বন্দিদশা ও ব্যাবিলনের ধ্বংসের ভবিষ্যদ্বাণী
ব্যাবিলনীয় বন্দিদশা ও ব্যাবিলনের ধ্বংসের ভবিষ্যদ্বাণী।
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 বেল নত হয়েছে, নেবো উপুড় হয়ে পড়েছে;
তাদের প্রতিমারা ভারবাহী পশুদের উপরে বাহিত হচ্ছে।
যে মূর্তিগুলি বহন করা হচ্ছে, সেগুলি পীড়াদায়ক,
শ্রান্ত-ক্লান্ত লোকেদের পক্ষে তারা বোঝাস্বরূপ।
2 তারা একসঙ্গে উপুড় হয়ে নত হয়েছে;
তারা সেই বোঝা বহন করতে অক্ষম,
তারা নিজেরাই বন্দি হওয়ার জন্য নির্বাসিত হয়।
3 “ওহে যাকোবের কুল, আমার কথা শোনো,
তোমরাও শোনো, যারা ইস্রায়েল কুলে এখনও অবশিষ্ট আছ,
গর্ভাবস্থা থেকে আমি তোমাদের ধারণ করেছি,
তোমাদের জন্ম হওয়ার সময় থেকে আমি তোমাদের বহন করছি।
4 তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব,
তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব।
আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব;
আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।
5 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে বা আমাকে কার সমতুল্য মনে করবে?
তোমরা কার সদৃশ আমাকে মনে করবে যে আমাদের পরস্পর তুলনা করা হবে?
6 কেউ কেউ তাদের থলি থেকে সোনা ঢালে
এবং দাঁড়িপাল্লায় রুপো ওজন করে;
তারা তা থেকে দেবতা নির্মাণের জন্য স্বর্ণকারকে বানি দেয়,
পরে তারা তার সামনে প্রণত হয়ে তার উপাসনা করে।
7 তারা তা কাঁধে তুলে নিয়ে বহন করে;
তারা স্বস্থানে তাকে স্থাপন করে এবং তা সেখানেই অবস্থান করে।
সেই স্থান থেকে তা আর নড়তে পারে না।
কেউ তার কাছে আর্তক্রন্দন করলেও, সে উত্তর দেয় না;
তার ক্লেশ থেকে সে তাকে রক্ষা করতে পারে না।
8 “একথা স্মরণ করো, ভুলে যেয়ো না,
ওহে বিদ্রোহীকুল, এগুলি হৃদয়ে উপলব্ধি করো।
9 পূর্বের বিষয়গুলি, যা বহুপূর্বে ঘটে গিয়েছে, স্মরণ করো;
আমিই ঈশ্বর, অন্য আর কেউ নয়;
আমিই ঈশ্বর এবং আমার মতো আর কেউ নেই।
10 আমি শুরু থেকেই শেষের কথা বলে দিই,
যা এখনও ঘটেনি, তা পুরাকাল থেকেই আমি ঘোষণা করি।
আমি বলি, ‘আমার সংকল্প অবশ্যই স্থির থাকবে,
আর আমি যা চাই, তা অবশ্যই পূর্ণ করব।’
11 পূর্বদেশ থেকে আমি এক শিকারি পাখিকে ডেকে আনব;
বহু দূরবর্তী দেশ থেকে একজন মানুষকে, যে আমার সংকল্প সাধন করবে।
আমি যা বলেছি, তা আমি অবশ্যই করে দেখাব,
আমি যা পরিকল্পনা করেছি, তা আমি অবশ্য করব।
12 ওহে অনমনীয় হৃদয়ের মানুষ, তোমরা আমার কথা শোনো,
তোমরা শোনো, যারা ধার্মিকতা থেকে বহুদূরে থাকো।
13 আমি আমার ধর্মশীলতা কাছে নিয়ে আসছি,
তা আর বেশি দূরে নেই;
আমার পরিত্রাণ দেওয়ার বিলম্ব আর হবে না।
আমি সিয়োনকে আমার পরিত্রাণ দেব,
ইস্রায়েলকে আমার জৌলুস দেব।
47:1 “ওহে ব্যাবিলনের কুমারী-কন্যা,
তুমি নিচে নেমে ধুলোয় বসো;
ওহে কলদীয়দের কন্যা,
সিংহাসন ছাড়াই তুমি মাটিতে বসো।
আর তোমাকে বলা হবে না
কোমল ও সুখভোগী।
2 তুমি জাঁতা নিয়ে শস্য পেষণ করো,
তোমার ঘোমটা খুলে ফেলো।
তোমার পরনের কাপড় তুলে নাও, তোমার দুই পা অনাবৃত করো,
