মণ্ডলীর ভবিষ্যৎ মহিমা ও বিজয় (continued)
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 “যারা আমাকে চায়নি, আমি তাদের কাছে নিজেকে প্রকাশ করেছি;
যারা আমার অন্বেষণ করেনি, তারা আমাকে খুঁজে পেয়েছে।
যে জাতি আমার নামে ডাকেনি, তাদের আমি বলেছি, ‘এই আমি, এই যে আমি এখানে।’
2 সমস্ত দিন, আমি এক বিদ্রোহী প্রজাবৃন্দের উদ্দেশে
আমার দু-হাত বাড়িয়ে রেখেছিলাম,
তারা এমন সব জীবনযাপন করে, যা ভালো নয়,
তারা নিজেদের কল্পনা অনুযায়ী কাজ করে।
3 তারা এমন এক জাতি, যারা আমার মুখের উপরেই
নিত্য আমাকে প্ররোচিত করে,
বিভিন্ন উদ্যানের মধ্যে বলি দেয়
ও ইটের তৈরি বেদির উপরে ধূপদাহ করে;
4 তারা কবরের স্থানগুলিতে বসে
গুপ্ত স্থানে রাত জেগে কাটায়;
তারা শূকরের মাংস ভোজন করে
ও তাদের পাত্রে অশুচি মাংসের ঝোল থাকে।
5 তারা বলে, ‘দূরে থাকো; আমার কাছে এসো না,
কারণ আমি তোমাদের চেয়ে বেশি পবিত্র!’
এই লোকেরা আমার নাকের কাছে ধোঁয়ার মতো,
সমস্ত দিন তারা যেন প্রজ্বলিত আগুন।
6 “দেখো, এ আমার সামনে লিখিত আছে:
আমি নীরব থাকব না, কিন্তু পূর্ণ প্রতিফল দেব;
আমি তাদের কোলেই তা ফিরিয়ে দেব—
7 তোমাদের পাপ ও তোমাদের পিতৃপুরুষদের কৃত যত পাপ,”
সদাপ্রভু এই কথা বলেন।
“যেহেতু তারা পর্বতে পর্বতে ধূপ জ্বালিয়েছে
এবং পাহাড়গুলির উপরে আমাকে অপমান করেছে,
আমি তাদের পূর্বেকার কৃতকর্ম অনুযায়ী
পূর্ণমাত্রায় তাদের প্রতিশোধ দেব।”
8 সদাপ্রভু এই কথা বলেন,
“যেমন দ্রাক্ষাফলের গুচ্ছে রস পূর্ণ দেখে,
লোকেরা বলে, ‘এটি নষ্ট কোরো না,
কারণ এতে এখনও আশীর্বাদ আছে,’
তেমনই আমি আমার দাসদের পক্ষে করব;
আমি তাদের সবাইকে ধ্বংস করব না।
9 আমি যাকোবের কুল থেকে এক বংশের,
এবং যিহূদা থেকে আমার পর্বতগুলির এক উত্তরাধিকারীকে তুলে ধরব;
আমার মনোনীত প্রজারা তা অধিকার করবে,
সেখানে আমার দাসেরা বসবাস করবে।
10 আমার অন্বেষী প্রজাদের জন্য,
শারোণ মেষপালের এক চারণভূমি হবে,
আর আখোর উপত্যকা হবে পশুপালের এক বিশ্রামস্থান।
11 “কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে পরিত্যাগ করো,
ও আমার পবিত্র পর্বতকে ভুলে যাও,
যারা ভাগ্যদেবের জন্য মেজ সাজাও
ও নিয়তিদেবের উদ্দেশে মিশ্রিত সুরার পাত্র পূর্ণ করো,
12 আমি তাদের জন্য তরোয়াল নিরূপণ করব,
তখন তোমরা ঘাতকদের কাছে মাথা নিচু করবে;
কারণ আমি ডাকলে তোমরা উত্তর দিতে না,
আমি কথা বললে তোমরা শুনতে না।
তোমরা আমার দৃষ্টিতে অন্যায় করেছ,
যা আমাকে অসন্তুষ্ট করে, তোমরা তাই করেছ।”
13 সেই কারণে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“আমার দাসেরা ভোজন করবে,
কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকবে;
আমার দাসেরা পান করবে,
কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকবে;
