ভাগ 8: নোহ তাঁর পুত্রদের ভবিষ্যৎ পরিণতি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেন
2347 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
18 নোহের যে ছেলেরা জাহাজ থেকে বেরিয়ে এলেন, তারা হলেন শেম, হাম ও যেফৎ। (হাম কনানের বাবা) 19 এরাই হলেন নোহের সেই তিন ছেলে, এবং তাঁদের থেকে যেসব লোকজন উৎপন্ন হল, তারা সমগ্র জগতে ছড়িয়ে পড়ল।
20 চাষিগৃহস্থ মানুষ নোহ, একটি দ্রাক্ষাক্ষেত তৈরি করার জন্য এগিয়ে গেলেন। 21 যখন তিনি সেখানকার খানিকটা দ্রাক্ষারস পান করলেন, তখন তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লেন এবং তাঁর তাঁবুর ভিতরে তিনি বিবস্ত্র হয়ে শুয়ে পড়লেন। 22 কনানের বাবা হাম তাঁর বাবাকে উলঙ্গ অবস্থায় দেখে বাইরে বেরিয়ে গিয়ে তাঁর দুই দাদাকে তা বললেন। 23 কিন্তু শেম ও যেফৎ একটি কাপড় নিয়ে সেটি তাঁদের কাঁধের উপর ফেলে রাখলেন; পরে তাঁরা পিছনের দিকে পিছিয়ে গিয়ে তাঁদের বাবার উলঙ্গতা ঢেকে দিলেন। তাঁদের মুখমণ্ডল অন্যদিকে ঘোরানো ছিল, যেন তাঁরা তাঁদের বাবার উলঙ্গতা দেখতে না পান।
24 নোহ যখন তাঁর নেশার ঘোর কাটিয়ে উঠলেন ও জানতে পারলেন তাঁর ছোটো ছেলে তাঁর প্রতি ঠিক কী আচরণ করেছেন, 25 তখন তিনি বললেন,
“কনান অভিশপ্ত হোক!
তার দাদা-ভাইদের মধ্যে
সে অত্যন্ত নীচ দাস হবে।”
26 তিনি আরও বললেন,
“শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য হোন!
কনান শেমের দাস হোক।
27 ঈশ্বর যেফতের এলাকা প্রসারিত করুন;
যেফৎ শেমের তাঁবুতে বসবাস করুক,
আর কনান তার ক্রীতদাস হোক।”
28 বন্যার পর নোহ 350 বছর বেঁচেছিলেন। 29 নোহ মোট 950 বছর বেঁচেছিলেন, ও পরে তিনি মারা যান।