যিহিষ্কেল ফরৌণ ও মিশরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেন

মিশরের বিরুদ্ধে একটি ভবিষ্যদ্বাণী।

589 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহিষ্কেল 29:1–16

1 দশম বছরের, দশম মাসের বারো দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, তুমি তোমার মুখ মিশরের রাজা ফরৌণের দিকে রেখে তার ও সারা মিশর দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী বলো। 3 তুমি এই কথা তাকে বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,

“ ‘হে মিশরের রাজা ফরৌণ, আমি তোমার বিপক্ষে,

তুমি নিজের নদীর মধ্যে শুয়ে থাকা এক প্রকাণ্ড দানব।

তুমি বলো, “এই নীলনদ আমার;

আমি নিজের জন্য এটি তৈরি করেছি।”

4 আমি তোমার চোয়ালে বড়শি পরাব

এবং তোমার স্রোতোধারার মাছগুলিকে তোমার আঁশের সঙ্গে লাগিয়ে দেব।

তোমার স্রোতের মধ্যে থেকে আমি তোমাকে টেনে তুলব,

তখনও তোমার স্রোতের মাছগুলি তোমার আঁশের সঙ্গে লেগে থাকবে।

5 তোমাকে ও তোমার স্রোতোধারার মাছগুলিকে

আমি প্রান্তরে ফেলে রাখব।

তুমি খোলা মাঠে পড়ে থাকবে

এবং কেউ তোমাকে জড়ো করবে না বা তুলবে না।

আমি খাবার হিসেবে তোমাকে

ভূমির পশু এবং আকাশের পাখিদের দেব।

6 তখন মিশরে যারা বাস করে তারা জানবে যে আমিই সদাপ্রভু।

“ ‘তুমি ইস্রায়েল কুলের জন্য নলের লাঠি হয়েছিলে। 7 যখন তারা তোমাকে হাতে ধরত, তুমি ফেটে গিয়ে তাদের কাঁধে আঘাত করতে; যখন তারা তোমার উপর ভর দিত তখন তুমি ভেঙে যেতে এবং তাদের পিঠ তাতে মুচড়ে যেত।

8 “ ‘সেইজন্য, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে এসে তোমার লোকদের ও পশুদের মেরে ফেলব। 9 মিশর হবে একটি জনশূন্য ধ্বংসস্থান। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।

“ ‘কারণ তুমি বলেছিলে, “এই নীলনদ আমার; আমি এটি তৈরি করেছি,” 10 এই জন্য আমি তোমার ও তোমার স্রোতোধারা সকলের বিপক্ষে, এবং আমি মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত, অর্থাৎ কূশের সীমানা পর্যন্ত, মিশর দেশকে জনশূন্য ও ধ্বংসস্থান করব। 11 তার মধ্যে দিয়ে কোনও মানুষ বা পশু যাতায়াত করবে না; চল্লিশ বছর কেউ সেখানে বাস করবে না। 12 ধ্বংস হয়ে যাওয়া সমস্ত দেশগুলির মধ্যে আমি মিশর দেশের অবস্থা আরও বেশি খারাপ করে দেব; ধ্বংস হয়ে যাওয়া নগরগুলির মধ্যে তার নগরগুলির চল্লিশ বছর ধরে জনশূন্য হয়ে থাকবে। এবং আমি মিস্রীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব।

13 “ ‘কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, চল্লিশ বছরের শেষে আমি বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মিশরীয়দের জড়ো করব। 14 আমি তাদের বন্দিদশা থেকে ফিরিয়ে তাদের পূর্বপুরুষদের দেশ মিশরের উপরের এলাকাটি দেব। সেখানে তারা এক দুর্বল রাজ্য হবে। 15 সে দুর্বল রাজ্য হবে এবং অন্যান্য জাতিদের উপরে সে কখনও নিজেকে উঁচু করবে না। আমি তাকে এত দুর্বল করব যে সে আর কখনও অন্যান্য জাতিদের উপরে রাজত্ব করবে না। 16 ইস্রায়েলীরা আর কখনও মিশরের উপর নির্ভর করবে না, কিন্তু মিশরের অবস্থা দেখে তারা বুঝতে পারবে যে সাহায্যের জন্য মিশরের দিকে ফিরে তারা পাপ করেছিল। তখন তারা জানতে পারবে যে আমিই সার্বভৌম সদাপ্রভু।’ ”

যিহিষ্কেল: আসিরিয়ার মতো মিশরেরও পতন হবে 588 খ্রিস্টপূর্ব

মিশরের বিরুদ্ধে একটি ভবিষ্যদ্বাণী।

যিহিষ্কেল 30:20–31:18

20 দশম বছরের, দশম মাসের সাত দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 21 “হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়। 22 এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুই হাতই ভেঙে দেব, ভালো ও ভাঙা উভয় হাতই, এবং তার হাত থেকে তরোয়াল ফেলে দেব। 23 আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। 24 আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব এবং আমার তরোয়াল তার হাতে দেব, কিন্তু আমি ফরৌণের হাত ভেঙে দেব, তাতে সে ব্যাবিলনের রাজার সামনে আহত লোকের মতো কাতরাবে। 25 আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু। 26 আর আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”

31:1 এগারো বছরের, তৃতীয় মাসের প্রথম দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, মিশরের রাজা ফরৌণ ও তার সমস্ত লোকদের বলো,

“ ‘মহিমার দিক থেকে তুমি কার তুল্য?

