আহস তিগ্লৎ-পিলেষরের সঙ্গে মৈত্রী স্থাপন করেন
আহস আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের সঙ্গে মৈত্রী স্থাপন করেন।
740 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
6 সেই সময় অরামের রাজা রৎসীন যিহূদার লোকজনকে তাড়িয়ে দিয়ে এলৎ নগরটি আরেকবার অরামের অধিকারে নিয়ে এলেন। ইদোমীয়রা পরে এলতে গিয়ে আজও পর্যন্ত সেখানেই বসবাস করে চলেছে।
7 আহস এই কথা বলার জন্য আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে দূত পাঠালেন, “আমি আপনার দাস ও কেনা গোলাম। আপনি এখানে এসে, যারা আমাকে আক্রমণ করছে, সেই অরামের রাজা ও ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে উদ্ধার করুন।” 8 আহস সদাপ্রভুর মন্দিরে ও রাজপ্রাসাদের কোষাগারে যত রুপো ও সোনা ছিল, সব নিয়ে উপহার রূপে সেগুলি আসিরিয়ার রাজার কাছে পাঠিয়ে দিলেন। 9 আসিরিয়ার রাজা দামাস্কাস আক্রমণ ও দখল করে এই অনুরোধে সাড়া দিলেন। সেখানকার অধিবাসীদের তিনি বন্দি করে কীরে পাঠালেন এবং রৎসীনকে হত্যা করলেন।
1 ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের অহংকার, সেই মুকুটকে ধিক্,
যে ফুলের শোভা ও যার মহিমার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে,
যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত,
সেই নগর, যাদের অহংকার সুরার কারণে অবনমিত হয়েছে!
2 দেখো, প্রভুর এক পরাক্রমী ও শক্তিশালী ব্যক্তি আছেন।
শিলাবৃষ্টি ও ধ্বংসাত্মক ঝড়ের মতো,
মুষলধারায় বৃষ্টি ও প্লাবনকারী বারিধারার মতো,
তিনি একে সবলে মাটিতে নিক্ষেপ করবেন।
3 সেই মুকুট, যা ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের গর্ব,
পায়ের নিচে দলিত হবে।
4 সেই ম্লানপ্রায় ফুল, তার মহিমার সৌন্দর্য,
যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত,
যা চয়ন করার আগে পাকা ডুমুরের মতো হবে—
তাকে দেখামাত্র যেমন কেউ তা পেড়ে হাতে নেয়,
আর তা খেয়ে ফেলে, তেমনই।
5 সেইদিন, বাহিনীগণের সদাপ্রভু
এক গৌরবের মুকুটস্বরূপ হবেন,
তাঁর প্রজাদের অবশিষ্টাংশের জন্য
তিনি হবেন এক সুন্দর শিরোভূষণ।
6 যিনি বিচারকের আসনে বসেন,
তিনি তাঁকে ন্যায়বিচারের প্রেরণা দেবেন,
যারা নগর-দুয়ারে আক্রমণ রোধ করে,
তিনি হবেন তাদের কাছে শক্তির উৎস।
7 এরাও সুরার কারণে টলোমলো হয়
এবং সুরা পানের কারণে এলোমেলো চলে:
যাজকেরা ও ভাববাদীরা সুরা পান করে টলোমলো হয়
সুরা পান করে তারা চুর হয়ে থাকে;
তারা সুরা পানের জন্য এলোমেলো চলে,
দর্শন দেখামাত্র তারা টলটলায়মান হয়,
সিদ্ধান্ত গ্রহণের সময় তারা হোঁচট খায়।
8 খাবারের সব টেবিল বমিতে পূর্ণ,
নোংরা নয়, এমন কোনো স্থান নেই।
9 “সে কাকে শিক্ষা দিতে চাইছে?
কার কাছে সে তার বার্তার ব্যাখ্যা করছে?
সেই শিশুদের কাছে কি, যাদের স্তন্যপান ত্যাগ করানো হচ্ছে,
না তাদের কাছে, যাদের স্তন থেকে সরানো হচ্ছে?
