ভাগ 11: যোথমের রাজত্ব
যিহূদার রাজ্য
758 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
32 রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বকালের দ্বিতীয় বছরে যিহূদার রাজা উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন।
1 যোথম পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিরুশা। তিনি ছিলেন সাদোকের মেয়ে। 2 তাঁর বাবা উষিয়ের মতো তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তাই করলেন, তবে তাঁর মতো তিনি কিন্তু সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করেননি। প্রজারা অবশ্য তাদের অসৎ কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।
35 প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি অবশ্য সরানো হয়নি; লোকজন তখনও সেখানে বলি উৎসর্গ করত ও ধূপ পোড়াত। যোথম সদাপ্রভুর মন্দিরের উপর দিকের দরজাটি আবার তৈরি করে দিলেন।
1 যিহূদার রাজগণ যোথম, আহস এবং হিষ্কিয়ের শাসনকালে সদাপ্রভুর বাক্য মোরেষৎ-নিবাসী মীখার কাছে আসে—তিনি শমরিয়া এবং জেরুশালেমের উদ্দেশে এক দর্শন পান।
2 শোনো, হে জাতিগণ, তোমরা সকলে,
হে পৃথিবী ও যারা সেখানে বাস করে, শোনো,
সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে,
সার্বভৌম সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
3 দেখো! সদাপ্রভু নিজ বাসস্থান থেকে আসছেন;
তিনি নেমে এসে পৃথিবীর সব উচ্চস্থানের উপর দিয়ে গমনাগমন করবেন।
4 যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়,
পাহাড়গুলি তাঁর নিচে গলে যায়
এবং উপত্যকায় ফাটল ধরে,
ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে।
5 এইসবই যাকোবের অপরাধের জন্য
এবং ইস্রায়েলের পরিবারের পাপের কারণেই ঘটেছে।
যাকোবের অপরাধ কি?
কি সেইসব শমরিয়ার নয়?
যিহূদার উঁচু স্থান কি?
সেইসব কি জেরুশালেমের নয়?
6 “সুতরাং আমি সদাপ্রভু শমরিয়াকে পাথরের স্তূপ,
দ্রাক্ষালতা রোপণের ক্ষেত্রে পরিবর্তিত করব।
সেখানকার পাথরগুলি উপত্যকায় বইয়ে দেব
এবং তার ভিত্তিমূল খোলা রাখব।
7 তার সব প্রতিমাগুলি টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে;
তার সকল মন্দিরের উপহার আগুনে পোড়ানো হবে;
আমি তার সমস্ত প্রতিমাগুলি ধ্বংস করব।
কারণ বেশ্যাবৃত্তির মজুরির থেকে সে তার উপহার সঞ্চয় করেছে,
বেশ্যাবৃত্তির মজুরির মতোই সেইগুলি ব্যবহার করা হবে।”
8 এই কারণেই আমি কাঁদব আর বিলাপ করব;
আমি উলঙ্গ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াব।
আমি শিয়ালের মতো চিৎকার করব
এবং প্যাঁচার মতো বিলাপ করব।
9 কেননা শমরিয়ার ক্ষত আর ভালো হবে না;
তা যিহূদার কাছে এসে গেছে।
তা আমার লোকদের পর্যন্ত পৌঁছেছে,
এমনকি জেরুশালেম পর্যন্ত।
10 গাতে এই কথা জানিও না,
একটুও কান্নাকাটি করো না।
বেথ-লি-অফ্রাতে
ধুলোয় গড়াগড়ি দাও।
11 হে শাফীরের বাসকারী লোকেরা,
তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও।
যারা সাননে বাস করে
তারা বের হয়ে আসতে পারবে না।
বেথ-এৎসল শোক করছে;
সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।
12 যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে,
রেহাই পাবার জন্য অপেক্ষা করছে,
কারণ সদাপ্রভুর কাছে থেকে বিপদ এসে গেছে,
এমনকি জেরুশালেমের দ্বার পর্যন্ত পৌঁছেছে।
13 তোমরা যারা লাখীশে বসবাস করো,
দ্রুতগামী ঘোড়াগুলি তোমরা রথের সঙ্গে বেঁধে দাও।
ইস্রায়েলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল,
সেইজন্য সিয়োন-কন্যাকে তোমরাই পাপের পথে নিয়ে গিয়েছিলে।
14 সুতরাং মোরেষৎ-গাৎকে
নিজের বিদায়ের উপহার তুমি নিজেই দেবে।
ইস্রায়েলের রাজাদের জন্য
অক্ষীব নগর প্রতারক হবে।
15 তোমরা যারা মারেশায় বসবাস করো,
আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব।
ইস্রায়েলের গণ্যমান্য লোকেরা
অদুল্লমে পালিয়ে যাবে।
16 তোমাদের সন্তানদের যাদের তোমরা ভালোবাসো
তাদের শোকে ন্যাড়া হও;
নিজেকে শকুনের মতো ন্যাড়া করো,
কেননা তারা তোমাদের কাছ থেকে নির্বাসনে যাবে।
2:1 ধিক্ তাদের যারা অন্যায় পরিকল্পনা করে,
যারা নিজেদের বিছানায় মন্দের চক্রান্ত করে!
প্রত্যুষেই তারা সেইসব কাজ করে
কারণ এই সকল করার জন্য ক্ষমতা তাদের কাছে আছে।
2 তারা ক্ষেত্রের প্রতি লোভ করে তা কেড়ে নেয়,
তারা বাড়ির প্রতি লোভ করে তা অধিকার করে।
তারা মানুষকে প্রতারণা করে তাদের ঘরবাড়ি নেয়,
তাদের উত্তরাধিকার চুরি করে।
3 সুতরাং, সদাপ্রভু বলেন,
“আমি এইসব লোকের বিরুদ্ধে বিপর্যয় পরিকল্পনা করছি,
যা থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারবে না।
তোমরা আর অহংকারের সঙ্গে চলাফেরা করবে না,
কারণ সেই সময়টা হবে চরম দুর্দশার।
4 সেই সময়ে লোকেরা তোমাদের উপহাস করবে;
তারা তোমাদের ব্যঙ্গ করে এই দুঃখের গান গাইবে;
‘আমরা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত;
আমাদের লোকেদের অধিকার ভাগ করা হয়েছে।
তিনি তা আমার কাছ থেকে নিয়েছেন!
তিনি আমাদের জমির বিশ্বাসঘাতকদের দিয়ে দিয়েছেন।’ ”
5 সেইজন্য গুটিকাপাত করে ভাগ করার জন্য তোমরা কেউ
সদাপ্রভুর লোকেদের সঙ্গে থাকবে না।
6 তাদের ভাববাদীরা বলে “ভাববাণী বোলো না।
এইসব বিষয়ে ভাববাণী বোলো না;
আমদের উপরে অসম্মান আসবে না।”
7 হে যাকোবের বংশ, এই কথা কি বলা হবে,
“সদাপ্রভু কি অসহিষ্ণু হয়েছেন?
তিনি কি এমন কাজ করেন?”
“আমার বাক্য কি তাদের মঙ্গল করে না
যারা ন্যায়পথে চলে?
8 সম্প্রতি আমার লোকেরা জেগে উঠেছে
যেন তারা শত্রু।
যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মতো
যারা নিশ্চিন্তে পথ চলছে
তাদের গা থেকে কাপড় খুলে নিচ্ছ।
9 আমার লোকদের স্ত্রীদের তোমরা তাড়িয়ে দিচ্ছ
তাদের সুখের ঘর থেকে।
তাদের সন্তানদের কাছ থেকে আমার আশীর্বাদ
চিরদিনের জন্য কেড়ে নিয়ে নিচ্ছ।
10 ওঠো, চলে যাও!
