ভাগ 12: আহসের রাজত্ব
যিহূদার রাজ্য
আহসের চরিত্র
742 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 রমলিয়ের ছেলে পেকহের রাজত্বকালের সতেরোতম বছরে যিহূদার রাজা যোথমের ছেলে আহস রাজত্ব করতে শুরু করলেন। 2 আহস কুড়ি বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মতো তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তা করেননি। 3 তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলতেন এবং এমনকি সদাপ্রভু ইস্রায়েলীদের সামনে থেকে যেসব জাতিকে দূর করে দিলেন, তাদের ঘৃণ্য লোকাচারে লিপ্ত হয়ে তাঁর ছেলেকেও তিনি আগুনে উৎসর্গ করে দিলেন। 4 প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলিতে, পাহাড়ের চূড়ায় ও ডালপালা বিস্তার করা প্রত্যেকটি গাছের তলায় তিনি বলি উৎসর্গ করলেন ও ধূপ জ্বালিয়েছিলেন।
রৎসীন ও পেকহ যিহূদায় আক্রমণ করে প্রবেশ করেন
5 পরে অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে আহসকে অবরুদ্ধ করলেন, কিন্তু তারা তাঁকে বশে আনতে পারেননি।
1 যখন উষিয়ের পুত্র যোথম, তার পুত্র আহস যিহূদার রাজা ছিলেন, তখন অরামের রাজা রৎসীন ও রমলিয়ের পুত্র ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান করলেন, কিন্তু তারা তা জয় করতে পারলেন না।
2 এসময় দাউদের কুলকে বলা হল, “অরাম ইফ্রয়িমের সঙ্গে মৈত্রীচুক্তি করেছে” তাই আহস ও তাঁর প্রজাদের হৃদয় কেঁপে উঠল, যেভাবে বাতাসে বনের গাছপালা কেঁপে ওঠে।
3 তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, “তুমি ও তোমার পুত্র শার-যাশূব বাইরে যাও ও রজকদের মাঠ অভিমুখী রাস্তায়, উচ্চতর পুষ্করিণীর জলপ্রণালীর মুখে, আহসের সঙ্গে সাক্ষাৎ করো। 4 তাকে বলো, ‘আপনি সাবধান হোন, শান্ত থাকুন এবং ভয় পাবেন না। এই দুই ধোঁয়া ওঠা কাঠের অবশিষ্ট অংশ, অর্থাৎ রৎসীন ও অরামের এবং রমলিয়ের পুত্রের ভয়ংকর ক্রোধের জন্য আপনি সাহস হারাবেন না। 5 অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের পুত্র আপনাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। তারা বলেছে, 6 “এসো আমরা যিহূদাকে আক্রমণ করি; এসো আমরা এই দেশকে ছিন্ন-বিচ্ছিন্ন করে নিজেদের মধ্যে ভাগ করি ও টাবিলের পুত্রকে এর উপরে রাজা করি।” 7 তবুও, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘এরকম অবস্থা হবে না,
এই ঘটনা ঘটবেও না,
8 কারণ অরামের মস্তক হল দামাস্কাস,
আর দামাস্কাসের মস্তক হল কেবলমাত্র রৎসীন।
পঁয়ষট্টি বছরের মধ্যে
ইফ্রয়িম এমন ধ্বংস হবে যে, আর জাতি থাকবে না।
9 ইফ্রয়িমের মস্তক হল শমরিয়া,
আর শমরিয়ার মস্তক হল কেবলমাত্র রমলিয়ের পুত্র।
তোমরা যদি বিশ্বাসে অবিচল না থাকো,
তোমরা আদৌ দাঁড়াতে পারবে না।’ ”
10 সদাপ্রভু আবার আহসের সঙ্গে কথা বললেন, 11 “তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে একটি চিহ্ন দেখতে চাও, হয় অধোলোকের নিম্নতম স্থানে অথবা ঊর্ধ্বলোকের ঊর্ধ্বতম স্থানে।”
