ভাগ 3: যে ইহুদিদের ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়নি
মন্দির ধ্বংসের পর ইহুদি জাতির যে অংশকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়নি, তাদের ইতিহাস।
এই অংশের সংক্ষিপ্ত বিবরণ
এই অংশে বলা ঘটনাগুলির সংক্ষিপ্ত বিবরণ।
588 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
23 যখন সৈন্যদলের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের লোকজনেরা শুনতে পেয়েছিলেন যে ব্যাবিলনের রাজা গদলিয়কে শাসনকর্তা নিযুক্ত করেছেন, তখন তারা—অর্থাৎ নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহর ছেলে যোহানন, নটোফাতীয় তন্হূমতের ছেলে সরায়, সেই মাখাতীয়ের ছেলে যাসনিয়, এবং তাদের লোকজন মিস্পাতে গদলিয়ের কাছে এলেন। 24 তাদের ও তাদের লোকজনকে আশ্বস্ত করার জন্য গদলিয় একটি শপথ নিয়েছিলেন। “ব্যাবিলনের কর্মকর্তাদের তোমরা ভয় কোরো না,” তিনি বললেন। “দেশেই থেকে যাও ও ব্যাবিলনের রাজার সেবা করো, তাতে তোমাদেরই মঙ্গল হবে।”
25 সপ্তম মাসে অবশ্য ইলীশামার নাতি ও নথনিয়ের ছেলে, তথা শরীরে রাজরক্ত ধারণকারী সেই ইশ্মায়েল সাথে দশজন লোক নিয়ে এসে গদলিয়কে এবং মিস্পাতে সেই সময় তাঁর সাথে যিহূদার যে লোকেরা ছিল, তাদের ও ব্যাবিলন থেকে আসা কয়েকজন লোককেও হত্যা করলেন। 26 এই পরিস্থিতিতে, ছোটো থেকে বড়ো, সব লোকজন, সৈন্যদলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মিলিতভাবে ব্যাবিলনের লোকজনের ভয়ে মিশরে পালিয়ে গেলেন।
গদলিয়কে যিহূদিয়ার শাসনকর্তা করা হয়
মন্দির ধ্বংসের পর নেবুখাদনেজার গদলিয়কে যিহূদিয়ার শাসনকর্তা নিযুক্ত করেন। যিরমিয় ও বাকি লোকেরা গদলিয়ের সঙ্গে যোগ দেন।
22 ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যিহূদাতে যেসব লোকজন ছেড়ে গেলেন, তাদের উপর তিনি শাফনের নাতি, অর্থাৎ অহীকামের ছেলে গদলিয়কে শাসনকর্তা নিযুক্ত করলেন।
1 রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, যিরমিয়কে রামা-নগরে মুক্তি দেওয়ার পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। নবূষরদন জেরুশালেম ও যিহূদার যে সমস্ত বন্দিকে ব্যাবিলনে নির্বাসিত করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তাদের মাঝে যিরমিয়কে শৃঙ্খলে বদ্ধ অবস্থায় দেখতে পান। 2 রক্ষীদলের সেনাপতি যখন যিরমিয়কে দেখতে পেলেন, তিনি তাঁকে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু এই স্থানের বিরুদ্ধে এই বিপর্যয়ের কথাই ঘোষণা করেছিলেন। 3 এখন সদাপ্রভু তাই ঘটতে দিয়েছেন। তিনি যেমন করবেন বলেছিলেন, ঠিক তেমনই করেছেন। এই সমস্তই এজন্য ঘটেছে, কারণ আপনারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন ও তাঁর আদেশ পালন করেননি। 4 কিন্তু আমি আজ আপনার কব্জির শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করছি। আপনি যদি চান, তাহলে আমার সঙ্গে ব্যাবিলনে যেতে পারেন, আমি আপনার তত্ত্বাবধান করব। কিন্তু আপনি যদি যেতে না চান, তাহলে যাবেন না। দেখুন, সমস্ত দেশ আপনার সামনে পড়ে আছে; আপনি যেখানে ইচ্ছা সেখানে যান।” 5 কিন্তু, যিরমিয় সেখান থেকে ফিরে যাওয়ার আগেই নবূষরদন আরও বললেন, “আপনি শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে যান। ব্যাবিলনের রাজা তাঁকেই যিহূদার নগরগুলির উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন। তাঁরই সঙ্গে আপনি লোকদের মাঝে বসবাস করুন, অথবা অন্যত্র যেখানে আপনি যেতে চান, চলে যান।”
