রৎসীন ও পেকহ যিহূদায় আক্রমণ করে প্রবেশ করেন (continued)
742 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 তবুও, যারা বিপর্যস্ত হয়েছিল, তাদের মধ্যে বিষাদ আর থাকবে না। অতীতকালে তিনি সবূলূনের ভূমি ও নপ্তালির ভূমিকে অবনত করেছিলেন; কিন্তু পরবর্তীকালে তিনি সমুদ্রের নিকটবর্তী সেই পথ থেকে, জর্ডন নদীর তীরে স্থিত পরজাতিদের গালীলকে সম্মানিত করবেন।
2 যে জাতি অন্ধকারে বসবাস করত,
তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে;
যারা মৃত্যুচ্ছায়ার দেশে বসবাস করত,
তাদের উপরে এক জ্যোতির উদয় হয়েছে।
3 তুমি সেই জাতির বৃদ্ধি করেছ
এবং তাদের আনন্দ বর্ধিত হয়েছে;
তারা তোমার সামনে আনন্দিত হয়
যেমন লোকে শস্যচয়নের সময়ে করে,
যেমন যোদ্ধারা আনন্দ করে,
যখন তারা লুন্ঠিত বস্তু বিভাগ করে।
4 যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে,
তাদের দাসত্বের জোয়াল
তোমরা ভেঙে ফেলবে,
তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে,
তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে।
5 যুদ্ধে ব্যবহৃত প্রত্যেক যোদ্ধার জুতো
ও রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক
অবশ্য দগ্ধ করা হবে,
সেগুলি আগুনের জ্বালানিস্বরূপ হবে।
6 কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে,
আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে,
শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে।
আর তাঁকে বলা হবে
আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর,
চিরন্তন পিতা, শান্তিরাজ।
7 তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির
কোনো সীমা থাকবে না।
তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে
তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ব করবেন,
ন্যায়বিচার ও ধার্মিকতার সঙ্গে
তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন,
সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন।
সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই
তা সম্পাদন করবে।
8 প্রভু যাকোবের বিরুদ্ধে একটি বার্তা প্রেরণ করেছেন;
তা ইস্রায়েলের উপরে পতিত হবে।
9 ইফ্রয়িম ও শমরিয়ায় বসবাসকারী
সব লোকই তা জানতে পারবে,
যারা গর্বিত মনে ও
উদ্ধত হৃদয়ের সঙ্গে একথা বলে,
10 “ইটগুলি তো পতিত হয়েছে,
কিন্তু আমরা তক্ষিত পাথরে তা আবার গাঁথব;
ডুমুর গাছগুলি কেটে ফেলা হয়েছে,
কিন্তু সেগুলির জায়গায় আমরা সিডার গাছ লাগাব।”
11 কিন্তু সদাপ্রভু রৎসীনের বিরুদ্ধে, তার শত্রুদের শক্তিশালী করেছেন,
আর তার বিরুদ্ধে তাদের উদ্দীপিত করেছেন।
12 পূর্বদিক থেকে অরামীয়রা ও পশ্চিমদিক থেকে ফিলিস্তিনীরা
মুখ হা করে ইস্রায়েলকে গ্রাস করেছে।
তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি,
তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
13 কিন্তু, যিনি তাদের আঘাত করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসেনি,
তারা সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণও করেনি।
14 তাই সদাপ্রভু ইস্রায়েল থেকে মাথা ও লেজ, দুটিই কেটে ফেলবেন,
খেজুরডাল ও নলখাগড়া মাত্র একদিনে কেটে দেবেন;
15 প্রাচীনেরা ও প্রমুখ লোকেরা হলেন মস্তক,
আর যে ভাববাদীরা মিথ্যা কথা শিক্ষা দেয়, তারা হল লেজ।
16 যারা লোকদের পথ প্রদর্শন করে, তারাই তাদের বিপথে চালিত করে,
আর যারা চালিত হয়, তারা বিপথগামী হয়ে পড়ে।
17 সেই কারণে প্রভু যুবকদের জন্য আর আনন্দ করবেন না,
পিতৃহীন ও বিধবাদের প্রতি তিনি মমতা প্রদর্শন করবেন না,
কারণ তারা সবাই ভক্তিহীন ও দুষ্ট,
তারা প্রত্যেকেই অশালীন কথা বলে।
তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি,
তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
18 সত্যিই দুষ্টতা আগুনের মতো প্রজ্বলিত হয়;
তা শিয়ালকাঁটা ও কাঁটাঝোপকে পুড়িয়ে ফেলে,
তা বনের ঘন জঙ্গলকে দাউদাউ করে প্রজ্বলিত করে,
ফলে উপরের দিকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠে যায়।
19 সর্বশক্তিমান সদাপ্রভুর ক্রোধে
সমস্ত দেশ আগুনে ঝলসে যাবে,
আর লোকেরা হবে সেই আগুনের জ্বালানিস্বরূপ;
কেউ তার ভাইকেও অব্যাহতি দেবে না।
20 ডানদিকে তারা গ্রাস করবে,
তবুও তারা ক্ষুধার্ত থেকে যাবে;
বাঁদিকে তারা খেতে থাকবে,
তবুও তারা তৃপ্ত হবে না।
প্রত্যেকে তার নিজের সন্তানের মাংস খাবে:
21 মনঃশি ইফ্রয়িমের মাংস খাবে এবং ইফ্রয়িম খাবে মনঃশিকে;
তারা উভয়ে একত্রে যিহূদার বিরুদ্ধে উঠবে।
তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি,
তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
10:1 ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে,
যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,
2 যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে
এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে,
যারা বিধবাদের তাদের শিকার বানায়
এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।
3 হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে,
যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে?
সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে?
তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?
4 বন্দিদের মধ্যে ভয়ে কুঁকড়ে থাকা
অথবা নিহতদের পতিত হওয়া ছাড়া আর কিছু থাকবে না।
তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি,
তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
যিশাইয় দামাস্কাস ও দশ বংশের ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেন
1 দামাস্কাসের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী আমার কাছে উপস্থিত হল:
“দেখো, দামাস্কাস আর কোনো নগররূপে থাকবে না,
কিন্তু তা হবে একটি ধ্বংসস্তূপ।
2 অরোয়েরের নগরগুলি জনশূন্য হবে,
তা পশুপালের জন্য ছেড়ে দেওয়া হবে, যারা সেখানে শুয়ে বিশ্রাম করবে,
কেউ তাদের কোনো ভয় দেখাবে না।
3 ইফ্রয়িম থেকে দুর্গ-নগরীগুলি অদৃশ্য হবে,
দামাস্কাস থেকে উধাও হবে রাজকীয় পরাক্রম;
অরাম দেশের অবশিষ্ট লোকেরা হবে
ইস্রায়েলের অন্তর্হিত গৌরবের মতো,”
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
4 “সেদিন যাকোব কুলের মহিমা ম্লান হয়ে যাবে;
তার শরীরের মেদ ঝরে যাবে।
5 তা হবে লোকেদের মাঠ থেকে পাকা শস্য সংগ্রহের মতো,
যখন তারা হাত বাড়িয়ে শিষ কাটে—তা হবে রফায়ীমের উপত্যকায়
পতিত শিষ কুড়িয়ে নেওয়ার মতো।
6 তবুও কুড়িয়ে নেওয়ার মতো কিছু শস্য অবশিষ্ট থাকবে,
যেমন কোনো জলপাই গাছকে ঝেড়ে ফেলা হয়
এবং উপরের ডালগুলিতে দুটি কি তিনটি জলপাই থেকেই যায়,
ফলন্ত শাখায় যেমন চারটি কি পাঁচটি ফল থেকে যায়,”
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন।
7 সেদিন লোকেরা তাদের স্রষ্টার দিকে তাকাবে,
তারা তাদের দৃষ্টি ইস্রায়েলের পবিত্রতমজনের প্রতি ফিরাবে।
8 তারা আর বেদিগুলির দিকে তাকাবে না,
যেগুলি তাদেরই হাতের তৈরি করা,
আর তাদের হাতে তৈরি আশেরার খুঁটিগুলি ও ধূপবেদিগুলির প্রতি
তাদের কোনো সমীহ থাকবে না।
9 সেদিন, দৃঢ় নগরগুলি, যেগুলি ইস্রায়েলীদের ভয়ে তারা পরিত্যাগ করেছিল, সেগুলি ঘন জঙ্গল ও লতাগুল্মের জন্য পরিত্যক্ত হবে। সমস্ত দেশটিই জনশূন্য হবে।
10 তোমরা তোমাদের পরিত্রাতা ঈশ্বরকে ভুলে গিয়েছ;
তোমরা তোমাদের শৈল, তোমাদের দুর্গকে মনে রাখোনি।
তাই, যদিও তোমরা উৎকৃষ্ট সব বৃক্ষচারা রোপণ করো,
বিদেশ থেকে আনা দ্রাক্ষালতা লাগাও,
11 যদিও যেদিন তোমরা সেগুলি লাগাও, সেদিনই সেগুলিকে বাড়িয়ে তোলো,
সকালবেলা যখন তোমরা তাদের লাগাও, তোমরা সেগুলি পুষ্পিত করো,
তবুও রোগ ও অনিরাময়যোগ্য ব্যথাবেদনার দিনে,
তোমরা কিছুই শস্যচয়ন করতে পারবে না।
12 আহা, অনেক জাতি কেমন গর্জন করছে,
সমুদ্রগর্জনের মতোই তাদের গর্জনের শব্দ!
আহ্, জাতিগুলির ভীষণ কোলাহল,
মহাজলরাশির মতোই তারা গর্জন করছে!
13 যদিও লোকেরা সফেন জলরাশির মতো গর্জন করে,
যখন তিনি তাদের তিরস্কার করেন, তারা বহুদূরে পালিয়ে যায়,
তারা পাহাড়ের উপরে তুষের মতো বাতাসে উড়ে যায়,
ঝড়ের মুখে ঘূর্ণায়মান ধুলির মতো হয়।
14 সন্ধ্যাবেলা আকস্মিক সন্ত্রাসের মতো হবে!
সকালবেলা সেগুলি অন্তর্হিত হবে!
এই হবে তাদের অধিকার যারা আমাদের লুট করে,
যারা আমাদের লুণ্ঠন করে, এই হবে তাদের পাওনা।