শলোমনের হিতোপদেশ

984 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হিতোপদেশ 10–11

1 শলোমনের হিতোপদেশ:

জ্ঞানবান ছেলে তার বাবার জীবনে আনন্দ নিয়ে আসে,

কিন্তু মূর্খ ছেলে তার মায়ের জীবনে দুঃখ নিয়ে আসে।

2 অসৎ উপায়ে অর্জিত ধনসম্পত্তির দীর্ঘস্থায়ী কোনও মূল্য নেই,

কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।

3 সদাপ্রভু ধার্মিককে ক্ষুধার্ত থাকতে দেন না,

কিন্তু তিনি দুষ্টের অভিলাষ ব্যর্থ করেন।

4 অলসতার হাত দারিদ্র ডেকে আনে,

কিন্তু পরিশ্রমী হাত ধনসম্পত্তি নিয়ে আসে।

5 যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে,

কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।

6 আশীর্বাদ ধার্মিকের মাথার মুকুট হয়,

কিন্তু হিংস্রতা দুষ্টের মুখ ঢেকে রাখে।

7 ধার্মিকের নাম আশীর্বাদ করার সময় ব্যবহৃত হয়,

কিন্তু দুষ্টের নামে পচন ধরবে।

8 অন্তরে যে জ্ঞানবান সে আজ্ঞা গ্রহণ করে,

কিন্তু বাচাল মূর্খের সর্বনাশ হবে।

9 যে কেউ সততা নিয়ে চলে সে নিরাপদে চলে,

কিন্তু যে কেউ বাঁকা পথ ধরে সে ধরা পড়ে যাবে।

10 যে কেউ বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে সে দুঃখ জন্মায়,

ও বাচাল মূর্খের সর্বনাশ হবে।

11 ধার্মিকের মুখ জীবনের উৎস,

কিন্তু দুষ্টের মুখ হিংস্রতা ঢেকে রাখে।

12 ঘৃণা বিবাদ জাগিয়ে তোলে,

কিন্তু ভালোবাসা সব অপরাধ ঢেকে দেয়।

13 বিচক্ষণ লোকের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়,

কিন্তু যার কোনও বোধবুদ্ধি নেই তার পিঠের জন্য লাঠি রাখা থাকে।

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে,

কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনে।

15 ধনবানের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর,

কিন্তু দারিদ্রই দরিদ্রের সর্বনাশ।

16 ধার্মিকের বেতন হল জীবন,

কিন্তু দুষ্টের উপার্জন হল পাপ ও মৃত্যু।

17 যে কেউ শৃঙ্খলা মানে সে জীবনের পথ দেখায়,

কিন্তু যে কেউ সংশোধন উপেক্ষা করে সে অন্যদের বিপথে পরিচালিত করে।

18 যে কেউ মিথ্যাবাদী ঠোঁট দিয়ে ঘৃণা লুকিয়ে রাখে

ও অপবাদ ছড়ায় সে মূর্খ।

19 প্রচুর কথা বলে পাপের অবসান ঘটানো যায় না,

কিন্তু বিচক্ষণ লোকজন তাদের জিভকে সংযত রাখে।

20 ধার্মিকের জিভ ভালো মানের রুপো,

কিন্তু দুষ্টের অন্তর নেহাতই কমদামি।

21 ধার্মিকের ঠোঁট অনেককে পুষ্টি জোগায়,

কিন্তু মূর্খেরা বোধবুদ্ধির অভাবে মারা যায়।

22 সদাপ্রভুর আশীর্বাদ ধনসম্পত্তি এনে দেয়,

আর এর জন্য যন্ত্রণাদায়ক পরিশ্রমও করতে হয় না।

23 মূর্খ দুষ্ট ফন্দি এঁটে আনন্দ পায়,

কিন্তু বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ প্রজ্ঞায় আনন্দ করে।

24 দুষ্টেরা যা ভয় করে তাদের প্রতি তাই ঘটবে;

ধার্মিকদের বাসনা মঞ্জুর হবে।

25 যখন ঝড় বয়ে যায়, তখন দুষ্টের অস্তিত্ব লোপ পায়,

কিন্তু ধার্মিক চিরকাল অবিচলিতভাবে দাঁড়িয়ে থাকে।

26 দাঁতের পক্ষে সিরকা ও চোখের পক্ষে ধোঁয়া যেমন,

অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই।

27 সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে,

কিন্তু দুষ্টদের জীবনকাল সংক্ষিপ্ত করা হয়।

28 ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ,

কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায়।

29 সদাপ্রভুর পথ অনিন্দনীয়দের জন্য এক আশ্রয়স্থল,

কিন্তু যারা অনিষ্ট করে তাদের পক্ষে তা সর্বনাশ।

30 ধার্মিকেরা কখনোই উৎখাত হবে না,

কিন্তু দুষ্টেরা দেশে অবশিষ্ট থাকবে না।

31 ধার্মিকের মুখ থেকে প্রজ্ঞার ফল বেরিয়ে আসে,

কিন্তু বিকৃত জিভকে নিরুত্তর করে দেওয়া হবে।

32 ধার্মিকের ঠোঁট জানে কীসে অনুগ্রহ লাভ করা যায়,

কিন্তু দুষ্টের মুখ শুধু বিকৃতিই জানে।

11:1 সদাপ্রভু অসাধু দাঁড়িপাল্লা ঘৃণা করেন,

কিন্তু সঠিক বাটখারা তাঁকে সন্তুষ্ট করে।

2 যখন অহংকার আসে, তখন অপমানও আসে,

কিন্তু নম্রতার সঙ্গে আসে প্রজ্ঞা।

3 ন্যায়পরায়ণদের সততাই তাদের পথ দেখায়,

কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের ছলনা দ্বারা ধ্বংস হয়ে যায়।

