খ্রীষ্টের অবমাননা ও মহিমান্বিত হওয়ার ভবিষ্যদ্বাণী

খ্রীষ্টের অবমাননা, দুঃখভোগ ও মহিমান্বিত হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

710 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিশাইয় 52:13–53:12

13 দেখো, আমার দাস প্রজ্ঞাপূর্বক ব্যবহার করবেন;

তিনি উন্নীত হবেন, তাঁকে উচ্চে তুলে ধরা হবে ও তিনি হবেন অপার মহিমান্বিত।

14 তাঁর অবয়ব এমন বিকৃত করা হয়েছিল, যেমন কোনো মানুষের করা হয়নি,

তাঁকে এমন শ্রীভ্রষ্ট করা হয়েছিল যে, মানুষ বলে চেনা যাচ্ছিল না,

তাই, অনেকে তাঁকে দেখে মর্মাহত হয়েছিল।

15 সেই কারণে, তিনি অনেক জাতিকে হতচকিত করবেন,

তার কারণে রাজারা তাদের মুখ বন্ধ করবে।

কারণ যা তাদের বলা হয়নি, তা তারা দেখবে

এবং যা তারা শোনেননি, তা তারা বুঝতে পারবে।

53:1 আমাদের দেওয়া সংবাদ কে বিশ্বাস করেছে?

সদাপ্রভুর শক্তি কার কাছেই বা প্রকাশিত হয়েছে?

2 তিনি তাঁর সামনে কোমল চারার মতো,

শুকনো মাটিতে উৎপন্ন মূলের মতো বেড়ে উঠলেন।

আমাদের আকৃষ্ট করার মতো তাঁর কোনো সৌন্দর্য বা রূপ ছিল না,

আমরা কামনা করতে পারি, তাঁর চেহারায় এমন কিছুই ছিল না।

3 তিনি অবজ্ঞাত, মানুষদের কাছে অগ্রাহ্য হলেন,

তিনি দুঃখভোগকারী মানুষ ও কষ্টভোগকারীরূপে পরিচিত হলেন।

মানুষ যা দেখে তাদের মুখ লুকায়,

তার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁর মর্যাদা তাঁকে দিইনি।

4 সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন

এবং আমাদের সকল দুঃখ বহন করেছেন,

তবুও, আমরা মনে করলাম, ঈশ্বর তাঁকে শাস্তি দিয়েছেন,

তিনি আহত ও নিপীড়িত হয়েছেন।

5 কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ,

আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন;

আমাদের শান্তিলাভের জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হল,

আর তাঁর ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।

6 আমরা সবাই মেষদের মতো বিপথগামী হয়েছিলাম,

প্রত্যেকেই নিজের নিজের পথে চলে গিয়েছিলাম;

আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ

তাঁর উপরে অর্পণ করেছেন।

7 তিনি অত্যাচারিত হয়ে কষ্টভোগ স্বীকার করলেন,

তবুও, তিনি তাঁর মুখ খোলেননি;

যেমন ঘাতকের কাছে নিয়ে যাওয়া মেষশাবককে,

ও লোমচ্ছেদকদের কাছে নিয়ে যাওয়া মেষ নীরব থাকে,

তেমনই তিনি তাঁর মুখ খোলেননি।

8 অত্যাচার ও অন্যায় বিচার করে তাঁকে দূর করা হল।

তাঁর বংশধরদের মধ্যে কে এরকম বিবেচনা করল,

যে তিনি জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হলেন;

কারণ আমার জাতির অধর্ম প্রযুক্তই তিনি যন্ত্রণাপ্রাপ্ত হয়েছিলেন।

9 তাঁকে দুষ্টজনেদের সঙ্গে সমাধি দেওয়া হল,

মৃত্যুতে তিনি ধনী ব্যক্তির সঙ্গী হলেন,

যদিও তিনি কোনও অপকর্ম করেননি,

তাঁর মুখে ছলনার কথাও পাওয়া যায়নি।

10 তবুও, তাঁকে চূর্ণ করা সদাপ্রভুরই ইচ্ছা ছিল,

তিনি তাঁকে যন্ত্রণাগ্রস্ত হতে দিলেন,

আর যদিও তাঁর প্রাণ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গীকৃত হল,

তিনি তাঁর বংশ দেখবেন এবং দীর্ঘায়ু হবেন,

আর তাঁরই হাতে সদাপ্রভুর ইচ্ছা সফলকাম হবে।

11 তাঁর প্রাণের কষ্টভোগের পরিণামে,

তিনি জীবনের জ্যোতি দেখবেন ও পরিতৃপ্ত হবেন;

