দুর্দশার গীতসংহিতা, প্রধানত বন্দিত্বকালের (continued)
মণ্ডলীর দুর্দশা ও ক্লেশের সময়ে, প্রধানত ব্যাবিলনে বন্দিত্বকালে রচিত গীতসংহিতা।
539 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের একটি গীত।
1 হে লোকসকল, তোমরা শোনো;
সকল পৃথিবীবাসীরা, কর্ণপাত করো,
2 অভিজাত ও নীচ,
ধনী এবং দরিদ্র, শোনো:
3 আমার মুখ প্রজ্ঞার কথা বলবে;
আমার হৃদয়ের ধ্যান তোমাকে বোধশক্তি দেবে।
4 আমি নীতিবাক্যের প্রতি কর্ণপাত করব;
বীণা সহযোগে আমি আমার ধাঁধা ব্যাখ্যা করব:
5 যখন অমঙ্গলের দিন আসে,
যখন দুষ্ট ছলনাকারী আমাকে ঘিরে ধরে, তখন আমি কেন ভীত হব?
6 তারা তাদের সম্পত্তিতে আস্থা রাখে
আর নিজেদের মহা ঐশ্বর্যে গর্ব করে।
7 কেউ অপরের জীবন মুক্ত করতে পারে না
অথবা তাদের জন্য ঈশ্বরকে মুক্তিপণ দিতে পারে না।
8 জীবনের মুক্তিপণ বহুমূল্য;
চিরকাল বেঁচে থাকার জন্য
9 এবং মৃত্যু না দেখার জন্য
কেউ যথেষ্ট পারিশ্রমিক দিতে পারে না।
10 কারণ সবাই দেখে যে জ্ঞানীর মৃত্যু হয়,
অচেতন ও মূর্খও বিনষ্ট হয়,
তাদের সম্পত্তি অপরের জন্য রেখে যায়।
11 যদিও তাদের ভূসম্পত্তি তাদেরই নামে ছিল,
তাদের সমাধিই তাদের অনন্ত গৃহ,
যেখানে তারা চিরকালের জন্য বসবাস করবে।
12 মানুষ, তাদের ধনসম্পত্তি সত্ত্বেও, স্থায়ী হয় না;
তারা পশুর মতো বিনষ্ট হয়।
13 যারা নিজেদের উপর আস্থা রাখে তাদের এই পরিণাম হয়,
এবং তাদেরও হয়, যারা তাদের অনুগামী এবং তাদের কথা সমর্থন করে।
14 তারা মেষের মতো মৃত্যুর জন্য নির্ধারিত;
মৃত্যু তাদের পালক হবে
কিন্তু সকালে ন্যায়পরায়ণেরা তাদের উপর কর্তৃত্ব করবে।
নিজেদের রাজকীয় অট্টালিকা থেকে দূরে
তাদের দেহ সমাধির মধ্যে ক্ষয় হবে।
15 কিন্তু ঈশ্বর আমাকে পাতালের গর্ভ থেকে মুক্ত করবেন;
আমাকে তিনি নিশ্চয় তাঁর কাছে নিয়ে যাবেন।
16 যখন দুষ্টরা ধনের প্রাচুর্যে বৃদ্ধি পায়
আর তাদের গৃহের শোভা বৃদ্ধি পায়, তখন শঙ্কিত হোয়ো না;
17 কারণ যখন তাদের মৃত্যু হবে তারা তাদের সাথে কিছুই নিয়ে যাবে না,
তাদের ঐশ্বর্য তাদের সঙ্গে সমাধি পর্যন্ত যাবে না।
18 এই জীবনে তারা নিজেদের ধন্য মনে করে
এবং তাদের সাফল্যে তারা অপরের প্রশংসা পায়।
19 কিন্তু তাদের মৃত্যু হবে, যেমন তাদের আগেও সবার হয়েছে,
এবং আর কোনোদিন জীবনের আলো দেখবে না।
20 যাদের ধনসম্পত্তি আছে কিন্তু বোধশক্তি নেই
তারা পশুদের মতো, যারা বিনষ্ট হয়।
সংগীত পরিচালকের জন্য। মহলৎ অনুসারে। দাউদের মস্কীল।
1 মূর্খ নিজের হৃদয়ে বলে,
“ঈশ্বর নেই।”
তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট;
সৎকর্ম করে এমন কেউই নেই।
2 ঈশ্বর স্বর্গ থেকে
মানবজাতির দিকে চেয়ে দেখেন,
তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,
ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
3 প্রত্যেকে বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;
সৎকর্ম করে এমন কেউই নেই,
একজনও নেই।
4 এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?
তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;
ঈশ্বরের কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
5 নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,
এমন আতঙ্ক যা তারা আগে জানেনি।
ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন।
তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।
6 আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!
যখন ঈশ্বর তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,
তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।
আসফের গীত।
1 সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন
সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত
তিনি পৃথিবীর সব মানুষকে তলব করেন।
2 সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে,
ঈশ্বর দীপ্তিমান রয়েছেন।
3 আমাদের ঈশ্বর আসছেন
আর তিনি নীরব রইবেন না;
এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী,
এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।
4 তিনি আকাশমণ্ডলকে তলব করলেন,
এবং পৃথিবীকেও, যেন তিনি তাঁর ভক্তজনের বিচার করেন:
5 “আমার পবিত্র লোকেদের আমার কাছে একত্রিত করো,
যারা বলিদানসহ আমার সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিল।”
6 আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে,
কারণ ঈশ্বর স্বয়ং বিচারক।
7 “শোনো, আমার ভক্তজন, আর আমি কথা বলব;
ইস্রায়েল, আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব:
আমি ঈশ্বর, তোমার ঈশ্বর।
8 তোমার নিবেদিত নৈবেদ্য সম্পর্কে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনব না
অথবা তোমার হোমবলি সম্পর্কে, যা সর্বক্ষণ আমার সামনে আছে।
9 তোমার গোশালা থেকে আমার বলদের প্রয়োজন নেই
অথবা তোমার খোঁয়াড় থেকে ছাগলের প্রয়োজন নেই,
10 কারণ অরণ্যের সব প্রাণী আমার,
এবং হাজার পর্বতের উপর গবাদি পশুও আমার।
11 পর্বতমালার সব পাখি আমার পরিচিত,
আর প্রান্তরের সব কীটপতঙ্গ আমার।
12 যদি আমি ক্ষুধার্ত হই আমি তোমাকে কিছু বলব না,
কারণ এই পৃথিবী আমার, আর যা কিছু এতে আছে, তাও আমার।
13 আমি কি বলদের মাংস খাই
বা ছাগলের রক্ত পান করি?
14 “ঈশ্বরের উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করো,
পরাৎপরের কাছে তোমার শপথ পূর্ণ করো,
15 এবং সংকটের দিনে আমাকে ডেকো;
আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”
16 কিন্তু দুষ্ট ব্যক্তিকে ঈশ্বর বলেন:
“আমার বিধি পাঠ করার বা আমার নিয়ম তোমার মুখে আনার
অধিকার কি তোমার আছে?
17 তুমি আমার নির্দেশ ঘৃণা করো
আর আমার সমস্ত আদেশ অগ্রাহ্য করো।
18 যখন তুমি এক চোর দেখো, তুমি তার সঙ্গে যুক্ত হও;
আর তুমি ব্যভিচারীদের সঙ্গে সময় কাটাও।
19 তুমি তোমার মুখ অসৎ কাজে ব্যবহার করো
আর তোমার জিভ ছলনায় সাজিয়ে রাখো।
20 তুমি বসে থাকো আর তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দাও
এবং তোমার নিজের মায়ের সন্তানের নিন্দা করো।
21 যখন তুমি এসব করেছিলে আর আমি নীরব ছিলাম,
তুমি ভেবেছিলে যে আমি ঠিক তোমারই মতো।
কিন্তু এখন আমি তোমাকে তিরস্কার করব
এবং আমার সব অভিযোগ তোমার সামনে রাখব।
22 “তোমরা যারা ঈশ্বরকে ভুলে যাও, এখন বিবেচনা করো,
নতুবা আমি তোমাদের ছিন্নভিন্ন করব, কেউ তোমাদের রক্ষা করবে না:
23 যারা ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করে, তারা আমাকে সম্মান করে,
আর যে নির্দোষ তাকে আমি আমার পরিত্রাণ দেখাব।”