মণ্ডলীর ভবিষ্যৎ মহিমা ও বিজয় (continued)
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না,
জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না,
যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়,
তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।
2 সব জাতি তোমার ধর্মশীলতা দেখবে,
সব রাজা তোমার মহিমা দেখবে;
তুমি এক নতুন নামে আখ্যাত হবে,
যে নাম সদাপ্রভুরই মুখ নির্ণয় করবে।
3 তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট,
তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।
4 তারা আর তোমাকে পরিত্যক্ত বলবে না,
কিংবা তোমার দেশকে জনশূন্য বলবে না।
কিন্তু তোমাকে ডাকা হবে হিফ্সীবা বলে,
তোমার দেশকে বলা হবে বিউলা;
কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন,
আর তোমার ভূমি বিবাহিত হবে।
5 যেভাবে কোনো যুবক একজন কুমারীকে বিবাহ করে,
তোমার নির্মাতা তেমনই তোমায় বিবাহ করবেন;
বর যেমন কনেকে নিয়ে উল্লসিত হয়,
তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন।
6 জেরুশালেম, আমি তোমার প্রাচীরগুলিতে প্রহরী নিয়োগ করেছি,
তারা দিনে বা রাতে, কখনও নীরব থাকবে না।
তোমরা যারা সদাপ্রভুকে ডাকো,
তোমরা নিজেদের বিশ্রাম দিয়ো না,
7 আর তাঁকেও দিয়ো না, যতক্ষণ না তিনি জেরুশালেমকে প্রতিষ্ঠিত করেন
এবং তাকে পৃথিবীতে প্রশংসার পাত্র করেন।
8 সদাপ্রভু তাঁর ডান হাত ও তাঁর শক্তিশালী বাহু
তুলে শপথ করেছেন:
“আর কখনও আমি তোমার শস্যদানা নিয়ে
তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না,
বিজাতিয়েরা আর কখনও নতুন দ্রাক্ষারস পান করবে না,
যার জন্য তুমি পরিশ্রম করেছ।
9 কিন্তু যারা সেই ফসল সঞ্চয় করবে, তারাই তা ভোজন করবে
ও সদাপ্রভুর প্রশংসা করবে,
আর যারা দ্রাক্ষাচয়ন করবে, তারা তা পান করবে,
আমার পবিত্র ধামের প্রাঙ্গণেই করবে।”
10 পার হও, তোমরা তোরণদ্বারগুলি দিয়েই পার হও!
প্রজাদের জন্য পথ প্রস্তুত করো।
নির্মাণ করো, রাজপথ নির্মাণ করো!
সব পাথর সরিয়ে ফেলো।
সমস্ত জাতির জন্য একটি পতাকা তোলো।
11 সদাপ্রভু পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত একটি ঘোষণা করেছেন:
“তোমরা সিয়োন-কন্যাকে বলো,
‘দেখো, তোমার পরিত্রাতা আসছেন!
দেখো, তাঁর প্রাপ্য বেতন আছে তাঁর হাতে,
তাঁর পুরস্কার আছে তাঁর সঙ্গে।’ ”
12 তারা আখ্যাত হবে পবিত্র প্রজা,
এবং সদাপ্রভুর মুক্তিপ্রাপ্ত লোক বলে;
আর তোমাকে বলা হবে, অন্বেষিতা,
এমন নগরী যা আর পরিত্যক্ত নয়।
63:1 ইদোম থেকে আসছেন, উনি কে?
বস্রা থেকে রক্তরঞ্জিত পোশাক পরে আসছেন, কে তিনি?
বাহারি পোশাক পরিহিত, ইনি কে?
কে তিনি আপন শক্তির পূর্ণতায় এগিয়ে আসছেন?
“এ আমি, যিনি ধর্মশীলতায় কথা বলেন,
যিনি পরিত্রাণ সাধন করার জন্য শক্তিশালী।”
2 আপনার পোশাক রক্তরাঙা কেন,
দ্রাক্ষামাড়াইকারী লোকদের মতো কেন?
