আহস তিগ্লৎ-পিলেষরের সঙ্গে মৈত্রী স্থাপন করেন (continued)

আহস আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের সঙ্গে মৈত্রী স্থাপন করেন।

740 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হোশেয় 6

1 “এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই।

তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন,

কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন;

তিনি আমাদের জখম করেছেন,

কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।

2 দু-দিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন;

তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত,

যেন আমরা তাঁর সান্নিধ্যে বসবাস করি।

3 এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই,

তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই।

অরুণোদয়ের মতোই সুনিশ্চিত

তাঁর আবির্ভাব;

তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো,

আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”

4 “ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কী করব?

যিহূদা, আমি তোমাকে নিয়েই বা কী করব?

তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো,

ভোরের শিশির, যা প্রত্যুষেই অন্তর্হিত হয়।

5 তাই, আমি ভাববাদীদের দ্বারা তোমাদের খণ্ডবিখণ্ড করেছি,

আমার মুখের বাক্য দ্বারা আমি তোমাদের হত্যা করেছি;

আমার দণ্ডাজ্ঞা বিদ্যুতের মতো তোমাদের উপরে আছড়ে পড়েছে।

6 কারণ আমি দয়া চাই, বলিদান নয়,

এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান।

7 আদমের মতো তারা নিয়ম ভেঙে ফেলেছে;

তারা ওখানেও আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল।

8 গিলিয়দ হল দুষ্ট ও অধর্মাচারীদের নগর,

তা রক্তাক্ত পদচিহ্নে কলঙ্কিত।

9 লুণ্ঠনকারী ব্যক্তিরা যেমন কোনো মানুষের অপেক্ষায় ওৎ পেতে থাকে,

তেমনই করে থাকে যাজকের দল;

তারা শিখিমের পথে লোকেদের হত্যা করে,

তারা লজ্জাকর অপরাধ সংঘটিত করে।

10 আমি ইস্রায়েল কুলে এক ভয়ংকর ব্যাপার দেখেছি।

সেখানে ইফ্রয়িম বেশ্যাবৃত্তিতে জড়িয়েছে,

আর ইস্রায়েল হয়েছে কলুষিত।

11 “এবং যিহূদা, তোমার জন্যও,

নিরূপিত আছে এক শস্যচয়নের কাল।

“আমি যখনই আমার লোকেদের পরিস্থিতি পুনরুদ্ধার করব,

আহসের মৃত্যু; হিষ্কিয়ের ক্ষমতার ভবিষ্যদ্বাণী 726 খ্রিস্টপূর্ব

আহসের মৃত্যু এবং হিষ্কিয়ের ক্ষমতা সম্বন্ধে একটি ভবিষ্যদ্বাণী।

2 বংশাবলি 28:26–27

26 শুরু থেকে শেষ পর্যন্ত, তাঁর রাজত্বকালের অন্যান্য সব ঘটনা ও তাঁর সব কাজকর্মের বিবরণ যিহূদা ও ইস্রায়েলের রাজাদের পুস্তকে লেখা আছে। 27 আহস তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে জেরুশালেম নগরেই কবর দেওয়া হল, কিন্তু ইস্রায়েলের রাজাদের কবরে তাঁকে রাখা হয়নি। তাঁর ছেলে হিষ্কিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

যিশাইয় 14:28–32

28 রাজা আহসের মৃত্যু বছরে এই ভবিষ্যদ্‌বাণী উপস্থিত হয়েছিল:

29 ফিলিস্তিনীরা, যে লাঠি দ্বারা তোমাদের আঘাত করেছিল,

তা ভেঙেছে বলে তোমরা উল্লসিত হোয়ো না;

কারণ সেই মূল-সাপ থেকে এক কালসাপ নির্গত হবে,

জ্বলন্ত উড়ন্ত নাগই হবে তার গর্ভফল।

30 দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে,

আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে।

কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব;

তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।

31 ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো!

ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও!

উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে,

তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না।

32 সেই জাতির দূতদের

কী উত্তর দেওয়া হবে?

“সদাপ্রভু সিয়োনকে প্রতিষ্ঠিত করেছেন,

তাঁর ক্লিষ্ট প্রজারা তার মধ্যে আশ্রয়স্থান পাবে।”

2 বংশাবলি 28:1–3

1 আহস কুড়ি বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মতো তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তা করেননি। 2 তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলেছিলেন এবং বায়াল-দেবতাদের পূজার্চনার জন্য তিনি প্রতিমার মূর্তিও তৈরি করলেন। 3 বিন-হিন্নোম উপত্যকায় তিনি পশুবলি দিয়ে সেগুলি জ্বালিয়ে দিতেন এবং সদাপ্রভু যে পরজাতিদের ইস্রায়েলীদের সামনে থেকে দূর করে দিলেন, তাদেরই ঘৃণ্য প্রথানুসারে তিনি তাঁর নিজের সন্তানদের বলিরূপে উৎসর্গ করলেন।

2 রাজাবলি 16:19–20

19 আহসের রাজত্বের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই? 20 আহস তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাদের সাথেই তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে হিষ্কিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

ইস্রায়েলের রাজ্য 739 খ্রিস্টপূর্ব

পেকহ ও হোশেয়ের রাজত্ব

2 রাজাবলি 15:30–31

30 পরে এলার ছেলে হোশেয় রমলিয়ের ছেলে পেকহের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। তিনি পেকহকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন, এবং উষিয়র ছেলে যোথমের রাজত্বকালের কুড়িতম বছরে রাজারূপে পেকহের স্থলাভিষিক্ত হলেন।

31 পেকহের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?

2 রাজাবলি 17:1–2

1 যিহূদার রাজা আহসের রাজত্বকালের দ্বাদশতম বছরে এলার ছেলে হোশেয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি নয় বছর রাজত্ব করলেন। 2 সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন, তবে ইস্রায়েলে তাঁর পূর্বসূরি রাজাদের মতো তা করেননি।