আর নদনদীর মধ্য দিয়ে হেঁটে পার হয়ে যাও।
3 তোমার নগ্নতা প্রকাশিত হবে,
তোমার লজ্জা আবৃত থাকবে না।
আমি প্রতিশোধ গ্রহণ করব,
কাউকে রেহাই দেব না।”
4 আমাদের মুক্তিদাতা—সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম—
তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
5 “ওহে ব্যাবিলনীয়দের কন্যা,
তুমি নীরব হয়ে বসো, অন্ধকারে যাও;
আর তোমাকে বলা যাবে না
রাজ্যসমূহের রানি।
6 আমি আমার প্রজাদের প্রতি ক্রুদ্ধ ছিলাম,
আমার অধিকারকে অপবিত্র করেছিলাম;
আমি তোমার হাতে তাদের সমর্পণ করেছিলাম,
কিন্তু তুমি তাদের প্রতি কোনো করুণা প্রদর্শন করোনি।
এমনকি, বয়স্ক মানুষদের উপরেও
তুমি অত্যন্ত ভারী জোয়াল চাপিয়েছ।
7 তুমি বলেছ, ‘আমি চিরন্তন রানি,
চিরকালের জন্য আমি তাই থাকব!’
কিন্তু এসব বিষয় তুমি বিবেচনা করোনি,
কিংবা যা ঘটতে চলেছে তার প্রতি মনোযোগ দাওনি।
8 “তাহলে এখন, ওহে বিলাসিনী শোনো,
তোমার নিশ্চিন্ত আসনে বসে
তুমি মনে মনে ভাবছ,
‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।
আমি কখনও বিধবা হব না,
কিংবা আমার ছেলেমেয়েরা মারা যাবে না।’
9 এক মুহূর্তে, একদিনের মধ্যে,
এই উভয়ই তোমার প্রতি ঘটবে:
সন্তান হারানো ও বিধবা হওয়া।
সেগুলি পূর্ণমাত্রায় তোমার উপরে নেমে আসবে,
তা যতই তুমি জাদু কিংবা মন্ত্রতন্ত্র
ব্যবহার করে থাকো না কেন।
10 তুমি তোমার দুষ্টতার উপরে নির্ভর করেছ,
তুমি বলেছ, ‘কেউ আমাকে দেখতে পায় না।’
তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথগামী করেছে
যখন তুমি নিজেই নিজেকে বলেছ,
‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।’
11 বিপর্যয় তোমার উপরে নেমে আসবে,
মন্ত্রবলে তা তুমি দূর করতে পারবে না।
এক দুর্যোগ তোমার উপরে পতিত হবে,
মুক্তিপণ দিয়ে তা তুমি ঝেড়ে ফেলতে পারবে না।
এক সর্বনাশ তোমার উপরে হঠাৎ এসে উপস্থিত হবে,
যা তুমি আগাম জানতেও পারবে না।
12 “তাহলে তুমি তোমার মন্ত্রতন্ত্র ও
বহু জাদুবিদ্যা চালিয়ে যাও,
যা বাল্যকাল থেকে তুমি পরিশ্রম করে অভ্যাস করেছ।
হয়তো তুমি সফল হবে,
হয়তো তুমি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারবে।
13 তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে!
তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক,
ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়,
তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক।
14 তারা প্রকৃতই খড়কুটোর মতো,
আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
আগুনের শিখার ক্ষমতা থেকে
তারা তো নিজেদেরও রক্ষা করতে পারে না।
কাউকে উত্তপ্ত করার মতো এখানে কোনো অঙ্গার নেই;
পাশে বসার মতো এখানে কোনো আগুন নেই।
15 তারা তো সব থেকে বেশি এইমাত্র তোমার প্রতি করতে পারে,
এগুলির জন্য তুমি পরিশ্রম করেছ,
বাল্যকাল থেকে তুমি লেনদেন করেছ।
তাদের প্রত্যেকেই নিজের নিজের ভ্রান্তপথে চলছে;
এমন কেউ নেই, যে তোমাকে রক্ষা করতে পারে।