ঈশ্বরের প্রজাদের সান্ত্বনার প্রতিশ্রুতি
ঈশ্বরের লোকদের সান্ত্বনার প্রতিশ্রুতি। ইহুদিদের চূড়ান্ত পুনঃপ্রতিষ্ঠার ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
710 থেকে 699 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 সান্ত্বনা দাও, আমার প্রজাদের সান্ত্বনা দাও
তোমাদের ঈশ্বর বলছেন।
2 কোমলভাবে জেরুশালেমের সঙ্গে কথা বলো
ও তার কাছে ঘোষণা করো যে,
তার কঠোর পরিশ্রমের সময় সম্পূর্ণ হয়েছে,
আর তার পাপের মূল্য চোকানো হয়েছে,
কারণ সে সদাপ্রভুর হাত থেকে
তার সমস্ত পাপের দ্বিগুণ শাস্তি পেয়েছে।
3 একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে:
তোমরা মরুভূমিতে সদাপ্রভুর জন্য
পথ প্রস্তুত করো;
তোমরা মরুপ্রান্তরে আমাদের ঈশ্বরের জন্য
রাজপথগুলি সরল করো।
4 প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে,
প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে;
এবড়োখেবড়ো জমিকে সমান করা হবে,
অমসৃণ স্থানগুলি সমতল হবে।
5 তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে,
সমস্ত মানবকুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে।
কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন।
6 একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।”
আমি বললাম, “আমি কী ঘোষণা করব?”
“সব মানুষই ঘাসের মতো
আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।
7 ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে,
কারণ সদাপ্রভুর নিশ্বাস তাদের উপরে বয়ে যায়।
সত্যিই সব মানুষ ঘাসের মতো।
8 ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে,
কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল।”
9 যারা সিয়োনের কাছে সুসংবাদ বয়ে আনো,
তোমরা উঁচু পাহাড়ে উঠে যাও।
যারা জেরুশালেমের কাছে সুসংবাদ বয়ে আনো,
তোমরা জোর গলায় চিৎকার করো,
কণ্ঠস্বর উচ্চে তোলো, ভয় পেয়ো না;
যিহূদার নগরগুলিকে বলো,
“তোমাদের ঈশ্বর এখানে!”
10 দেখো, সার্বভৌম সদাপ্রভু পরাক্রমের সঙ্গে আসছেন,
তাঁর বাহু তাঁর হয়ে শাসন করে।
দেখো, তাঁর দেয় পুরস্কার তাঁর কাছে আছে,
তাঁর দেয় প্রতিদান তাঁর সঙ্গেই থাকে।
11 মেষপালকের মতোই তিনি তাঁর পালকে চরান:
মেষশাবকদের তিনি তাঁর কোলে একত্র করেন
ও তাঁর বুকের কাছে তিনি তাদের বহন করেন;
যাদের ছোটো বাচ্চা আছে, তাদের তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান।
12 কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে,
কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে?
কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো,
কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল
এবং তরাজুতে যত পাহাড়?
13 সদাপ্রভুর মন কে বুঝতে পেরেছে,
কিংবা মন্ত্রণাদাতা হয়ে তাঁকে পরামর্শ দিয়েছে?
14 উপদেশ গ্রহণের জন্য তিনি কার সঙ্গে পরামর্শ করেছেন
এবং কে তাঁকে সঠিক পথের দিশা দিয়েছে?
কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে
কিংবা দেখিয়েছে বিচারবুদ্ধির পথ?
15 জাতিগুলি নিশ্চয়ই কলসের এক ফোঁটা জলের মতো;
তাদের মনে করা হয় দাঁড়িপাল্লায় লাগা ধূলিকণার মতোই;
তিনি সূক্ষ্ম ধূলিকণার মতোই ওজন করেন সব দ্বীপ।
16 বেদির আগুনের জন্য লেবাননের সব কাঠ,
কিংবা হোমবলির জন্য তার পশুসকল পর্যাপ্ত নয়।
17 তাঁর সামনে সব জাতি কোনো কিছুর মধ্যেই গণ্য নয়;
তিনি তাদের নিকৃষ্ট এবং
সবকিছু থেকে অসার মনে করেন।
18 তাহলে, তোমরা কার সঙ্গে ঈশ্বরের তুলনা করবে?
কোন মূর্তির সঙ্গে তাঁর তুলনা দেবে?
19 কোনো মূর্তির তৈরির সময়, শিল্পকর তা ছাঁচে ঢালে,
স্বর্ণকার তার উপরে সোনার প্রলেপ দেয়
এবং রুপোর শৃঙ্খল দিয়ে তাকে সুশোভিত করে।
20 যে মানুষ ভীষণ দরিদ্র ও এরকম উপহার দিতে পারে না,
সে এমন কাঠ বেছে নেয়, যা সহজে পচে যায় না;
সে, টলবে না এমন এক প্রতিমার জন্য,
এক কুশলী শিল্পকারের অন্বেষণ করে।
21 তোমরা কি একথা জানো না?
