মণ্ডলীর ভবিষ্যৎ মহিমা ও বিজয়
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
16 তিনি দেখলেন, সেখানে একজনও নেই,
অবাক হলেন দেখে যে, মধ্যস্থতা করার জন্য একজনও নেই;
তাই তাঁর নিজেরই বাহু তাঁর হয়ে মুক্তিসাধন করল,
তাঁর নিজের ধার্মিকতা তাঁকে তুলে ধরল।
17 তিনি ধার্মিকতাকে তার বুকপাটারূপে
ও মাথার উপরে পরিত্রাণকে শিরস্ত্রাণরূপে পরিধান করলেন;
তিনি প্রতিশোধ গ্রহণের সব পোশাক পরে নিলেন,
পরিচ্ছদরূপে গায়ে জড়িয়ে নিলেন উদ্যোগ।
18 তারা যে রকম কাজ করেছে,
সেইরকমভাবেই তিনি তাদের প্রতিশোধ দেবেন,
শত্রুদের প্রতি ক্রোধ
ও বিপক্ষদের প্রতি তাঁর দণ্ড;
দ্বীপনিবাসীদের কাছে তিনি তাদের প্রাপ্য দেবেন।
19 পশ্চিমদিক থেকে, লোকেরা সদাপ্রভুর নামকে ভয় করবে,
সূর্যোদয়ের দিক থেকে, তারা তাঁর মহিমাকে সম্ভ্রম করবে।
কারণ তিনি বাঁধ ভাঙা বন্যার মতো আসবেন,
যা সদাপ্রভুর নিশ্বাসে প্রবাহিত হবে।
20 “যাকোব কুলে যারা তাদের পাপসমূহের জন্য অনুতপ্ত হবে,
মুক্তিদাতা তাদের কাছে সিয়োন থেকে আসবেন,”
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
21 “আমার দিক থেকে, এ হল তাদের সঙ্গে কৃত আমার নিয়ম,” সদাপ্রভু এই কথা বলেন। “আমার আত্মা, যা তোমার উপরে আছে এবং আমার বাক্য, যা আমি তোমার মুখে দিয়েছি, তা তোমার মুখ থেকে বা তোমার ছেলেমেয়েদের মুখ থেকে, এবং তাদের বংশধরদের মুখ থেকে, এখন থেকে চিরকাল পর্যন্ত, কখনও দূর করা যাবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
60:1 “ওঠো, প্রদীপ্ত হও, কারণ তোমার দীপ্তি উপস্থিত হয়েছে,
সদাপ্রভুর গৌরব তোমার উপরে উদিত হল।
2 দেখো, অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে,
ঘন অন্ধকার জাতিসমূহকে আবৃত করেছে,
কিন্তু সদাপ্রভু তোমার উপরে উদিত হয়েছেন,
তাঁর মহিমা তোমার উপরে প্রত্যক্ষ হয়েছে।
3 বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে,
রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।
4 “তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো:
সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে;
তোমার ছেলেরা দূর থেকে আসছে,
তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।
5 তখন তুমি তা দেখে দীপ্যমান হবে,
তোমার হৃদয় স্পন্দিত হয়ে আনন্দে স্ফীত হবে;
সমুদ্রের ঐশ্বর্য তোমার কাছে আনা হবে,
তোমার কাছেই আনীত হবে জাতিসমূহের সব সম্পদ।
6 উটের পাল তোমার দেশে ছেয়ে যাবে,
মিদিয়ন ও ঐফার উটে দেশ ভরে যাবে।
আর শিবা থেকে সবাই
বহন করে আনবে সোনা ও ধূপ,
তারা সদাপ্রভুর স্তব ঘোষণা করবে।
7 কেদরের সমস্ত পশুপাল তোমার কাছে সংগৃহীত হবে,
নবায়োতের মেষেরা তোমার সেবা করবে;
সেগুলি আমার বেদিতে নৈবেদ্যরূপে গৃহীত হবে,
আর আমি আমার মহিমাময় মন্দির সুশোভিত করব।
8 “এরা কারা, যারা মেঘের মতো উড়ে আসছে,
নিজেদের বাসার প্রতি ঘুঘুর মতো আসছে?