আমার দাসেরা আনন্দ করবে,
কিন্তু তোমরা লজ্জিত হবে।
14 আমার দাসেরা গান গাইবে
তাদের মনের আনন্দে,
কিন্তু তোমাদের মনস্তাপের জন্য
তোমরা কাঁদতে থাকবে
ও ভগ্ন আত্মার জ্বালায় হাহাকার করবে।
15 তোমরা আমার মনোনীত লোকদের মাঝে
তোমাদের নাম অভিশাপরূপে রেখে যাবে;
সার্বভৌম সদাপ্রভু তোমাদের মৃত্যুতে সমর্পণ করবেন,
কিন্তু তাঁর দাসেদের তিনি অন্য এক নাম দেবেন।
16 কেউ যদি দেশে কোনো আশীর্বাদের জন্য মিনতি করে,
সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে;
যে দেশে কোনো শপথ গ্রহণ করে,
সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে।
কারণ অতীতের সব দুঃখকষ্ট বিস্মৃত হবে,
আমার চোখ থেকে তা গুপ্ত থাকবে।
17 “দেখো, আমি নতুন আকাশমণ্ডল
ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি।
পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না,
সেগুলি আর মনেও আসবে না।
18 কিন্তু আমি যা সৃষ্টি করব, তার জন্য
আনন্দিত ও চিরকালের জন্য উল্লসিত হও,
কারণ আমি জেরুশালেমকে হর্ষের জন্য
ও তার লোকেদের আনন্দের জন্য সৃষ্টি করব।
19 আমি জেরুশালেমের জন্য উল্লসিত হব
ও আমার প্রজাদের জন্য হর্ষিত হব;
ক্রন্দন কিংবা বিলাপের ধ্বনি
আর কখনও সেখানে শোনা যাবে না।
20 “আর কখনও তার মধ্যে
কোনো শিশু কিছুকাল বেঁচে থেকে
কিংবা কোনো বৃদ্ধ পূর্ণবয়স্ক না হয়ে মারা যাবে না;
যে একশো বছর বয়সে মারা যায়,
তাকে নিতান্তই যুবক বলা হবে;
আর যে পাপীর একশো বছর পরমায়ু হয় না,
সে অভিশপ্ত বিবেচিত হবে।
21 তারা ঘরবাড়ি নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে;
তারা দ্রাক্ষাকুঞ্জ রোপণ করে তার ফল ভক্ষণ করবে।
22 তারা গৃহ নির্মাণ করলে, আর কখনও তার মধ্যে অন্য কেউ বাস করবে না,
বা বৃক্ষরোপণ করলে, অন্য কেউ তার ফল খাবে না।
কারণ কোনো বৃক্ষের আয়ুর মতোই
আমার প্রজাদের পরমায়ু হবে;
আমার মনোনীত লোকেরা দীর্ঘদিন
তাদের হস্তকৃত কর্মফল উপভোগ করবে।
23 তারা বৃথা পরিশ্রম করবে না,
বা দুর্ভাগ্যের জন্য সন্তানদের জন্ম দেবে না;
কারণ তারা এবং তাদের বংশধরেরা
সদাপ্রভুর আশীর্বাদধন্য এক জাতি হবে।
24 তারা ডাকবার আগেই আমি উত্তর দেব;
তারা কথা বলতে না বলতেই আমি তা শুনব।
25 নেকড়েবাঘ ও মেষশাবক একসঙ্গে চরে বেড়াবে,
সিংহ বলদের মতোই বিচালি খাবে
এবং ধুলোই হবে সাপের খাবার।
আমার পবিত্র পর্বতের কোনো স্থানে
তারা কোনো ক্ষতি বা ধ্বংস করতে পারবে না,”
সদাপ্রভু এই কথা বলেন।
66:1 সদাপ্রভু এই কথা বলেন,
“স্বর্গ আমার সিংহাসন,
আর পৃথিবী আমার পা রাখার স্থান।
আমার জন্য তোমরা কোথায় বাসগৃহ নির্মাণ করবে?
আমার বিশ্রামস্থানই বা হবে কোথায়?
2 আমার হস্তই কি এই সমস্ত নির্মাণ করেনি,
সেকারণেই তো এগুলি অস্তিত্বপ্রাপ্ত হয়েছে?”