আমার ধার্মিক দাস তাঁর সম্পর্কিত জ্ঞানের দ্বারা অনেককে নির্দোষ গণ্য করবেন,

কারণ তিনিই তাদের অপরাধসকল বহন করেছেন।

12 সেই কারণে আমি মহৎ ব্যক্তিদের মধ্যে তাঁকে একটি অংশ দেব,

তিনি শক্তিশালী লোকেদের সঙ্গে লুট বিভাগ করবেন,

কারণ তিনি মৃত্যুর জন্য নিজের প্রাণ ঢেলে দিয়েছেন,

এবং অধর্মীদের সঙ্গে গণিত হয়েছেন।

কারণ তিনি অনেকের পাপ বহন করেছেন

এবং অধর্মীদের জন্য অনুরোধ করে চলেছেন।

মণ্ডলীর বৃদ্ধি ও বিজয়ের ভবিষ্যদ্বাণী

যিশাইয় 54

1 “গান গাও, ওগো বন্ধ্যা নারী,

তুমি, যে কখনও সন্তানের জন্ম দাওনি;

সংগীতে ফেটে পড়ো, আনন্দে চিৎকার করো,

যারা কখনও প্রসবযন্ত্রণা ভোগ করোনি;

কারণ যার স্বামী আছে, সেই নারীর চেয়ে,

যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি,”

সদাপ্রভু একথা বলেন।

2 “তোমার তাঁবুর স্থান আরও প্রশস্ত করো,

তোমার তাঁবুর পর্দাগুলি আরও প্রসারিত করো,

খরচের ভয় কোরো না;

তোমার তাঁবুর দড়িগুলি আরও লম্বা করো,

তোমার গোঁজগুলি আরও শক্ত করো।

3 কারণ তুমি ডান ও বাঁ, উভয় দিকে প্রসারিত হবে;

তোমার বংশধরেরা জাতিসমূহকে অধিকারচ্যুত করবে

ও তাদের পরিত্যক্ত নগরগুলিতে বসবাস করবে।

4 “তুমি ভয় পেয়ো না, তুমি লজ্জিত হবে না।

তুমি অপমানের ভয় কোরো না; তোমাকে অসম্মানিত করা হবে না।

তুমি তোমার যৌবনকালের লজ্জা ভুলে যাবে,

তোমার বৈধব্যের দুর্নাম আর কখনও স্মরণ করবে না।

5 কারণ তোমার নির্মাতাই তোমার স্বামী—

সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম—

ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমার মুক্তিদাতা;

তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর নামে আখ্যাত।

6 সদাপ্রভু তোমাকে আবার ডাকবেন,

তুমি যেন এক পরিত্যক্ত ও আত্মায় বিপর্যস্ত এক স্ত্রীর মতো—

এক স্ত্রী, যার যৌবনকালে বিবাহ হয়েছিল

কেবলমাত্র অগ্রাহ্য হওয়ার জন্য,” বলেন তোমার ঈশ্বর।

7 “ক্ষণিক মুহূর্তের জন্য আমি তোমাকে পরিত্যাগ করেছিলাম,

কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনব।

8 ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে

ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম,

কিন্তু চিরন্তন করুণায়

আমি তোমার প্রতি মমতা করব,”

বলেন সদাপ্রভু, তোমার মুক্তিদাতা।

9 “আমার কাছে এ যেন নোহের সময়ের মতো,

যখন আমি শপথ করেছিলাম যে,

নোহের সময়কালীন জলরাশি আর কখনও পৃথিবীকে প্লাবিত করবে না।

সেরকমই, এখন আমি প্রতিজ্ঞা করছি, তোমার উপরে আর ক্রুদ্ধ হব না,

তোমাকে আর কখনও তিরস্কার করব না।

10 যদিও পর্বতসকল কম্পিত হয়,

পাহাড়গুলি অপসারিত হতে থাকে,

তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা

কখনও সরে যাবে না,

আমার শান্তিচুক্তিও অপসারিত হবে না,”

একথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন।

11 ওহে দুর্দশাগ্রস্ত, ঝড়ে আহত, সান্ত্বনাবিহীন নগরী,

আমি ফিরোজা মণি দিয়ে তোমাকে গেঁথে তুলব,

তোমার ভিত্তিমূলগুলি হবে নীলকান্তমণির।

12 আমি পদ্মরাগমণি দিয়ে তোমার প্রাচীরের আলিসা,

তোমার তোরণদ্বারগুলি ঝকমকে মণি দিয়ে গাঁথব,

তোমার প্রাচীরগুলি সব বহুমূল্য মণি দিয়ে গাঁথা হবে।

13 তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছ থেকে শিক্ষা পাবে,

তোমার ছেলেমেয়েরা মহাশান্তি ভোগ করবে।

14 ধার্মিকতায় তুমি প্রতিষ্ঠিত হবে:

উপদ্রব থেকে তুমি দূরে থাকবে;

তোমার ভয় করার কিছু থাকবে না।

আতঙ্ক বহুদূরে সরিয়ে ফেলা হবে,

তা তোমার কাছে আসবে না।

15 কেউ যদি তোমাকে আক্রমণ করে, তা আমার থেকে হবে না;

যে কেউই তোমাকে আক্রমণ করুক, সে তোমার কাছে আত্মসমর্পণ করবে।

16 “দেখো, আমি সেই কর্মকারকে সৃষ্টি করেছি,

যে হাপরে বাতাস দিয়ে অঙ্গার প্রজ্বলিত করে

ও কাজের উপযুক্ত এক অস্ত্র গঠন করে।

বিনাশককে ধ্বংস করার জন্য আমিই সৃষ্টি করেছি;

17 তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না,

তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহ্বার অভিযোগ তুমি খণ্ডন করবে।

সদাপ্রভুর দাসেদের এই হল অধিকার,

আমার কাছে তারা এভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে,”

সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

সুসমাচারের সমৃদ্ধ আশীর্বাদসমূহ

সুসমাচারের আশীর্বাদসমূহের পূর্ণতা ও উৎকর্ষ।

যিশাইয় 55:1–56:8

1 “পিপাসিত যারা, তোমরা সকলে এসো,

তোমরা জলের কাছে এসো;

যাদের কাছে অর্থ নেই,

তারাও এসো, ক্রয় করে পান করো!

এসো, বিনা অর্থে ও বিনামূল্যে

দ্রাক্ষারস ও দুধ ক্রয় করো।

2 যা খাবার নয়, তার জন্য কেন তোমরা পয়সা ব্যয় করো?

যা তোমাদের তৃপ্তি দেয় না, তার জন্য কেন পরিশ্রম করো?

শোনো, তোমরা আমার কথা শোনো, যা উৎকৃষ্ট, তাই ভোজন করো,

এতে তোমাদের প্রাণ পুষ্টিকর খাদ্যে আনন্দিত হবে।

3 আমার কথায় কান দাও ও আমার কাছে এসো;

আমার কথা শোনো যেন তোমরা প্রাণে বাঁচতে পারো।

আমি তোমাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি সম্পাদন করব,

দাউদের কাছে প্রতিজ্ঞাত আমার বিশ্বস্ততা পূর্ণ ভালোবাসার জন্যই তা করব।

4 দেখো, আমি তাকে জাতিসমূহের কাছে সাক্ষীস্বরূপ করেছি,

তাকে সব জাতির উপরে নায়ক ও সৈন্যাধ্যক্ষ করেছি।

5 তুমি নিশ্চয়ই সেইসব দেশকে ডেকে আনবে, যাদের তুমি জানো না,

যে দেশগুলি তোমাকে জানে না, তারা দ্রুত তোমার কাছে আসবে,

এ হবে তোমার ঈশ্বর সদাপ্রভুর জন্য,

তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন,

কারণ তিনিই তোমাকে মহিমান্বিত করেছেন।”

