প্রজ্ঞা সম্পর্কে এক পিতার শিক্ষা (continued)

984 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হিতোপদেশ 8–9

1 প্রজ্ঞা কি ডাক দেয় না?

বিচক্ষণতা কি তার সুর চড়ায় না?

2 পথ বরাবর সবচেয়ে উঁচু জায়গায়,

পথগুলি যেখানে মিলিত হয়, সেখানে গিয়ে সে দাঁড়ায়;

3 যে দরজা দিয়ে নগরে ঢোকা হয়, তার পাশে দাঁড়িয়ে,

প্রবেশদ্বারে দাঁড়িয়ে, সে জোরে চিৎকার করে:

4 “ওহে জনতা, আমি তোমাদেরই ডাকছি;

সমগ্র মানবজাতির উদ্দেশে আমি সুর চড়াচ্ছি।

5 তোমরা যারা অনভিজ্ঞ, তোমরা দূরদর্শিতা অর্জন করো;

তোমরা যারা মূর্খ, তোমরা এতে মন দাও।

6 শোনো, কারণ আমার কিছু নির্ভরযোগ্য কথা বলার আছে;

যা সঠিক তা বলার জন্য আমি আমার ঠোঁট খুলেছি।

7 যা সত্যি আমার মুখ তাই বলে,

কারণ আমার ঠোঁট দুষ্টতা ঘৃণা করে।

8 আমার মুখের সব কথা ন্যায্য;

সেগুলির মধ্যে একটিও কুটিল বা বিকৃত নয়।

9 বিচক্ষণের কাছে সেসব কথা সঠিক;

যারা জ্ঞান লাভ করেছে তাদের কাছে সেগুলি ন্যায্য।

10 রুপোর পরিবর্তে আমার নির্দেশ,

উৎকৃষ্ট সোনার পরিবর্তে বরং জ্ঞান মনোনীত করো,

11 কারণ প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান,

ও তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না।

12 “আমি, প্রজ্ঞা, দূরদর্শিতার সঙ্গেই বসবাস করি;

আমিই জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী।

13 সদাপ্রভুকে ভয় করার অর্থ মন্দকে ঘৃণা করা;

আমি অহংকার ও দাম্ভিকতাকে ঘৃণা করি,

মন্দ আচরণ ও সত্যভ্রষ্ট কথাবার্তাকেও করি।

14 পরামর্শ ও সুবিচার আমার অধিকারভুক্ত;

আমার কাছে দূরদর্শিতা ও ক্ষমতা আছে।

15 আমার দ্বারাই রাজারা রাজত্ব করেন

ও শাসনকর্তারা ন্যায়সংগত হুকুম জারি করেন;

16 আমার দ্বারাই অধিপতিরা প্রভুত্ব করেন,

ও সেই গণ্যমান্য ব্যক্তিরা—যারা সবাই পৃথিবীতে শাসন করেন।

17 যারা আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি,

ও যারা আমার খোঁজ করে তারা আমাকে খুঁজে পায়।

18 আমার কাছেই আছে ধনসম্পত্তি ও সম্মান,

চিরস্থায়ী সম্পদ ও সমৃদ্ধি।

19 আমার ফল খাঁটি সোনার চেয়েও সেরা;

আমি যা উৎপাদন করি তা অসাধারণ রুপোকেও ছাপিয়ে যায়।

20 আমি ধার্মিকতার পথে চলি,

ন্যায়ের পথ ধরে চলি,

21 যারা আমাকে ভালোবাসে তাদের আমি প্রচুর উত্তরাধিকার দান করি

ও তাদের ভাণ্ডার পরিপূর্ণ করে দিই।

22 “সদাপ্রভু তাঁর কর্মের প্রথম ফলরূপে,

প্রাচীনকালে তাঁর করা সব কাজকর্মের আগেই আমাকে উৎপন্ন করেছিলেন;

23 বহুকাল আগেই আমাকে তৈরি করা হয়েছিল,

একেবারে শুরুতেই, যখন এই জগৎ পত্তন হয়েছিল তখনই হয়েছিল।

24 যখন অতল জলের কোনো অস্তিত্বও ছিল না, তখন আমাকে জন্ম দেওয়া হয়েছিল,

যখন জলে উপচে পড়া কোনো জলের উৎসের অস্তিত্ব ছিল না;

