সন্হেরীবের সৈন্যবাহিনী ধ্বংস
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
8 সেই সৈন্যাধ্যক্ষ যখন শুনতে পেলেন যে, আসিরীয় রাজার লাখীশ ত্যাগ করে চলে গেছেন, তিনি ফিরে গেলেন এবং দেখলেন, রাজা লিব্নার বিরুদ্ধে যুদ্ধ করছেন।
9 পরে সন্হেরীব একটি সংবাদ শুনতে পেলেন যে, মিশরের কূশ দেশের রাজা তির্হক তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান শুরু করেছেন। তাই, আবার তিনি এই কথা বলে হিষ্কিয়ের কাছে দূতদের পাঠালেন: 10 “যিহূদার রাজা হিষ্কিয়কে গিয়ে বলো: যে দেবতার উপর আপনি নির্ভর করে আছেন, তিনি যেন এই কথা বলে আপনাকে না ঠকান যে, ‘আসিরিয়ার রাজার হাতে জেরুশালেমকে সমর্পণ করা হবে না।’ 11 তোমরা নিশ্চয়ই শুনেছ, সব দেশের প্রতি আসিরীয় রাজা কী করেছেন। তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। আর তোমরা কি তাঁর হাত থেকে রক্ষা পাবে? 12 ওইসব জাতির দেশগুলি, যাদের আমার পিতৃপুরুষেরা ধ্বংস করেছিলেন, কেউ কি তাদের উদ্ধার করতে পেরেছে—অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তেল-অৎসরে বসবাসকারী এদনের লোকেদের দেবতারা? 13 হমাতের রাজা বা অর্পদের রাজা কোথায় গেল? লায়ীর, সফর্বয়িম, হেনা ও ইব্বার রাজারাই বা কোথায় গেল?”
14 সেই দূতদের কাছ থেকে পত্রখানি গ্রহণ করে হিষ্কিয় পাঠ করলেন। তারপর তিনি সদাপ্রভুর মন্দিরে উঠে গেলেন এবং সদাপ্রভুর সামনে তা মেলে ধরলেন। 15 আর হিষ্কিয় এই বলে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন: “দুই করূবের মাঝে বিরাজমান হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, একমাত্র তুমিই পৃথিবীর সব রাজ্যের ঈশ্বর। তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। 16 হে সদাপ্রভু, তুমি কর্ণপাত করো ও শোনো; হে সদাপ্রভু, তুমি তোমার দৃষ্টি উন্মোচন করো ও দেখো; জীবন্ত ঈশ্বরকে অপমান করে সন্হেরীব যেসব কথা বলেছে, তা তুমি শ্রবণ করো।
17 “একথা সত্যি, হে সদাপ্রভু, যে আসিরীয় রাজারা এই সমস্ত জাতি ও তাদের দেশগুলিকে বিনষ্ট করেছে। 18 তারা তাদের দেবতাদের আগুনে নিক্ষেপ করে তাদের ধ্বংস করেছে, কারণ তারা দেবতা নয়, কিন্তু ছিল কেবলমাত্র কাঠ ও পাথরের তৈরি, মানুষের হাতে তৈরি শিল্প। 19 এখন, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তাঁর হাত থেকে আমাদের রক্ষা করো, যেন পৃথিবীর সব রাজ্য জানতে পারে যে, হে সদাপ্রভু, একমাত্র তুমিই ঈশ্বর।”
আসফের গীত।
1 নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়,
যারা হৃদয়ে শুদ্ধ তাদের পক্ষে।
2 কিন্তু আমার পা প্রায় পিছলে গিয়েছিল;
আমার পা রাখার জায়গা আমি প্রায় হারিয়েছিলাম।
3 আমি যখন দুষ্টদের সমৃদ্ধি দেখলাম,
তখন দাম্ভিকের প্রতি ঈর্ষা করলাম।
4 তাদের জীবনে কোনো কষ্ট নেই;
তাদের শরীর সুস্থ আর শক্তিশালী।
5 মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত;
মানবিক সমস্যার দ্বারা তারা জর্জরিত হয় না।
6 সেইজন্য অহংকার তাদের গলার হার;
তারা হিংসায় নিজেদের আবৃত করে।
7 তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় বেরিয়ে আসে;
তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই।
8 তারা উপহাস করে, আক্রোশে কথা বলে;
দাম্ভিকতায় তারা অত্যাচারের হুমকি দেয়।
9 তাদের মুখ স্বর্গের বিরুদ্ধে গর্ব করে,
আর তাদের জিভ জগতের অধিকার নেয়।
10 সেইজন্য তাদের লোকেরা তাদের দিকে ফেরে
আর প্রচুর জলপান করে।
11 তারা বলে, “ঈশ্বর কীভাবে জানবে?