তারপর সেই সেনাপতি তাঁকে বিভিন্ন পাথেয় ও একটি উপহার দিয়ে তাঁকে বিদায় দিলেন। 6 অতএব, যিরমিয় মিস্পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে গেলেন এবং তাঁর কাছে, দেশের ছেড়ে দেওয়া লোকদের মাঝে অবস্থিতি করলেন।
7 যখন খোলা মাঠে ছড়িয়ে থাকা যিহূদার সমস্ত সৈন্যাধ্যক্ষ ও তাদের লোকেরা শুনতে পেল যে, ব্যাবিলনের রাজা অহীকামের পুত্র গদলিয়কে দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন এবং সব পুরুষ, নারী ও ছেলেমেয়েদের, যারা ছিল দেশের মধ্যে দরিদ্রতম এবং যাদের ব্যাবিলনে নির্বাসিত করা হয়নি, তাদের তত্ত্বাবধানের জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন, 8 তারা তখন মিস্পাতে গদলিয়ের কাছে এল। এদের মধ্যে ছিল নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের দুই পুত্র যোহানন ও যোনাথন, তন্হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রেরা এবং মাখাতীয়ের পুত্র যাসনিয় ও তাদের লোকেরা। 9 শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয় এক শপথ গ্রহণ করে তাদের ও তাদের লোকেদের পুনরায় আশ্বস্ত করলেন। তিনি বললেন, “ব্যাবিলনীয়দের সেবা করতে তোমরা ভয় পেয়ো না। তোমরা দেশের মধ্যে বসবাস করো এবং ব্যাবিলনের রাজার সেবা করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। 10 আমি স্বয়ং আমাদের কাছে আসা ব্যাবিলনীয়দের কাছে তোমাদের প্রতিনিধিত্ব করার জন্য মিস্পায় থাকব। কিন্তু তোমাদের দ্রাক্ষারস, গ্রীষ্মকালের ফল ও তেল সংগ্রহ করতে হবে। তোমরা সেগুলি সঞ্চয় করার পাত্রে রাখবে ও যে সমস্ত নগর তোমরা হস্তগত করবে, সেখানে বসবাস করবে।”
11 যখন মোয়াব, অম্মোন, ইদোম ও অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে থাকা ইহুদিরা শুনতে পেল যে, ব্যাবিলনের রাজা কিছু সংখ্যক অবশিষ্ট লোককে যিহূদায় রেখে গিয়েছেন ও শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তাদের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন, 12 তখন তারা যেসব দেশে ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত দেশ থেকে সবাই যিহূদা প্রদেশের মিস্পায়, গদলিয়ের কাছে ফিরে এল। তারা এসে প্রচুররূপে দ্রাক্ষারস ও গ্রীষ্মকালীন ফল সংগ্রহ করল।
ইশ্মায়েল গদলিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন
13 কারেহের পুত্র যোহানন ও সমস্ত সৈন্যদলের সেনাপতিরা, যারা তখনও পর্যন্ত খোলা মাঠে ছিল, তারা মিস্পায় গদলিয়ের কাছে এল। 14 তারা তাঁকে বলল, “আপনি কি জানেন না, অম্মোনীয়দের রাজা বালিস্, নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে, আপনাকে হত্যা করার জন্য পাঠিয়েছেন?” কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাদের কথায় বিশ্বাস করলেন না।
15 তখন কারেহের পুত্র যোহানন মিস্পায় গোপনে গদলিয়কে বলল, “আমাকে অনুমতি দিন, আমি গিয়ে নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে হত্যা করি। কেউ সেই কথা জানতে পারবে না। সে কেন আপনার প্রাণ হরণ করবে এবং আপনার চারপাশে জড়ো হওয়া ইহুদিদের ছড়িয়ে পড়তে ও যিহূদার অবশিষ্টাংশকে ধ্বংস হতে দেবেন?”
