প্রতিমাপূজার মূর্খতা ও অইহুদি জাতিবৃন্দের ধর্মান্তর
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 “কিন্তু এখন, ওহে আমার দাস যাকোব,
আমার মনোনীত ইস্রায়েল, তোমরা শোনো।
2 যিনি তোমাকে নির্মাণ করেছেন, যিনি মায়ের গর্ভে তোমাকে গঠন করেছেন
এবং যিনি তোমাকে সাহায্য করবেন,
সেই সদাপ্রভু এই কথা বলেন:
ওহে আমার দাস যাকোব, আমার মনোনীত যিশুরূণ,
তুমি ভয় কোরো না।
3 কারণ আমি তৃষিত ভূমিতে জল ঢেলে দেব,
শুষ্ক মাটিতে বইয়ে দেব নদীর স্রোত;
আমি তোমার বংশধরদের উপরে ঢেলে দেব আমার আত্মা,
তোমার সন্তানদের উপরে ঢেলে দেব আমার আশীর্বাদ।
4 যেমন জলস্রোতের তীরে ঝাউ গাছ,
তেমনই চারণভূমিতে তৃণের মতো তারা উৎপন্ন হবে।
5 কেউ একজন বলবে, ‘আমি সদাপ্রভুর’;
অন্য একজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে;
আরও একজন তার হাতে লিখবে, ‘সদাপ্রভুর,’
আর তারা ইস্রায়েল নামে পদবি গ্রহণ করবে।
6 “ইস্রায়েলের রাজা ও মুক্তিদাতা, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন:
আমিই প্রথম ও আমিই শেষ:
আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।
7 তাহলে আমার মতো আর কে আছে? সে সেকথা ঘোষণা করুক।
সে তা বলুক ও আমার সামনে উপস্থাপন করুক;
আমার পুরাকালের লোকদের স্থাপন করার সময় কী ঘটেছিল,
আর ভবিষ্যতেই বা কী ঘটবে,
হ্যাঁ, সে আগাম বলুক, ভাবীকালে কী ঘটবে।
8 তোমরা ভয়ে কেঁপো না, ভয় কোরো না।
একথা আমি কি ঘোষণা করিনি ও বহুপূর্বেই তা বলে দিইনি?
তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কোনো ঈশ্বর কি আছে?
না, আর কোনো শৈল নেই; আমি তেমন কাউকে জানি না।”
9 যারা প্রতিমা নির্মাণ করে, তারা কিছুই নয়,
তাদের নির্মিত মনোহর বস্তুগুলি কোনো উপকারে আসে না।
যারা তাদের হয়ে কথা বলে, তারা অন্ধ;
নিজেদেরই লজ্জা উদ্রেকের জন্য তারা অজ্ঞ প্রতিপন্ন হয়।
10 কে কোনো প্রতিমার আকার দেয় ও কোনো মূর্তি ছাঁচে ঢালে,
যা তার কোনো উপকারে আসে না?
11 সে ও তার অনুগামী সকলে লজ্জিত হবে;
শিল্পকরেরা মানুষ ছাড়া আর কিছুই নয়।
তারা সকলে এসে নিজের অবস্থান গ্রহণ করুক;
তাদের সকলকে আতঙ্কগ্রস্ত ও নীচ প্রতিপন্ন করা হবে।
12 কামার একটি যন্ত্র গ্রহণ করে
ও জ্বলন্ত কয়লায় তা নিয়ে কাজ করে;
হাতুড়ি পিটিয়ে সে এক মূর্তি তৈরি করে,
সে তার শক্তিশালী হাতে তার আকৃতি দেয়।
সে ক্ষুধার্ত হয়ে তার শক্তি হারায়;
জলপান না করে সে মূর্ছিত হয়।
13 ছুতোর একটি সুতো দিয়ে মাপে
ও কম্পাস দিয়ে তার রূপরেখা তৈরি করে;
ছেনি দিয়ে সে তা খোদাই করে ও
কম্পাস দিয়ে তার আকার ঠিক করে।
সে তাতে পুরুষের আকৃতি দেয়,
যার মধ্যে থাকে মানুষের সব সৌন্দর্য,
যেন তা কোনো দেবালয়ে স্থান পেতে পারে।
14 সে সিডার গাছ কেটে ফেলে,
কিংবা বেছে নেয় কোনো সাইপ্রেস বা ওক গাছ।
সে বনের গাছপালার সঙ্গে সেটিকে বাড়তে দেয়,
কিংবা রোপণ করে পাইন গাছ, বৃষ্টি যাকে বাড়িয়ে তোলে।
15 পরে তা মানুষের জ্বালানি কাঠ হয়;
তার একটি অংশ নিয়ে সে আগুন পোহায়,
একটি অংশে আগুন জ্বালিয়ে রুটি সেঁকে।
আবার তা দিয়ে সে এক দেবতাও নির্মাণ করে ও তার উপাসনা করে,
একটি প্রতিমা নির্মাণ করে তার কাছে সে প্রণত হয়।
16 অর্ধেক কাঠ দিয়ে সে আগুন জ্বালায়,
তার উত্তাপে সে রান্না খাবার করে,
মাংস ঝলসে নিয়ে সে তা দিয়ে উদরপূর্তি করে।
আবার সে আগুনের তাপ নেয় ও বলে,
“আহা! আমি উষ্ণ হয়েছি, আগুনের তাপ নিচ্ছি।”
17 কাঠের অবশিষ্ট অংশ নিয়ে সে এক দেবতা, তার আরাধ্য মূর্তি নির্মাণ করে;
সে তার কাছে প্রণত হয়ে উপাসনা করে।
সে তার কাছে প্রার্থনা করে ও বলে,
“আমাকে রক্ষা করো; তুমি আমার দেবতা!”
