খ্রীষ্টের প্রত্যাখ্যাত হওয়ার ভবিষ্যদ্বাণী

খ্রীষ্টের প্রত্যাখ্যাত হওয়া ও তাঁর মণ্ডলীর চূড়ান্ত মহিমান্বিত হওয়ার ভবিষ্যদ্বাণী।

710 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিশাইয় 50:1–52:12

1 সদাপ্রভু এই কথা বলেন,

“তোমার মায়ের সেই বিবাহবিচ্ছেদ পত্র কোথায়,

যা দিয়ে আমি তাকে দূর করেছিলাম?

কিংবা আমার কোন পাওনাদারের কাছে

আমি তোমাদের বিক্রি করেছিলাম?

তোমাদের পাপের কারণে তোমরা বিক্রীত হয়েছিলে;

তোমাদের অধর্মের জন্য তোমাদের মাকে দূর করা হয়েছিল।

2 আমি যখন এলাম, তখন কেউ সেখানে ছিল না কেন?

আমি যখন ডাকলাম, কেউ তখন উত্তর দিল না কেন?

তোমাদের মুক্তিপণ দেওয়ার জন্য আমার হাত কি খুবই খাটো ছিল?

তোমাদের উদ্ধার করার জন্য আমার কি শক্তির অভাব ছিল?

সামান্য একটি ধমকে আমি সমুদ্রকে শুষ্ক করি,

নদনদীকে আমি মরুভূমিতে পরিণত করি;

জলের অভাবে সেখানকার মাছ পচে দুর্গন্ধ হয়,

তারা পিপাসায় প্রাণত্যাগ করে।

3 আমি আকাশকে অন্ধকারে আবৃত করি,

চটবস্ত্রকে তার পরিধেয় করি।”

4 সার্বভৌম সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণকারীর জিভ দিয়েছেন,

যেন বুঝতে পারি কথার দ্বারা কীভাবে ক্লান্ত ব্যক্তিকে সুস্থির করতে হয়।

তিনি রোজ সকালে আমাকে জাগিয়ে তোলেন,

আমার কানকে জাগান যেন শিক্ষার্থীর মতো শুনি।

5 সার্বভৌম সদাপ্রভু আমার দুই কান খুলে দিয়েছেন,

আমি বিদ্রোহী আচরণ করিনি;

আর আমি পিছনে ফিরেও যাইনি।

6 আমার প্রহারকদের কাছে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম,

দাড়ি উপড়ানোর জন্য আমার গাল পেতে দিয়েছিলাম;

বিদ্রুপ ও থুতু নিক্ষেপ থেকে

আমি আমার মুখ লুকাইনি।

7 কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন,

আমি অপমানিত হব না।

তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি,

আর আমি জানি, আমি লজ্জিত হব না।

8 যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন।

তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে?

এসো আমরা পরস্পর মুখোমুখি হই!

কে আমার বিরুদ্ধে অভিযোগকারী?

সে আমার সামনে আসুক!

9 সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন।

তাহলে কে আমাকে অপরাধী সাব্যস্ত করবে?

তারা পোশাকের মতো সবাই জীর্ণ হবে;

কীট তাদের সকলকে খেয়ে ফেলবে।

10 তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে

এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়?

যে অন্ধকারে পথ চলে,

যার কাছে আলো নেই,

সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক

এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।

11 কিন্তু এখন, তোমরা যারা আগুন জ্বালাও

ও নিজেদের জন্য প্রজ্বলিত মশাল জোগাও,

তোমরা যাও, নিজেদের আগুনের আলোয়

ও তোমাদের জ্বালানো মশালের আলোয় পথ চলো।

আমার হাত থেকে তোমরা এই ফল লাভ করবে:

তোমরা নির্যাতনে শুয়ে পড়বে।

51:1 “তোমরা যারা ধার্মিকতার পিছনে ছুটে চলো ও সদাপ্রভুর অন্বেষণ করো,

তোমরা আমার কথা শোনো,

সেই শৈলের দিকে তাকাও, যা থেকে তোমাদের কেটে নেওয়া হয়েছে,

সেই পাথরের খাদের দিকে তাকাও, যেখান থেকে তোমাদের তক্ষণ করা হয়েছে;

2 তোমাদের পিতৃপুরুষ অব্রাহামের দিকে তাকাও

ও সারার দিকে, যিনি তোমাদের জাতিকে জন্ম দিয়েছেন।

আমি যখন তাকে ডেকেছিলাম, সে মাত্র একজন ছিল,

আমি তাকে আশীর্বাদ করে বহুসংখ্যক করেছি।

3 সদাপ্রভু নিশ্চয়ই সিয়োনকে সান্ত্বনা দেবেন

ও তার সমস্ত ধ্বংসস্তূপগুলির প্রতি সহানুভূতি দেখাবেন;

তিনি তার মরুপ্রান্তরগুলিকে এদন উদ্যানের মতো করবেন,

তার জনশূন্য ভূমিকে সদাপ্রভুর উদ্যানের ন্যায় করবেন।

তার মধ্যে পাওয়া যাবে আনন্দ ও উৎফুল্লতা,

পাওয়া যাবে ধন্যবাদ জ্ঞাপন ও সংগীতের ঝংকার।

4 “আমার প্রজারা, আমার কথা শোনো;

আমার জাতির লোকেরা, আমার কথায় কান দাও:

আমার কাছ থেকে বিধান নির্গত হবে;

আমার ন্যায়বিচার সব জাতির কাছে আলোস্বরূপ হবে।

5 আমার ধর্মশীলতা দ্রুত নিকটে আসছে,

আমার পরিত্রাণ সন্নিকট হল,

আমারই বাহু জাতিসমূহের কাছে ন্যায়বিচার নিয়ে আসবে।

দ্বীপসমূহ আমার প্রতি দৃষ্টিপাত করবে

এবং আমার শক্তি প্রদর্শনের প্রত্যাশায় থাকবে।

6 তোমাদের চোখ আকাশমণ্ডলের দিকে তোলো,

নিচে পৃথিবীর দিকে তাকাও;

ধোঁয়ার মতোই আকাশমণ্ডল অন্তর্হিত হবে,

পোশাকের মতোই পৃথিবী জীর্ণ হবে

এবং মাছির মতো এর অধিবাসীরা মারা যাবে।

কিন্তু আমার দেওয়া পরিত্রাণ চিরস্থায়ী হবে,

আমার ধর্মশীলতার শাসন কখনও ব্যর্থ হবে না।

7 “যা ন্যায়সংগত, তোমরা যারা তা জানো, আমার কথা শোনো,

আমার বিধান তোমাদের মধ্যে যাদের অন্তরে আছে, তারা শোনো:

মানুষের করা দুর্নাম থেকে ভয় পেয়ো না,

কিংবা তাদের করা অপমান থেকে আতঙ্কগ্রস্ত হোয়ো না।

8 কারণ পোশাকের মতোই কীটপতঙ্গ তাদের খেয়ে ফেলবে;

পশমের মতো কীট তাদের গ্রাস করবে।

কিন্তু আমার ধার্মিকতা চিরকাল থাকবে,

আমার পরিত্রাণ বংশপরম্পরায় অস্তিত্বমান থাকবে।”

9 জাগো, জাগো! হে সদাপ্রভুর বাহু,

তুমি স্বয়ং শক্তি পরিহিত হও;

অতীতকালের মতোই তুমি জেগে ওঠো,

যেমন পূর্বে বংশপরম্পরায় তুমি করেছিলে।

তুমিই কি রহবকে খণ্ডবিখণ্ড করোনি,

যিনি সেই বিরাট দানবকে বিদ্ধ করেছিলেন?

