পেকহ যিহূদা বিধ্বস্ত করেন
741 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
4 প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলিতে, পাহাড়ের চূড়ায় ও ডালপালা বিস্তার করা প্রত্যেকটি গাছের তলায় তিনি বলি উৎসর্গ করলেন ও ধূপ জ্বালিয়েছিলেন।
5 তাই তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁকে অরামের রাজার হাতে সঁপে দিলেন। অরামীয়েরা তাঁকে পরাজিত করল এবং তাঁর প্রজাদের মধ্যে অনেককে বন্দি করল ও তাদের দামাস্কাসে নিয়ে গেল।
তাঁকে সেই ইস্রায়েলের রাজার হাতেও সঁপে দেওয়া হল, যিনি তাঁর অনেক লোকজনকে মেরে ফেলেছিলেন। 6 রমলিয়ের ছেলে পেকহ একদিনেই যিহূদায় 1,20,000 সৈন্যকে হত্যা করলেন—কারণ যিহূদা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করল। 7 ইফ্রয়িমীয় এক যোদ্ধা সিখ্রি রাজপুত্র মাসেয়কে, প্রাসাদের তত্ত্বাবধায়ক কর্মকর্তা অস্রীকামকে, এবং রাজার পর দ্বিতীয় স্থানে থাকা ইল্কানাকে হত্যা করল। 8 ইস্রায়েলের লোকেরা যিহূদায় বসবাসকারী তাদেরই জাতভাই ইস্রায়েলীদের কাছ থেকে স্ত্রী, ছেলে ও মেয়ে মিলিয়ে মোট দুই লাখ লোককে বন্দি করল। এছাড়াও তারা প্রচুর পরিমাণে লুটসামগ্রীও দখল করে সেগুলি শমরিয়ায় বয়ে নিয়ে গেল।
9 কিন্তু ওদেদ নামে সদাপ্রভুর একজন ভাববাদী সেখানে উপস্থিত ছিলেন, এবং সৈন্যদল যখন শমরিয়ায় ফিরে এসেছিল, তখন তিনি তাদের সাথে দেখা করতে গেলেন। তিনি তাদের বললেন, “যেহেতু তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যিহূদার উপর ক্রুদ্ধ হলেন, তাই তিনি তাদের তোমাদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু রাগের বশে তোমরা এমনভাবে তাদের কোতল করেছ যে তার রেশ স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়েছে। 10 এখন আবার তোমরা যিহূদা ও জেরুশালেমের পুরুষ ও মহিলাদের ক্রীতদাস-দাসী করতে চাইছ। কিন্তু তোমরাও কি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে করা পাপের দোষে দোষী নও? 11 এখন আমার কথা শোনো! তোমাদের জাতভাই যেসব ইস্রায়েলীকে তোমরা বন্দি করে এনেছ, তাদের ফেরত পাঠিয়ে দাও, কারণ সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ তোমাদের উপর অবস্থান করছে।”
12 তখন ইফ্রয়িমের নেতাদের মধ্যে কয়েকজন—যিহোহাননের ছেলে অসরিয়, মশিল্লোমোতের ছেলে বেরিখিয়, শল্লুমের ছেলে যিহিষ্কিয়, ও হদলয়ের ছেলে অমাসা—সেই লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যারা যুদ্ধ করে ফিরে এসেছিল। 13 “তোমরা এই বন্দিদের এখানে আনবে না,” তারা বললেন, “তা না হলে আমরাই সদাপ্রভুর কাছে দোষী হয়ে যাব। আমরা যত পাপ ও অপরাধ করেছি, তার সাথে কি তোমরা এই পাপটিও যোগ করতে চাইছ? কারণ আমাদের পাপের পরিমাণ ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছে, আর ইস্রায়েলের উপর তাঁর ক্রোধ অবস্থান করে আছে।”