পরাৎপর কি কিছু জানে?”
12 দুষ্ট লোকেদের দিকে দেখো—
সর্বদা তারা আরামে জীবনযাপন করে আর তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
13 বৃথাই আমি আমার হৃদয় বিশুদ্ধ রেখেছি
আর সরলতায় আমার হাত পরিষ্কার করেছি।
14 সারাদিন ধরে আমি পীড়িত হয়েছি,
আর প্রতিটি সকাল নতুন শাস্তি নিয়ে এসেছে।
15 যদি আমি এভাবে অপরদের প্রতি কথা বলতাম,
তোমার ছেলেমেয়েদের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করতাম।
16 যখন আমি এসব বোঝার চেষ্টা করলাম,
তা আমাকে গভীর কষ্ট দিল
17 যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম;
তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।
18 নিশ্চয়ই তুমি তাদের পিচ্ছিল জমিতে রেখেছ;
তুমি তাদের বিনাশের উদ্দেশে নিক্ষেপ করেছ।
19 হঠাৎ তারা ধ্বংস হয়,
সন্ত্রাসে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়!
20 ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়;
তেমনি, হে প্রভু,
তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।
21 যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল
আর আমার আত্মা তিক্ত হয়েছিল,
22 আমি অচেতন আর অজ্ঞ ছিলাম;
তোমার সামনে আমি নিষ্ঠুর বন্যপশু ছিলাম।
23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24 তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,
এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
25 তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?
তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,
কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি
আর আমার চিরকালের উত্তরাধিকার।
27 যারা তোমার থেকে দূরবর্তী তারা বিনষ্ট হবে;
যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সবাইকে তুমি ধ্বংস করবে।
28 কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য ভালো।
সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি;
আমি তোমার সমস্ত কাজের প্রচার করব।
20 পরে আমোষের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে এই খবর দিয়ে পাঠালেন: “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আসিরিয়ার রাজা সন্হেরীবের বিষয়ে তোমার করা প্রার্থনাটি আমি শুনেছি। 21 তার বিরুদ্ধে বলা সদাপ্রভুর বাণী হল এই:
“কুমারী-কন্যা সিয়োন
তোমাকে অবজ্ঞা ও উপহাস করে।
জেরুশালেম-কন্যা
তার মাথা নাড়ায় যখন তোমরা পলায়ন করো।
22 তুমি কাকে অপমান ও কার নিন্দা করেছ?
তুমি কার বিরুদ্ধে তোমার কণ্ঠস্বর তুলেছ
ও গর্বিত চক্ষু উপরে তুলেছ?
তা করেছ ইস্রায়েলের সেই পবিত্রতমের বিরুদ্ধেই।
23 তোমার দূতদের দ্বারা
তুমি প্রভুর উপরে অপমানের বোঝা চাপিয়েছ।
আবার তুমি বলেছ,
‘আমার বহুসংখ্যক রথের দ্বারা
আমি পর্বতসমূহের শিখরে,
লেবাননের সর্বোচ্চ চূড়াগুলির উপরে আরোহণ করেছি।
আমি তার দীর্ঘতম সিডার গাছগুলিকে,
তার উৎকৃষ্টতম দেবদারু গাছগুলিকে কেটে ফেলেছি।
আমি তার প্রত্যন্ত এলাকায়,
তার সুন্দর বনানীতে পৌঁছে গেছি।
24 আমি বিজাতীয় ভূমিতে কুয়ো খনন করেছি
এবং সেখানকার জলপান করেছি।
আমার পায়ের তলা দিয়ে
আমি মিশরের সব স্রোতোধারা শুকিয়ে দিয়েছি।’
25 “তুমি কি শুনতে পাওনি?