9 নিশ্চয়ই দ্বীপগুলি আমার প্রতি দৃষ্টি করে,
তাদের নেতৃত্ব দেয় তর্শীশের সব জাহাজ।
সেগুলি তোমার সন্তানদের দূর থেকে আনবে,
সঙ্গে থাকবে তাদের রুপো আর সোনা,
তা হবে তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য,
তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন,
কারণ তিনিই তোমাকে বিভূষিত করেছেন।
10 “বিজাতিয়েরা তোমার প্রাচীরগুলি পুনর্নির্মাণ করবে,
তাদের রাজারা তোমার সেবা করবে।
যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিলাম,
অনুগ্রহে আমি তোমার প্রতি সহানুভূতি প্রদর্শন করব।
11 তোমার তোরণদ্বারগুলি সবসময়ই খোলা থাকবে,
দিনে বা রাতে, সেগুলি কখনও বন্ধ করা হবে না,
যেন লোকেরা তোমার কাছে জাতিসমূহের ঐশ্বর্য নিয়ে আসে—
তাদের রাজারা বিজয় মিছিলের সামনে সামনে চলবে।
12 কারণ যে দেশ বা রাজ্য তোমার সেবা করবে না, তা ধ্বংস হবে;
তা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে।
13 “লেবাননের গৌরব তোমার কাছে আসবে,
দেবদারু, ঝাউ ও চিরহরিৎ গাছ একসঙ্গে আসবে,
যেন আমার পবিত্র ধামকে সুশোভিত করতে পারে;
আর আমি আমার পা রাখার স্থানকে গৌরব দান করব।
14 তোমার প্রতি অত্যাচারকারী লোকেদের সন্তানেরা প্রণত হয়ে তোমার কাছে আসবে;
যারাই তোমাকে অবজ্ঞা করেছিল, তারা তোমার পায়ে প্রণিপাত করবে
এবং তোমার উদ্দেশে বলবে, এ সদাপ্রভুর নগরী,
ইস্রায়েলের পবিত্রতমজনের সিয়োন।
15 “যদিও তুমি পরিত্যক্ত ও ঘৃণিত হয়েছিলে,
কেউ তোমার মধ্য দিয়ে যাতায়াত করত না,
আমি তোমাকে চিরকালীন গর্বের স্থান
এবং বংশপরম্পরায় সকলের আনন্দের কারণ করব।
16 তুমি জাতিসমূহের দুধ পান করবে,
রাজাদের ঐশ্বর্য গ্রাস করবে।
তখন তুমি জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তোমার পরিত্রাতা,
তোমার মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।
17 আমি তোমার কাছে পিতলের পরিবর্তে সোনা
ও লোহার পরিবর্তে রুপো নিয়ে আসব।
আমি কাঠের পরিবর্তে পিতল
এবং পাথরের পরিবর্তে লোহা নিয়ে আসব।
আমি শান্তিকে তোমার নিয়ন্ত্রণকারী করব,
ধার্মিকতা হবে তোমার প্রশাসক।
18 তোমার দেশে উপদ্রবের কথা,
তোমার সীমানার মধ্যে ধ্বংস বা বিনাশের কথা, আর শোনা যাবে না;
কিন্তু তুমি তোমার প্রাচীরগুলিকে বলবে পরিত্রাণ
এবং তোরণদ্বারগুলিকে বলবে প্রশংসা।
19 দিনের বেলা সূর্য আর তোমার জ্যোতিস্বরূপ হবে না,
চাঁদের জ্যোৎস্নাও আর তোমাকে আলো দেবে না,
কারণ সদাপ্রভু হবেন তোমার চিরস্থায়ী জ্যোতি,
তোমার ঈশ্বরই হবেন তোমার গৌরব।
20 তোমার সূর্য আর অস্তমিত হবে না,
তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না;
সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি,
আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।
21 তখন তোমার সমস্ত প্রজা ধার্মিক হবে,
তারা চিরকালের জন্য দেশের অধিকারী হবে।
তারাই সেই চারাগাছ, যা আমি রোপণ করেছিলাম,
তারা আমার নিজের হাতের কাজ,
যেন আমার সৌন্দর্যের বিভব প্রদর্শিত হয়।
22 তোমার মধ্যে নগণ্যতম জন এক সহস্রের সমান হবে,
ক্ষুদ্রতম জন হবে এক শক্তিশালী জাতিস্বরূপ।
আমিই সদাপ্রভু;
যথাসময়ে আমি তা দ্রুত সম্পন্ন করব।”
61:1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,
কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,
যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।
তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,
বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে
এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,
2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের
প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,
সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
3 ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—
ভস্মের পরিবর্তে
সৌন্দর্যের মুকুট,
শোকবিলাপের পরিবর্তে
আনন্দের তেল,
এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে
প্রশংসার পোশাক।
তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,
শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য
যা সদাপ্রভু রোপণ করেছেন।
4 তারা পুরাকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে
এবং দীর্ঘ দিনের ধ্বংসিত স্থানগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবে;
বংশপরম্পরায় উচ্ছিন্ন অবস্থায় থাকা
ধ্বংসপ্রাপ্ত নগরগুলিকে তারা নবরূপ দান করবে।
5 বিদেশিরা তোমাদের পশুপাল চরাবে;
বিজাতীয় লোকেরা তোমাদের মাঠগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জে কাজ করবে।
6 আর তোমাদের বলা হবে সদাপ্রভুর যাজকবৃন্দ,
তোমরা আমাদের ঈশ্বরের পরিচারকরূপে আখ্যাত হবে।
তোমরা জাতিসমূহের ঐশ্বর্য ভোগ করবে,
আর তাদেরই ধনসম্পদে তোমরা গর্ব করবে।
7 লজ্জার পরিবর্তে আমার প্রজারা
দ্বিগুণ অংশের অধিকার লাভ করবে;
আর অপমানের পরিবর্তে
তারা তাদের উত্তরাধিকারে উল্লসিত হবে;
এভাবেই তারা নিজেদের দেশে দ্বিগুণ অংশের অধিকার পাবে
আর চিরস্থায়ী আনন্দ হবে তাদের অধিকার।
8 “কারণ আমি সদাপ্রভু, আমি ন্যায়বিচার ভালোবাসি;
আমি দস্যুবৃত্তি ও অধর্ম ঘৃণা করি।
আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কৃত করব
এবং তাদের সঙ্গে প্রতিষ্ঠিত করব এক চিরস্থায়ী নিয়ম।
9 তাদের বংশধরেরা জাতিসমূহের মধ্যে
ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে।
যারাই তাদের দেখবে, স্বীকার করবে যে,
তারা এমন জাতি, যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;
আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।
যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,
যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,
সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,
আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।
11 কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে,
যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়,
তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে
ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।