শলোমনের হিতোপদেশ (continued)

984 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হিতোপদেশ 12–13

1 যে শৃঙ্খলা ভালোবাসে সে জ্ঞানও ভালোবাসে,

কিন্তু যে সংশোধন ঘৃণা করে সে বোকা।

2 সৎলোক সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করে,

কিন্তু যারা দুষ্ট ফন্দি আঁটে তিনি তাদের দোষী সাব্যস্ত করেন।

3 কেউই দুষ্টতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না,

কিন্তু ধার্মিকদের নির্মূল করা যায় না।

4 উদারস্বভাব বিশিষ্ট স্ত্রী তার স্বামীর মুকুট,

কিন্তু মর্যাদাহানিকর স্ত্রী স্বামীর অস্থির পচনস্বরূপ।

5 ধার্মিকদের পরিকল্পনাগুলি ন্যায়সংগত,

কিন্তু দুষ্টদের পরামর্শ প্রতারণাপূর্ণ।

6 দুষ্টদের কথাবার্তা রক্তপাতের জন্য লুকিয়ে থাকে,

কিন্তু ন্যায়পরায়ণদের কথাবার্তা তাদের রক্ষা করে।

7 দুষ্টেরা পর্যুদস্ত হয় ও তারা নিশ্চিহ্ন হয়ে যায়,

কিন্তু ধার্মিকদের বাড়ি অটল থাকে।

8 একজন মানুষ তার দূরদর্শিতা অনুসারেই প্রশংসিত হয়,

ও যার মন পক্ষপাতদুষ্ট সে অবজ্ঞাত হয়।

9 কেউকেটা হওয়ার ভান করে নিরন্ন হয়ে থাকার চেয়ে

বরং নগণ্য মানুষ হয়ে দাস রাখা ভালো।

10 ধার্মিকেরা তাদের পশুদের যত্ন নেয়,

কিন্তু দুষ্টদের সদয় ব্যবহারও নিষ্ঠুরতামাত্র।

11 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,

কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় তাদের কোনও বোধবুদ্ধি নেই।

12 দুষ্টেরা অনিষ্টকারীদের সুরক্ষিত আশ্রয় কামনা করে,

কিন্তু ধার্মিকদের মূল স্থায়ী হয়।

13 অনিষ্টকারীরা তাদের পাপে পরিপূর্ণ কথাবার্তা দ্বারাই ফাঁদে পড়ে,

ও সেভাবেই নির্দোষ লোকজন বিপত্তি থেকে রক্ষা পায়।

14 মানুষ তাদের ঠোঁটের ফল দ্বারা মঙ্গলে পরিপূর্ণ হয়,

ও তাদের হাতের কাজই তাদের পুরস্কৃত করে।

15 মূর্খদের পথ তাদের কাছে ঠিক বলে মনে হয়,

কিন্তু জ্ঞানবানেরা পরামর্শ শোনে।

16 মূর্খেরা অবিলম্বে তাদের বিরক্তি প্রকাশ করে,

কিন্তু বিচক্ষণ লোকেরা অপমান উপেক্ষা করে।

17 একজন সত্যবাদী সাক্ষী সত্যিকথা বলে,

কিন্তু একজন মিথ্যাসাক্ষী মিথ্যা কথা বলে।

18 অবিবেচকের কথা তরোয়ালের মতো বিদ্ধ করে,

কিন্তু জ্ঞানবানের জিভ সুস্থতা নিয়ে আসে।

19 সত্যবাদী ঠোঁট চিরকাল স্থায়ী হয়,

কিন্তু মিথ্যাবাদী জিভ শুধু এক মুহূর্তের জন্য স্থায়ী হয়।

20 যারা অমঙ্গলের চক্রান্ত করে তাদের অন্তরে ছলনা থাকে,

কিন্তু যারা শান্তির উদ্যোক্তা হয় তারা আনন্দ পায়।

21 কোনও অনিষ্টই ধার্মিকদের আতঙ্কগ্রস্ত করে না,

কিন্তু দুষ্টদের অসুবিধা ভোগ করতে হয়।

22 সদাপ্রভু মিথ্যাবাদী ঠোঁট ঘৃণা করেন,

কিন্তু যারা নির্ভরযোগ্য তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

23 বিচক্ষণ লোকেরা তাদের জ্ঞান নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে,

কিন্তু মূর্খদের অন্তর মূর্খতা ফাঁস করে দেয়।

24 পরিশ্রমী হাত শাসন করবে,

কিন্তু অলসতা শেষ পর্যন্ত বেগার শ্রমিকে পরিণত হয়।

25 দুশ্চিন্তার ভারে অন্তর অবনত হয়,

কিন্তু সৌজন্যমূলক একটি কথা সেটিকে উৎসাহিত করে।

26 ধার্মিকেরা সতর্কতার সঙ্গে তাদের বন্ধু মনোনীত করে,

কিন্তু দুষ্টেরা তাদের বিপথগামী করে।

27 অলসেরা শিকার করা কোনো কিছু উনুনে সেঁকে না,

কিন্তু পরিশ্রমীরা শিকারের ধন উপভোগ করে।

28 ধার্মিকতার পথে জীবন আছে;