14 অতএব সৈনিকরা বন্দিদের ও লুটসামগ্রীগুলি কর্মকর্তাদের ও সমগ্র জনসমাজের সামনে এনে রেখেছিল। 15 যাদের নামোল্লেখ করা হয়েছে, তারা লুটসামগ্রী থেকে কাপড়চোপড় নিয়ে বন্দিদের মধ্যে যাদের পরনে কাপড় ছিল না, তাদের উলঙ্গতা ঢেকে দিলেন। তারা তাদের কাপড়চোপড়, চটিজুতো, খাবারদাবার, ও ব্যথা কমানোর মলম দিলেন। যারা যারা শারীরিক দিক থেকে দুর্বল ছিল, তাদের গাধার পিঠে বসিয়ে দেওয়া হল। এইভাবে তারা খেজুর গাছের নগর যিরীহোতে, তাদের জাতভাই ইস্রায়েলীদের কাছে তাদের পৌঁছে দিলেন, এবং পরে শমরিয়ায় ফিরে এলেন।
16 সেই সময় রাজা আহস সাহায্য চেয়ে আসিরিয়ার রাজাদের কাছে লোক পাঠালেন। 17 ইদোমীয়েরা আবার এসে যিহূদাকে আক্রমণ করল এবং লোকদের বন্দি করে নিয়ে গেল, 18 অন্যদিকে আবার ফিলিস্তিনীরা পাহাড়ের পাদদেশে ও যিহূদার নেগেভে অবস্থিত নগরগুলিতে হানা দিয়েছিল। তারা বেত-শেমশ, অয়ালোন ও গদেরোতের সাথে সাথে সোখো, তিম্না ও গিমসো এবং সেখানকার চারপাশের গ্রামগুলিও দখল করে সেগুলিতে বসবাস করতে শুরু করল। 19 ইস্রায়েল-রাজ আহসের জন্যই সদাপ্রভু যিহূদাকে নত করলেন, কারণ যিহূদায় আহস অসদাচারের উদ্যোক্তা হলেন এবং সদাপ্রভুর প্রতি সবচেয়ে বেশি অবিশ্বস্ত হলেন।
1 ওবদিয়ের দর্শন।
ইদোম সম্পর্কে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:
আমরা সদাপ্রভুর কাছ থেকে এক বার্তা শুনেছি,
জাতিসমূহের কাছে বলার জন্য এক দূত প্রেরিত হয়েছিল,
“তোমরা ওঠো, চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য যাই।”
2 “দেখো, আমি জাতিসমূহের কাছে তোমাকে ক্ষুদ্র করব;
তুমি নিতান্তই অবজ্ঞার পাত্র হবে।
3 তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো
এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো,
তোমরা যারা মনে মনে বলো,
‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’
তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।
4 যদিও তোমরা ঈগল পাখির মতো উপরে গিয়ে ওঠো,
এবং তারকারাজির মধ্যে নিজেদের বাসা স্থাপন করো,
সেখান থেকে আমি তোমাদের টেনে নামাব,”
সদাপ্রভু এই কথা বলেন।
5 “যদি চোরেরা তোমাদের কাছে আসত,
যদি রাত্রে দস্যুরা আসত,
তাহলে কী বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে!—
তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না?
যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত,
তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?
6 কিন্তু এষৌকে কেমন তন্নতন্ন করে খোঁজা হবে,
তার গুপ্তধন সব লুঠতরাজ করা হয়েছে!
7 তোমার সমস্ত মিত্রশক্তি তোমাকে সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে,
তোমার বন্ধুরা তোমার সঙ্গে প্রতারণা করে তোমাকে পরাস্ত করবে;
যারা তোমার অন্ন ভোজন করে, তারা তোমার জন্য এক ফাঁদ পাতবে,
কিন্তু তুমি তা বুঝতে পারবে না।”
8 সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন,
আমি কি ইদোমের জ্ঞানী লোকেদের বিনষ্ট করব না,
এষৌর পর্বতগুলিতে কি বুদ্ধিমানদের ধ্বংস করব না?