4 ক্রোধের দিনে ধনসম্পত্তি মূল্যহীন হয়ে যায়,

কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।

5 অনিন্দনীয়দের ধার্মিকতা তাদের পথগুলি সোজা করে,

কিন্তু দুষ্টেরা তাদের দুষ্টতা দ্বারাই পতিত হয়।

6 ন্যায়পরায়ণদের ধার্মিকতাই তাদের উদ্ধার করে,

কিন্তু অবিশ্বস্তেরা মন্দ বাসনা দ্বারা ফাঁদে পড়ে।

7 নশ্বর মানুষে স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয়;

তাদের ক্ষমতার সব প্রতিজ্ঞা নিষ্ফল হয়।

8 ধার্মিকেরা সংকট থেকে উদ্ধার পায়,

ও তা তাদের পরিবর্তে দুষ্টদের উপরেই গিয়ে পড়ে।

9 অধার্মিকরা তাদের মুখ দিয়ে তাদের প্রতিবেশীদের সর্বনাশ করে,

কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকেরা অব্যাহতি পায়।

10 ধার্মিকেরা যখন উন্নতি লাভ করে, তখন নগরে আনন্দ হয়,

দুষ্টেরা যখন বিনষ্ট হয়, তখনও আনন্দের রব ওঠে।

11 ন্যায়পরায়ণদের আশীর্বাদে নগর উন্নত হয়,

কিন্তু দুষ্টদের মুখের কথা দ্বারা তা ধ্বংস হয়।

12 যারা তাদের প্রতিবেশীকে ঠাট্টা করে তাদের কোনও বোধবুদ্ধি নেই,

কিন্তু যাদের বুদ্ধি আছে তারা তাদের জিভকে সংযত রাখে।

13 পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে,

কিন্তু নির্ভরযোগ্য মানুষ গোপনীয়তা বজায় রাখে।

14 নেতৃত্বের অভাবে জাতির পতন হয়,

কিন্তু উপদেশকদের সংখ্যা বেশি হলে জয় সুনিশ্চিত হয়।

15 যে অপরিচিত লোকের জামিনদার হয় সে নিশ্চয় কষ্টভোগ করবে,

কিন্তু যে অন্যের ঋণ শোধ করার দায়িত্ব নিতে অস্বীকার করে সে নিরাপদে থাকে।

16 সহৃদয়া নারী সম্মান অর্জন করে,

কিন্তু নির্মম লোকেরা শুধু ধনসম্পত্তিই লাভ করে।

17 যারা দয়ালু তারা নিজেদের উপকার করে,

কিন্তু নিষ্ঠুর লোকেরা নিজেদের সর্বনাশ ডেকে আনে।

18 দুষ্টলোক অসৎ প্রতারণাপূর্ণ বেতন উপার্জন করে,

কিন্তু যে ধার্মিকতা বোনে সে নিশ্চিত প্রতিদান কাটে।

19 প্রকৃতপক্ষে ধার্মিক মানুষ জীবন লাভ করে,

কিন্তু যে কেউ মন্দের পশ্চাদ্ধাবন করে সে মৃত্যুর সন্ধান পায়।

20 যাদের মন উচ্ছৃঙ্খল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,

কিন্তু যারা অনিন্দনীয় পথে চলে তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

21 তুমি এই বিষয়ে নিশ্চিত থেকো: দুষ্ট অদণ্ডিত থাকবে না,

কিন্তু যারা ধার্মিক তারা রক্ষা পাবে।

22 যেমন শূকরের নাকে সোনার নথ

তেমনি সেই সুন্দরী নারী যে কোনো বিচক্ষণতা দেখায় না।

23 ধার্মিকদের বাসনা শুধু মঙ্গলের কাছে গিয়ে শেষ হয়,

কিন্তু দুষ্টদের প্রত্যাশা শেষ হয় শুধু ক্রোধের কাছে গিয়ে।

24 কেউ একজন মুক্তহস্তে দান করে, অথচ সে আরও বেশি লাভবান হয়;

অন্য কেউ অযথা কৃপণতা করে, কিন্তু দারিদ্রে পৌঁছে যায়।

25 অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ করবে;

যে কেউ অন্যান্য লোকদের পুনরুজ্জীবিত করে সেও পুনরুজ্জীবিত হবে।

26 যে শস্য মজুত করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,

কিন্তু যে তা বিক্রি করতে চায় তার জন্য তারা ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে।

27 যে কেউ মঙ্গলকামনা করে সে অনুগ্রহ পায়,

কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায় তার জীবনেই অমঙ্গল নেমে আসে।

28 যারা তাদের ধনদৌলতের উপর নির্ভর করে তাদের পতন হবে,

কিন্তু ধার্মিকেরা গাছের সবুজ পাতার মতো উন্নতি লাভ করবে।

29 যারা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে তারা উত্তরাধিকারসূত্রে শুধু বাতাসই পাবে,

ও মূর্খেরা জ্ঞানবানের দাস হবে।

30 ধার্মিকের ফল জীবনবৃক্ষ,

ও যে জ্ঞানবান সে প্রাণরক্ষা করে।

31 ধার্মিকেরা যদি এই পৃথিবীতেই তাদের প্রাপ্য পেয়ে যায়,

তবে অধার্মিকরা ও পাপীরা আরও কত না বেশি পাবে!