12 কিন্তু আহস বললেন, “আমি কোনো চিহ্ন দেখতে চাইব না; আমি সদাপ্রভুর কোনো পরীক্ষা নেব না।”
13 তখন যিশাইয় বললেন, “দাউদের কুলের লোকেরা, এখন তোমরা শোনো! মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়াই কি যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরেরও ধৈর্যের পরীক্ষা নেবে? 14 সেই কারণে প্রভু স্বয়ং তোমাদের এক চিহ্ন দেবেন: এক কুমারী-কন্যা গর্ভবতী হবে ও এক পুত্রসন্তানের জন্ম দেবে এবং তাঁর নাম ইম্মানুয়েল রাখবে। 15 মন্দকে অগ্রাহ্য করার ও ভালোকে বেছে নেওয়ার পর্যাপ্ত জ্ঞান না হওয়া পর্যন্ত, সেই বালকটি দুধ ও দই খাবে, 16 কিন্তু সে মন্দকে অগ্রাহ্য করার ও ভালোকে বেছে নেওয়ার জ্ঞান হওয়ার পূর্বেই, যাদের আপনি ভয় করেন, ওই দুই রাজার দেশ জনশূন্য হয়ে পড়ে থাকবে। 17 ইফ্রয়িম যিহূদা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় অবধি, যা কখনও হয়নি, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি সেরকম সময় উপস্থিত করবেন—তিনি আসিরিয়ার রাজাকে নিয়ে আসবেন।”
18 সেদিন, সদাপ্রভু মিশরে নীল অববাহিকা থেকে মাছি ও আসিরীয়দের দেশ থেকে মৌমাছিদের শিস্ দিয়ে ডাকবেন। 19 তারা এসে সমস্ত খাড়া উপত্যকার মধ্যে, পাহাড়ের ফাটলের মধ্যে, সমস্ত কাঁটাঝোপ ও মাঠে মাঠে বসবে। 20 সেদিন, প্রভু তোমার মাথার চুল ও পায়ের লোম কামানোর জন্য এবং তোমার দাড়িও কামিয়ে দেওয়ার জন্য ইউফ্রেটিস নদীর ওপার থেকে একটি ক্ষুর, অর্থাৎ আসিরীয় রাজাকে ব্যবহার করবেন। 21 সেদিন, এমন হবে যে, কোনো মানুষ যদি একটি বকনা-বাছুর ও দুটি মেষ পোষে, 22 তাহলে তারা এত বেশি দুধ দেবে যে, তারা সেই দুধের আধিক্যে দই খাবে। দেশে অবশিষ্ট যারাই থাকবে, তারা দই ও মধু খাবে। 23 সেদিন, যেখানে যেখানে এক হাজার রৌপ্যমুদ্রা মূল্যের এক হাজারটি দ্রাক্ষালতা ছিল, সেখানে হবে কেবলমাত্র কাঁটাগাছ ও শেয়ালকাঁটার জঙ্গল। 24 লোকেরা সেখানে তিরধনুক নিয়ে যাবে, কারণ সমস্ত দেশ শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের জঙ্গলে ভরে থাকবে। 25 যে সমস্ত পাহাড়ি এলাকা কোদাল দিয়ে চাষ করা হবে, তোমার সেখানকার শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের ভয়ে সেখানে যাবে না; সেগুলি হবে গৃহপালিত পশুর চারণভূমি ও মেষাদির ছুটে বেড়ানোর স্থান।
8:1 সদাপ্রভু আমাকে বললেন, “তুমি একটি বড়ো আকারের ফলক নাও এবং তার উপরে সাধারণ কলম দিয়ে লেখো: মহের-শালল-হাশ-বস।” 2 আর আমার নির্ভরযোগ্য সাক্ষী হওয়ার জন্য আমি যাজক ঊরিয় ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে ডেকে নেব। 3 তারপর আমি আমার ভাববাদিনী, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে মিলিত হলাম। এতে তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখো মহের-শালল-হাশ-বস। 4 কারণ ছেলেটি ‘আমার বাবা’ বা ‘আমার মা’ বলতে শেখার আগেই দামাস্কাসের ধনসম্পদ ও শমরিয়ার লুট আসিরীয় রাজা বহন করে নিয়ে যাবে।”
5 সদাপ্রভু আবার আমাকে বললেন:
6 “যেহেতু এই লোকেরা অগ্রাহ্য করেছে