সেই পথ বরাবর অমরতা আছে।

13:1 জ্ঞানবান ছেলে বাবার নির্দেশ মানে,

কিন্তু বিদ্রুপকারী ভর্ৎসনায় কান দেয় না।

2 মানুষ তাদের মুখের ফল দ্বারাই মঙ্গল উপভোগ করে,

কিন্তু বিশ্বাসঘাতক হিংস্রতার প্রবৃত্তি রাখে।

3 যারা ঠোঁট নিয়ন্ত্রণে রাখে তারা তাদের প্রাণরক্ষা করে,

কিন্তু যারা বেপরোয়াভাবে কথাবার্তা বলে তাদের সর্বনাশ হয়।

4 অলসের খিদে কখনও মেটে না,

কিন্তু পরিশ্রমীদের বাসনাগুলি পুরোপুরি চরিতার্থ হয়।

5 ধার্মিকেরা মিথ্যাচারিতা ঘৃণা করে,

কিন্তু দুষ্টেরা নিজেদের এক দুর্গন্ধে পরিণত করে

ও নিজেদের উপরে লজ্জা ডেকে আনে।

6 ধার্মিকতা ন্যায়পরায়ণ মানুষদের রক্ষা করে,

কিন্তু দুষ্টতা পাপীদের উৎখাত করে।

7 কেউ ধনী হওয়ার ভান করে, অথচ তার কাছে কিছুই নেই;

অন্যজন দরিদ্র হওয়ার ভান করে, অথচ তার কাছে মহাধন আছে।

8 মানুষের ধন হয়তো তাদের প্রাণের প্রায়শ্চিত্ত করতে পারে,

কিন্তু দরিদ্রকে ভয় দেখানো যায় না।

9 ধার্মিকদের আলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে,

কিন্তু দুষ্টদের প্রদীপ নিভে যায়।

10 যেখানে বিবাদ থাকে, সেখানে অহংকারও থাকে,

কিন্তু যারা পরামর্শ নেয় তাদের অন্তরে প্রজ্ঞা পাওয়া যায়।

11 অসাধু উপায়ে অর্জিত অর্থ কমে যায়,

কিন্তু যে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে, তার অর্থ বাড়তে থাকে।

12 বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে,

কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবনবৃক্ষ।

13 যে নির্দেশ অবজ্ঞা করে তাকে এর মূল্য চোকাতে হয়,

কিন্তু যে আজ্ঞাকে সম্মান করে সে পুরস্কৃত হয়।

14 জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস,

তা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে ফিরিয়ে আনে।

15 সুবিবেচনা অনুগ্রহজনক হয়,

কিন্তু বিশ্বাসঘাতকদের পথ তাদের বিনাশের দিকে নিয়ে যায়।

16 যারা বিচক্ষণ তারা সবাই জ্ঞানপূর্বক কাজ করে,

কিন্তু মূর্খেরা তাদের মূর্খতাই প্রকাশ করে ফেলে।

17 দুষ্ট দূত অসুবিধায় পড়ে,

কিন্তু বিশ্বস্ত দূত আরোগ্য দান করে।

18 যে শাসন উপেক্ষা করে তাকে দারিদ্র ও লজ্জা ভোগ করতে হয়,

কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে সম্মানিত হয়।

19 পূর্ণ আকাঙ্ক্ষা প্রাণের পক্ষে তৃপ্তিদায়ক,

কিন্তু মূর্খেরা মন্দ পথ থেকে ফিরতে চায় না।

20 জ্ঞানবানদের সঙ্গে সঙ্গে চলো ও জ্ঞানবান হও,

কারণ মূর্খদের সহচর ক্ষতিগ্রস্ত হয়।

21 বিপত্তি পাপীর পশ্চাদ্ধাবন করে,

কিন্তু ধার্মিককে মঙ্গল দিয়ে পুরস্কৃত করা হয়।

22 সৎলোক তাদের নাতি-নাতনিদের জন্য উত্তরাধিকার ছেড়ে যায়,

কিন্তু পাপীর ধন ধার্মিকদের জন্য মজুত হয়।

23 অকর্ষিত জমি দরিদ্রদের জন্য খাদ্য উৎপাদন করে,

কিন্তু অবিচার তা নিশ্চিহ্ন করে দেয়।

24 যারা লাঠির ব্যবহার করে না, তারা তাদের সন্তানদের ঘৃণা করে,

কিন্তু যারা তাদের সন্তানদের ভালোবাসে, তারা সযত্নে তাদের শাসনও করে।

25 ধার্মিকেরা তাদের প্রাণের তৃপ্তি পর্যন্ত খাবার খায়,

কিন্তু দুষ্টেরা ক্ষুধার্ত পেটেই থেকে যায়।