দুর্দশার গীতসংহিতা, প্রধানত বন্দিত্বকালের (continued)
মণ্ডলীর দুর্দশা ও ক্লেশের সময়ে, প্রধানত ব্যাবিলনে বন্দিত্বকালে রচিত গীতসংহিতা।
539 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমাকে নির্দোষ মান্য করো,
কারণ আমি নির্দোষ জীবনযাপন করেছি;
আমি সদাপ্রভুতে আস্থা রেখেছি
এবং বিপথে যাইনি।
2 হে সদাপ্রভু, আমাকে পরখ করো ও যাচাই করো,
আমার হৃদয় ও মন পরীক্ষা করো;
3 কেননা তোমার চিরস্থায়ী প্রেমে আমি সর্বদা মনযোগী
এবং তোমার বিশ্বস্ততায় নির্ভর করে বেঁচে রয়েছি।
4 আমি প্রতারকদের সঙ্গে বসি না,
ভণ্ডদের সঙ্গে আমি পথ চলি না।
5 অনিষ্টকারীদের সমাবেশ আমি ঘৃণা করি
এবং দুষ্টদের সাথে বসতে অস্বীকার করি।
6 আমি নির্দোষিতায় আমার হাত পরিষ্কার করি,
এবং তোমার যজ্ঞবেদিতে আসি, হে সদাপ্রভু,
7 উচ্চস্বরে তোমার প্রশংসা করি
এবং তোমার অপূর্ব কীর্তিকাহিনি ঘোষণা করি।
8 হে সদাপ্রভু, আমি তোমার পবিত্রস্থান
আর যেখানে তোমার মহিমা বিরাজ করে, সেই স্থানটি ভালোবাসি।
9 পাপীদের সাথে তুমি আমার প্রাণ নিয়ো না,
হত্যাকারীদের সাথে আমার জীবন নিয়ো না,
10 তাদের হাতে আছে দুষ্কর্মের ফন্দি,
তাদের ডান হাত ঘুসে পরিপূর্ণ।
11 আমি নির্দোষ জীবনযাপন করি;
আমাকে রক্ষা করো ও আমার প্রতি দয়া করো।
12 আমার পা সমতল জমিতে দাঁড়িয়ে আছে,
এবং মহাসমাবেশে আমি সদাপ্রভুর প্রশংসা করব।
দাউদের গীত।
27:1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,
তাই আমি কেন ভীত হব?
সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,
তাই আমি কেন কম্পিত হব?
2 আমায় গ্রাস করতে
যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে,
আমার শত্রুরা ও আমার বিপক্ষরা
হোঁচট খাবে ও পতিত হবে।
3 যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে,
আমার হৃদয় ভয় করবে না;
আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও,
আমি আত্মবিশ্বাসী রইব।
4 সদাপ্রভুর কাছে আমার একটিই নিবেদন,
যা আমি একান্তভাবে চাই,
সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য
তাঁর মন্দিরে তাঁকে অন্বেষণের উদ্দেশে,
যেন আমি জীবনের সবকটি দিন
সদাপ্রভুর গৃহে বসবাস করি।
5 কারণ সংকটের দিনে
তিনি নিজের আবাসে আমায় সুরক্ষিত রাখবেন;
তাঁর পবিত্র তাঁবুর আশ্রয়ে আমাকে লুকিয়ে রাখবেন,
ও উঁচু পাথরের উপরে আমাকে স্থাপন করবেন।
6 তখন যেসব শত্রু আমাকে ঘিরে রয়েছে
আমার মাথা তাদের উপরে উন্নত হবে;
তাঁর পবিত্র তাঁবুতে আমি জয়ধ্বনির সাথে বলি উৎসর্গ করব;
সদাপ্রভুর উদ্দেশে আমি গান করব ও সংগীত রচনা করব।
7 আমার কণ্ঠস্বর শ্রবণ করো, হে সদাপ্রভু, যখন আমি প্রার্থনা করি;
আমার প্রতি করুণা করো ও আমায় উত্তর দাও।
8 তোমাকে নিয়ে আমার অন্তর বলে “তাঁর মুখ অন্বেষণ করো!”
তোমার মুখ, হে সদাপ্রভু, আমি অন্বেষণ করি।
9 আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না,
ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না;
তুমিই আমার সহায়।
আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না,
ঈশ্বর আমার পরিত্রাতা।
10 যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে,
সদাপ্রভু আমায় গ্রহণ করবেন।
11 হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও;
আমার শত্রুদের কারণে,
আমাকে সোজা পথে চালাও।
12 আমার শত্রুদের ইচ্ছায় আমাকে সমর্পণ কোরো না,
দেখো, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীরা মাথা তুলছে,
নিশ্বাসে তারা আমাকে হিংসার ভয় দেখাচ্ছে।
13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী,
আমি জীবিতদের দেশে
সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।
14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;
শক্ত হও ও সাহস করো
এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।
সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের গীত।
1 দুষ্টদের অপরাধ সম্পর্কে
আমার হৃদয়ে এক প্রত্যাদেশ আছে:
তাদের চোখে
ঈশ্বরভয় নেই।
2 তারা নিজেদের দৃষ্টিতে নিজেদের তোষামোদ করে,
ভাবে যে তাদের অপরাধ ধরা পড়বে না বা নিন্দিত হবে না।
3 তাদের মুখের কথা দুষ্টতা ও ছলনায় ভরা,
তারা জ্ঞান ও সদাচরণ ত্যাগ করেছে।
4 এমনকি তাদের বিছানায় শুয়েও তারা মন্দ পরিকল্পনা করে,
অসৎ পথে তারা নিজেদের চালনা করে
এবং যা মন্দ তা পরিত্যাগ করে না।
5 হে সদাপ্রভু, তোমার প্রেম গগনচুম্বী,
তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।
6 তোমার ধার্মিকতা মহান পর্বতের তুল্য,
তোমার ন্যায়বিচার অতল জলধির মতো।
তুমি, হে সদাপ্রভু, মানুষ ও পশুকে বাঁচিয়ে রাখো।
7 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য!
মানুষ তোমার পক্ষছায়ায় আশ্রয় নেয়।
8 তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়,
তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো।
9 কারণ তোমাতেই আছে জীবনের উৎস,
তোমার আলোতে আমরা আলো দেখি।
10 যারা তোমাকে জানে, তাদের প্রতি তোমার প্রেম,
এবং ন্যায়পরায়ণদের প্রতি তোমার ধর্মশীলতা, স্থায়ী করো।
11 অহংকারীর চরণ যেন আমার বিরুদ্ধে না আসে,
দুষ্টদের হাত যেন আমাকে বিতাড়িত না করে।
12 দেখো, অনিষ্টকারীদের দল লুটিয়ে পড়েছে
ভূমিতে পতিত হয়েছে, তাদের উঠে দাঁড়ানোর শক্তি নেই।