যোহানন বন্দিদের উদ্ধার করে মিশরে পালিয়ে যান
যোহানন ইশ্মায়েলের কাছ থেকে বন্দিদের উদ্ধার করেন। যিরমিয়ের মাধ্যমে দেওয়া ঈশ্বরের আদেশগুলি অমান্য করে তিনি মিশরের তহপ্নেষে আশ্রয় নেন।
587 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
11 যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষেরা নথনিয়ের পুত্র ইশ্মায়েলের কৃত অপরাধের কথা শুনতে পেল, 12 তারা নিজেদের সমস্ত লোককে সঙ্গে নিয়ে নথনিয়ের পুত্র ইশ্মায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেল। তারা গিবিয়োনের বড়ো পুকুরের কাছে তার নাগাল পেল। 13 ইশ্মায়েলের কাছে থাকা সব লোক যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সৈন্যাধ্যক্ষদের দেখতে পেল, তারা ভীষণ খুশি হল। 14 মিস্পায় যত লোককে ইশ্মায়েল বন্দি করেছিল, তারা ফিরে কারেহের পুত্র যোহাননের সঙ্গে যোগ দিল। 15 কিন্তু নথনিয়ের পুত্র ইশ্মায়েল তার আটজন সঙ্গীকে সাথে নিয়ে যোহাননের কাছ থেকে অম্মোনীয়দের দেশে পালিয়ে গেল।
16 নথনিয়ের পুত্র যে ইশ্মায়েল, অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, তার কাছ থেকে কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা যেসব অবশিষ্ট লোককে মিস্পা থেকে ফিরিয়ে এনেছিল, তাদের সঙ্গে নিল: বীর সৈন্যদের এবং গিবিয়োন থেকে আনীত সমস্ত স্ত্রীলোক, ছেলেমেয়েদের ও রাজদরবারের কর্মকর্তাদের সঙ্গে নিল। 17 তারা মিশরে যাওয়ার পথে বেথলেহেমের কাছে গেরুৎ-কিম্হমে গিয়ে থামল, 18 যেন ব্যাবিলনীয়দের হাত এড়াতে পারে। তারা তাদের থেকে ভীত হয়েছিল, কারণ নথনিয়ের পুত্র ইশ্মায়েল অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, যাঁকে ব্যাবিলনের রাজা দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন।
42:1 তারপর কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্র যাসনিয় সমেত সমস্ত সৈন্যাধ্যক্ষ এবং ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সমস্ত লোক 2 ভাববাদী যিরমিয়ের কাছে এসে তাঁকে বলল, “দয়া করে আমাদের আবেদন শুনুন এবং এই অবশিষ্ট লোকদের সবার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন। কারণ, যেমন আপনি এখন দেখতে পাচ্ছেন, এক সময় আমরা যদিও অনেকে ছিলাম, কিন্তু এখন অল্প কয়েকজন মাত্র অবশিষ্ট আছি। 3 আপনি প্রার্থনা করুন যেন, আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদের বলে দেন, আমরা কোথায় যাব ও আমরা কী করব?”
4 ভাববাদী যিরমিয় উত্তর দিলেন, “আমি তোমাদের কথা শুনেছি। তোমরা যেমন অনুরোধ করেছ, আমি নিশ্চয়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করব। সদাপ্রভু আমাকে যা বলেন, সে সমস্তই আমি তোমাদের বলব এবং তোমাদের কাছ থেকে কিছুই গোপন রাখব না।”
5 তারপর তারা যিরমিয়কে বলল, “সদাপ্রভুই একজন প্রকৃত ও বিশ্বস্ত সাক্ষীস্বরূপ হন, যদি আমরা সেইমতো কাজ না করি, আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদের বলার জন্য আপনাকে প্রেরণ করেন। 6 তা আমাদের অনুকূলে হোক বা না হোক, আমরা আমাদের সেই ঈশ্বর, সদাপ্রভুর আদেশ পালন করব, যাঁর কাছে আমরা আপনাকে প্রেরণ করছি, যেন তা আমাদের পক্ষে মঙ্গলস্বরূপ হয়, কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অবশ্যই পালন করব।”
7 দশদিন পরে, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। 8 তাই তিনি কারেহের পুত্র যোহানন, তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষ ও ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সব লোককে ডেকে পাঠালেন। 9 তিনি তাদের বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যাঁর কাছে তোমাদের নিবেদন রাখতে তোমরা আমাকে পাঠিয়েছিলে, তিনি এই কথা বলেন, 10 ‘তোমরা যদি এই দেশে থেকে যাও, আমি তোমাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না; আমি তোমাদের রোপণ করব, উৎপাটন করব না, কারণ আমি তোমাদের উপরে যে বিপর্যয় এনেছিলাম, তার জন্য আমি দুঃখ পেয়েছি। 11 তোমরা এখন যাকে ভয় পাও, সেই ব্যাবিলনের রাজাকে ভয় পেয়ো না। সদাপ্রভু এই কথা বলেন, তোমরা তাকে ভয় পেয়ো না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। আমি তোমাদের রক্ষা করব ও তার হাত থেকে তোমাদের উদ্ধার করব। 12 আমি তোমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব তাই সে তোমাদের প্রতি করুণা করবে এবং তোমাদের দেশে আবার তোমাদের নিয়ে বসাবে।’