10 কারণ, এ যেন:
এরকম করো, সেইরকম করো,
নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম,
এখানে একটু আর ওখানে একটু।”
11 তাহলে ভালোই তো, বিদেশি ওষ্ঠাধর ও অদ্ভুত ভাষার দ্বারা
ঈশ্বর এই জাতির সঙ্গে কথা বলবেন।
12 যাদের কাছে তিনি বলেছেন,
“এই হল বিশ্রামের স্থান, ক্লান্ত ব্যক্তি এখানে বিশ্রাম করুক”
এবং “এই হল প্রাণ জুড়ানোর স্থান”—
কিন্তু তারা তা শুনতে চাইলো না।
13 সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল:
এরকম করো, সেইরকম করো,
নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম,
এখানে একটু আর ওখানে একটু—
যেন তারা যায় ও পিছন দিকে পড়ে,
আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।
14 সেই কারণে নিন্দুকেরা ও জেরুশালেমে স্থিত এই জাতির শাসকেরা,
তোমরা সদাপ্রভুর বাণী শোনো।
15 তোমরা অহংকার করে বলো, “আমরা মৃত্যুর সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছি,
কবরের সঙ্গে আমাদের একটি নিয়ম হয়েছে।
যখন কোনো অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়ে,
তা আমাদের স্পর্শ করতে পারবে না,
কারণ এক মিথ্যাকে আমরা আশ্রয়স্থল করেছি,
আর মিথ্যাচারই হল আমাদের লুকানোর স্থান।”
16 তাই সার্বভৌম সদাপ্রভু একথা বলেন:
“দেখো, আমি সিয়োনে এক পাথর স্থাপন করি, সেটি এক পরীক্ষিত পাথর,
সুদৃঢ় ভিত্তির জন্য তা এক মহামূল্যবান কোণের পাথর;
যে বিশ্বাস করে,
সে কখনও আতঙ্কগ্রস্ত হবে না।
17 আমি ন্যায়বিচারকে মানদণ্ড
ও ধার্মিকতাকে করব ওলন-দড়ি;
শিলাবৃষ্টি তোমাদের আশ্রয়স্থান, অর্থাৎ মিথ্যাচারকে ভাসিয়ে নিয়ে যাবে,
আর জল তোমার লুকানোর স্থানের উপর দিয়ে বইবে।
18 মৃত্যুর সঙ্গে কৃত তোমাদের সন্ধিচুক্তি বাতিল করা হবে;
কবরের সঙ্গে তোমাদের চুক্তিনিয়ম স্থির থাকবে না।
যখন সেই অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়বে,
তোমরা তার দ্বারা প্রহারিত হবে।
19 যেই তা আসবে, তা তোমাদের বহন করে নিয়ে যাবে;
সকালের পর সকাল, দিনে বা রাত্রে,
তা ক্রমাগত আছড়ে পড়বে।”
এই বার্তা বুঝতে পারলে
তা প্রচণ্ড বিভীষিকা নিয়ে আসবে।
20 পা ছড়ানোর জন্য বিছানা ভীষণ খাটো,
তোমাদের গায়ে জড়ানোর জন্য কম্বলও ছোটো।
21 সদাপ্রভু উঠে দাঁড়াবেন, যেমন পরাসীম পর্বতে করেছিলেন,
গিবিয়োনের উপত্যকায় যেমন করেছিলেন, তেমনই তিনি নিজেকে তুলে ধরবেন,
যেন তিনি তাঁর কাজ করতে পারেন, তাঁর অদ্ভুত কাজ,
তাঁর করণীয় কাজ সম্পন্ন করেন, তাঁর রহস্যময় সেই করণীয় কাজ।
22 এখন তোমাদের ঠাট্টা-বিদ্রুপ করা বন্ধ করো,
নইলে তোমাদের শৃঙ্খল আরও ভারী হবে;
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে বলেছেন,
সমস্ত দেশের বিরুদ্ধে ধ্বংসের পরোয়ানা জারি হয়ে গেছে।
23 তোমরা শোনো ও আমার কথায় কান দাও;
মনোযোগ দাও ও আমি যা বলি তা শোনো।
24 কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়?
সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?
25 সে যখন ভূমির উপরিভাগ সমান করে,
সে কি মৌরি ও জিরের বীজ বোনে না?
সে কি যথাস্থানে গম ও যব
ও খেতের সীমানায় ভুট্টা
যথা উপায়ে বপন করে না?
