খ্রীষ্টের আগমনের ভবিষ্যদ্বাণী

খ্রীষ্টের আগমন ও ইহুদিদের পুনঃপ্রতিষ্ঠার ভবিষ্যদ্বাণী।

710 থেকে 699 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিশাইয় 42–43

1 “এই আমার দাস, যাঁকে আমি ধরে রাখি,

আমার মনোনীত জন, যাঁর কারণে আমি আনন্দ পাই;

আমি তাঁর উপরে আমার আত্মা স্থাপন করব,

তিনি জাতিসমূহের জন্য ন্যায়বিচার নিয়ে আসবেন।

2 তিনি চিৎকার বা উচ্চশব্দ করবেন না,

কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না।

3 তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না,

এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না।

বিশ্বস্ততায় তিনি ন্যায়বিচার আনয়ন করবেন;

4 তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,

যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।

দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”

5 সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন,

সেই সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন,

যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই বিছিয়ে দিয়েছেন,

যিনি তাঁর লোকেদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেন

ও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন:

6 “আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;

আমি তোমার হাত ধরে থাকব।

আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে

প্রজাদের জন্য এক চুক্তি এবং

অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,

7 যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,

কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়

এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।

8 “আমি সদাপ্রভু; এই আমার নাম!

আমার মহিমা আমি অন্য কাউকে দেব না,

বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না।

9 দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে

এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি;

সেগুলি ঘটবার পূর্বেই

আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি।”

10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,

দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,

তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,

পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।

11 মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক,

কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক।

সেলা-র লোকেরা আনন্দে গান করুক;

পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।

12 তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক,

দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

13 পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু অভিযান করবেন,

যোদ্ধার মতোই তাঁর উদ্যম আলোড়িত হবে;

রণনাদে তিনি মহা চিৎকার করবেন

এবং তাঁর সব শত্রুর উপরে তিনি বিজয়ী হবেন।

14 “দীর্ঘ সময় ধরে আমি নিশ্চুপ আছি,

আমি শান্ত থেকে নিজেকে দমন করেছি।

কিন্তু এখন, প্রসববেদনাতুরা স্ত্রীর মতো,

আমি চিৎকার করছি, হাঁপাচ্ছি ও দীর্ঘশ্বাস ফেলছি।

15 আমি পাহাড় ও পর্বতগুলিকে বৃক্ষহীন করব

এবং তাদের সব গাছপালাকে শুকিয়ে ফেলব;

আমি নদীগুলিকে দ্বীপপুঞ্জে পরিণত করব

ও পুকুরগুলিকে শুকিয়ে ফেলব।

16 আমি অন্ধদের, তাদের অজানা পথে চালাব,

অপরিচিত পথগুলিতে আমি তাদের পরিচালিত করব;

আমি তাদের সামনে অন্ধকারকে আলোয় পরিণত

ও অসমতল স্থানকে মসৃণ করে দেব।

আমি এসব কাজ করব;

আমি তাদের পরিত্যাগ করব না।

17 কিন্তু যারা প্রতিমাদের উপরে নির্ভর করে,

যারা প্রতিমাদের কাছে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’

চরম লজ্জায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।

18 “ওহে বধির সব, তোমরা শোনো;

ওহে যারা অন্ধ, তোমরা দেখতে থাকো!

19 আমার দাস ছাড়া আর অন্ধ কে?

আমার প্রেরিত দূত ছাড়া আর বধির কে?

যে আমার প্রতি সমর্পিত, তার থেকে আর অন্ধ কে?

সদাপ্রভুর দাসের মতো অন্ধ আর কে আছে?

20 তুমি অনেক কিছু দেখে থাকলেও কোনো মনোযোগ করোনি;

তোমার কান তো খোলা, কিন্তু তুমি কিছুই শুনতে পাও না।”

21 সদাপ্রভু প্রীত হলেন,

তাঁর ধার্মিকতার গুণে

তাঁর বিধানকে মহৎ ও গৌরবান্বিত করতে।

22 কিন্তু এই জাতির লোকেদের লুণ্ঠন করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে,

তারা সকলেই গর্তের ফাঁদে পড়েছে

অথবা তাদের কারাগারে লুকিয়ে রাখা হয়েছে।

তারাই লুণ্ঠনের বস্তু হয়েছে,

তাদের উদ্ধারকারী কেউই ছিল না;

তাদের লুণ্ঠনের বস্তু করা হয়েছে,

কেউ বলে না, “ওদের ফেরত পাঠাও।”

23 তোমাদের মধ্যে কে একথা শুনবে?

মনোযোগ দিয়ে কে ভবিষ্যতের জন্য শুনে রাখবে?

24 কে যাকোবকে লুণ্ঠনের বিষয় হওয়ার জন্য সমর্পণ করেছেন

এবং ইস্রায়েলকে লুণ্ঠনকারীদের হাতে সমর্পণ করেছেন?

তিনি কি সদাপ্রভু নন,

যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি?

কারণ তারা তাঁর পথসকলে চলতে চায়নি,

তারা তাঁর বিধান মান্য করেনি।

25 তাই তিনি তাঁর প্রজ্বলিত ক্রোধ,

যুদ্ধের হিংস্রতা তাদের উপরে ঢেলে দিয়েছেন।

তা তাদের আগুনের শিখায় আবৃত করল, তবুও তারা বুঝতে পারল না;

তা তাদের গ্রাস করল, তবুও তারা শিক্ষা নিল না।

43:1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

“তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

আমি তোমার সঙ্গে থাকব;

তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

তুমি দগ্ধ হবে না;

সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

4 তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র,

আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি,

আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব,

তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।

5 তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

আমি পূর্বদিক থেকে তোমার সন্তানদের নিয়ে আসব

এবং পশ্চিমদিক থেকে তোমাকে সংগ্রহ করব।

6 আমি উত্তর দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও!’