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“এই ধরনের মানুষকে আমি মূল্যবান জ্ঞান করব,
যে নতনম্র ও চূর্ণ আত্মা বিশিষ্ট,
যে আমার বাক্যে কম্পিত হয়।
3 কিন্তু যে কেউ ষাঁড় বলিদান করে,
সে এক নরঘাতকের তুল্য,
যে কেউ মেষশাবক উৎসর্গ করে,
সে যেন কুকুরের ঘাড় ভাঙে;
যে কেউ শস্য-নৈবেদ্য উৎসর্গ করে,
সে শূকরের রক্ত উপহার দেয়,
আর যে কেউ সুগন্ধি ধূপ উৎসর্গ করে,
সে যেন প্রতিমাপুজো করে।
তারা সবাই নিজের নিজের পথ বেছে নিয়েছে,
তাদের ঘৃণ্য বস্তুগুলিতে তাদের প্রাণ আমোদিত হয়;
4 সেই কারণে, আমিও তাদের প্রতি কঠোর আচরণ করব,
তাদের আতঙ্কের বিষয়ই তাদের উপরে নিয়ে আসব।
কারণ আমি ডাকলে একজনও উত্তর দেয়নি,
আমি কথা বললে কেউই শোনেনি।
তারা আমার দৃষ্টিতে কেবলই অন্যায় করেছে,
আমার অসন্তুষ্টিজনক যত কাজ করেছে।”
5 তোমরা সদাপ্রভুর বাক্য শ্রবণ করো,
তোমরা তাঁর বাক্যে কাঁপতে থাকো:
“তোমাদের যে ভাইয়েরা তোমাদের ঘৃণা করে,
আমার নামের জন্য যারা তোমাদের সমাজচ্যুত করে, তারা বলেছে,
‘সদাপ্রভু মহিমান্বিত হোন
যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই!’
তবুও তারা লজ্জিত হবে।
6 নগর থেকে ওই হট্টগোলের শব্দ শোনো,
মন্দির থেকে গণ্ডগোলের শব্দ শোনো!
এ হল সদাপ্রভুর রব,
তাঁর শত্রুদের প্রাপ্য প্রতিফল তিনি তাদের দিচ্ছেন।
7 “প্রসব ব্যথা ওঠার আগেই
সে প্রসব করল;
গর্ভযন্ত্রণা আসার পূর্বেই
সে এক পুত্রসন্তানের জন্ম দিল।
8 কেউ কি এরকম কথা কখনও শুনেছে?
কে এরকম বিষয় কখনও দেখেছে?
কোনো দেশের জন্ম কি একদিনে হতে পারে,
কিংবা এক মুহূর্তের মধ্যে কোনো জাতির উদ্ভব কি হতে পারে?
তবুও, সিয়োনের গর্ভযন্ত্রণা হতে না হতেই,
সে তার ছেলেমেয়েদের জন্ম দিল।”
9 সদাপ্রভু বলেন,
“প্রসবকাল উপস্থিত করে,
আমি কি প্রসব হতে দেব না?
প্রসব হওয়ার সময় উপস্থিত করে
আমি কি গর্ভ রুদ্ধ করব?”