শীলোহের ধীরগামী স্রোত
রৎসীন ও রমলিয়ের পুত্রে
আনন্দ করেছে,
7 সেই কারণে প্রভু তাদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছেন
ইউফ্রেটিস নদীর প্রবল প্লাবনকারী জলরাশি—সমস্ত সমারোহের সঙ্গে আসিরীয় রাজাকে।
তা তার সমস্ত খালগুলিতে প্রবাহিত হবে,
এবং তাদের দুই কুল ছাপিয়ে যাবে।
8 তা যিহূদা প্রদেশে প্রবাহিত হবে, ঘূর্ণিপাক খাবে,
তার মধ্য দিয়ে অতিক্রম করে, তার জল লোকদের ঘাড় পর্যন্ত উঠবে।
হে ইম্মানুয়েল! তার প্রসারিত দুই ডানা
তোমার দেশের বিস্তার পর্যন্ত আবৃত করবে।”
9 জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও!
দূরবর্তী দেশগুলি, তোমরাও শোনো।
তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!
তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!
10 তোমরা কৌশল পরিকল্পনা করবে, কিন্তু তা নিষ্ফল হবে;
তোমরা পরিকল্পনার প্রস্তাব দাও, তা কিন্তু দাঁড়াবে না,
কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।
11 সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপরে রেখে এই কথা বললেন। তিনি সতর্ক করে দিলেন, যেন আমি এই জাতির জীবনাচরণ অবলম্বন না করি। তিনি বললেন:
12 “এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে,
তার সবগুলিকেই তুমি চক্রান্ত বোলো না;
তারা যাকে ভয় করে, তুমি তাতে ভয় পেয়ো না
এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হোয়ো না।
13 সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে,
কেবলমাত্র তাঁকেই তুমি ভয় করবে,
কেবলমাত্র তাঁরই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে।
14 আর তিনিই হবেন তোমার ধর্মধাম;
কিন্তু ইস্রায়েলের ও যিহূদার উভয় কুলের পক্ষে
তিনি হবেন এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে
এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে।
আর জেরুশালেমের লোকদের জন্য তিনি
এক ফাঁদ ও এক জালস্বরূপ হবেন।
15 তাদের মধ্যে অনেকেই হোঁচট খাবে;
তারা পতিত হয়ে ভগ্ন হবে,
তারা ফাঁদে ধৃত হয়ে বন্দি হবে।”
16 এই সতর্কীকরণের সাক্ষ্য বদ্ধ করো
এবং ঈশ্বরের বিধান মোহরাঙ্কিত করো আমার শিষ্যদের কাছে।
17 আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব,
যিনি যাকোবের কুলের কাছ থেকে তাঁর মুখ লুকিয়েছেন।
আমি তাঁরই উপরে আমার আস্থা রাখব।
18 এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।
19 যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে? 20 তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না। 21 বিপর্যস্ত ও ক্ষুধার্ত হয়ে তারা দেশের মধ্যে ঘুরে বেড়াবে। চরম খিদেতে কষ্ট পেয়ে তারা ভীষণ ক্রুদ্ধ হবে এবং ঊর্ধ্বদৃষ্টি করে তারা তাদের রাজা ও তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে। 22 তারপর তারা পৃথিবীর দিকে তাকাবে ও কেবলমাত্র বিপর্যয়, অন্ধকার ও ভয়ংকর যন্ত্রণা দেখতে পাবে; তারা ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত হবে।