3 “দ্রাক্ষামাড়াই কুণ্ডে আমি একাই দ্রাক্ষা দলন করেছি;
সমস্ত জাতির মধ্য থেকে একজনও আমার সঙ্গে ছিল না।
আমি ক্রোধে তাদের পদদলিত করেছি,
মহাকোপে তাদের মর্দন করেছি;
তাদের রক্তের ছিটে আমার পোশাকে লেগেছে,
আমার সমস্ত পরিচ্ছদ আমি কলঙ্কিত করেছি।
4 কারণ প্রতিশোধের দিন আমার মনে ছিল,
আর আমার মুক্তিদানের বছর এসে পড়েছে।
5 আমি চেয়ে দেখলাম, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কেউ নেই,
আমি বিস্মিত হলাম যে কেউ আমাকে সমর্থন করেনি;
তাই আমার নিজেরই হাত আমার জন্য পরিত্রাণ সাধন করল,
আমার নিজের ক্রোধই আমাকে তুলে ধরল।
6 আমি ক্রোধে সব জাতিকে পদদলিত করলাম;
আমার কোপবশে আমি তাদের মত্ত করলাম
আর তাদের রক্ত মাটিতে ঢেলে দিলাম।”
7 আমি সদাপ্রভুর বিভিন্ন করুণার কীর্তন করব,
প্রশংসা করব তাঁর বহু কীর্তির কথা,
তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য,
হ্যাঁ, তিনি ইস্রায়েল কুলের জন্য
বহু উৎকৃষ্ট কাজ করেছেন,
তাঁর মহা করুণা ও বহুবিধ দয়ার গুণে করেছেন।
8 তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার প্রজা,
তারা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না”;
এভাবেই তিনি তাদের পরিত্রাতা হলেন।
9 তাদের সমস্ত দুর্দশায় তিনি নিজেও দুর্দশাগ্রস্ত হয়েছিলেন,
তাঁর সান্নিধ্যে থাকা স্বর্গদূত তাদের রক্ষা করল।
তাঁর ভালোবাসা ও করুণাগুণে তিনি তাদের মুক্ত করলেন;
পুরাকালের সেই দিনগুলিতে
তিনি কোলে তুলে তাদের বহন করতেন।
10 তবুও তারা বিদ্রোহী হল
ও তাঁর পবিত্র আত্মাকে দুঃখ দিল।
তাই তিনি মুখ ফিরিয়ে তাদের শত্রু হলেন,
আর তিনি স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
11 তারপর তাঁর প্রজারা পুরোনো দিনের কথা স্মরণ করল,
মোশি ও তাঁর প্রজাদের সময়কাল—
তিনি কোথায়, যিনি সমুদ্রের মধ্য দিয়ে তাদের উত্তীর্ণ করেছিলেন,
তাঁর পালের এক রক্ষকের দ্বারা?
তিনি কোথায়, যিনি
তাদের মধ্যে তাঁর পবিত্র আত্মাকে স্থাপন করেছিলেন?
12 যিনি তাঁর পরাক্রমের মহিমাময় বাহু
মোশির ডান হাতরূপে প্রেরণ করেছিলেন,
যিনি তাদের সামনে জলরাশিকে বিভক্ত করেছিলেন
যেন নিজের জন্য চিরস্থায়ী খ্যাতি লাভ করতে পারেন?
13 খোলা মাঠে ধাবমান অশ্বের মতো,
কে সমুদ্রের গভীরে তাদের চালিত করল?
তাদের মধ্যে কেউই হোঁচট খায়নি।
14 পশুপাল যেমন সমভূমিতে নেমে যায়,
সদাপ্রভুর আত্মা তেমনই তাদের বিশ্রাম দিলেন।
তুমি এভাবেই তোমার প্রজাদের পথ প্রদর্শন করেছিলে,
যেন তুমি নিজের জন্য এক মহিমান্বিত নাম স্থাপন করতে পারো।
15 তুমি স্বর্গ থেকে নিচে তাকাও ও দেখো,
তোমার উন্নত, পবিত্র ও মহিমাপূর্ণ সিংহাসন থেকে দেখো।
তোমার সেই উদ্যম ও তোমার পরাক্রম কোথায়?