9 ওহে তৈমন, তোমার যোদ্ধারা আতঙ্কগ্রস্ত হবে,
আর এষৌর পর্বতগুলিতে বসবাসকারী প্রত্যেকে হত্যালীলায় উচ্ছিন্ন হবে।
10 এর কারণ হল, তোমার ভাই যাকোবের বিরুদ্ধে তোমার হিংস্রতা,
তুমি লজ্জায় আচ্ছন্ন হবে;
তুমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
11 যেদিন তুমি দূরে দাঁড়িয়েছিলে,
যখন বিজাতীয় লোকেরা তার ধনসম্পদ বয়ে নিয়ে যাচ্ছিল,
বিদেশিরা তার তোরণদ্বারগুলিতে প্রবেশ করে
জেরুশালেমের জন্য গুটিকাপাত করেছিল,
তুমিও তাদের একজনের মতো হয়েছিলে।
12 তোমার ভাই-এর দুর্ভাগ্যের দিনে,
তার প্রতি তোমার হীনদৃষ্টি করা উচিত ছিল না,
তাদের বিনাশের দিনে
যিহূদার লোকদের সম্পর্কে তোমার উল্লসিত হওয়া উচিত ছিল না,
না তো তাদের কষ্ট-সংকটের সময়ে
তোমাদের এত বেশি দর্প করা উচিত হয়েছিল।
13 আমার প্রজাদের তোরণদ্বারগুলি দিয়ে তোমাদের সমরাভিযান করা উচিত হয়নি
তাদের বিপর্যয়ের দিনে,
তাদের দুর্ভোগের জন্য তোমাদের তাদেরকে ঘৃণা করা উচিত হয়নি
তাদের বিপর্যয়ের দিনে,
না তাদের ধনসম্পদ কেড়ে নেওয়া তোমাদের উচিত হয়েছিল
তাদের বিপর্যয়ের দিনে।
14 তাদের পলাতকদের হত্যা করার জন্য
রাস্তার সংযোগস্থানগুলিতে তোমাদের দাঁড়ানো উচিত হয়নি,
না তো তাদের কষ্ট-সংকটের সময়ে
অবশিষ্ট লোকেদের সমর্পণ করা তোমাদের উচিত হয়েছে।
15 “সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন
সন্নিকট হয়েছে।
তোমরা যেমন করেছ, তোমাদের প্রতিও তেমনই করা হবে;
তোমাদের কাজগুলির প্রতিফল তোমাদেরই মাথার উপরে ফিরে আসবে।
16 তোমরা যেমন আমার পবিত্র পর্বতে পান করেছিলে,
তেমনই সব জাতি অবিরত পান করবে;
তারা পান করবে ও করেই যাবে,
এবং এমন হবে, যেন তেমন কখনও হয়নি।
17 কিন্তু সিয়োন পর্বতে উদ্ধারপ্রাপ্ত লোকেরা থাকবে;
তা পবিত্র হবে,
আর যাকোবের কুল তার উত্তরাধিকার ভোগ করবে।
18 যাকোবের কুল হবে আগুনের মতো
আর যোষেফের কুল হবে আগুনের শিখার মতো;
এষৌর কুল হবে খড়কুটোর মতো,
তারা তাকে দাহ করে গ্রাস করবে।
এষৌর কুল থেকে
অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত কেউই থাকবে না।”
সদাপ্রভু একথা বলেছেন।
19 নেগেভ থেকে লোকেরা এসে
এষৌর পাহাড়গুলি দখল করবে।
নিচু পাহাড়ি অঞ্চলের লোকেরা
ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে।
তারা এসে ইফ্রয়িম ও শমরিয়ার ক্ষেত্রের দখল নেবে
এবং বিন্যামীন গিলিয়দ অধিকার করবে।
20 এই ইস্রায়েলী নির্বাসিতের দল, যারা কনানে আছে,
তারা সারিফত পর্যন্ত দেশ অধিকার করবে;
জেরুশালেম থেকে নির্বাসিতের দল, যারা সফারদে আছে,
তারা নেগেভের নগরগুলি অধিকার করবে।
21 উদ্ধারকারীদের দল সিয়োন পর্বতে উঠে যাবে,
যেন এষৌর পর্বতগুলি শাসন করতে পারে।
আর সেই রাজ্য সদাপ্রভুরই হবে।
2 আকাশমণ্ডল শোনো! পৃথিবী কর্ণপাত করো!