18 তারা কিছু জানে না, কিছু বোঝে না;
তাদের চোখে প্রলেপ থাকে, তাই তারা দেখতে পায় না,
তাদের মন থাকে অবরুদ্ধ, তাই তারা বুঝতে পারে না।
19 কেউ থেমে একটু চিন্তা করে না,
কারও তেমন জ্ঞান বা বোধবুদ্ধি নেই যে বলে,
“কাঠের অর্ধেক আমি জ্বালানিরূপে ব্যবহার করেছি;
এর অঙ্গারে আমি এমনকি খাবার তৈরি করেছি,
মাংস রান্না করে আমি তা খেয়েছি।
তাহলে এর অবশিষ্ট অংশ নিয়ে আমি কি কোনো ঘৃণ্য বস্তু তৈরি করব?
একটি কাঠের টুকরোর কাছে আমি কি প্রণত হব?”
20 সে যেন ছাই ভোজন করে, এক মোহগ্রস্ত হৃদয় তাকে বিপথগামী করে;
সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, কিংবা বলে না,
“আমার ডান হাতে রাখা এই বস্তুটি কি মিথ্যা নয়?”
21 “ওহে যাকোব, এসব কথা স্মরণে রেখো,
কারণ ওহে ইস্রায়েল, তুমি আমার দাস।
আমি তোমাকে গঠন করেছি, তুমি আমার দাস;
ওহে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।
22 আমি তোমার সব অপরাধ মেঘের মতো সরিয়ে ফেলেছি,
তোমার সব পাপ সকালের কুয়াশার মতো দূর করেছি।
তুমি আমার কাছে ফিরে এসো,
কারণ আমি তোমাকে মুক্ত করেছি।”
23 আকাশমণ্ডল, আনন্দে গান গাও, কারণ সদাপ্রভু এ কাজ করেছেন;
পৃথিবীর গভীরতম স্থান সকল, তোমরাও জয়ধ্বনি করো।
যত পাহাড়-পর্বত, সমস্ত অরণ্য ও সেগুলির মধ্যে স্থিত সব গাছপালা,
তোমরা আনন্দ সংগীতে ফেটে পড়ো,
কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন,
তিনি ইস্রায়েলে তাঁর গৌরব প্রকাশ করেন।
24 “সদাপ্রভু, যিনি তোমাকে মায়ের গর্ভে গঠন করেছেন,
তোমার সেই মুক্তিদাতা একথা বলেন:
“আমিই সদাপ্রভু,
যিনি এই সমস্ত নির্মাণ করেছেন,
যিনি একা আকাশমণ্ডল বিস্তার করেছেন,
যিনি স্বয়ং পৃথিবীকে প্রসারিত করেছেন,
25 যিনি ভণ্ড ভাববাদীদের চিহ্নসকল ব্যর্থ করেন
এবং গণকদের মূর্খ প্রতিপন্ন করেন,
যিনি জ্ঞানবানদের শিক্ষা বিফল করেন ও
তা অসারতায় পরিণত করেন,
26 যিনি তাঁর দাসেদের কথা সফল করেন ও
তাঁর দূতদের পূর্বঘোষণা পূর্ণ করেন,
“যিনি জেরুশালেমের বিষয়ে বলেন, ‘এতে লোকেদের বসতি হবে,’
যিহূদার নগরগুলির বিষয়ে বলেন, ‘সেগুলি পুনর্নির্মিত হবে,’
তার ধ্বংসাবশেষকে বলেন, ‘আমি তা পুনঃপ্রতিষ্ঠিত করব,’
27 যিনি অগাধ জলরাশিকে বলেন, ‘শুষ্ক হও,
আমি তোমার স্রোতোধারাগুলি শুকিয়ে ফেলব,’
28 যিনি কোরস সম্পর্কে বলেন, ‘সে হবে আমার মেষদের পালক
