দ্বিতীয় যারবিয়ামের মৃত্যুর পর রাজাহীন ইস্রায়েল

776 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হোশেয় 4

1 হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো,

কারণ তোমরা যারা দেশে বাস করো,

সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান:

“দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই

এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।

2 এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা,

চুরি ও ব্যভিচার;

এরা সমস্ত সীমা লঙ্ঘন করে,

এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।

3 এই কারণে এ দেশ শোকবিলাপ করে,

এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে;

মাঠের পশুরা ও আকাশের সব পাখি

এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে।

4 “কিন্তু কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করে,

কেননা মানুষ যেন পরস্পরের বিরুদ্ধে দোষারোপ না করে,

কারণ তোমার প্রজারা তাদেরই মতো,

যারা যাজকের বিরুদ্ধে অভিযোগ করে।

5 তোমরা দিনে ও রাতে হোঁচট খাও,

আর ভাববাদীরাও তোমাদের সঙ্গে হোঁচট খায়।

সুতরাং আমি তোমাদের জননীকে ধ্বংস করব,

6 আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়।

“যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছ,

ফলে আমিও আমার যাজকরূপে তোমাদের অগ্রাহ্য করছি;

যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছ,

ফলে আমিও তোমাদের ছেলেমেয়েদের অবজ্ঞা করব।

7 যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে,

তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে;

তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে।

8 তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে

এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে।

9 আর এরকমই হবে: যেমন প্রজা, তেমনই যাজকেরা।

আমি উভয়কেই তাদের জীবনাচরণের জন্য শাস্তি দেব,

এবং তাদের সব কাজের প্রতিফল দেব।

10 “তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না,

তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না,

কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে

নিজেদেরকে দিতে 11 বেশ্যাবৃত্তিতে;

সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য,

যেগুলি আমার প্রজাদের বুদ্ধি-বিবেচনা হরণ করে।

12 আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে,

এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়।

বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে;

তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।

13 তারা পর্বতশীর্ষের উপরে বলিদান করে

এবং বিভিন্ন পাহাড়ে হোমবলি উৎসর্গ করে,

ওক, ঝাউ ও তার্পিন গাছের তলে

যেখানে ছায়া বেশ মনোরম।

সেই কারণে, তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে

ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়।

14 “তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে,

বা তোমাদের পুত্রবধূরা

ব্যভিচারে লিপ্ত হলে,

আমি তাদের শাস্তি দেব না,

কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায়

ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে,

এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে!

15 “হে ইস্রায়েল, তুমি ব্যভিচার করলেও,

যিহূদা যেন অপরাধী সাব্যস্ত না হয়।

“তোমরা গিল্‌গলে পদার্পণ কোরো না,

বেথ-আবনে উঠে যেয়ো না।

এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ বলে শপথ কোরো না।

16 একগুঁয়ে বকনা-বাছুরের মতোই

ইস্রায়েলীরা অনমনীয়।

সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো

চারণভূমিতে চরাবেন?

17 ইফ্রয়িম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে;

তাকে একা ছেড়ে দাও!

18 এমনকি, যখন তাদের মদ্যপান সমাপ্ত হয়,

তখনও তারা ব্যভিচার করে চলে;

তাদের শাসকেরা লজ্জাকর জীবনাচরণ ভীষণ ভালোবাসে।

19 এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে,

এবং তাদের নৈবেদ্যগুলি তাদের জন্য বয়ে আনবে লজ্জা।

সখরিয়ের রাজত্ব 773 খ্রিস্টপূর্ব

2 রাজাবলি 15:8–12

8 যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের আটত্রিশতম বছরে যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি ছয় মাস রাজত্ব করলেন। 9 তাঁর পূর্বসূরীদের মতো তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।

10 যাবেশের ছেলে শল্লুম সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। প্রজাদের সামনেই শল্লুম তাঁকে আক্রমণ করে হত্যা করলেন, এবং রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 11 সখরিয়ের রাজত্বের অন্যান্য সব ঘটনার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে। 12 এইভাবে যেহূকে বলা সদাপ্রভুর সেই কথা ফলে গেল: “চার পুরুষ ধরে তোমার বংশধররা ইস্রায়েলের সিংহাসনে বসবে।”

শল্লুমের রাজত্ব 772 খ্রিস্টপূর্ব

2 রাজাবলি 15:13–15

13 যিহূদার রাজা উষিয়র রাজত্বকালের ঊনচল্লিশ বছরে যাবেশের ছেলে শল্লুম রাজা হলেন, এবং তিনি শমরিয়ায় এক মাস রাজত্ব করলেন। 14 পরে গাদির ছেলে মনহেম তির্সা থেকে শমরিয়ায় উঠে গেলেন। শমরিয়ায় তিনি যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

15 শল্লুমের রাজত্বের অন্যান্য সব ঘটনা, ও যে ষড়যন্ত্রে তিনি নেতৃত্ব দিলেন, তার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।

মনহেমের রাজত্ব

2 রাজাবলি 15:16–22

16 সেই সময় মনহেম তির্সা থেকে শুরু করে তিপসহ নগর ও সেখানকার সব বাসিন্দাকে তথা আশপাশের সব লোকজনকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের নগরের সিংহদুয়ারগুলি খুলে দিতে রাজি হয়নি। তিনি তিপসহ নগরটির উপর লুটপাট চালিয়েছিলেন এবং সব অন্তঃসত্ত্বা মহিলার পেট চিরে দিলেন।

17 যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের ঊনচল্লিশ বছরে গাদির ছেলে মনহেম ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি দশ বছর শমরিয়ায় রাজত্ব করলেন। 18 সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তাঁর সমগ্র রাজত্বকালে তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।

19 পরে আসিরিয়ার রাজা পূল ইস্রায়েলে সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন, এবং মনহেম তাঁর সাহায্য পাওয়ার ও রাজ্যে নিজের অধিকার শক্তপোক্ত করার জন্য তাঁকে 1,000 তালন্ত রুপো উপহার দিলেন। 20 মনহেম এই অর্থ ইস্রায়েল থেকে জোর করে আদায় করলেন। আসিরিয়ার রাজাকে দেওয়ার জন্য প্রত্যেকটি অবস্থাপন্ন লোককে পঞ্চাশ শেকল করে রুপো দিতে বাধ্য করা হল। তাই আসিরিয়ার রাজা সেখান থেকে সরে গেলেন এবং দেশে আর থাকেননি।

21 মনহেমের রাজত্বের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই? 22 মনহেম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন। তাঁর ছেলে পকহিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

পকহিয়ের রাজত্ব 768 খ্রিস্টপূর্ব

2 রাজাবলি 15:23–26

23 যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের পঞ্চাশতম বছরে মনহেমের ছেলে পকহিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি দুই বছর রাজত্ব করলেন। 24 সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, পকহিয় তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি। 25 তাঁর প্রধান কর্মকর্তাদের মধ্যে একজন, রমলিয়ের ছেলে পেকহ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। পঞ্চাশ জন গিলিয়দীয় লোককে সাথে নিয়ে তিনি বিশ্বাসঘাতকতা করে শমরিয়ায় রাজপ্রাসাদের দুর্গে অর্গোব ও অরিয়ি ও পকহিয়কে একসাথে হত্যা করলেন। অতএব পকহিয়কে হত্যা করে পেকহ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

26 পকহিয়ের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।