তোমার কোমলতা ও সহানুভূতি আমাদের কাছ থেকে সরিয়ে রেখেছ।
16 কিন্তু তুমি আমাদের বাবা,
যদিও অব্রাহাম আমাদের জানেন না,
কিংবা ইস্রায়েল আমাদের স্বীকার করে না;
তুমি সদাপ্রভু, তুমিই আমাদের বাবা,
পুরাকাল থেকে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
17 হে সদাপ্রভু, কেন তুমি তোমার পথ ছেড়ে আমাদের যেতে দিচ্ছ?
কেন তোমার হৃদয় কঠিন করছ, যেন আমরা তোমাকে সম্ভ্রম না করি?
তুমি ফিরে এসো তোমার দাসদের অনুরোধে,
তোমার অধিকারস্বরূপ গোষ্ঠীসমূহের কারণে।
18 অল্প সময়ের জন্য তোমার প্রজারা তোমার পবিত্রস্থান অধিকারে রেখেছিল,
কিন্তু এখন আমাদের শত্রুরা তোমার পবিত্রধাম পদদলিত করেছে।
19 প্রাচীনকাল থেকে আমরা তোমারই;
কিন্তু আমরা হয়েছি তাদের মতো, যাদের উপরে তুমি কখনও শাসন করোনি,
তাদের মতো, যাদের কখনও তোমার নামে ডাকা হয়নি।
64:1 আহা! যদি তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে,
তাহলে পর্বতগুলি তোমার সাক্ষাতে কম্পিত হত!
2 আগুন যেমন ঝোপ প্রজ্বলিত করে
ও জল ফোটায়,
তেমন ভাবেই নেমে এসে তোমার শত্রুদের কাছে তোমার নাম জ্ঞাত করো
এবং জাতিসমূহকে তোমার সাক্ষাতে কম্পমান করো!
3 কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে,
তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।
4 পুরাকাল থেকে কেউ শোনেনি,
কোনো কান তা উপলব্ধি করেনি,
তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি,
তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।
5 তুমি তাদের সাহায্য করার জন্য উপস্থিত হও যারা আনন্দের সঙ্গে ন্যায়সংগত কাজ করে,
যারা তোমার পথসমূহের কথা স্মরণ করে।
কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে পাপ করে চলেছিলাম,
তুমি ক্রুদ্ধ হয়েছিলে।
তাহলে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি?
6 আমরা সবাই অশুচি মানুষের মতো হয়েছি,
আমাদের ধার্মিকতার যত কাজ, সব নোংরা কাপড়ের মতো;
আমরা সবাই পাতার মতো শুকিয়ে যাই,
আমাদের পাপগুলি বাতাসের মতো আমাদের উড়িয়ে নিয়ে যায়।
7 কোনো মানুষ তোমার নামে ডাকে না
অথবা তোমাকে ধরার জন্য প্রাণপণ করে না;
কারণ তুমি আমাদের কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ
এবং আমাদের পাপের কারণে আমাদের ক্ষয়ে যেতে দিচ্ছ।
8 তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা।
আমরা সবাই মাটি, আর তুমি কুমোর;
আমরা সবাই তোমার হাতের রচনা।
9 হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না;
চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না।
আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো,
কারণ আমরা সবাই তোমার প্রজা।
10 তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে;
এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।
11 আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার স্তব করতেন,
সেই পবিত্র ও সুশোভিত মন্দির অগ্নিদগ্ধ হয়েছে,
যা কিছু আমরা সঞ্চয় করেছিলাম, সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
12 এসব সত্ত্বেও, হে সদাপ্রভু, তুমি কি নিজেকে গুটিয়ে রাখবে?
তুমি কি নীরব থেকে অতিমাত্রায় আমাদের শাস্তি দেবে?