দক্ষিণ দিককে বলব, ওদের আটকে রেখো না।

দূর থেকে আমার পুত্রদের এবং

পৃথিবীর প্রান্তসীমা থেকে আমার কন্যাদের নিয়ে এসো,

7 যারা আমার নামে আখ্যাত,

যাদের আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি,

যাদের আমি গঠন করে তৈরি করেছি, তাদের নিয়ে এসো।”

8 তাদের বের করে আনো, যারা চোখ থাকতেও অন্ধ,

কান থাকতেও বধির।

9 সব দেশ এক জায়গায় সমবেত হও

এবং জাতিসমূহ জড়ো হও এক স্থানে।

তাদের মধ্যে কে পূর্ব থেকে একথা বলেছিল

এবং পূর্বেকার বিষয়গুলি আমাদের কাছে ঘোষণা করেছিল?

নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তারা সাক্ষীদের নিয়ে আসুক,

যেন অন্যেরা তা শুনে বলতে পারে, “একথা সত্যি।”

10 সদাপ্রভু বলেন, “তোমরা আমার সাক্ষী এবং

আমার দাস, যাদের আমি মনোনীত করেছি,

যেন তোমরা আমাকে জানতে ও বিশ্বাস করতে পারো

ও বুঝতে পারো যে, আমিই তিনি।

আমার পূর্বে কোনো দেবতা গঠিত হয়নি,

আমার পরেও কেউ আর হবে না।

11 আমি, হ্যাঁ আমিই সদাপ্রভু,

আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।

12 আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি—

হ্যাঁ, আমিই করেছি, তোমাদের মধ্যে স্থিত কোনো বিজাতীয় দেবতা নয়।”

সদাপ্রভু বলেন, “তোমরাই আমার সাক্ষী, যে আমি ঈশ্বর।

13 হ্যাঁ তাই, পুরাকাল থেকে আমিই তিনি।

আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না।

যখন আমি সক্রিয় হই, তখন কে তা অন্যথা করবে?”

14 সদাপ্রভু, যিনি তোমার মুক্তিদাতা,

ইস্রায়েলের সেই পবিত্রতম জন এই কথা বলেন:

“তোমাদের জন্য আমি ব্যাবিলনে সৈন্যদল প্রেরণ করব

এবং যে জাহাজগুলির জন্য ব্যাবিলনিয়েরা গর্ব করত,

আমি সেগুলিতে সমস্ত ব্যাবিলনীয়কে পলাতক করব।

15 আমিই সদাপ্রভু, তোমাদের সেই পবিত্রজন,

আমি ইস্রায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজাধিরাজ।”

16 সদাপ্রভু এই কথা বলেন,

যিনি সমুদ্রের মধ্যে দিয়ে চলাচলের পথ ও

মহাজলরাশির মধ্য দিয়ে অতিক্রমের পথ তৈরি করেছিলেন,

17 যিনি রথ ও অশ্ব, সৈন্যদল ও বীর যোদ্ধাদের

একত্র বের করে এনেছিলেন,

তারা সেখানেই পড়ে থাকল, আর কখনও না ওঠার জন্য,

তারা সলতের মতো নিভে গেল, বিনষ্ট হল:

18 “তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও;

অতীতের মধ্যে আর বিচরণ কোরো না।

19 দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি!

তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না?

আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও

প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব।

20 বন্যপশুরা আমার গৌরব করবে,

শিয়াল ও প্যাঁচারাও করবে,

কারণ আমি মরুভূমিতে জল জোগাই ও

প্রান্তরের মধ্যে নদনদী বইয়ে দিই,

যেন আমার প্রজারা, আমার মনোনীত জনেরা জলপান করতে পারে,

21 যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি,

যেন তারা আমার প্রশংসা করে।

22 “তবুও, ওহে যাকোব, তুমি এখনও আমাকে ডাকোনি,

ওহে ইস্রায়েল, আমাকে নিয়ে তুমি যেন ক্লান্ত হয়েছ।

23 হোমবলির জন্য তুমি আমার কাছে মেষ আনোনি,

তোমার বলিদান সকলের দ্বারা আমার সম্মানও করোনি।

আমি শস্য-নৈবেদ্যর জন্য তোমাকে ভারগ্রস্ত করিনি,

আবার ধূপ উৎসর্গ দাবি করে তোমাকে বিব্রত করিনি।

24 তুমি আমার জন্য কোনো সুগন্ধি বচ কেনোনি,

কিংবা তোমার বলি সকলের মেদে আমাকে পরিতৃপ্ত করোনি।

বরং তোমাদের পাপসকলের কারণে আমাকে ভারগ্রস্ত করেছ

এবং তোমাদের সব অপরাধের কারণে আমাকে ক্লান্ত করেছ।

25 “আমি, হ্যাঁ আমিই আমার নিজের স্বার্থে,

তোমাদের অধর্ম সকল মুছে ফেলি,

তোমাদের পাপসকল আর স্মরণে আনব না।

26 পূর্বের বিষয় সকল আমার জন্য পর্যালোচনা করো,

এসো, আমরা সেই বিষয়ে পরস্পর তর্কবিতর্ক করি;

তোমাদের নির্দোষিতার পক্ষে কারণ ব্যক্ত করো।

27 তোমাদের আদিপিতা পাপ করেছিল;

তোমাদের মুখপাত্রেরা আমার বিরুদ্ধে পাপ করেছিল।

28 তাই, তোমাদের মন্দিরের বিশিষ্টজনেদের আমি অপমান করব,

আমি যাকোবকে ধ্বংসের জন্য

ও ইস্রায়েলকে বিদ্রুপ করার জন্য সমর্পণ করব।