যিহূদিয়ার প্রতিমাপূজার জন্য বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী
যিহূদিয়ার প্রতিমাপূজা ও ভণ্ডামির জন্য তার উপর যে বিপর্যয় নেমে আসবে, তার ভবিষ্যদ্বাণী।
710 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
9 মাঠের সমস্ত পশু, তোমরা এসো,
বনের সমস্ত পশু, তোমরা এসে গ্রাস করো!
10 ইস্রায়েলের প্রহরীরা অন্ধ,
তাদের প্রত্যেকের জ্ঞানের অভাব আছে;
তারা সকলেই বোবা কুকুর,
তারা ঘেউ ঘেউ করতে জানে না;
তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে,
তারা ঘুমাতে ভালোবাসে।
11 তারা প্রবল ক্ষুধাবিশিষ্ট কুকুর,
তাদের কখনও তৃপ্তি হয় না।
তারা বুদ্ধিবিহীন মেষপালক;
তারা সবাই নিজের নিজের পথের দিকে ফেরে,
প্রত্যেকেই নিজের নিজের লাভের চেষ্টা করে।
12 প্রত্যেকে চিৎকার করে বলে, “এসো, আমি দ্রাক্ষারস আনি!
এসো আমরা সুরাপানে মত্ত হই!
আগামীকালও আজকের মতো হবে,
এমনকি, এর থেকেও ভালো হবে।”
57:1 ধার্মিক ব্যক্তিরা বিনষ্ট হয়,
কেউ তা বিবেচনা করে না;
ভক্তিমান লোকেরা অপসারিত হচ্ছে,
কেউ তা বুঝতে পারছে না যে,
মন্দ থেকে রক্ষা করার জন্যই
ধার্মিক লোকেদের সরিয়ে নেওয়া হচ্ছে।
2 যারা ন্যায়সংগত জীবনযাপন করে,
তারা শান্তিতে প্রবেশ করবে;
মৃত্যুশয্যায় তারা বিশ্রাম লাভ করবে।
3 “কিন্তু তোমরা, যারা মায়াবিনীর সন্তান,
যারা ব্যভিচারী ও বেশ্যাদের বংশ, তোমরা এখানে এসো!
4 তোমরা কাকে উপহাস করছ?
কাকে দেখে তোমরা মুখ বাঁকাও
ও তোমাদের জিভ বের করো?
তোমরা কি বিদ্রোহীদের সন্তান ও
মিথ্যাবাদীদের বংশ নও?
5 তোমরা তো ওক গাছগুলির তলে ও
প্রত্যেক ঝোপাল গাছপালার তলে দেবকামে জ্বলতে থাকো;
তোমরা তো গিরিখাতে ও উপরে ঝুলে থাকা শৈলের ফাটলে,
তোমাদের ছেলেমেয়েদের বলি দিয়ে থাকো।
6 গিরিখাতের মসৃণ পাথরের দেবদেবীর মধ্যেই রয়েছে তোমাদের প্রাপ্য অংশ;
সেগুলিতে, হ্যাঁ সেগুলিতেই রয়েছে তোমাদের স্বত্ব।
তাদের কাছেই তোমরা ঢেলে দিয়েছ পেয়-নৈবেদ্য
এবং উৎসর্গ করেছ যত শস্য-নৈবেদ্য।
এগুলির পরিপ্রেক্ষিতে আমার মন কি কোমল হবে?
7 তুমি উঁচু ও উন্নত এক পাহাড়ের উপরে তোমার শয্যা পেতেছ;
সেখানে তোমার বলিদান উৎসর্গের জন্য তুমি উঠে গিয়েছিলে।
8 তোমার দরজা ও চৌকাঠের পিছনে
তুমি তোমার পৌত্তলিক স্মৃতিচিহ্নগুলি রেখেছ।
আমাকে ভুলে গিয়ে, তুমি তোমার বিছানার চাদর তুলেছ,
তুমি তার উপরে উঠে বিছানাটি চওড়া করেছ;
তুমি যাদের বিছানা ভালোবাসো, তাদের সঙ্গে চুক্তি করেছ,
সেই সঙ্গে তুমি তাদের নগ্নতা দেখেছ।
9 তুমি জলপাই তেল মেখে রাজার কাছে গিয়েছ
ও প্রচুর সুগন্ধিদ্রব্য ব্যবহার করেছ।
তুমি তোমার রাজদূতদের বহুদূরে পাঠিয়েছ;
তুমি স্বয়ং পাতাল পর্যন্ত নেমে গিয়েছ!