তোমরা কি তা কখনও শোনোনি?
প্রথম থেকেই কি একথা তোমাদের বলা হয়নি?
পৃথিবীর গোড়াপত্তন থেকে তোমরা কি তা বুঝতে পারোনি?
22 তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবেশন করেন,
এর অধিবাসীরা সকলে ফড়িংয়ের মতো।
তিনি চন্দ্রাতপের মতো আকাশমণ্ডলকে প্রসারিত করেন,
বসবাসের জন্য সেগুলিকে তাঁবুর মতো খাটিয়ে দেন।
23 তিনি রাজন্যবর্গকে বিলুপ্ত করেন
এবং জগতের শাসকদের শূন্য করেন।
24 তাদের রোপণ করা মাত্র
এবং যেই তাদের বপন করা হয়,
যে মুহূর্তে তারা মাটিতে মূল বিস্তার করে,
তিনি তাদের উপরে ফুঁ দেন ও তারা শুকিয়ে যায়,
ঘূর্ণিঝড় তুষের মতোই তাদের উড়িয়ে নিয়ে যায়।
25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে?
কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।
26 তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও:
এগুলি কে সৃষ্টি করেছে?
তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন
এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে
তাদের একটিও হারিয়ে যায় না।
27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো?
ওহে ইস্রায়েল, তুমি কেন বলো,
“আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত;
আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”
28 তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
41:1 “দ্বীপনিবাসী তোমরা, আমার সামনে নীরব হও!
জাতিসমূহ তাদের শক্তি নবায়িত করুক!
তারা সামনে এগিয়ে এসে কথা বলুক;
এসো, আমরা বিচারের স্থানে পরস্পর মিলিত হই।
2 “পূর্বদিক থেকে একজনকে কে উত্তেজিত করেছে,
যাকে তাঁর সেবার জন্য ন্যায়সংগতভাবে আহ্বান করা হয়েছে?
তিনি জাতিসমূহকে তাঁর হাতে সমর্পণ করেন
এবং রাজাদের তাঁর সামনে অবনত করেন।
তাঁর তরোয়ালের দ্বারা তিনি তাদের ধুলায় মেশান,
তাঁর ধনুকের দ্বারা উড়ে যাওয়া তুষের মতো করেন।
3 তিনি তাদের পশ্চাদ্ধাবন করে অক্ষত গমন করেন,
এমন এক পথে, যেখানে তাঁর চরণ পূর্বে গমন করেনি।
4 কে এই কাজ করেছেন এবং তা করে গিয়েছেন,
প্রথম থেকেই প্রজন্ম পরম্পরাকে কে আহ্বান করেছেন?
এ আমি, সেই সদাপ্রভু, প্রথম ও শেষ,
কেবলমাত্র আমিই তিনি।”
5 দ্বীপসমূহ তা দেখেছে এবং ভয় পায়;
পৃথিবীর প্রান্তসীমাসকল ভয়ে কম্পিত হয়।
তারা সম্মুখীন হয় ও এগিয়ে আসে;
6 একে অপরকে সাহায্য করে
এবং তার প্রতিবেশীকে বলে, “বলবান হও!”
7 শিল্পকর স্বর্ণকারকে উৎসাহ দেয়,
আর যে হাতুড়ি দিয়ে সমান করে,
সে নেহাইয়ের উপরে যন্ত্রণাকারীকে উদ্দীপিত করে।
সে জোড় দেওয়া ধাতুর বিষয়ে বলে, “ভালো হয়েছে।”
সে প্রতিমায় পেরেক ঠোকে, যেন তা নড়ে না যায়।
8 “কিন্তু তুমি, আমার দাস ইস্রায়েল,
তুমি যাকোব, যাকে আমি মনোনীত করেছি,
তুমি আমার বন্ধু অব্রাহামের বংশ,
9 আমি তোমাকে পৃথিবীর প্রান্তসীমা থেকে এনেছি,
তার সুদূরতম প্রান্ত থেকে আমি তোমাকে আহ্বান করেছি।
আমি বলেছি, ‘তুমি আমার দাস’;
আমি তোমাকে মনোনীত করেছি, অগ্রাহ্য করিনি।
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,
তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;
যারা তোমার বিরোধিতা করে,
তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।
12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,