25 পর্বতগুলি স্বস্থানে স্থাপিত হওয়ার আগে,

পাহাড়গুলি উৎপন্ন হওয়ার আগেই,

26 সদাপ্রভু এই জগৎ বা এখানকার মাঠঘাট

বা পৃথিবীর একমুঠো ধুলোবালি তৈরি করার আগেই আমাকে জন্ম দেওয়া হয়েছিল।

27 যখন তিনি আকাশমণ্ডলকে স্বস্থানে স্থাপন করলেন,

তখন আমি সেখানে ছিলাম,

যখন তিনি অতল জলরাশির বুকে দিগন্তের চিহ্ন এঁকে দিলেন,

28 যখন তিনি ঊর্ধ্বস্থ মেঘরাশি স্থাপন করলেন

ও অতল জলরাশির উৎসগুলি শক্ত করে বেঁধে দিলেন,

29 যখন তিনি সমুদ্রের সীমা স্থির করলেন

যেন জলরাশি তাঁর আদেশ লঙ্ঘন না করে,

ও যখন তিনি পৃথিবীর ভিত্তিমূল চিহ্নিত করলেন।

30 তখন আমি প্রতিনিয়ত তাঁর পাশেই ছিলাম।

দিনের পর দিন আমি আনন্দে পরিপূর্ণ হয়ে থাকতাম,

সর্বক্ষণ তাঁর উপস্থিতিতে আনন্দ উপভোগ করতাম,

31 তাঁর সমগ্র এই জগৎ নিয়ে আনন্দ করতাম

ও মানবজাতিকে নিয়েও আনন্দে মেতে উঠতাম।

32 “তবে এখন, হে আমার বাছারা, আমার কথা শোনো;

যারা আমার পথে চলে তারা ধন্য।

33 আমার নির্দেশ শোনো ও জ্ঞানবান হও;

তা উপেক্ষা কোরো না।

34 যারা আমার কথা শোনে,

যারা প্রতিদিন আমার দরজায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে,

আমার দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে তারা ধন্য।

35 কারণ যারা আমাকে খুঁজে পায় তারা জীবন খুঁজে পায়

ও সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করে।

36 কিন্তু যারা আমাকে খুঁজে পায় না তারা নিজেদেরই ক্ষতিসাধন করে;

যেসব লোক আমাকে ঘৃণা করে তারা মৃত্যু ভালোবাসে।”

9:1 প্রজ্ঞা তার বাড়ি নির্মাণ করেছে;

সে তার সাতটি স্তম্ভ খাড়া করেছে।

2 সে ভূরিভোজনের ব্যবস্থা করেছে ও দ্রাক্ষারস মিশিয়ে রেখেছে

সে তার টেবিলও সাজিয়ে রেখেছে।

3 সে তার দাসীদের বাইরে পাঠিয়ে দিয়েছে,

ও নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডাক দিয়ে বলেছে,

4 “যারা অনভিজ্ঞ মানুষ, তারা সবাই আমার বাড়িতে আসুক!”

যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই তাদের সে বলেছে,

5 “এসো, আমার খাদ্যদ্রব্য ভোজন করো

ও যে দ্রাক্ষারস আমি মিশিয়ে রেখেছি তা পান করো।

6 তোমাদের অনভিজ্ঞতার পথ পরিত্যাগ করো ও তোমরা বেঁচে যাবে;

দূরদর্শিতার পথে চলো।”

7 যে কেউ বিদ্রুপকারীকে সংশোধন করতে যায় সে অপমান ডেকে আনে;

যে কেউ দুষ্টকে ভর্ৎসনা করে সে কলঙ্কের ভাগী হয়।

8 বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে;

জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।

9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;

ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।

10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।

11 কারণ প্রজ্ঞার মাধ্যমেই তোমার আয়ু বাড়বে,

ও তোমার জীবনে বেশ কিছু বছর যুক্ত হবে।

12 তুমি যদি জ্ঞানবান হও, তোমার প্রজ্ঞা তোমাকে পুরস্কৃত করবে;

তুমি যদি একজন বিদ্রুপকারী, তবে তুমি একাই কষ্টভোগ করবে।

13 মূর্খতা এক দুর্বিনীত নারী;

সে অনভিজ্ঞ ও কিছুই জানে না।

14 সে তার বাড়ির দরজায় বসে থাকে,

নগরের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আসন পেতে বসে,

15 সে পথচারীদের ডাক দেয়,

যারা সোজা পথ ধরে যায় সে তাদের ডেকে বলে,

16 “যারা অনভিজ্ঞ তারা সবাই আমার বাড়িতে আসুক!”

যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই সে তাদের বলে,

17 “চুরি করা জল মিষ্টি;

লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়!”

18 কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে,

তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে।