিরবিহীন রুটির উৎসব, সাত সপ্তাহের উৎসব ও কুটিরবাস-পর্ব—জন্য মোশির আদেশমতো প্রাত্যহিক নৈবেদ্যের যে চাহিদা তুলে ধরা হল, সেই অনুসারেই তিনি তা করলেন। 14 তাঁর বাবা দাউদের স্থির করে দেওয়া নিয়মানুসারে, কয়েকটি বিভাগে ভাগ করে যাজকের দায়িত্ব পালনের জন্য তিনি তাদের নিযুক্ত করে দিলেন, এবং প্রশংসাগানে নেতৃত্ব দেওয়ার ও প্রাত্যহিক চাহিদানুসারে যাজকদের কাজে সাহায্য করার দায়িত্ব দিয়ে তিনি লেবীয়দেরও নিযুক্ত করলেন। এছাড়াও বিভিন্ন দরজার জন্য কয়েকটি বিভাগে ভাগ করে তিনি দ্বাররক্ষীদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দাউদ এরকমই আদেশ দিলেন। 15 যাজকদের বা লেবীয়দের ক্ষেত্রে ও এমনকি কোষাগারগুলির ক্ষেত্রেও প্রযোজ্য রাজার আদেশ থেকে তারা একচুলও সরে যায়নি।

16 সদাপ্রভুর মন্দিরের ভীত যেদিন গাঁথা হল, সেদিন থেকে শুরু করে মন্দিরটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত শলোমনের সব কাজ ঠিকঠাকই চলেছিল। এইভাবে সদাপ্রভুর মন্দিরটি সম্পূর্ণ হল।

1 রাজাবলি 9:25–28

25 শলোমন সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদিটি তৈরি করলেন, সেখানে তিনি বছরে তিনবার হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করতেন, এবং সেগুলির সাথে সাথে সদাপ্রভুর সামনে ধূপও জ্বালাতেন, আর এভাবেই তিনি মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করলেন।

26 এছাড়াও রাজা শলোমন লোহিত সাগরের তীরে, ইদোমের এলতের কাছে অবস্থিত ইৎসিয়োন-গেবরে কয়েকটি জাহাজ তৈরি করলেন। 27 হীরম শলোমনের লোকজনের সঙ্গে থেকে নৌবাহিনীতে সেবাকাজ করার জন্য তাঁর সেইসব নাবিককে পাঠিয়ে দিলেন, যারা সমুদ্রের ব্যাপারে অভিজ্ঞ ছিল। 28 তারা জাহাজে চড়ে ওফীরে গেল ও সেখান থেকে 420 তালন্ত সোনা এনে রাজা শলোমনের কাছে পৌঁছে দিয়েছিল।

2 বংশাবলি 8:17

17 পরে শলোমন ইদোমের সমুদ্রতীরে অবস্থিত ইৎসিয়োন-গেবরে ও এলতে গেলেন।

1 রাজাবলি 10:14–29

14 প্রতি বছর শলোমন যে পরিমাণ সোনা সংগ্রহ করতেন তার ওজন 666 তালন্ত, 15 এতে বণিক ও ব্যবসায়ীদের এবং আরবীয় সব রাজার ও সেই অঞ্চলের শাসনকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা রাজস্ব ধরা হয়নি।

16 পিটানো সোনার পাত দিয়ে রাজা শলোমন 200-টি বড়ো বড়ো ঢাল তৈরি করলেন; প্রত্যেকটি ঢাল তৈরি করতে 600 শেকল করে পিটানো সোনা লেগেছিল। 17 পিটানো সোনার পাত দিয়ে তিনি আরও তিনশোটি ছোটো ছোটো ঢাল তৈরি করলেন, এবং প্রত্যেকটি ঢালে তিন মানি করে সোনা ছিল। রাজা সেগুলি লেবাননের অরণ্য-প্রাসাদে নিয়ে গিয়ে রেখেছিলেন।