10 তোমার সমস্ত জীবনাচরণে তুমি ক্লান্ত হয়েছিলে,
কিন্তু তবুও তুমি বলোনি, ‘এসব অর্থহীন।’
তুমি তোমার শক্তি নবায়িত হতে দেখেছ,
তাই তুমি মূর্ছিত হওনি।
11 “কার প্রতি তুমি এত ভীতসন্ত্রস্ত হয়েছ
যে আমার কাছে মিথ্যা কথা বলেছ,
তুমি আমাকে স্মরণও করোনি
কিংবা নিজের মনে এসব বিষয় বিবেচনাও করোনি?
এজন্য নয় যে আমি দীর্ঘ সময় নীরব থেকেছি,
তাই কি তুমি আমাকে ভয় করো না?
12 আমি তোমার ধার্মিকতা ও তোমার কাজগুলি প্রকাশ করে দেব,
সেগুলি তোমার কোনো উপকারে আসবে না।
13 যখন তুমি সাহায্যের জন্য কাঁদতে থাকবে,
তখন তোমার সঞ্চিত প্রতিমারাই যেন তোমাকে রক্ষা করে!
বাতাস তাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে,
সামান্য এক শ্বাসের ফুৎকারে তারা উড়ে যাবে।
কিন্তু যে মানুষ আমার শরণাপন্ন হয়,
সে দেশের অধিকার পাবে
এবং আমার পবিত্র পর্বতের অধিকারী হবে।”
14 আর এরকম বলা হবে,
“তৈরি করো, তৈরি করো, তোমরা রাস্তা তৈরি করো!
আমার প্রজাদের চলা পথ থেকে সমস্ত বাধা অপসারিত করো।”
15 কারণ যিনি উচ্চ ও উন্নত, যিনি চিরকাল জীবিত থাকেন ও যাঁর নাম পবিত্র,
তিনি এই কথা বলেন,
“আমি এক উচ্চ ও পবিত্রস্থানে বাস করি,
আবার যে ভগ্নচূর্ণ ও নতনম্র আত্মা বিশিষ্ট,
তার মধ্যেও বাস করি,
যেন নম্র ব্যক্তিদের আত্মা সঞ্জীবিত করি
এবং ভগ্নচূর্ণমনা ব্যক্তিদের হৃদয়কেও সঞ্জীবিত করি।
16 আমি চিরকাল অভিযোগ করব না,
আবার সবসময় ক্রুদ্ধও হব না,
তা না হলে, মানুষের আত্মা, যে মানুষের শ্বাসবায়ু আমি সৃষ্টি করেছি,
সে আমারই সামনে মূর্ছিত হবে।
17 আমি তার পাপিষ্ঠ লোভের জন্য ক্রুদ্ধ হয়েছিলাম;
আমি তাকে শাস্তি দিয়েছিলাম এবং ক্রোধে আমার মুখ লুকিয়েছিলাম,
তবুও সে তার ইচ্ছামতো জীবনযাপন করা ছাড়েনি।
18 আমি তার জীবনাচরণ দেখেছি, কিন্তু আমি তাকে সুস্থ করব;
আমি তাকে পথ দেখাব ও পুনরায় ইস্রায়েলে শোককারীদের সান্ত্বনা দেব,
19 তাদের মুখে প্রশংসার স্তব সৃষ্টি করব।
শান্তি, শান্তি হোক যারা দূরে বা নিকটে থাকে,
আর আমি তাদের রোগনিরাময় করব,”
সদাপ্রভু এই কথা বলেন।
20 কিন্তু দুষ্ট মানুষেরা তরঙ্গবিক্ষুব্ধ সমুদ্রের মতো,
যা কখনও স্থির থাকে না,
যার তরঙ্গগুলি কেবলই পঙ্ক ও কর্দম নিক্ষেপ করে।
21 আমার ঈশ্বর বলেন, “দুষ্ট লোকেদের কোনো কিছুতেই শান্তি নেই।”
58:1 “জোরে চিৎকার করে বলো, রব সংযত কোরো না,
তূরীধ্বনির মতোই তোমাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলো।
আমার প্রজাদের কাছে তাদের বিদ্রোহের কথা ঘোষণা করো,
যাকোবের কুলের কাছে তাদের পাপের কথা জানাও।
2 কারণ দিনের পর দিন তারা আমার অন্বেষণ করে,
মনে হয় তারা যেন আমার পথগুলি জানার বিষয়ে আগ্রহী,
তারা এমন জাতি, যারা ন্যায়সংগত কাজ করে
এবং তাদের ঈশ্বরের আদেশগুলি পরিত্যাগ করেনি।
তারা আমার কাছে সঠিক সিদ্ধান্তের কথা জানতে চায়
এবং মনে হয় তারা যেন ঈশ্বরকে কাছে পেতে আগ্রহী।
3 তারা বলে, ‘কেন আমরা উপবাস করেছি,
আর তুমি তা লক্ষ্য করোনি?