16 কিন্তু অহীকামের পুত্র গদলিয়, কারেহের পুত্র যোহাননকে বললেন, “তুমি এরকম কাজ করবে না। তুমি ইশ্মায়েল সম্পর্কে যে কথা বলছ, তা সত্যি নয়।”
41:1 ইলীশামার পৌত্র নথনিয়ের পুত্র ইশ্মায়েল ছিল রাজবংশীয় এবং রাজার প্রধান কর্মচারীদের মধ্যে অন্যতম। আর এরকম হল, সপ্তম মাসে সে ও তার সঙ্গে আরও দশজন লোক মিস্পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে এল। তারা যখন সেখানে একসঙ্গে আহার করছিল, 2 তখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী দশজন লোক উঠে শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তরোয়াল দিয়ে আঘাত করল। এভাবে তারা ব্যাবিলনের রাজা দ্বারা নিযুক্ত দেশের প্রশাসককে হত্যা করল। 3 ইশ্মায়েল মিস্পায় গদলিয়ের সঙ্গে থাকা সমস্ত ইহুদিকেও হত্যা করল, সেই সঙ্গে সেখানে থাকা সমস্ত ব্যাবিলনীয় সৈন্যকেও মেরে ফেলল।
4 গদলিয়ের হত্যার পরের দিন, কেউ কিছু জানার আগেই, 5 শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশি জন লোক মন্দিরে সদাপ্রভুর উপাসনা করার জন্য উপস্থিত হল। তারা তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল, পরনের পোশাক ছিঁড়েছিল ও নিজেদের ক্ষতবিক্ষত করেছিল। তারা সঙ্গে নিয়ে এসেছিল শস্য-নৈবেদ্য ও ধূপ। 6 নথনিয়ের পুত্র ইশ্মায়েল কাঁদতে কাঁদতে মিস্পা থেকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। যখন সে তাদের সাক্ষাৎ পেল, সে বলল, “চলো, আমরা অহীকামের পুত্র গদলিয়ের কাছে যাই।” 7 যখন তারা নগরে প্রবেশ করল, নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী লোকেরা তাদের হত্যা করল এবং একটি কুয়োয় তাদের নিক্ষেপ করল। 8 কিন্তু তাদের মধ্যে দশজন ইশ্মায়েলকে বলল, “আমাদের হত্যা করবেন না! আমরা মাঠের মধ্য গম ও যব, তেল ও মধু লুকিয়ে রেখেছি।” তাই সে তাদের ছেড়ে দিল, অন্যদের সঙ্গে তাদের হত্যা করল না। 9 এখন ইশ্মায়েল যে সমস্ত লোককে হত্যা করেছিল, তাদের শবগুলিকে গদলিয়ের শবের সঙ্গে সে সেই কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, যেটি রাজা আসা, ইস্রায়েলের রাজা বাশার হাত থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হিসেবে তৈরি করিয়েছিলেন। এখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল তা শবে পরিপূর্ণ করল।
10 মিস্পায় যারা অবশিষ্ট ছিল, ইশ্মায়েল তাদের সবাইকে বন্দি করল। তাদের মধ্যে ছিল রাজকন্যারা এবং অবশিষ্ট অন্য সব লোক। তাদেরই উপরে রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, অহীকামের পুত্র গদলিয়কে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন। নথনিয়ের পুত্র তাদেরই বন্দি করে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য যাত্রা করলেন।