এবং আমি যা চাই, সে তা পূর্ণ করবে;
সে জেরুশালেম সম্পর্কে বলবে, “তা পুনর্নির্মিত হোক,”
এবং তার মন্দির সম্পর্কে বলবে, “এর ভিত্তিপ্রস্তরগুলি স্থাপিত হোক।” ’
45:1 “সদাপ্রভু তাঁর অভিষিক্ত জন কোরস সম্পর্কে এই কথা বলেন,
আমি তার ডান হাত ধরে আছি,
যেন সব জাতিকে তার সামনে নত করি
এবং সব রাজার রণসাজ খুলে ফেলি,
যেন তার সামনে সব দরজা উন্মুক্ত হয়,
যেন কোনও দুয়ার বন্ধ না থাকে।
2 আমি তোমার আগে আগে যাব
এবং সব পাহাড়-পর্বতকে সমভূমি করব;
আমি পিতলের সব দুয়ার ভেঙে ফেলব
ও লোহার সব অর্গল কেটে দেব।
3 আমি অন্ধকারে রাখা সব ঐশ্বর্য তোমাকে দেব,
দেব সেইসব সম্পদ, যেগুলি গুপ্ত স্থানে রাখা আছে,
যেন তুমি জানতে পারো যে, আমিই সদাপ্রভু,
আমি ইস্রায়েলের ঈশ্বর, যিনি তোমার নাম ধরে ডাকেন।
4 আমার দাস যাকোব ও
আমার মনোনীত ইস্রায়েলের কারণে,
আমি তোমার নাম ধরে তোমাকে ডাকি
ও তুমি আমাকে না জানলেও
আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি।
5 আমিই সদাপ্রভু, অন্য আর কেউ নয়;
আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।
তুমি আমাকে না জানা সত্ত্বেও
আমি তোমাকে শক্তিশালী করব।
6 যেন সূর্যোদয়ের স্থান থেকে
তার অস্তস্থান পর্যন্ত,
লোকেরা জানতে পারে যে, আমি ছাড়া আর কেউ নেই।
আমিই সদাপ্রভু, আর কেউ নয়।
7 আমিই আলো গঠন ও অন্ধকার সৃষ্টি করি,
আমি সমৃদ্ধি নিয়ে আসি ও বিপর্যয় সৃষ্টি করি;
আমি সদাপ্রভুই এই সমস্ত কাজ করি।
8 “ঊর্ধ্বাকাশ, তুমি ধার্মিকতা বর্ষণ করো;
মেঘমালা তা নিচে বর্ষণ করুক।
পৃথিবীর ভূমি উন্মুক্ত হোক,
অঙ্কুরিত হোক পরিত্রাণ,
তার সঙ্গে ধার্মিকতা বৃদ্ধি পাক;
আমি সদাপ্রভু তা সৃষ্টি করেছি।
9 “ধিক্ সেই লোককে যে তার নির্মাতার সঙ্গে বিবাদ করে,
যার কাছে সে মাটির খাপরাগুলির মধ্যে
একটি খাপরা মাত্র।
মাটি কি কুমোরকে বলতে পারে,
‘তুমি কী তৈরি করছ?’
তোমার কর্ম কি বলতে পারে,
‘তোমার কোনো হাত নেই?’
10 ধিক্ সেই মানুষ, যে তার বাবাকে বলে,
‘তুমি কী জন্ম দিয়েছ?’
কিংবা তার মাকে বলে,
‘তুমি কী প্রসব করেছ?’
11 “সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তার স্রষ্টা,
তিনি এই কথা বলেন,
ভাবীকালে যা ঘটবে,
আমার সন্তানদের প্রসঙ্গে তোমরা কি প্রশ্ন করছ,
অথবা, আমার হাতের কাজ সম্পর্কে তোমরা আমাকে আদেশ দিচ্ছ?