কারণ এই কথা সদাপ্রভু বলেছেন,
“আমি ছেলেমেয়েদের লালনপালন ও ভরণ-পোষণ করেছি,
কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
3 গরু তার মনিবকে জানে,
গর্দভ তার মালিকের জাবপাত্র চেনে,
কিন্তু ইস্রায়েল তার মনিবকে জানে না,
আমার প্রজারা কিছু বোঝে না।”
4 আহা পাপিষ্ঠ জাতি,
এমন এক প্রজাসমাজ যারা অপরাধে ভারগ্রস্ত,
তারা কুকর্মীদের বংশ,
যত ভ্রষ্টাচারীর সন্তান!
তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে;
তারা ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে,
এবং তাঁর প্রতি তারা পিঠ ফিরিয়েছে।
5 তোমরা আর কেন মার খাবে?
কেন তোমরা বিদ্রোহ করেই চলেছ?
মাথার সমস্ত অংশ তোমাদের আহত হয়েছে,
তোমাদের হৃদয় দুর্বল হয়ে পড়েছে।
6 তোমাদের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত,
কোথাও কোনো সুস্থ স্থান নেই,
কেবলমাত্র ক্ষত আর প্রহারের চিহ্ন
এবং টাটিয়ে ওঠা ঘা,
তা পরিষ্কার করা কিংবা ব্যাণ্ডেজ বাঁধাও হয়নি,
বা জলপাই তেল দিয়ে তা কোমলও করা হয়নি।
7 তোমাদের দেশ পরিত্যক্ত,
তোমাদের নগরগুলি অগ্নিদগ্ধ হয়েছে;
তোমাদের মাঠগুলি বিদেশিরা
তোমাদের চোখের সামনেই লুট করেছে,
তারা পর্যুদস্ত করা মাত্র সেগুলি ছারখার হয়ে গেছে।
8 দ্রাক্ষাকুঞ্জের কুটিরের মতো,
শসা ক্ষেতের পাহারা দেওয়া কুঁড়েঘরের মতো,
কোনো অবরুদ্ধ নগরীর মতো,
সিয়োন-কন্যা পরিত্যক্ত পড়ে আছে।
9 সর্বশক্তিমান সদাপ্রভু যদি আমাদের জন্য
কয়েকজন অবশিষ্ট মানুষ না রাখতেন,
তাহলে আমাদের অবস্থা হত সদোমের মতো,
আমরা হতাম ঘমোরার মতো।
10 তোমরা যারা সদোমের শাসক,
তোমরা সদাপ্রভুর বাণী শোনো;
তোমরা যারা ঘমোরার মানুষ,
তোমরা আমাদের ঈশ্বরের বিধান শোনো!
11 “কী তোমাদের ভাবিয়েছে যে,
তোমাদের অগণ্য সব বলি উৎসর্গ আমার প্রয়োজন?” সদাপ্রভু একথা বলেন।
“আমার কাছে প্রয়োজনেরও বেশি হোমের পশু আছে,
সব মেষ ও নধর পশুদের চর্বি আছে;
ষাঁড়, মেষশাবক ও ছাগলের রক্তে
আমার কোনও আনন্দ নেই।
12 তোমরা যখন আমার সামনে উপস্থিত হও,
কে তোমাদের কাছে এরকম চেয়েছে যে,
তোমরা আমার প্রাঙ্গণ পা দিয়ে মাড়াও?
13 অর্থহীন সব বলিদান আমার কাছে আর এনো না!