বহুপূর্বে আমি তা স্থির করেছিলাম।
পুরাকালে আমি তার পরিকল্পনা করেছিলাম;
কিন্তু এখন আমি তা ঘটতে দিয়েছি,
সেই কারণে তুমি সুরক্ষিত নগরগুলিকে
পাথরের ঢিবিতে পরিণত করেছ।
26 সেইসব জাতির লোকেরা ক্ষমতাহীন হয়েছে,
তারা হতাশ হয়ে লজ্জিত হয়েছে।
তারা হল মাঠের গাছগুলির মতো,
গজিয়ে ওঠা কোমল অঙ্কুরের মতো,
যেমন ছাদের উপরে ঘাস গজিয়ে ওঠে,
কিন্তু বেড়ে ওঠার আগেই তাপে শুকিয়ে যায়।
27 “কিন্তু আমি জানি তোমার অবস্থান কোথায়,
কখন তুমি আস ও যাও,
আর কীভাবে তুমি আমার বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করো।
28 যেহেতু তুমি আমার বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করো,
আর যেহেতু তোমার অভব্য আচরণের কথা আমার কানে পৌঁছেছে,
আমি তোমার নাকে আমার বড়শি ফোটাব,
তোমার মুখে দেব আমার বলগা,
আর যে পথ দিয়ে তুমি এসেছ,
সেই পথেই তোমাকে ফিরিয়ে দেব।
29 “আর ওহে হিষ্কিয়, এই হবে তোমার পক্ষে চিহ্নস্বরূপ:
“এই বছরে তোমরা আপনা-আপনি উৎপন্ন শস্য,
আর দ্বিতীয় বছরে তা থেকে যা উৎপন্ন হবে, তোমরা তাই ভোজন করবে।
কিন্তু তৃতীয় বছরে তোমরা বীজবপন ও শস্যচ্ছেদন করবে,
দ্রাক্ষাকুঞ্জ রোপণ করে তার ফল খাবে।
30 আরও একবার যিহূদা রাজ্যের অবশিষ্ট লোকেরা
পায়ের নিচে মূল খুঁজে পাবে ও তাদের উপরে ফল ধরবে।
31 কারণ জেরুশালেম থেকে আসবে এক অবশিষ্টাংশ,
আর সিয়োন পর্বত থেকে আসবে বেঁচে থাকা লোকের একদল।
সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই তা সুসম্পন্ন করবে।
32 “সেই কারণে, আসিরীয় রাজা সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন:
“সে এই নগরে প্রবেশ করবে না,
কিংবা এখানে কোনো তির নিক্ষেপ করবে না।
সে এই নগরের সামনে ঢাল নিয়ে আসবে না,
কিংবা কোনো জাঙ্গাল নির্মাণ করবে না।
33 যে পথ দিয়ে সে আসবে, সে পথেই যাবে ফিরে;
সে এই নগরে প্রবেশ করবে না,”
সদাপ্রভু এই কথা বলেন।
34 “আমি আমার জন্য ও আমার দাস দাউদের জন্য
এই নগর রক্ষা করে তা উদ্ধার করব!”
35 সেরাতেই সদাপ্রভুর দূত আসিরীয়দের সৈন্যশিবিরে গিয়ে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য মেরে ফেলেছিলেন। পরদিন সকালে যখন লোকজন ঘুম থেকে উঠেছিল—দেখা গেল সর্বত্র শুধু মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে!