3 আসিরিয়ার কথা চিন্তা করো, সে এক সময় লেবাননের সিডার গাছ ছিল,

সুন্দর ডালপালা বনে ঘন ছায়া ফেলত;

সে খুব উঁচু ছিল,

তার মাথা যেন আকাশ ছুঁতো।

4 প্রচুর জল তাকে পুষ্ট করেছিল,

গভীর ফোয়ারা তাকে লম্বা করেছিল;

তাদের স্রোত বইত

তার গোড়ার চারিদিকে

এবং তার নালাগুলি

বনের সব গাছকে জল দিত।

5 এইভাবে বনের সব গাছের চেয়ে

সে উঁচু হয়ে উঠল;

তার ডাল ছড়িয়ে পড়ল

আর সেগুলি লম্বা হল,

প্রচুর জল পাওয়ার কারণে চারিদিকে ছড়িয়ে গেল।

6 আকাশের সব পাখি

তার ডালে বাসা বাঁধল,

মাঠের সব পশু

তার ডালপালা নিচে বাচ্চা দিত;

সকল মহান জাতি

তার ছায়ায় বাস করত।

7 সে ছিল সৌন্দর্যে মহিমান্বিত

তার ছড়ানো ডালপালার জন্য,

কারণ তার শেকড় গভীরে গিয়েছিল

প্রচুর জলের কাছে।

8 ঈশ্বরের বাগানের সিডার গাছগুলিও

তার সঙ্গে পাল্লা দিতে পারত না,

দেবদারু গাছের সকল ডালপালা

তার সমান ছিল না,

প্লেইন গাছের ডালপালাগুলি

তার ডালপালার সঙ্গে তুলনা করা যেত না,

ঈশ্বরের বাগানের কোনও গাছই

সৌন্দর্যে তার মতন ছিল না।

9 আমি তাকে সুন্দর করেছিলাম

প্রচুর ডালপালা দিয়ে,

সে ছিল এদনে ঈশ্বরের বাগানের

সব গাছের হিংসার পাত্র।

10 “ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সে উঁচু হয়েছে, ঘন বনের উপরে তার মাথা উঠেছে, এবং যেহেতু সে উঁচু বলে তার অহংকার, 11 আমি তাকে জাতিগণের শাসনকর্তার হাতে তুলে দিয়েছি, যেন তার মন্দতা অনুসারে সে তার সঙ্গে ব্যবহার করবে। আমি তাকে অগ্রাহ্য করেছি, 12 এবং বিদেশি জাতিদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকেরা তাকে কেটে ফেলে রেখে গেছে। পাহাড় সকলের উপরে ও উপত্যকাগুলিতে তার শাখাগুলি পড়েছে; তার ডালপালাগুলি ভেঙে দেশের সব জলের স্রোতের মধ্যে পড়ে আছে। পৃথিবীর সব জাতি তার ছায়া থেকে বের হয়ে তাকে ফেলে চলে গেছে। 13 সেই পড়ে যাওয়া গাছে আকাশের সব পাখিরা বাস করছে, এবং বনের সব পশুরা তার ডালপালার কাছে থাকছে। 14 এই জন্য জলের ধারের অন্য কোনো গাছ অহংকারে উঁচু হবে না, তাদের মাথা ঘন বনের উপরে উঠবে না। আর কোনো গাছ এত ভালো জল পেয়েও কখনও এত উঁচুতে পৌঁছাবে না; তারা সবাই মানুষের মতো মৃত্যুর অধীন, তারা পৃথিবীর গভীরে পাতালে নেমে যাওয়ার জন্য ঠিক হয়ে আছে।

15 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেদিন সে পাতালে নেমে গেল সেদিন তার জন্য শোকের চিহ্ন হিসেবে সেই গভীর ফোয়ারা আমি ঢেকে দিলাম; আমি তার সব স্রোত থামিয়ে দিলাম, তাতে তার অফুরন্ত জল বন্ধ হয়ে গেল। এই জন্য আমি লেবাননকে শোক করালাম আর তার মাঠের প্রত্যেকটা গাছ শুকিয়ে গেল। 16 মৃত লোকদের সঙ্গে আমি যখন তাকে পাতালে নামিয়ে দিলাম তখন তার পড়ে যাবার শব্দে জাতিরা কেঁপে উঠল। তখন এদনের সব গাছ, লেবাননের বাছাই করা ও সেরা গাছ এবং ভালোভাবে জল পাওয়া সব গাছ, পৃথিবীর গভীরে সান্ত্বনা পেল। 17 যারা তার ছায়াতে বাস করত, জাতিদের মধ্যে তার বন্ধুরা, তার সঙ্গে পাতালে যুদ্ধে নিহত লোকদের কাছে নেমে গেল।

18 “ ‘এদনের কোনও গাছকে তোমার প্রতাপ ও মহত্ত্বের সঙ্গে তুলনা করা যাবে? তবুও তোমাকেও এদনের গাছপালার সঙ্গে পৃথিবীর গভীরে নামিয়ে দেওয়া হবে; যারা তরোয়ালে মারা গেছে, অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে তুমি শুয়ে থাকবে।

“ ‘এ সেই ফরৌণ ও তার সমস্ত লোকেরা, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”