26 তার ঈশ্বর তাকে নির্দেশ দেন
ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।
27 মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না,
জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না;
মৌরি লাঠি দিয়ে পেটানো হয়,
জিরে একটি ছড়ির দ্বারা।
28 রুটি তৈরি করার জন্য গম অবশ্যই চূর্ণ করতে হয়,
তাই কেউই গম অনবরত মাড়াই করে না।
যদিও মাড়াই করা গাড়ির চাকা তার উপরে চালানো হয়,
ঘোড়ার খুরে তা কিন্তু চূর্ণ হয় না।
29 এই সমস্ত জ্ঞান আসে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছ থেকে,
যাঁর পরিকল্পনা অপূর্ব,
যাঁর প্রজ্ঞা চমৎকার।
20 আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর তাঁর কাছে এলেন, কিন্তু তিনি আহসকে সাহায্য না করে বরং তাঁকে কষ্টই দিলেন। 21 সদাপ্রভুর মন্দির থেকে এবং রাজপ্রাসাদ থেকে ও কর্মকর্তাদের কাছ থেকে আহস বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেগুলি আসিরিয়ার রাজাকে উপহার দিলেন, কিন্তু তাতেও তাঁর কোনও লাভ হয়নি।
22 তাঁর এই কষ্টের সময় রাজা আহস সদাপ্রভুর প্রতি আরও বেশি অবিশ্বস্ত হয়ে গেলেন। 23 তিনি দামাস্কাসের সেই দেবতাদের কাছে বলি উৎসর্গ করলেন, যারা তাঁকে পরাজিত করল; কারণ তিনি ভেবেছিলেন, “যেহেতু অরামের রাজাদের দেবতারা তাদের সাহায্য করেছে, তাই আমিও তাদের কাছে বলি উৎসর্গ করব, যেন তারা আমাকেও সাহায্য করে।” কিন্তু তারাই তাঁর ও সমগ্র ইস্রায়েলের পতনের কারণ হল।
10 পরে রাজা আহস আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের সাথে দেখা করার জন্য দামাস্কাসে গেলেন। দামাস্কাসে তিনি একটি যজ্ঞবেদি দেখেছিলেন এবং যাজক ঊরিয়ের কাছে তিনি সেই যজ্ঞবেদির একটি নকশা এবং সেটি কীভাবে বানাতে হবে, তার বিস্তারিত পরিকল্পনা পাঠিয়ে দিলেন। 11 তাই দামাস্কাস থেকে রাজা আহসের পাঠানো সব পরিকল্পনা অনুসারেই যাজক ঊরিয় একটি যজ্ঞবেদি তৈরি করলেন এবং রাজা আহস ফিরে আসার আগেই সেটি সম্পূর্ণ করে ফেলেছিলেন। 12 রাজামশাই দামাস্কাস থেকে ফিরে এসে সেই যজ্ঞবেদিটি দেখে সেটির দিকে এগিয়ে গেলেন ও সেটির উপরে চড়ে বলি উৎসর্গ করলেন। 13 তিনি তাঁর হোমবলি ও দানা শস্যের বলি উৎসর্গ করলেন, পেয়-নৈবেদ্য ঢেলে দিলেন, এবং তাঁর মঙ্গলার্থক-নৈবেদ্যের রক্ত বেদিতে ছিটিয়ে দিলেন। 14 সদাপ্রভুর সামনে রাখা ব্রোঞ্জের বেদিটি তিনি মন্দিরের সামনে থেকে সরিয়ে এনে—নতুন বেদি ও সদাপ্রভুর মন্দিরের মাঝখান থেকে—সেটি নতুন বেদির উত্তর দিকে রেখে দিলেন।
15 রাজা আহস পরে যাজক ঊরিয়কে এই আদেশগুলি দিলেন: “এই নতুন বড়ো বেদিটির উপর সকালে হোমবলি ও সন্ধ্যায় দানা শস্যের বলি, রাজার হোমবলি ও তাঁর দানা শস্যের বলি, এবং দেশের সব প্রজার হোমবলি, ও তাদের দানা শস্যের বলি ও তাদের পেয়-নৈবেদ্য উৎসর্গ কোরো। সব হোমবলি ও পশুবলির রক্ত এই বেদিতে ছিটিয়ে দিয়ো। কিন্তু ব্রোঞ্জের বেদিটি আমি নির্দেশনা চাওয়ার জন্য ব্যবহার করব।” 16 রাজা আহসের আদেশানুসারেই যাজক ঊরিয় সবকিছু করলেন।
17 রাজা আহস ধারের খুপিগুলি কেটে বাদ দিলেন এবং সরানোর উপযোগী তাকগুলি থেকে গামলাগুলি সরিয়ে দিলেন। ব্রোঞ্জের তৈরি বলদমূর্তিগুলির উপর বসানো সমুদ্রপাত্রটি সেখান থেকে সরিয়ে তিনি পাথরের একটি বেদিতে বসিয়ে দিলেন। 18 আসিরিয়ার রাজার প্রতি সম্মান দেখিয়ে, মন্দিরে সাব্বাথবারে (বিশ্রামবারে) ব্যবহারযোগ্য যে শামিয়ানাটি তৈরি করা হল, তিনি সেটি খুলে দিলেন এবং সদাপ্রভুর মন্দিরের বাইরের দিকে রাজার যে প্রবেশদ্বারটি ছিল, সেটিও সরিয়ে দিলেন।
24 আহস ঈশ্বরের মন্দির থেকে আসবাবপত্রাদি সংগ্রহ করে সেগুলি কেটে টুকরো টুকরো করে দিলেন। সদাপ্রভুর মন্দিরের দরজা তিনি বন্ধ করে দিলেন এবং জেরুশালেমের প্রত্যেকটি রাস্তার কোনায় কোনায় তিনি যজ্ঞবেদি খাড়া করে দিলেন। 25 যিহূদার প্রত্যেকটি নগরে অন্যান্য দেবতাদের উদ্দেশে বলির পশু পোড়ানোর জন্য তিনি পূজার্চনার উঁচু উঁচু স্থান তৈরি করে দিলেন এবং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
1 “যাজকেরা, তোমরা শোনো!
ইস্রায়েলীরা, তোমরা মনোযোগ দাও!
ওহে রাজকুল, তোমরাও শোনো!
তোমাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা এই:
তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও
তাবোরে পাতা জালস্বরূপ হয়েছ।
2 বিদ্রোহীদের হত্যাকাণ্ডের মাত্রা অত্যন্ত গভীর,
আমি তাদের সকলকে শাস্তি দেব।
3 ইফ্রয়িম সম্পর্কে আমি সবকিছু জানি;
ইস্রায়েলও আমার কাছে গুপ্ত নয়।
ইফ্রয়িম, তুমি এখন বেশ্যাবৃত্তির গ্রহণ করেছ,
আর ইস্রায়েল হয়েছে কলুষিত।
4 “এদের কীর্তিকলাপ এদের ঈশ্বরের কাছে
ফিরে আসার জন্য এদের বাধা দেয়।
কারণ তাদের অন্তরে রয়েছে বেশ্যাবৃত্তির মনোভাব,
তারা সদাপ্রভুকে স্বীকার করে না।
5 ইস্রায়েলের ঔদ্ধত্য তাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেয়;
ইস্রায়েলীরা, এমনকি ইফ্রয়িমও তাদের পাপে হোঁচট খায়;
এদের সঙ্গে যিহূদাও হোঁচট খেয়ে পড়ে।
6 তারা যখন তাদের গোপাল ও মেষপাল নিয়ে
সদাপ্রভুর অন্বেষণে যাবে,
তখন তারা তাঁর সন্ধান পাবে না;
তিনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
7 তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত হয়েছে,
তারা অবৈধ সন্তানদের জন্ম দিয়েছে।
এখন তাদের অমাবস্যার উৎসবগুলি
তিনি তাদের ক্ষেত্রগুলিকে গ্রাস করবে।
8 “তোমরা গিবিয়াতে তূরীধ্বনি করো,
রামাতে বাজাও শিঙা।
বেথ-আবনে তোমরা রণনাদ করো;
বিন্যামীন, তুমি নেতৃত্ব দাও।
9 হিসেব চোকানোর দিনে
ইফ্রয়িম হবে জনশূন্য ও ধ্বংসস্থান পরিত্যক্ত।
আমি ইস্রায়েলের গোষ্ঠীসমূহের মধ্যে
যা নিশ্চিতরূপে ঘটবে তা ঘোষণা করেছি।
10 যিহূদার নেতারা তাদের মতো,
যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে।
বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে
ঢেলে দেব আমার ক্রোধ।
11 ইফ্রয়িম অত্যাচারিত হয়েছে,
বিচারে পদদলিত হয়েছে,
প্রতিমাদের পিছনে ধাওয়া করায় সে নিবিষ্ট।
12 ইফ্রয়িমের কাছে আমি পোকার মতো,
যিহূদার লোকেদের কাছে পচনের মতো।
13 “ইফ্রয়িম যখন তার অসুস্থতা
ও যিহূদা তার ক্ষতগুলি দেখতে পেল,
তখন ইফ্রয়িম আসিরিয়ার দিকে ফিরে তাকালো
তাদের মহারাজের কাছে সাহায্য চেয়ে পাঠাল।
কিন্তু সে তোমাদের আরোগ্য সাধন
বা তোমাদের ক্ষতগুলি নিরাময় করতে অক্ষম।
14 কেননা আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব,
যিহূদার কাছে হব যুবসিংহের মতো।
আমি তাদের বিদীর্ণ করে চলে যাব;
আমি তাদের তুলে নিয়ে যাব, কেউ পারবে না তাদের উদ্ধার করতে।
15 তারপর আমি স্বস্থানে ফিরে যাব,
যতক্ষণ না তারা নিজেদের অপরাধ স্বীকার করে।
আর তারা আমার শ্রীমুখের অন্বেষী হবে
তাদের চরম দুর্দশায়
তারা আগ্রহভরে আমার অন্বেষণ করবে।”