কারণ এটি তোমার বিশ্রামের জায়গা নয়,
কারণ তুমি তা অশুচি করেছ,
সেইজন্য তা ভীষণভাবে ধ্বংস হবে।
11 যদি কোনও মিথ্যাবাদী ও প্রতারক আসে এবং বলে,
‘আমি বলছি যে, তোমাদের প্রচুর সুরা এবং দ্রাক্ষারস হবে,’
তবে সেই হবে এই জাতির জন্য উপযুক্ত ভাববাদী!
12 “হে যাকোব, আমি নিশ্চয় তোমাদের সবাইকে জড়ো করব;
আমি নিশ্চয় ইস্রায়েলের অবশিষ্ট লোকদের একত্র করব।
আমি তাদের খোঁয়াড়ের মেষদের মতো একত্র করব,
যেমন চারণভূমিতে মেষপাল চরে,
সেই স্থান লোকে ভরে যাবে।
13 বন্দিদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন;
তারা দ্বার ভেঙে বের হয়ে আসবে।
সদাপ্রভু তাদের রাজা
তাদের মধ্য দিয়ে আগে আগে যাবেন।”
3 যোথম সদাপ্রভুর মন্দিরের উচ্চতর দ্বারটি নতুন করে আরেকবার তৈরি করলেন এবং ওফল পাহাড়ের প্রাচীরে ব্যাপক কাজ করিয়েছিলেন। 4 যিহূদার পাহাড়ি এলাকায় তিনি কয়েকটি নগর তৈরি করলেন এবং বনাঞ্চলেও কয়েকটি দুর্গ ও মিনার তৈরি করলেন।
5 অম্মোনীয়দের রাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যোথম তাদের পরাজিত করলেন। সেই বছর অম্মোনীয়েরা তাঁকে একশো তালন্ত রুপো, দশ হাজার কোর গম ও দশ হাজার কোর যব দিয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় বছরেও অম্মোনীয়েরা একই পরিমাণ জিনিসপত্র তাঁর কাছে এনে দিয়েছিল।
6 যোথম তাঁর ঈশ্বর সদাপ্রভুর পথে অবিচলিতভাবে চলেছিলেন বলেই শক্তিশালী হয়ে উঠতে পেরেছিলেন।
7 যোথমের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তাঁর সব যুদ্ধবিগ্রহ ও তিনি আরও যা যা করলেন, সেসব ইস্রায়েল ও যিহূদার রাজাদের পুস্তকে লেখা আছে। 8 তিনি পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। 9 যোথম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং দাউদ-নগরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর ছেলে আহস রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
37 (সেই দিনগুলিতেই সদাপ্রভু অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে পেকহকে যিহূদার বিরুদ্ধে পাঠাতে শুরু করলেন।)
33 তিনি পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিরুশা। তিনি ছিলেন সাদোকের মেয়ে। 34 সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, যোথম তাই করলেন, ঠিক যেভাবে তাঁর বাবা উষিয়ও করেছিলেন।
36 যোথমের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
38 যোথম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং দাউদ-নগরে তাঁকে তাঁদের সঙ্গে কবর দেওয়া হল। তাঁর ছেলে আহস রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
ইস্রায়েলের রাজ্য
পেকহের রাজত্ব
27 যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের বাহান্নতম বছরে রমলিয়ের ছেলে পেকহ শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি কুড়ি বছর রাজত্ব করলেন। 28 সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।
29 ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বকালেই আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর এসে ইয়োন, আবেল বেথ-মাখা, যানোহ, কেদশ, ও হাৎসোর দখল করে নিয়েছিলেন। তিনি গিলিয়দ এবং গালীল, তথা নপ্তালির সব এলাকাও দখল করে নিয়েছিলেন, ও লোকজনকে বন্দি করে আসিরিয়ায় নিয়ে গেলেন।