6 সদাপ্রভুর অন্বেষণ করো, যতক্ষণ তাঁকে পাওয়া যায়,

তিনি কাছে থাকতে থাকতেই তাঁকে আহ্বান করো।

7 দুষ্টলোক তার পথ,

মন্দ ব্যক্তি তার চিন্তাধারা পরিত্যাগ করুক।

সে সদাপ্রভুর কাছে ফিরে আসুক, তাহলে তিনি তার প্রতি করুণা প্রদর্শন করবেন,

সে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসুক, তাহলে তিনি অবাধে ক্ষমা করবেন।

8 “কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়,

আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,”

একথা বলেন সদাপ্রভু।

9 “আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে,

তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং

আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।

10 যেমন বৃষ্টি ও তুষার

আকাশ থেকে নেমে আসে,

আর সেখানে ফিরে যায় না,

বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে,

যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,

11 তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়:

তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না,

কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে

এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।

12 তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে

এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে;

পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে

আনন্দ সংগীতে ফেটে পড়বে,

আর মাঠের সমস্ত গাছপালা

তাদের করতালি দেবে।

13 কাঁটাগাছের বদলে দেবদারু

এবং শিয়ালকাঁটার বদলে গুলমেদি উৎপন্ন হবে।

এ হবে সদাপ্রভুর সুনামের জন্য,

তা হবে এক চিরস্থায়ী নিদর্শনস্বরূপ,

যা কখনও ধ্বংস হবে না।”

56:1 সদাপ্রভু এই কথা বলেন:

“তোমরা ন্যায়বিচার মেনে চলো

এবং যা ন্যায়সংগত, তাই করো,

কারণ আমার পরিত্রাণ অতি নিকটবর্তী,

আমার ধার্মিকতা সত্বর প্রকাশিত হবে।

2 ধন্য সেই মানুষ, যে এইরকম করে,

সেই মানুষ, যে তা আঁকড়ে ধরে রাখে,

যে সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে,

যে মন্দ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে।”

3 সদাপ্রভুর প্রতি সমর্পিত কোনো বিদেশি না বলুক,

“সদাপ্রভু নিশ্চয়ই তাঁর প্রজাদের মধ্য থেকে আমাকে বাদ দেবেন।”

আবার কোনো নপুংসকও অভিযোগ না করুক যে,

“আমি তো একটি শুষ্ক বৃক্ষ মাত্র।”

4 কারণ সদাপ্রভু এই কথা বলেন,

“যে নপুংসকেরা আমার সাব্বাথ-দিন পালন করে,

যা আমার প্রীতিজনক, তাই বেছে নেয়

এবং আমার নিয়মের প্রতি অবিচল থাকে,

5 তাদের আমি আমার মন্দির ও তার প্রাচীরগুলির মধ্যে

পুত্রকন্যাদের থেকেও উৎকৃষ্ট

এক স্মারক চিহ্ন ও একটি নাম দেব;

আমি তাদের মধ্যে এক চিরস্থায়ী নাম দেব,

যা কখনও মুছে ফেলা হবে না।

6 যে বিদেশিরা সদাপ্রভুর সেবা করার জন্য,

তাঁকে ভালোবাসার জন্য ও তাঁর আরাধনা করার জন্য তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়,

যারাই সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে

ও যারা আমার নিয়ম অবিচলভাবে পালন করে—

7 তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব

এবং আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দ দেব।

তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্য

আমার বেদিতে গ্রহণ করা হবে;

কারণ আমার গৃহ আখ্যাত হবে

সর্বজাতির প্রার্থনা-গৃহ বলে।”

8 সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন,

যিনি ইস্রায়েলের নির্বাসিতদের সংগ্রহ করেন:

“যাদের সংগ্রহ করা হয়েছে, তাদের ছাড়াও,

আমি আরও অন্যদের সংগ্রহ করব।”