13 “কিন্তু, যদি তোমরা বলো, ‘আমরা এই দেশে অবস্থান করব না,’ আর এভাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার অবাধ্য হও, 14 আর যদি তোমরা বলো, ‘না, আমরা গিয়ে মিশরে বসবাস করব, যেখানে আমরা যুদ্ধ দেখতে পাব না বা তূরীর শব্দ শুনব না বা রুটির জন্য ক্ষুধার্ত হব না,’ 15 তাহলে যিহূদার অবশিষ্ট লোকেরা, তোমরা সদাপ্রভুর কথা শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা যদি মিশরে যাওয়ার জন্য দৃঢ়সংকল্প হও আর সেখানে গিয়ে বসবাস করো, 16 তাহলে যে তরোয়ালকে তোমরা ভয় করছ, সেই তরোয়াল সেখানে তোমাদের নাগাল পাবে। আর যে দুর্ভিক্ষের জন্য তোমরা আতঙ্কগ্রস্ত, তা মিশরে তোমাদের পিছু নেবে, আর সেখানে তোমরা মারা যাবে। 17 বস্তুত, যারাই মিশরে গিয়ে বসবাস করার জন্য দৃঢ়সংকল্প, তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি দ্বারা মৃত্যুবরণ করবে। তাদের মধ্যে একজনও বেঁচে থাকবে না বা তাদের উপরে আমি যে বিপর্যয় আনয়ন করব, তা তারা এড়াতে পারবে না।’ 18 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমার রোষ ও ক্রোধ যেমন জেরুশালেম নিবাসীদের উপরে আমি ঢেলে দিয়েছিলাম, তেমনই, যখন তোমরা মিশরে যাবে, তোমাদের উপরে আমি আমার ক্রোধ ঢেলে দেব। তোমরা অভিশাপ ও বিভীষিকার পাত্র হবে, তোমরা হবে মৃত্যুদণ্ডের ও দুর্নামের পাত্র। তোমরা এই স্থান আর কখনও দেখতে পাবে না।’
19 “হে যিহূদার অবশিষ্ট লোকেরা, সদাপ্রভু তোমাদের বলেছেন, ‘তোমরা মিশরে যেয়ো না।’ এই বিষয়ে নিশ্চিত হও, আমি তোমাদের আজ সাবধান করে দিই, 20 তোমরা আমাকে তোমাদের ঈশ্বর, সদাপ্রভুর কাছে পাঠিয়ে এক সাংঘাতিক ভুল করেছিলে। তোমরা বলেছিলে, ‘আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। তিনি যা বলেন, আমাদের কাছে বলুন, আমরা সেসবই পালন করব।’ 21 আমি আজ তা তোমাদের বলে দিয়েছি, কিন্তু তোমরা তবুও সেইসব কথা পালন করছ না, যা সদাপ্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের কাছে বলার জন্য আমাকে পাঠিয়েছেন। 22 সেই কারণে, এখন এই বিষয়ে নিশ্চিত হও, তোমরা যেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চাও, সেখানে তোমরা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারিতে মৃত্যুবরণ করবে।”
43:1 যিরমিয় যখন তাদের ঈশ্বর সদাপ্রভুর সব কথা বলা শেষ করলেন, সেই সকল কথা, যা সদাপ্রভু তাদের কাছে বলার জন্য তাঁকে পাঠিয়েছিলেন, 2 তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন অন্য সব উদ্ধত মানুষের সঙ্গে যিরমিয়কে বলল, “আপনি মিথ্যা কথা বলছেন! আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে এই কথা বলার জন্য পাঠাননি যে, ‘অবশ্যই তোমরা মিশরে গিয়ে বসবাস করার জন্য যাবে না।’ 3 কিন্তু নেরিয়ের পুত্র বারূক আমাদের বিরুদ্ধে আপনাকে প্ররোচনা দিচ্ছে, ব্যাবিলনীয়দের হাতে আমাদের সমর্পণ করার জন্য, যেন তারা আমাদের হত্যা করে বা ব্যাবিলনে নির্বাসিত করে।”
4 তাই কারেহের পুত্র যোহানন, অন্য সব সৈন্যাধ্যক্ষ ও লোকেরা যিহূদা প্রদেশে থেকে যাওয়ার জন্য সদাপ্রভুর যে আদেশ, তা অগ্রাহ্য করল। 5 পরিবর্তে, কারেহের পুত্র যোহানন ও সমস্ত সৈন্যাধ্যক্ষ যিহূদার অবশিষ্ট লোকেদের মিশরের পথে চালিত করল, যারা বিভিন্ন স্থানে ছিন্নভিন্ন হয়েছিল, কিন্তু যিহূদা প্রদেশে বসবাস করার জন্য এসেছিল। 6 তারা সমস্ত পুরুষ, নারী ও ছেলেমেয়েদের এবং রাজকন্যাদের নিয়ে গেল, যাদের রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের হাতে সমর্পণ করেছিল। সেই সঙ্গে তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের পুত্র বারূককেও সঙ্গে নিয়ে গেল। 7 এভাবে তারা সদাপ্রভুর বাক্যের প্রতি অবাধ্য হয়ে মিশরে প্রবেশ করল এবং তফন্হেষ পর্যন্ত গেল।