পর্ব 2: বিক্ষিপ্ত হওয়া থেকে নির্গমন পর্যন্ত
ভাগ 1: ভাষার বিভ্রান্তি ও মানবজাতির ছড়িয়ে পড়া
ব্যাবিলনের মিনার
2234 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 এমতাবস্থায় সমগ্র জগতে এক ভাষা ও এক সাধারণ বাচনভঙ্গি ছিল। 2 মানুষজন যেমন যেমন পূর্বদিকে সরে গেল, তারা শিনারে এক সমভূমি খুঁজে পেল এবং সেখানেই বসতি স্থাপন করল।
3 তারা পরস্পরকে বলল, “এসো, আমরা ইট তৈরি করি ও সেগুলি পুরোদস্তুর আগুনে পুড়িয়ে শক্ত করে নিই।” তারা পাথরের পরিবর্তে ইট, ও চুনসুরকির পরিবর্তে আলকাতরা ব্যবহার করল। 4 পরে তারা বলল, “এসো, আমরা নিজেদের জন্য গগনস্পর্শী এক মিনার সমেত এক নগর নির্মাণ করি, যেন আমাদের নামডাক হয় ও সমগ্র পৃথিবীতে আমাদের ছড়িয়ে পড়তে না হয়।”
5 কিন্তু সদাপ্রভু সেই নগর ও মিনারটি দেখার জন্য নেমে এলেন, যেগুলি সেই মানুষেরা তখন নির্মাণ করছিল। 6 সদাপ্রভু বললেন, “এক ভাষাবাদী মানুষ হয়ে যদি তারা এরকম করতে শুরু করে দিয়েছে, তবে তারা যাই করার পরিকল্পনা করুক না কেন, তা তাদের অসাধ্য হবে না। 7 এসো, আমরা নিচে নেমে যাই ও তাদের ভাষা গুলিয়ে দিই, যেন তারা পরস্পরের কথা বুঝতে না পারে।”
8 অতএব সদাপ্রভু সেখান থেকে তাদের পৃথিবীর সর্বত্র ইতস্তত ছড়িয়ে দিলেন, আর তারা নগর নির্মাণের কাজ বন্ধ করে দিল। 9 সেজন্যই সেই স্থানটির নাম দেওয়া হল ব্যাবিলন—যেহেতু সেখানেই সদাপ্রভু সমগ্র জগতের ভাষা গুলিয়ে দিলেন। সেখান থেকে সদাপ্রভু তাদের পৃথিবীর সর্বত্র ইতস্তত ছড়িয়ে দিলেন।
জাতিসমূহের তালিকা
1 এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।
2 যেফতের ছেলেরা:
গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
3 গোমরের ছেলেরা:
অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।
4 যবনের ছেলেরা:
ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম। 5 (এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)
6 হামের ছেলেরা:
কূশ, মিশর, পূট ও কনান।
7 কূশের ছেলেরা:
সবা, হবীলা, সব্তা, রয়মা ও সব্তেকা।
রয়মার ছেলেরা:
শিবা ও দদান।
8 কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন। 9 সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।” 10 শিনারে অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্নী তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল। 11 সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর, কেলহ 12 ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
13 মিশর ছিলেন
সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, 14 পথ্রোষীয়, কস্লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
15 কনান ছিলেন
তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়, 16 যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, 17 হিব্বীয়, অর্কীয়, সীনীয়, 18 অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।
(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল 19 এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)
20 তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।
21 সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
22 শেমের ছেলেরা:
এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম।
23 অরামের ছেলেরা:
ঊষ, হূল, গেথর, ও মেশক।
24 অর্ফক্ষদ হলেন শেলহের বাবা,
এবং শেলহ এবরের বাবা।
25 এবরের দুটি ছেলের জন্ম হল:
একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
26 যক্তন হলেন
অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 27 হদোরাম, ঊষল, দিক্ল, 28 ওবল, অবীমায়েল, শিবা, 29 ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
30 (পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)
31 তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।
32 তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।
শেমের বংশতালিকা 2348 খ্রিস্টপূর্ব
10 এই হল শেমের বংশবৃত্তান্ত।
বন্যার দুই বছর পর, শেমের বয়স যখন একশো বছর, তখন তিনি অর্ফক্ষদের বাবা হলেন। 11 আর অর্ফক্ষদের বাবা হওয়ার পর শেম 500 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
12 অর্ফক্ষদ পঁয়ত্রিশ বছর বয়সে শেলহের বাবা হলেন। 13 আর শেলহের বাবা হওয়ার পর অর্ফক্ষদ 403 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
14 শেলহ ত্রিশ বছর বয়সে এবরের বাবা হলেন। 15 আর এবরের বাবা হওয়ার পর শেলহ 403 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
16 এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের বাবা হলেন। 17 আর পেলগের বাবা হওয়ার পর এবর 430 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
18 পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর বাবা হলেন। 19 আর রিয়ূর বাবা হওয়ার পর পেলগ 209 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
20 রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের বাবা হলেন। 21 আর সরূগের বাবা হওয়ার পর রিয়ূ 207 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
22 সরূগ ত্রিশ বছর বয়সে নাহোরের বাবা হলেন। 23 আর নাহোরের বাবা হওয়ার পর সরূগ 200 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
24 নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের বাবা হলেন। 25 আর তেরহের বাবা হওয়ার পর নাহোর 119 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
26 তেরহ সত্তর বছর বয়সে অব্রাম, নাহোর, ও হারণের বাবা হলেন।