18 পরে রাজামশাই হাতির দাঁত দিয়ে একটি বড়ো সিংহাসন বানিয়ে, সেটি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন। 19 সিংহাসনে ওঠার জন্য সিঁড়ির ছয়টি ধাপ ছিল, এবং সেটির পিছন দিকের উপরের অংশটি গোলাকার ছিল। বসার স্থানটির দুই দিকেই হাতল ছিল, এবং দুটিরই পাশে একটি করে সিংহমূর্তি দাঁড় করানো ছিল। 20 বারোটি সিংহমূর্তি সিঁড়ির ছয়টি ধাপের উপরে দাঁড় করানো ছিল, এক-একটি মূর্তি প্রত্যেকটি ধাপের এক এক পাশে রাখা ছিল। অন্য কোনও রাজ্যে আগে কখনও এরকম কিছু তৈরি করা হয়নি। 21 রাজা শলোমনের কাছে থাকা ভিত থেকে ওঠা ডাঁটিযুক্ত হাতলবিহীন সব পানপাত্র ছিল সোনার, এবং লেবাননের অরণ্য-প্রাসাদে রাখা সব গৃহস্থালি জিনিসপত্র খাঁটি সোনা দিয়ে তৈরি হল। কোনো কিছুই রুপো দিয়ে তৈরি করা হয়নি, কারণ শলোমনের রাজত্বকালে রুপোকে দামি বলে গণ্যই করা হত না। 22 হীরমের জাহাজগুলির পাশাপাশি সমুদ্রে রাজারও তর্শীশের বাণিজ্যতরির একটি নৌবহর ছিল। তিন বছরে একবার সেই নৌবহর সোনা, রুপো, হাতির দাঁত, এবং বনমানুষ ও ময়ূর নিয়ে ফিরে আসত।

23 পৃথিবীর অন্য সব রাজার তুলনায় রাজা শলোমন ধনসম্পদে ও প্রজ্ঞায় বৃহত্তর হলেন। 24 শলোমনের অন্তরে ঈশ্বর যে প্রজ্ঞা ভরে দিলেন, তা শোনার জন্য গোটা জগৎ তাঁর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎকার লাভের চেষ্টা করত। 25 বছরের পর বছর, যে কেউ তাঁর কাছে আসত, সে কোনও না কোনো উপহার—রুপো ও সোনার তৈরি জিনিসপত্র, কাপড়চোপড়, অস্ত্রশস্ত্র ও মশলাপাতি, এবং ঘোড়া ও খচ্চর নিয়ে আসত।

26 শলোমন প্রচুর রথ ও ঘোড়া একত্রিত করলেন; তাঁর কাছে এক হাজার চারশো রথ ও 12,000 ঘোড়া ছিল, যা তিনি বিভিন্ন রথ-নগরীতে রেখেছিলেন এবং কয়েকটিকে তিনি নিজের কাছে জেরুশালেমেও রেখেছিলেন। 27 জেরুশালেমে রাজা, রুপোকে পাথরের মতো সাধারণ স্তরে নামিয়ে এনেছিলেন, এবং দেবদারু কাঠকে পর্বতমালার পাদদেশে উৎপন্ন ডুমুর গাছের মতো পর্যাপ্ত করে তুলেছিলেন। 28 শলোমনের ঘোড়াগুলি মিশর ও কুই থেকে আমদানি করা হত—রাজকীয় বণিকেরা বাজার দরে সেগুলি কুই থেকে কিনে আনত। 29 তারা মিশর থেকে এক-একটি রথ আমদানি করত ছয়শো শেকল রুপো দিয়ে, এবং এক-একটি ঘোড়া আমদানি করত একশো 50 শেকলে। এছাড়াও হিত্তীয় ও অরামীয় সব রাজার কাছে তারা সেগুলি রপ্তানিও করত।

1 রাজাবলি 4:26–28

26 শলোমনের কাছে রথের ঘোড়াগুলি রাখার জন্য চার হাজার আস্তাবল, এবং 12,000 ঘোড়া ছিল।

27 জেলাশাসকেরা প্রত্যেকে তাদের নিরূপিত মাসে রাজা শলোমন ও রাজার টেবিলে বসে যারা ভোজনপান করতেন, তাদের জন্য খাদ্যসম্ভার জোগান দিতেন। তারা খেয়াল রাখতেন যেন কোনো কিছুরই অভাব না হয়। 28 রথের ঘোড়া ও অন্যান্য ঘোড়াগুলির জন্য তারা নির্দিষ্ট পরিমাণ যব ও বিচালিও নির্দিষ্ট স্থানে এনে রাখতেন।

1 রাজাবলি 4:34

34 সব দেশ থেকে সেইসব লোকজন শলোমনের প্রজ্ঞার কথা শুনতে আসত, যাদের পৃথিবীর সেইসব রাজা পাঠাতেন, যারা তাঁর প্রজ্ঞার বিষয়ে খবর পেয়েছিলেন।