দুর্দশার গীতসংহিতা, প্রধানত বন্দিত্বকালের (continued)

মণ্ডলীর দুর্দশা ও ক্লেশের সময়ে, প্রধানত ব্যাবিলনে বন্দিত্বকালে রচিত গীতসংহিতা।

539 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 10

1 হে সদাপ্রভু, কেন তুমি দূরে আছ?

সংকটকালে কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো?

2 অহংকারে দুষ্ট ব্যক্তি দুর্বলকে শিকার করে,

নিজের ছলনার জালে সে নিজেই ধরা পরে।

3 সে নিজের অন্যায় মনোবাসনার গর্ব করে;

লোভীকে প্রশংসা করে, কিন্তু সদাপ্রভুকে অপমান করে।

4 অহংকারে দুষ্ট ব্যক্তি ঈশ্বরের অনুসন্ধান করে না;

তার সব চিন্তায় ঈশ্বরের কোনও স্থান নেই।

5 তার পথ সর্বদা সফল হয়;

সে তোমার বিধান অবজ্ঞা করে;

সে তার সব শত্রুকে ব্যঙ্গ করে।

6 সে মনে মনে বলে, “আমাকে কোনও কিছুই বিচলিত করবে না।”

সে শপথ করে, “কখনও কেউ আমার ক্ষতি করবে না।”

7 তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ;

উপদ্রব ও অন্যায় তার জিভে লেগে রয়েছে।

8 সে গ্রামের অদূরে লুকিয়ে অপেক্ষা করে;

আড়াল থেকে নির্দোষকে হত্যা করে।

গোপনে তার চোখ অসহায়দের অনুসন্ধান করে;

9 সিংহ যেমন গুহায়, সে তেমন গোপনে ওৎ পেতে থাকে,

অসহায়কে ধরবে বলে ওৎ পেতে থাকে;

সে অসহায়কে ধরে তাকে টেনে নিজের জালে নিয়ে যায়।

10 সে নির্দোষদের চূর্ণ করে, আর তারা পতিত হয়;

সেই ব্যক্তির শক্তিতে তারা ধরাশায়ী হয়।

11 সে মনে মনে বলে, “ঈশ্বর কখনও লক্ষ্য করবেন না;

তিনি মুখ ঢেকে থাকেন ও কখনও দেখেন না।”

12 হে সদাপ্রভু, জাগ্রত হও, হে ঈশ্বর, তোমার হাত তোলো।

অসহায়কে ভুলে যেয়ো না।

13 দুষ্ট ব্যক্তি কেন ঈশ্বরের অপমান করে?

কেন সে মনে মনে বলে,

“তিনি আমার হিসেব চাইবেন না?”

14 কিন্তু তুমি, হে ঈশ্বর, পীড়িতদের কষ্ট সবই দেখো;

তুমি তাদের দুর্দশা দেখো ও নিজের হাতে তার প্রতিকার করো।

অসহায় মানুষ তোমারই শরণ নেয়;

তুমিই অনাথের আশ্রয়।

15 দুষ্টলোকের হাত ভেঙে দাও;

অনিষ্টকারীদের কাছে তাদের কাজের হিসেব চাও

যতক্ষণ তার লেশমাত্র অবশিষ্ট না থাকে।

16 সদাপ্রভু নিত্যকালের রাজা;

অধার্মিক জাতিরা তাঁর দেশ থেকে বিনষ্ট হবে।

17 হে সদাপ্রভু, তুমি পীড়িতদের মনোবাসনার কথা শোনো;

তুমি তাদের উৎসাহিত করো এবং তাদের কাতর প্রার্থনা শোনো।

18 তুমি অনাথ ও পীড়িতদের প্রতি ন্যায়বিচার করবে,

যেন সামান্য মানুষ

আর কোনোদিন আঘাত না করতে পারে।

গীত 13–15

প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

1 আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে?

আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে?

2 আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব

এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে?

আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে?

3 আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর।

আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব,

4 এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,”

এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে।

5 কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি,

আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।

6 আমি সদাপ্রভুর প্রশংসা করব,

কারণ তিনি আমার মঙ্গল করেছেন।

সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

14:1 মূর্খ নিজের হৃদয়ে বলে,

“ঈশ্বর নেই।”

তারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাজ ভ্রষ্ট;

সৎকর্ম করে এমন কেউই নেই।

2 সদাপ্রভু স্বর্গ থেকে মানবজাতির দিকে

চেয়ে দেখেন,

তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,

ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!

3 সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;

সৎকর্ম করে এমন কেউই নেই,

একজনও নেই।

4 এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?

তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;

সদাপ্রভুর কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।

5 নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,

কারণ ঈশ্বর ধার্মিকদের সভায় উপস্থিত থাকেন।

6 তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো,

কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।

7 আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!

যখন সদাপ্রভু তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,

তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।

দাউদের গীত।

15:1 হে সদাপ্রভু, কে তোমার পবিত্র তাঁবুতে বসবাস করবে?

তোমার পুণ্য পর্বতে কে বসবাস করবে?

2 সেই করবে যে আচরণে নির্দোষ,

যে নিয়মিত সঠিক কাজ করে,

যে অন্তর থেকে সত্য কথা বলে;

3 যার জিভ কোনও অপবাদ করে না,

প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করে না,

এবং অপরের কোনও নিন্দা করে না;

4 যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে

কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,

লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে,

এবং তার মন পরিবর্তন করে না;

5 যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়;

যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না।

যে এসব করে

সে কখনোই বিচলিত হবে না।

গীত 25

দাউদের গীত।

1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,

আমি তোমাতেই আস্থা রাখি।

2 আমি তোমাতে আস্থা রাখি;

আমাকে লজ্জিত হতে দিয়ো না।

আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।

3 যারা তোমার উপর আশা রাখে,

তারা কখনও লজ্জিত হবে না,

কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে

তারা লজ্জার পাত্র হবে।

4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,

তোমার পন্থাসকল আমায় শেখাও।

5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,

কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,

এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।

6 হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো,

যা অনাদিকাল থেকে অবিচল।

7 আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না,

মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ;

তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো;

কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।

8 সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ;

তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।

9 যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন;

এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।

10 যারা তাঁর নিয়মের শর্তসকল পালন করে

তাদের প্রতি সদাপ্রভুর সব পথ প্রেমময় ও বিশ্বস্ত।

11 তোমার নামের গুণে, হে সদাপ্রভু,

আমার অপরাধ ক্ষমা করো, যদিও সেসব গুরুতর।

12 তাহলে কে তারা, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে?

তাদের যে পথে চলা উচিত সেই পথ সদাপ্রভু তাদের দেখাবেন।

13 তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটাবে,

এবং তাদের বংশধরেরা দেশের অধিকার পাবে।

14 যারা তাঁকে সম্ভ্রম করে সদাপ্রভু গুপ্ত বিষয় তাদের কাছে ব্যক্ত করেন;

তিনি তাঁর নিয়ম তাদের কাছে প্রকাশ করেন।

15 আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির,

কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।

16 আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো,

কারণ আমি একাকী ও পীড়িত।

17 আমার হৃদয়ের কষ্ট মোচন করো

ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।

18 আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো

এবং আমার সমস্ত পাপ দূর করো।

19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য

এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।

20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;

আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,

কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,

কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।

22 হে ঈশ্বর, ইস্রায়েলকে মুক্ত করো,

তাদের সব সংকট থেকে!