12 আমি পৃথিবীকে সৃষ্টি করেছি,
তার উপরে সৃষ্টি করেছি সমস্ত মানুষ।
আমার নিজের হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে,
আমি তাদের নক্ষত্রবাহিনীকে বিন্যস্ত করেছি।
13 আমি আমার ধার্মিকতায় সাইরাসকে তুলে ধরব:
আমি তার সব পথ সরল করব।
সে আমার নগর পুনর্নির্মাণ করবে
এবং আমার নির্বাসিতদের মুক্ত করে দেবে,
কিন্তু কোনো মূল্য বা পুরস্কারের জন্য নয়,
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।”
14 সদাপ্রভু এই কথা বলেন,
“মিশরের সমস্ত উৎপন্ন দ্রব্য ও কূশের পণ্যসামগ্রী,
আর সেই দীর্ঘকায় সবায়িয়েরা,
তারা তোমার কাছে আসবে
এবং তারা তোমারই হবে;
তারা তোমার পিছনে ক্লান্ত পায়ে আসবে,
শৃঙ্খলিত অবস্থায় তোমার কাছে আসবে।
তারা তোমার সামনে প্রণত হবে
এবং এই কথা বলে তোমার কাছে অনুনয় করবে,
‘ঈশ্বর নিশ্চয়ই তোমার সঙ্গে আছেন, তিনি ছাড়া
আর কোনো ঈশ্বর নেই।’ ”
15 ও ঈশ্বর এবং ইস্রায়েলের পরিত্রাতা,
সত্যিই তুমি নিজেকে লুকিয়ে রাখো।
16 যারা প্রতিমা নির্মাণকারী, তারা সকলেই লজ্জিত ও অপমানিত হবে,
তারা একসঙ্গে অপমানিত হয়ে বিদায় নেবে।
17 কিন্তু সদাপ্রভু চিরস্থায়ী পরিত্রাণের দ্বারা
ইস্রায়েলের পরিত্রাণ করবেন;
তোমরা অনন্তকালেও আর কখনও
লজ্জিত বা অপমানিত হবে না।
18 কারণ সদাপ্রভু এই কথা বলেন,
যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,
তিনি ঈশ্বর;
যিনি পৃথিবীকে আকার দিয়ে নির্মাণ করেছেন,
তিনি তার প্রতিষ্ঠা করেছেন;
তিনি তা শূন্য রাখার জন্য সৃষ্টি করেননি,
কিন্তু তা বসতিস্থান হওয়ার জন্যই গঠন করেছেন।
তিনি বলেন,
“আমি সদাপ্রভু,
আর অন্য কেউই নয়।
19 আমি গোপনে কথা বলিনি,
কোনো অন্ধকারময় দেশের কোনো প্রান্ত থেকে;
আমি যাকোবের বংশধরদের বলিনি,
‘বৃথাই আমার অন্বেষণ করো।’
আমি সদাপ্রভু, আমি সত্যিকথা বলি;
যা ন্যায়সংগত, সেকথাই ঘোষণা করি।
20 “তোমরা একসঙ্গে জড়ো হও ও এসো;
বিভিন্ন দেশ থেকে পলাতকেরা, তোমরা সমবেত হও।
তারা অজ্ঞ, যারা কাঠের মূর্তি বয়ে নিয়ে বেড়ায়,
যারা সেই দেবতাদের কাছে প্রার্থনা করে, যারা রক্ষা করতে পারে না।
21 কী ঘটবে তা ঘোষণা করো, উপস্থাপিত করো—
তারা সবাই একসঙ্গে মন্ত্রণা করুক।
কে পূর্ব থেকে একথা বলেছে,
কে সুদূর অতীতকালে তা ঘোষণা করেছে?
আমি সদাপ্রভু, তা কি করিনি?
আর আমি ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই,
আমিই ধর্মময় ঈশ্বর ও পরিত্রাতা;
আমি ছাড়া আর কেউ নেই।
22 “ওহে পৃথিবীর প্রান্তনিবাসী সকলে,
আমার দিকে ফেরো ও পরিত্রাণ পাও;
কারণ আমিই ঈশ্বর, আর কেউ নয়।
23 আমি নিজেই শপথ নিয়েছি,
সম্পূর্ণ সততার সঙ্গে আমার মুখ তা উচ্চারণ করেছে,
এমন এক বাণী যা প্রত্যাহৃত হবে না:
প্রত্যেকের জানু আমার সামনে পাতিত হবে;
আমার নামে সমস্ত জিভ শপথ করবে।
24 তারা আমার বিষয়ে বলবে, ‘কেবলমাত্র সদাপ্রভুতেই
আছে ধার্মিকতা ও শক্তি।’ ”
যারাই তাঁর বিরুদ্ধে ক্রুদ্ধ হয়েছে,
তারা তাঁর কাছে এসে লজ্জিত হবে।
25 কিন্তু সদাপ্রভুতে ইস্রায়েলের সমস্ত বংশধর
ধার্মিক গণিত হবে
ও গৌরব লাভ করবে।