তোমাদের ধূপদাহ আমার কাছে ঘৃণ্য মনে হয়।
অমাবস্যা, সাব্বাথের দিন ও ধর্মীয় সভাগুলি—
আমি তোমাদের এসব মন্দ জমায়েত সহ্য করতে পারি না।
14 তোমাদের অমাবস্যার উৎসবগুলি ও নির্ধারিত সব পর্ব,
আমার প্রাণ ঘৃণা করে।
সেগুলি আমার পক্ষে এক বোঝাস্বরূপ,
যেগুলির ভার বয়ে বয়ে আমি ক্লান্ত হয়েছি।
15 তোমরা প্রার্থনার উদ্দেশে যখন হাত প্রসারিত করো,
তোমাদের কাছ থেকে আমি আমার দৃষ্টি লুকাব;
তোমরা যদিও বহু প্রার্থনা উৎসর্গ করো,
আমি তা শুনব না।
কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ!
16 তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো।
তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো!
অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো।
অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও।
পিতৃহীনদের পক্ষসমর্থন করো,
বিধবাদের সপক্ষে ওকালতি করো।
18 “এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,”
সদাপ্রভু একথা বলেন।
“তোমাদের পাপের রং টকটকে লাল হলেও
সেগুলি বরফের মতো সাদা হবে;
যদিও তা গাঢ় লাল রংয়ের হয়,
সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
19 যদি তোমরা ইচ্ছুক ও বাধ্য হও,
তোমরা দেশের উৎকৃষ্ট সব ফল ভোজন করবে;
20 কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো,
তরোয়াল তোমাদের গ্রাস করবে,”
কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।
21 দেখো, একদা বিশ্বস্ত জেরুশালেম নগরী,
কেমন বেশ্যার মতো হয়েছে!
এক সময়, সে ন্যায়বিচারে পূর্ণ ছিল;
তার মধ্যে অবস্থান করত ধার্মিকতা,
কিন্তু এখন যত খুনির দল আছে!
22 তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে,
তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।
23 তোমাদের শাসকেরা বিদ্রোহী হয়েছে,
তারা হয়েছে চোরদের সঙ্গী;
তারা সবাই ঘুস খেতে ভালোবাসে
এবং পারিতোষিকের পিছনে দৌড়ায়।
তারা পিতৃহীনের পক্ষসমর্থন করে না;
বিধবার মোকদ্দমা তাদের সামনে আসে না।
24 তাই প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
যিনি ইস্রায়েলের পরাক্রমী জন, তিনি ঘোষণা করেন:
“আহা! আমি আমার বিপক্ষদের হাত থেকে নিস্তার পাব,
আমার শত্রুদের কাছে প্রতিশোধ নেব।
25 আমি তোমার বিরুদ্ধে আমার মুষ্টিবদ্ধ হাত তুলব;
আমি তোমার খাদ আগাগোড়া পরিষ্কার করব
এবং তোমার সব অশুদ্ধতা দূর করব।
26 আমি পুরোনো দিনের মতো তোমার বিচারকদের পুনঃস্থাপিত করব,
যেমন প্রথমে ছিল, তেমনই নিয়ে আসব পরামর্শদাতাদের।
পরে তোমাকে বলা হবে
ধার্মিকতার পুরী,
এক বিশ্বাসভাজন নগরী।”
27 সিয়োনকে ন্যায়বিচারের দ্বারা ও
তার অনুতপ্ত জনেদের ধার্মিকতার দ্বারা উদ্ধার করা হবে।
28 কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে,
যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।
29 “তোমরা তোমাদের পবিত্র ওক গাছগুলির জন্য লজ্জিত হবে,
যেগুলির জন্য তোমরা আনন্দিত হতে;
তোমাদের মনোনীত পূজার উদ্যানগুলির জন্য
তোমরা অপমানিত হবে।
30 তোমরা সেই ওক গাছের মতো হবে, যার পাতা শুকিয়ে যাচ্ছে,
তোমরা জলহীন কোনো উদ্যানের মতো হবে।
31 শক্তিশালী মানুষ যেন খড়কুটোর মতো হবে,
তার কাজ অগ্নিস্ফুলিঙ্গের মতো হবে;
সেগুলি উভয়েই একত্র দগ্ধ হবে,
সেই আগুন নিভানোর জন্য কেউই থাকবে না।”