দ্বিতীয় যারবিয়ামের মৃত্যু
784 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
28 যারবিয়ামের রাজত্বের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন, এবং তাঁর সামরিক কীর্তি, এছাড়াও যিহূদার অধিকারে থাকা দামাস্কাস ও হমাৎ কীভাবে তিনি ইস্রায়েলের অধিকারভুক্ত করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
10 এরপর, বেথেলের যাজক অমৎসিয়, ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি বার্তা পাঠালেন: “আমোষ ইস্রায়েলের একেবারে কেন্দ্রস্থলে, আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত গড়ে তুলেছেন। দেশ তাঁর সব কথা সহ্য করতে পারে না। 11 কারণ আমোষ এরকম কথা বলছেন:
“ ‘যারবিয়াম তরোয়ালের আঘাতে নিহত হবে,
আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে
দূরে নির্বাসিত হবে।’ ”
12 তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্বাণী করো। 13 তুমি বেথেলে আর ভবিষ্যদ্বাণী কোরো না, কারণ এ হল রাজার নির্মিত পুণ্যধাম এবং এই রাজ্যের মন্দির।”
14 আমোষ অমৎসিয়কে উত্তর দিলেন, “আমি তো ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও নয়। আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম। 15 কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, ‘তুমি যাও, গিয়ে আমার প্রজা ইস্রায়েলের কাছে ভবিষ্যদ্বাণী করো।’ 16 এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন,
“ ‘ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কোরো না,
ইস্হাক কুলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করো।’
17 “সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘আপনার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে,
আপনার পুত্রকন্যারা তরোয়ালে পতিত হবে।
আপনার ভূমি পরিমাপ করে বিভক্ত করা হবে,
আর আপনি নিজেও এক অশুচি দেশে মৃত্যুবরণ করবেন।
আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে
দূরে নির্বাসিত হবে।’ ”
8:1 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: পাকা ফলের একটি ঝুড়ি। 2 তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?”
আমি উত্তর দিলাম, “পাকা ফলের একটি ঝুড়ি।”
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “আমার প্রজা ইস্রায়েলের পেকে ওঠার সময় হয়ে এসেছে। আমি আর তাদের ছেড়ে কথা বলব না।”
3 সেদিন সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করলেন, “মন্দিরে গীত গানগুলি বিলাপে পরিণত হবে। অনেক, অনেক মৃতদেহ সেখানে নিক্ষেপ করা হয়েছে। তোমরা নীরব হও!”
4 তোমরা যারা দরিদ্রদের পদদলিত করো
ও দেশের দীনদরিদ্র লোকেদের নিকেশ করো, তোমরা এই কথা শোনো।
5 তোমরা বলে থাকো,
“অমাবস্যা কখন শেষ হবে যে,
আমরা শস্য বিক্রি করতে পারব?
সাব্বাথবার কখন সমাপ্ত হবে যে,
আমরা গমের ব্যবসা করতে পারব?” তা করা হবে বাটখারার ওজন কমিয়ে,
দাম বৃদ্ধি করে
ও অন্যায্য দাঁড়িপাল্লায় ঠকানোর মাধ্যমে,
6 দরিদ্রদের রুপোর টাকায় কিনে নিয়ে,
এক জোড়া জুতোর বিনিময়ে অভাবীকে ক্রয় করে
এবং গমের ছাঁটকে পর্যন্ত বিক্রি করে।
7 সদাপ্রভু যাকোবের অহংকারের নাম নিয়ে শপথ করেছেন: “তারা যা করেছে, তা আমি কোনোদিনই ভুলে যাব না।
8 “এর জন্যই কি সেই দেশ ভয়ে কাঁপবে না?
তার মধ্যে বসবাসকারী সকলে কি শোক করবে না?
সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়ে উঠবে;
তাকে আলোড়িত করা হবে
ও তা মিশরের নদীর মতোই আবার নেমে যাবে।”
9 সার্বভৌম সদাপ্রভু বলেন,
“সেদিন আমি মধ্যাহ্নকালে সূর্যাস্ত ঘটাব,
দিনের প্রখর আলোয় পৃথিবীকে তমসাচ্ছন্ন করব।
10 আমি তোমাদের সমস্ত ধর্মীয় উৎসবকে শোকে
ও তোমাদের সমস্ত গীতকে বিলাপে পরিণত করব।
আমি তোমাদের সবাইকে শোকের পোশাক পরাব
ও তোমাদের মস্তক মুণ্ডন করব।
সেদিন হবে একমাত্র পুত্রের বিয়োগ-ব্যথার মতো,
তার সমাপ্তি হবে তীব্র দুঃখের মাধ্যমে।”
11 সার্বভৌম সদাপ্রভু বলেন, “সময় আসছে,
যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাব—
তা খাবারের দুর্ভিক্ষ বা জলের পিপাসার নয়,
কিন্তু সদাপ্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ।
12 লোকেরা এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে টলতে টলতে যাবে,
উত্তর থেকে পূর্ব পর্যন্ত বিচরণ করবে,
তারা সদাপ্রভুর বাক্য অন্বেষণ করবে,
কিন্তু তার সন্ধান পাবে না।
13 “সেদিন,
“সুন্দর সব যুবতী ও শক্তিশালী যুবকেরা,
পিপাসার কারণে মূর্ছিত হবে।
14 যারা শমরিয়ার পাপ নিয়ে শপথ করে—
যারা বলে, ‘ওহে দান, তোমার জীবিত দেবতার দিব্যি,’
বা, ‘বের-শেবার জীবিত দেবতার দিব্যি,’
তারা সবাই পতিত হবে, তারা আর কখনও উঠতে পারবে না।”
9:1 আমি দেখলাম, সদাপ্রভু বেদির পাশে দাঁড়িয়ে আছেন আর তিনি বললেন:
“তুমি স্তম্ভগুলির মাথায় আঘাত করো,
যেন দুয়ারের চৌকাঠগুলি কেঁপে ওঠে।
সেগুলি সব লোকের মাথায় ভেঙে ফেলো;
যারা অবশিষ্ট থাকবে, তাদের আমি তরোয়ালের আঘাতে মেরে ফেলব।
তাদের কেউই নিষ্কৃতি পাবে না,
একজনও পালাতে পারবে না।
2 তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও,
সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে।
তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও,
সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
3 তারা যদি নিজেদের কর্মিল পর্বতের শিখরেও লুকিয়ে ফেলে,
সেখানেও আমি তাদের ধরে নিয়ে বন্দি করব।
তারা যদি সমুদ্রের গভীরে গিয়ে আমার কাছ থেকে লুকায়,
সেখানে তাদের দংশন করার জন্য আমি সাপকে আদেশ দেব।
4 যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে,
সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব, যেন তাদের হত্যা করে।
“আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব,
তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।”
5 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
তিনি পৃথিবীকে স্পর্শ করলে তা দ্রবীভূত হয়,
এবং তার মধ্যে বসবাসকারী সকলে শোক করে;
সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়,
পরে মিশরের নদীর মতো নেমে যায়;
6 তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন,
ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন,
তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন
স্থলের উপরে ঢেলে দেন—
সদাপ্রভু তাঁর নাম।
7 সদাপ্রভু বলেন, “ওহে ইস্রায়েলীরা,
আমার কাছে কি তোমরা কূশীয়দের মতো নও?”
সদাপ্রভু ঘোষণা করেন।
আমিই কি মিশর থেকে ইস্রায়েলীদের,
কপ্তোর থেকে ফিলিস্তিনীদের
ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি?
8 “নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি
এই পাপিষ্ঠ জাতির উপরে আছে।
আমি ভূপৃষ্ঠ থেকে
একে ধ্বংস করব।
তবুও আমি যাকোবের কুলকে
সম্পূর্ণরূপে ধ্বংস করব না,”
সদাপ্রভু ঘোষণা করেন।
9 “কারণ আমি আদেশ দেব
ও সমস্ত জাতির মধ্যে
আমি ইস্রায়েলের কুলকে নাড়া দেব,
যেমন শস্যদানা চালুনিতে চালা হয়,
তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না।
10 আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ
তরোয়ালের আঘাতে মারা যাবে,
যারা সবাই বলে,
‘বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না।’
11 “সেদিন
“আমি দাউদের পতিত তাঁবু পুনঃপ্রতিষ্ঠিত করব—
আমি তার ভাঙা দেয়ালগুলি মেরামত করব,
আর তার বিধ্বস্ত স্থানগুলি পুনরায় দাঁড় করাব—
পূর্বে যেমন ছিল, তেমনই তা পুনর্নির্মাণ করব,
12 যেন তারা ইদোমের অবশিষ্টাংশকে অধিকার করে
ও যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে,”
একথা সেই সদাপ্রভু বলেন, যিনি এই সমস্ত কাজ করবেন।
13 “এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন,
“যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে
ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে।
পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে
ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে।
14 আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব।
“তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে।
তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে;
তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে।
15 আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব,
আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে
তারা আর কখনও উৎপাটিত হবে না,”
তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।
29 যারবিয়াম তাঁর পূর্বপুরুষ, ইস্রায়েলের রাজাদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন। তাঁর ছেলে সখরিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।