সংগীত পরিচালকের জন্য। সুর: “ধ্বংস কোরো না।” আসফের গীত। একটি সংগীত।
1 হে ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি,
আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি নিকটবর্তী;
লোকেরা তোমার আশ্চর্য ক্রিয়াকলাপ বর্ণনা করে।
2 ঈশ্বর বলেন, “আমার নির্ধারিত সময়ে
আমি ন্যায়বিচার করব।
3 যখন পৃথিবী কাঁপে এবং সব মানুষ অশান্তিতে বাঁচে,
আমি তার সব স্তম্ভ সুদৃঢ় রাখি।
4 আমি দাম্ভিককে সতর্ক করি, ‘অহংকার কোরো না,’
দুষ্টকে বলি, ‘তোমার শিং উঁচু কোরো না।
5 স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না;
এত উদ্ধতভাবে কথা বোলো না।’ ”
6 কেউ, পূর্ব বা পশ্চিম থেকে,
অথবা মরুভূমি থেকে, নিজেকে উন্নত করতে পারে না।
7 ঈশ্বর একমাত্র বিচার করেন:
তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন।
8 সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে,
যা মশলা মিশ্রিত ফেনিয়ে ওঠা সুরাতে পূর্ণ;
তিনি তা ঢেলে দেন, আর পৃথিবীর সমস্ত দুষ্টলোক
পাত্রের তলানি পর্যন্ত পান করে।
9 কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব;
যাকোবের ঈশ্বরের উদ্দেশে স্তুতিগান করব।
10 কারণ ঈশ্বর বলেন, “আমি সব দুষ্টের শক্তি চূর্ণ করব,
কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।”
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে। আসফের গীত। একটি সংগীত।
76:1 ঈশ্বর যিহূদাতে সুপরিচিত;
ইস্রায়েলে তাঁর নাম মহান।
2 তাঁর তাঁবু শালেম নগরীতে আছে,
তাঁর বাসস্থান সিয়োনে।
3 সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তির,
ঢাল, তরোয়াল, ও যুদ্ধের অস্ত্রশস্ত্র চূর্ণ করেছেন।
4 চিরস্থায়ী পর্বতমালা থেকে
তুমি উজ্জ্বল এবং অতি মহিমান্বিত।
5 সাহসী শত্রুরা লুন্ঠিত হয়েছে
তারা আমাদের সামনে মৃত্যুর ঘুমে আচ্ছন্ন।
কোনো যোদ্ধা আমাদের বিরুদ্ধে
হাত তুলতে পারেনি।
6 হে যাকোবের ঈশ্বর, তোমার তিরস্কারে
ঘোড়া ও রথ, সবই অনড় হয়ে পড়ে আছে।
7 শুধু তুমিই এর যোগ্য যে সকলে তোমাকে সম্ভ্রম করবে।
তুমি ক্রুদ্ধ হলে কে তোমার সামনে দাঁড়াতে পারে?
8 স্বর্গ থেকে তুমি রায় ঘোষণা করেছ,
পৃথিবী কেঁপে উঠল আর নিঃশব্দে তোমার সামনে দাঁড়াল—
9 যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার
ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।
10 নিশ্চয় মানুষের অবাধ্যতা তোমার মহিমা বৃদ্ধি করে
কেননা তুমি তা অস্ত্র হিসেবে ব্যবহার করো।
11 তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে শপথ করো ও তা পূর্ণ করো;
প্রতিবেশী দেশবাসীরা তাঁর কাছে উপহার নিয়ে আসুক
যিনি সকলের কাছে ভয়াবহ।
12 তিনি শাসকদের আত্মা চূর্ণ করেন;
এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে।
36 তাই আসিরিয়ার রাজা সন্হেরীব সৈন্যশিবির ভেঙে দিয়ে সেখান থেকে সরে পড়েছিলেন। তিনি নীনবীতে ফিরে গিয়ে সেখানেই থেকে গেলেন।
37 একদিন, যখন তিনি তাঁর দেবতা নিষ্রোকের মন্দিরে পুজো করছিলেন, তাঁর দুই ছেলে অদ্রম্মেলক ও শরেৎসর তরোয়াল দিয়ে তাঁকে হত্যা করল, এবং আরারট দেশে পালিয়ে গেল। তাঁর ছেলে এসর-হদ্দোন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।