10 তুমিই কি সমুদ্রকে,

সেই মহাজলধির জলরাশিকে শুষ্ক করোনি?

যিনি সমুদ্রের গভীরে একটি পথ প্রস্তুত করেছিলেন,

যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা তা পার হয়ে যায়?

11 মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।

তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;

তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।

আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,

দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।

12 “আমি, হ্যাঁ আমিই, তোমাদের সান্ত্বনা দিই।

তোমরা কেন মর্ত্যমানবকে ভয় করছ,

তারা তো মানবসন্তান, সবাই তৃণের মতো।

13 তোমরা, তোমাদের সৃষ্টিকর্তা, সদাপ্রভুকে ভুলে যাচ্ছ,

তিনিই আকাশমণ্ডলকে প্রসারিত করেছেন

এবং পৃথিবীর ভিত্তিমূল সকল স্থাপন করেছেন।

তোমরা প্রতিদিন অবিরত আতঙ্কে বাস করো

উপদ্রবীর ক্রোধের কারণে,

যারা বিনাশ করার জন্য প্রস্তুত হয়েছে?

কারণ উপদ্রবীর ক্রোধ কোথায়?

14 ভয়ে জড়োসড়ো বন্দিরা শীঘ্রই মুক্তি পাবে;

তারা তাদের অন্ধকূপে আর মৃত্যুবরণ করবে না,

তাদের খাদ্যের অভাবও আর হবে না।

15 কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,

আমি সমুদ্রকে তোলপাড় করলে তার তরঙ্গসমূহ গর্জন করে—

সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।

16 আমি আমার বাক্য তোমার মুখে দিয়েছি,

আর তোমাকে আমার হাতের ছায়ায় আবৃত করেছি—

আমিই আকাশমণ্ডলকে যথাস্থানে স্থাপন করেছি,

যিনি পৃথিবীর ভিত্তিমূলসমূহ স্থাপন করেছেন,

যিনি সিয়োনকে বলেন, ‘তুমি আমার প্রজা।’ ”

17 জাগো, জাগো!

ওহে জেরুশালেম, উঠে দাঁড়াও,

সদাপ্রভুর ক্রোধের পানপাত্র,

যারা তাঁর হাত থেকে পান করেছ,

যে পানপাত্র মানুষকে টলোমলো করে,

যারা তার তলানি পর্যন্ত চেটে খেয়েছ।

18 তার জন্ম দেওয়া সব পুত্রের মধ্যে

কেউই তাকে পথ প্রদর্শন করেনি;

তার লালনপালন করা সব সন্তানের মধ্যে

কেউই তার হাত ধরে চালায়নি।

19 এই দুই ধরনের দুর্যোগ তোমার উপরে এসে পড়েছে,

কে তোমাকে সান্ত্বনা দেবে?

ধ্বংস ও বিনাশ, দুর্ভিক্ষ ও তরোয়াল,

আমি কী করে তোমাকে আশ্বাস দিতে পারি?

20 তোমার সন্তানেরা সব মূর্ছিত হয়েছে;

তারা প্রত্যেকটি পথের মাথায় মাথায় পড়ে আছে,

যেভাবে কোনো কৃষ্ণসার হরিণ জালে ধরা পড়ে।

তারা সদাপ্রভুর ক্রোধে,

তোমার ঈশ্বরের তিরস্কারে পূর্ণ।

21 সেই কারণে, তোমরা যারা কষ্ট পেয়েছ, একথা শোনো,

তোমাকে মত্ত করা হয়েছে, কিন্তু দ্রাক্ষারসে নয়।

22 তোমার সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,

তোমার ঈশ্বর বলেন, যিনি তাঁর প্রজাদের পক্ষসমর্থন করেন:

“দেখো, আমি তোমার হাত থেকে ওই পানপাত্র ছিনিয়ে নিয়েছি,

যা পান করলে তুমি টলোমলো হও;