কেন আমরা নিজেদের নতনম্র করেছি,
অথচ তুমি তা দেখতে পাওনি?’
“তবুও, তোমরা উপবাসের দিনে, তোমাদের ইচ্ছামতো যা খুশি তাই করো,
আর তোমাদের শ্রমিকদের শোষণ করো।
4 তোমাদের উপবাস ঝগড়া ও বিবাদে শেষ হয়,
দুষ্টতাপূর্ণ মুষ্টাঘাতে পরস্পরকে আঘাত করো।
আজকের মতো তোমরা উপবাস করলে
ঊর্ধ্বে তোমাদের রব শোনার আশা করতে পারবে না।
5 আমি কি এই ধরনের উপবাস মনোনীত করেছি?
কেবলমাত্র একদিনের জন্য কি মানুষ নিজেকে নম্র করবে?
এ কি কেবলমাত্র নলখাগড়ার মতো নিজের মাথা নত করা
এবং চটে ও ভস্মে শয়ন করা?
একেই কি তোমরা উপবাস বলো,
সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য একটি দিন বলো?
6 “আমি কি এই ধরনের উপবাস মনোনীত করিনি:
অন্যায় বিচারের শৃঙ্খল ভেঙে ফেলা
ও জোয়ালের দড়িগুলি খুলে ফেলা,
অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করা
ও প্রত্যেক জোয়াল ভেঙে ফেলা?
7 এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা
এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া—
যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা,
আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?
8 তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে,
আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে,
তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে,
আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।
9 তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন;
তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি।
“তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ
অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো,
10 যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও
এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও,
তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে
এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।
11 আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন;
তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন
ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন।
তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে,
তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।
12 তোমার লোকেরা প্রাচীনকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে,
এবং বহুকাল পূর্বের ভিত্তিমূলগুলি আবার গেঁথে তুলবে;
তোমাকে বলা হবে ভগ্ন প্রাচীরগুলির মেরামতকারী,
পথসমূহ ও বসবাসের স্থানগুলির পুনঃপ্রতিষ্ঠাকারী।
13 “তুমি যদি সাব্বাথ-দিন লঙ্ঘন করা থেকে পা ফিরাও,
আমার পবিত্র দিনে নিজের ইচ্ছামতো কাজ না করো,
তুমি যদি সাব্বাথ-দিনকে আনন্দদায়ক ও
সদাপ্রভুর পবিত্র দিনকে সম্মাননীয় আখ্যা দাও,
আর যদি তুমি নিজের মনমতো পথে না গিয়ে সেদিনকে সম্মান করো,
নিজের ইচ্ছামতো কিছু না করো ও অসার কথাবার্তা না বলো,
14 তাহলে তুমি সদাপ্রভুতে তোমার আনন্দ খুঁজে পাবে,