তুমি তাদের সন্ধান পাবে না।
যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।
13 কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,
যিনি ধারণ করেন তোমার ডান হাত
এবং তোমাকে বলেন, ভয় কোরো না;
আমি তোমাকে সাহায্য করব।
14 ওহে কীটসদৃশ যাকোব, ওহে নগণ্য ইস্রায়েল,
তোমরা ভয় কোরো না,
কারণ আমি স্বয়ং তোমাকে সাহায্য করব,”
যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, সদাপ্রভু ঘোষণা করেন।
15 “দেখো, আমি তোমাকে এক শস্য মাড়াই কল বানাব,
নতুন এবং ধারালো, যার মধ্যে অনেক দাঁত থাকবে।
তুমি পর্বতসমূহকে মাড়াই করে সেগুলি চূর্ণ করবে
এবং পাহাড়গুলিকে তুষের মতো করবে।
16 তুমি তাদের ঝাড়াই করে তাদের তুলে নেবে
আর এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে।
তুমি কিন্তু সদাপ্রভুতে উল্লসিত হবে,
ইস্রায়েলের পবিত্রতমজনের উপরে মহিমা করবে।
17 “দরিদ্র ও নিঃস্ব লোকেরা জলের অন্বেষণ করে,
কিন্তু কোনো জল পাওয়া যায় না;
তাদের জিভ পিপাসায় শুকিয়ে গেছে।
কিন্তু আমি সদাপ্রভু তাদের উত্তর দেব;
আমি ইস্রায়েলের ঈশ্বর, তাদের পরিত্যাগ করব না।
18 আমি বৃক্ষহীন পর্বতশ্রেণীতে নদী প্রবাহিত করব,
উপত্যকাগুলিতে উৎপন্ন করব জলের ফোয়ারা।
মরুভূমিকে আমি পরিণত করব জলাশয়ে,
শুষ্ক-ভূমিতে আমি বইয়ে দেব ঝর্ণাধারা।
19 আমি মরুভূমিতে স্থাপন করব সিডার ও বাবলা,
মেদি গাছ ও জলপাই গাছ।
পরিত্যক্ত স্থানে আমি রোপণ করব দেবদারু,
একইসঙ্গে ঝাউ ও চিরহরিৎ সব বৃক্ষ,
20 যেন লোকেরা দেখে ও জানতে পায়,
বিবেচনা করে ও বুঝতে পারে,
যে সদাপ্রভুরই হাত এসব করেছে,
ইস্রায়েলের পবিত্রতম জন এ সকল সৃষ্টি করেছেন।
21 “সদাপ্রভু বলেন,
তোমাদের মামলা উপস্থাপিত করো,”
যাকোবের রাজা বলেন,
“তোমাদের তর্কবিতর্কসকল উত্থাপন করো।
22 কী সব ঘটবে, তা আমাদের কাছে বলার জন্য
তোমাদের প্রতিমাগুলিকে নিয়ে এসো।
আমাদের বলো, পূর্বের বিষয়গুলি সব কী কী,
যেন আমরা সেগুলি বিবেচনা করি
ও তাদের শেষ পরিণতি জানতে পারি।
অথবা, ভাবী ঘটনাসমূহ আমাদের কাছে ঘোষণা করো,
23 আমাদের বলো, ভবিষ্যতে কী ঘটতে চলেছে,
যেন আমরা বুঝতে পারি যে তোমরাই দেবতা।
ভালো হোক বা মন্দ, তোমরা কিছু করে দেখাও,
যেন আমরা অবাক হয়ে ভীত হই।
24 দেখো তোমরা কিছুরই মধ্যে গণ্য নও,
তোমাদের সমস্ত কাজ সম্পূর্ণ মূল্যহীন;
যে তোমাদের মনোনীত করে সে ঘৃণ্য।
25 “আমি উত্তর দিক থেকে একজনকে উত্তেজিত করেছি, আর সে আসছে,
সূর্যোদয়ের দিক থেকে সে আমার নামে আহ্বান করে।
চুনসুরকির মতো, অথবা মাটির তাল নিয়ে কুমোরের মতো,
সে যত শাসককে দলাইমলাই করে।
26 পূর্ব থেকে কে একথা বলেছে, যেন আমরা জানতে পারি,
অথবা আগেভাগে বলেছে যেন আমরা বলতে পারি,
‘তার কথা সঠিক ছিল?’
এ সম্পর্কে কেউই কিছু বলেনি,
কেউই এ বিষয়ের পূর্বঘোষণা করেনি,
তোমাদের কাছ থেকে কেউ কোনো কথা শোনেনি।
27 আমিই সর্বপ্রথম সিয়োনকে বলেছি, ‘এই দেখো, ওরা এখানে!’
আমি জেরুশালেমকে সুসংবাদের এক দূত দিয়েছি।
28 আমি তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না,
পরামর্শ দেওয়ার জন্য ঈশ্বরদের মধ্যে কেউ ছিল না,
আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না।
29 দেখো, ওরা সকলে ভ্রান্ত!
ওদের কাজগুলি সমস্তই অসার;
ওদের মূর্তিগুলি যেন বাতাস ও বিভ্রান্তিস্বরূপ।