সেই পেয়ালা, যা আমার ক্রোধের বড়ো পানপাত্র,

তুমি আর কখনও তা পান করবে না।

23 আমি তোমার অত্যাচারীদের হাতে তা দেব,

যারা তোমাকে বলেছিল,

‘উপুড় হয়ে পড়ো, যেন তোমাদের উপর দিয়ে আমরা হেঁটে যাই।’

আর তোমরা তোমাদের পিঠ ভূমির মতো,

পথিকদের কাছে সড়কের মতো করেছ।”

52:1 জাগো, জাগো, ওহে সিয়োন,

তুমি নিজেকে শক্তি পরিহিত করো!

ওহে পবিত্র নগরী জেরুশালেম,

তোমার সৌন্দর্যের পোশাকগুলি পরে নাও।

ত্বকছেদহীন ও কলুষিত লোকেরা

আর তোমার মধ্যে প্রবেশ করবে না।

2 তোমার গায়ের ধুলো ঝেড়ে ফেলো;

ওহে জেরুশালেম, ওঠো, সিংহাসনে বসো।

ওহে সিয়োনের বন্দি কন্যা,

তোমার ঘাড়ের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করো।

3 কারণ সদাপ্রভু এই কথা বলেন,

“তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছে,

অর্থ ছাড়াই তোমাকে মুক্ত করা হবে।”

4 কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:

“আমার প্রজারা প্রথমে মিশরে প্রবাস করতে গিয়েছিল;

পরে আসিরিয়া তাদের উপরে অত্যাচার করেছে।

5 “আর এখন এখানে আমার আর কী আছে?” বলেন সদাপ্রভু।

“কারণ আমার প্রজারা বিনামূল্যে নীত হয়েছে,

যারা তাদের শাসন করে, তারা উপহাস করে,”

একথা বলেন সদাপ্রভু।

“সমস্ত দিন ধরে,

আমার নাম প্রতিনিয়ত নিন্দিত হয়।

6 সেই কারণে আমার প্রজারা আমার নাম জানতে পারবে;

সেই কারণে সেদিন তারা জানতে পারবে

যে আমিই একথা পূর্বঘোষণা করেছিলাম,

হ্যাঁ, আমিই একথা বলেছিলাম।”

7 আহা, পর্বতগণের উপরে যারা সুসমাচার প্রচার করে,

তাদের চরণ কতই না সুন্দর,

যে শান্তির বার্তা ঘোষণা করে,

যে মঙ্গলের সমাচার নিয়ে আসে,

যে পরিত্রাণের বার্তা ঘোষণা করে,

যে সিয়োনকে বলে,

“তোমার ঈশ্বর রাজত্ব করেন!”

8 শোনো! তোমার প্রহরীরা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলেছে;

তারা একসঙ্গে আনন্দে চিৎকার করে।

যখন সদাপ্রভু সিয়োনে ফিরে আসবেন,

তারা স্বচক্ষে তা দেখতে পাবে।

9 জেরুশালেমের ধ্বংসস্তূপগুলি,

তোমরা একসঙ্গে আনন্দগানে ফেটে পড়ো,

কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,

তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।

10 সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে,

তাঁর পবিত্র হাত অনাবৃত করবেন,

আর পৃথিবীর সমস্ত প্রান্ত

আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।

11 বের হও, বের হও, ওই স্থান ছেড়ে চলে যাও!

কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না!

তোমরা যারা সদাপ্রভুর পাত্রসকল বহন করো,

তোমরা ওর মধ্য থেকে বেরিয়ে এসো ও পবিত্র হও।

12 কিন্তু তোমরা দ্রুত স্থান ত্যাগ করবে না

বা সেখান থেকে পালিয়ে যাবে না;

কারণ সদাপ্রভু তোমাদের সামনে সামনে যাবেন,

ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছনে প্রহরা দেবেন।