আর আমি তোমাকে দেশের সর্বোচ্চ স্থানে আরোহণ করাব
এবং তোমার পিতৃপুরুষ যাকোবের অধিকারে উৎসব করতে দেব,”
সদাপ্রভুর মুখ এই কথা বলেছেন।
59:1 নিশ্চয়ই সদাপ্রভুর হাত এত ছোটো নয়, যে তিনি ত্রাণ করতে পারেন না,
বা তাঁর কান এমন বধির নয়, যে তিনি শুনতে পান না।
2 কিন্তু তোমাদের অপরাধগুলিই তোমাদের পৃথক করেছে
তোমাদের ঈশ্বর থেকে;
তোমাদের পাপগুলি তোমাদের কাছ থেকে তাঁর শ্রীমুখকে লুকিয়েছে,
তাই তিনি শোনেন না।
3 কারণ তোমাদের হাতগুলি রক্তে ও
তোমাদের আঙুলগুলি অপরাধে কলুষিত হয়েছে।
তোমাদের মুখ মিথ্যা কথা বলেছে,
আর তোমাদের জিভ কেবলই দুষ্টতার কথা বলে।
4 কেউ ন্যায্য বিচারের আহ্বান করে না;
কেউই তার মামলা সত্যনিষ্ঠার সঙ্গে উপস্থাপিত করে না।
তারা অসার তর্কযুক্তিতে নির্ভর করে এবং মিথ্যা কথা বলে;
তারা সমস্যা গর্ভে ধারণ করে মন্দতার জন্ম দেয়।
5 তারা কালসাপের ডিম ফোটায়
এবং মাকড়সার জাল বোনে।
কেউ যদি তাদের ডিম খায়, সে মারা যাবে,
সেই ডিম যখন ফোটে, বিষাক্ত সাপ বের হয়।
6 তাদের জালের সুতোয় পোশাক তৈরি হয় না;
তাদের তৈরি পোশাকে তারা নিজেদের আবৃত করতে পারে না।
তাদের সমস্ত কাজ মন্দ,
তাদের হাতে রয়েছে সমস্ত হিংস্রতার কাজ।
7 তাদের পাগুলি পাপের পথে দৌড়ায়;
নির্দোষের রক্তপাত করার জন্য তারা দ্রুত ছুটে যায়।
তাদের সমস্ত চিন্তাধারা কেবলই মন্দ;
তাদের পথে পথে রয়েছে ধ্বংস ও বিনাশ।
8 তারা শান্তির পথ জানে না;
তাদের পথে কোনো ন্যায়বিচার নেই।
তারা নিজেদের আঁকাবাঁকা পথে ফিরিয়েছে;
সেই পথ যে অতিক্রম করে, সে শান্তির সন্ধান পায় না।
9 তাই ন্যায়বিচার আমাদের কাছ থেকে দূরে থাকে,
ধার্মিকতা আমাদের কাছে পৌঁছায় না।
আমরা আলোর অপেক্ষা করি, কিন্তু সবই অন্ধকার
অপেক্ষা করি উজ্জ্বলতার, কিন্তু গহন ছায়ায় পথ চলি।
10 দৃষ্টিহীনের মতো আমরা দেওয়াল ধরে পথ হাঁতড়াই,
চক্ষুহীন মানুষের মতোই আমরা পথ অনুমান করি।
মধ্যাহ্নেই সন্ধ্যা হয়েছে ভেবে আমরা হোঁচট খাই,
শক্তিশালী লোকেদের মাঝে, আমরা যেন মৃত মানুষ।
11 আমরা সবাই ভালুকের মতো গর্জন করি;
ঘুঘুর মতোই আমরা করুণ আর্তস্বর করি।
আমরা ন্যায়বিচারের অপেক্ষা করি, কিন্তু পাই না;
মুক্তির প্রতীক্ষায় থাকি, কিন্তু তা দূরে থাকে।
12 কারণ তোমার দৃষ্টিতে আমাদের অপরাধ প্রচুর,
আমাদের পাপগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়।
আমাদের অপরাধগুলি আমাদের নিত্যসঙ্গী,
আমরা আমাদের সব অধর্ম স্বীকার করি:
13 সেগুলি হল: সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা,
আমাদের ঈশ্বরের প্রতি পিঠ প্রদর্শন,
অত্যাচার ও বিপ্লব করার জন্য প্ররোচিত করা,
আমাদের হৃদয়ে সঞ্চিত মিথ্যা কথা উগরে দেওয়া।
14 তাই ন্যায়বিচার পিছু হটে যায়,
ধার্মিকতা দূরে দাঁড়িয়ে থাকে;
সত্য পথে পথে হোঁচট খেয়েছে,
সততা প্রবেশ করতেই পারে না।
15 সত্যের সন্ধান কোথাও পাওয়া যায় না,
আর কেউ যদি মন্দতাকে ত্যাগ করে, সে অত্যাচারের শিকার হয়ে যায়।
সেখানে ন্যায়বিচার নেই লক্ষ্য করে
সদাপ্রভু অসন্তুষ্ট হলেন।