তোমার ঈশ্বর একথা বলেন।
10 “জেরুশালেমের সঙ্গে উল্লসিত হও ও তার সঙ্গে আনন্দ করো;
তোমরা যারা তাকে ভালোবাসো;
তোমরা যারা তার জন্য শোক করেছ,
তার সঙ্গে অতিমাত্রায় উল্লাস করো।
11 তোমরা তার সান্ত্বনাদায়ী স্তনযুগল থেকে
দুধ পান করে তৃপ্ত হবে;
তোমরা গভীরভাবে সেই স্তন চুষে খাবে
ও তার উপচে পড়া প্রাচুর্যে আনন্দিত হবে।”
12 কারণ সদাপ্রভু এই কথা বলেন,
“আমি নদীস্রোতের মতো তার প্রতি শান্তি প্রবাহিত করব,
জাতিসমূহের ঐশ্বর্য বন্যার স্রোতের মতো নিয়ে আসব;
তার স্তনযুগল থেকে তার সন্তানেরা পুষ্টি লাভ করবে, তাদের দুই হাতে বহন করা হবে,
কোলে তুলে তাদের খেলানো হবে।
13 যেভাবে মা তার শিশুকে সান্ত্বনা দেয়,
তেমনই আমি তোমাদের সান্ত্বনা দেব;
আর তোমরা জেরুশালেমেই সান্ত্বনা লাভ করবে।”
14 এসব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে,
আর তোমরা ঘাসের মতোই বেড়ে উঠবে;
সদাপ্রভুর হাত তাঁর দাসদের কাছে নিজের পরিচয় দেবে,
কিন্তু তাঁর ক্রোধ তাঁর শত্রুদের কাছে প্রদর্শিত হবে।
15 দেখো, সদাপ্রভু আগুন নিয়ে আসছেন,
তার রথগুলি আসছে ঘূর্ণিবায়ুর মতো;
তিনি সক্রোধে তাঁর কোপ ঢেলে দেবেন,
আগুনের শিখায় ঢেলে দেবেন তাঁর তিরস্কার।
16 কারণ আগুন ও তাঁর তরোয়াল নিয়ে
সদাপ্রভু সব মানুষের বিচার করবেন,
অনেকেই সদাপ্রভুর দ্বারা নিহত হবে।
17 “যারা নিজেদের পবিত্র ও শুচিশুদ্ধ করে, পবিত্র উদ্যানের মধ্যে প্রতিমার পিছনে যায়—শূকর, ইঁদুর ও অন্যান্য ঘৃণ্য মাংস খায়—একসঙ্গে তাদের ভয়ংকর পরিসমাপ্তি হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
18 “আর আমি, তাদের ক্রিয়াকলাপ ও তাদের কল্পনার জন্য আসতে চলেছি। আমি সব দেশ ও ভাষাভাষীকে সংগ্রহ করব। তারা এসে আমার মহিমা দেখবে।
19 “আমি তাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করব। অবশিষ্ট যারা বেঁচে থাকবে, তাদের কয়েকজনকে আমি বিভিন্ন দেশে প্রেরণ করব—তর্শীশে, লিবিয়ায়, লূদে (যারা তিরন্দাজির জন্য বিখ্যাত), তূবল ও গ্রীসে ও দূরবর্তী দ্বীপগুলিতে, যারা আমার খ্যাতির কথা শোনেনি বা আমার মহিমা দেখেনি। তারা জাতিসমূহের কাছে আমার মহিমার কথা ঘোষণা করবে। 20 তারা সমস্ত দেশ থেকে তোমার ভাইদের সদাপ্রভুর কাছে উপহাররূপে জেরুশালেমে আমার পবিত্র পর্বতে নিয়ে আসবে—ঘোড়ায়, রথে ও শকটে, খচ্চরে ও উটের উপরে চাপিয়ে তাদের নিয়ে আসা হবে,” একথা সদাপ্রভু বলেন। “তারা তাদের নিয়ে আসবে, যেভাবে ইস্রায়েলীরা তাদের শস্য-নৈবেদ্য সংস্কারগতভাবে শুচিশুদ্ধ পাত্রে সদাপ্রভুর মন্দিরে নিয়ে আসে। 21 আর আমি তাদের মধ্যে কাউকে কাউকে যাজক ও লেবীয় হওয়ার জন্য মনোনীত করব,” সদাপ্রভু এই কথা বলেন।
22 সদাপ্রভু বলেন, “যেভাবে নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী আমার সাক্ষাতে অটল থাকবে, তেমনই তোমার নাম ও তোমার সন্তানেরা চিরস্থায়ী হবে। 23 এক অমাবস্যা থেকে অন্য অমাবস্যা ও এক সাব্বাথ-দিন থেকে অন্য সাব্বাথ-দিন পর্যন্ত সমস্ত মানবজাতি এসে আমার সামনে প্রণিপাত করবে,” সদাপ্রভু এই কথা বলেন। 24 “তারা গিয়ে, যারা আমার বিদ্রোহী হয়েছিল, তাদের মৃতদেহ দেখবে; যে কীট তাদের খেয়েছিল তারা কখনও মরবে না, তাদের আগুন কখনও নিভবে না। তারা সমস্ত মানবজাতির কাছে বিতৃষ্ণার পাত্র হবে।”